০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ঠাকুরগাঁও-১: বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁ-১ আসনে উপনির্বাচন হবে আগামী ২৯ অক্টোবর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 12 Sep 2026, 11:46 PM

Updated : 17 Sep 2026, 02:59 AM

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে দলীয় প্রার্থী বাছাই করতে ১৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র বিক্রি করবে বিএনপি।

শনিবার রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলের নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

ব্ঠৈক শেষে দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানান, আগামী ১৫ সেপ্টেম্বর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন আগ্রহী প্রার্থীরা। মনোনয়ন ফরম জমা দিতে হবে পরদিন এবং সাক্ষাৎকার হবে ১৮ সেপ্টেম্বর।

তিনি বলন, গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে মনোনয়ন বোর্ড প্রার্থীদের সাক্ষাৎকার নেবে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁ-১ আসনটি শূন্য হয়েছে। এ আসনে উপনির্বাচন হবে আগামী ২৯ অক্টোবর। 

শনিবার সন্ধ্যা পৌনে ৭টায় গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়।

বৈঠকে কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, এজেডএম জাহিদ হোসেন, রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, ইসমাইল জবিহউল্লাহ, ফরহাদ হালিম উপস্থিত ছিলেন।

এ বৈঠকে আরেকটি সিদ্ধান্তের কথা তুলে ধরে রিজভী বলেন, দলের যেসব কমিটির সদস্য মারা গেছেন কিংবা বহিষ্কার হয়েছেন সেসব শূন্য পদ গঠনতন্ত্র অনুযায়ী পুরণের ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত হয়েছে।

বৈঠকে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, “ডেঙ্গু প্রতিরোধে সরকারের তিন মাসের যে অভিযান শুরু হয়েছে তা নিয়ে আলোচনা হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানে মাননীয় প্রধানমন্ত্রী যে আহ্বান জানিয়েছে সেজন্য বৈঠকে তাকে ধন্যবাদ জানানো হয়।

“বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতনতার জন্য প্রচারপত্র বিতরণ করা হবে ঢাকাসহ সারাদেশে। দেশের নামকরা যেসব চিকিৎসক রয়েছেন, বিশেষজ্ঞ যারা রয়েছেন তাদের নেতৃত্বে এই প্রচারপত্র তৈরি করা হবে। এছাড়া টিভি-বেতারে সামাজিক সচেতনতা সৃষ্টির জন্য দলের পক্ষ থেকে অনুষ্ঠান প্রচার করা হবে।”

স্কুল, কলেজ, মাদ্রাসা ও হাটবাজারে আর্বজনা যাতে একটা জায়গায় রাখতে পারে সে বিষয়ে বিএনপি কাজ করবে বলে তুলে ধরেন তিনি।