Published : 16 Feb 2026, 10:18 PM
ত্রয়োদশ সংসদ নির্বাচনের ফলাফলকে ‘সাজানো ও পরিকল্পিত’ বলছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।
তিনি বলেছেন, “শান্তিপূর্ণ নির্বাচনের প্রকাশ্য নাটক সাজিয়ে সন্ধ্যার পর থেকে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জনগণের সঙ্গে নির্মম তামাশা করা হয়েছে। আমরা আশা করেছিলাম বহু রক্ত, অশ্রুর বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হবে।
“মানুষ আশা করেছিল ব্যালটের অধিকার ফিরে পাবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ১২ ফেব্রুয়ারি মানুষের ব্যালটের অধিকারের সঙ্গে নির্মম তামাশা করে একটি সাজানো ও পরিকল্পিত ফলাফল ঘোষণা করা হয়েছে।”
নির্বাচনে ঢাকা-১৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে হারের পর ‘জাল ভোট’ ও ‘ভোটের ফল বিলম্বের’ অভিযোগ তোলেন মামুনুল হক।
নির্বাচন পরবর্তী সহিংসতা ও নির্যাতন নিয়ে সোমবার বিকালে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশেও জালিয়াতির অভিযোগ করেন তিনি।
মামুনুল হক বলেন, “সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে টার্গেটকৃত ব্যক্তিদের জাতীয় সংসদে যাওয়ার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। ‘ডিপ স্টেটের’ এজেন্ডা বাস্তবায়ন করতে বাংলাদেশের জনগণের অর্থে লালিত প্রশাসন ব্যবহার করা হয়েছে।”
সিইসির উদ্দেশ্যে মামুনুল হক বলেন, “আপনার পূর্ববর্তী সিইসির পরিণাম থেকে আপনি শিক্ষা গ্রহণ করুন। আমরা যে আপত্তি জানিয়েছি, সঠিক তদন্তের মাধ্যমে জনগণের ব্যালটের অধিকার যদি ফিরিয়ে না দেন, বাংলার মানুষ তাদের অধিকার কেড়ে নেবে।
“আপনাদের এই প্রহসনের প্রতিবাদ করার পর গোটা বাংলাদেশ জুড়ে আমাদের ১১ দলীয় নির্বাচনি ঐক্যের নেতাকর্মী-সমর্থকদের ওপর যে পৈশাচিকতা চালানো হচ্ছে, আমাদের বোনদের ধর্ষণ করা হয়েছে, আমাদের মা-বোনদের শ্লীলতাহানি শুধু নয়, তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। আমাদের বাড়িঘরে অগ্নিসংযোগ করে বাংলাদেশে আবার নতুন করে ফ্যাসিবাদ ফিরিয়ে আনার পাঁয়তারা চালানো হচ্ছে।”
জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১১ দলীয় জোটের এ সমাবেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী ও নবনির্বাচিত এমপি সাইফুল আলম মিলন বক্তব্য দেন।