২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

অগ্নি সন্ত্রাসীদের জনগণই ‘উপযুক্ত’ জবাব দেবে: স্বরাষ্ট্রমন্ত্রী

“আওয়ামী লীগ কখনও ষড়যন্ত্র করে না,” বলেন তিনি।

অগ্নি সন্ত্রাসীদের জনগণই ‘উপযুক্ত’ জবাব দেবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2023, 05:57 PM

Updated : 11 Aug 2023, 06:02 PM

'অগ্নি সন্ত্রাসীরা' আবার এক হচ্ছে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশের মানুষ অগ্নি সন্ত্রাসীদের চিনে ফেলেছে, জনগণই তাদের উপযুক্ত জবাব দেবেন।

জাতীয় শোক দিবস উপলক্ষে শুক্রবার বিকালে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

কামাল বলেন, “আপনারা শুনেছেন এক নেত্রী বলছেন, লন্ডনের নেতা চাচ্ছেন দাউ দাউ করে (আগুন) জ্বালাতে, এরপরই সাভারে দেখলাম এক বাসে আগুন দেওয়া হয়েছে। এরপর অন্যান্য জায়গাতেও আগুন দেওয়া হয়েছে।“

বিএনপি-জামায়াতের দিকে ইঙ্গিত করে মন্ত্রী বলেন, “অগ্নি সন্ত্রাসীরা আবার এক হচ্ছে। তবে বাংলাদেশের মানুষ অগ্নি সন্ত্রাসীদের চিনে ফেলেছে, জনগণই তাদের উপযুক্ত জবাব দেবে।

“জনগণ আবার প্রধানমন্ত্রীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে।”

নিরাপত্তা বাহিনী জঙ্গি দমন ও সন্ত্রাস দমনে কাজ করছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আওয়ামী লীগ জনগণের শক্তিকে বিশ্বাস করে। আওয়ামী লীগ কখনও ষড়যন্ত্র করে না।”

১৫ অগাস্ট বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন পালন নিয়েও সমালোচনা করেন কামাল।

“আমরা বঙ্গবন্ধুকে হারিয়েছি, তাকে কখনও পাব না। কিন্তু তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা একে একে বঙ্গবন্ধুর সব স্বপ্ন বাস্তবায়ন করছেন। ১৫ অগাস্টে কী হয়েছে, সবাই জানি। কারা হত্যাকাণ্ড ঘটিয়েছিল, কারা মাস্টারমাইন্ড ছিল- সবাই জানে। শেখ মনি ও আব্দুর রব সেরনিয়াবাতসহ যাকেই তারা (ষড়যন্ত্রকারীরা) মনে করেছে ঘুরে দাঁড়াবে- তাকেই তারা হত্যা করেছে।”