২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন সরকার: আলোচনায় থেকেও বাদ পড়েছেন যারা

স্থায়ী কমিটির একজন বলেন, “মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ম্যাডামের সব কেবিনেটে ছিলেন। তারা প্রত্যাশিত ছিলেন। তবে নিশ্চয়ই চেয়ারম্যানের ভিন্ন পরিকল্পনা থাকতে পারে।”

নতুন সরকার: আলোচনায় থেকেও বাদ পড়েছেন যারা
বিএনপির নবনির্বাচিত এমপিরা মঙ্গলবার সংসদ ভবনের শপথকক্ষে এমপি হিসেবে শপথ নেন। ছবি: বিএনপি মিডিয়া সেল

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2026, 06:20 PM

Updated : 26 Aug 2026, 02:58 PM

মন্ত্রী-প্রতিমন্ত্রী মিলিয়ে ৪৯ জনকে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান যে নতুন সরকার সাজিয়েছেন, সেখানে বাদ পড়েছেন বিএনপির অভিজ্ঞ নেতাদের কয়েকজন। গত কয়েকদিন ধরে যাদের নাম আলোচনায় থাকলেও মন্ত্রিসভা থেকে তারা বাদ পড়েন।

তাদের মধ্যে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী পরিষদ স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় আছেন। রয়েছেন ভাইস চেয়ারম্যান, উপদেষ্টামণ্ডলীর নেতাও। এবং বাদপড়াদের মধ্যে কয়েকজন খালেদা জিয়ার মন্ত্রিসভাতেও ছিলেন। তাদের অনেকে তারেকের বিদেশে নির্বাসনকালে এবং খালেদা জিয়ার কারাগারে থাকার সময় দলকে সক্রিয় রাখতে ভূমিকা রেখেছেন।

বিএনপির চেয়ারম্যানের ঘনিষ্ঠ একাধিক ব্যক্তি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন ‘বাদপড়া সিনিয়রদের মধ্যে কেউ কেউ হয়ত পরবর্তীতে কোনো গুরুত্বপূর্ণ জায়গায় থাকবেন’।

মঙ্গলবার সকালে সংসদ সদস্য হিসেবে শপথের পর বিকালে জাতীয় সংসদে মন্ত্রীদের শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রেওয়াজ ভেঙে বঙ্গভবনের বদলে এবারের শপথ অনুষ্ঠান হয় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। 

তারেক নতুন সরকার সাজিয়েছেন ৪০ জন নতুন মুখ নিয়ে। তাদের মধ্যে বিএনপির জোটের শরিক দুই নেতাও রয়েছেন। অনেকেই প্রথমবার এমপি হয়েই সরকার পরিচালনার দায়িত্ব পেয়ে গেছেন। তারেক রহমান নিজেও এবারই প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় এবং আব্দুল মঈন খান তারেকের মন্ত্রিপরিষদে নেই; এই চারজনই বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার মন্ত্রিসভায় ছিলেন।

স্থায়ী কমিটির একজন বলেন, “মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ম্যাডামের সব কেবিনেটে ছিলেন। তারা প্রত্যাশিত ছিলেন। তবে নিশ্চয়ই চেয়ারম্যানের ভিন্ন পরিকল্পনা থাকতে পারে।”

স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী আব্দুল মঈন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মন্ত্রিপরিষদে স্থান পাওয়ার বিষয়টি দেখছেন দলের চেয়ারম্যান। এটা নিয়ে আমার মন্তব্য না করা ভালো।’

স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, ডা. এজেডএম জাহিদ হোসেন, হাফিজ উদ্দিন খান মন্ত্রী হয়েছেন।

এর বাইরে জমির উদ্দিন সরকার, সেলিমা রহমান, নজরুল ইসলাম খানের নাম নেই মন্ত্রীদের তালিকায়।

তাদের মধ্যে জমির উদ্দিন সরকার শারীরিকভাবে অসুস্থ। তার ফোনে যোগাযোগ করা হলে একজন সহকারী বলেন, ‘তিনি কথা বলতে অপারগ’।

বিএনপির একজন বলেছেন, নজরুল ইসলাম খানকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সংক্রান্ত কোনো দায়িত্বে দেখা যেতে পারে।

সাবেক মন্ত্রীদের মধ্যে মীর নাছির, আলতাফ হোসেন চৌধুরী, বরকত উল্লাহ বুলুর নাম আলোচনায় থাকলেও তারেক রহমানের মন্ত্রিসভায় তারা নেই। 

নতুন মন্ত্রিসভায় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ দায়িত্ব পেয়েছেন। 

তবে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে শরিক হওয়াদের মধ্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী জনশক্তি পার্টির প্রধান শেখ রফিকুল ইসলাম বাবলু বা ধর্মভিত্তিক দলগুলোর কোনও নেতার জায়গা হয়নি মন্ত্রিসভায়। 

বিএনপির সমর্থন নিয়ে নির্বাচন করা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপির সরকারকে অভিনন্দন জানাই। আশা করি তারা একটি প্রগতিশীল, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, বহুত্ববাদী বাংলাদেশকে তারা নেতৃত্ব দেবে। তাদের সাফল্য কামনা করি।”

মন্ত্রিসভা নিয়ে প্রতিক্রিয়ায় সাইফুল হক বলেন, “প্রথমত এটি পুরোটাই বিএনপির সরকার। যুগপৎ আন্দোলনের দুই তিনজন থাকছেন। বিএনপি বাস্তবে যুগপৎসঙ্গীদেরকে বাদ দিয়েই, এক ধরনের খারিজ করে হাঁটছে। একলা চলোর নীতির দিকে যাচ্ছে, অতিরিক্ত আত্মবিশ্বাস দেখা গেলো নতুন মন্ত্রিসভায়।”

আক্ষেপ ঝরিয়ে সাইফুল হক আরও বলেন, “নতুন মন্ত্রিসভায় অনেকে সিনিয়র নেতারা জায়গা পাননি। তাদের ক্ষেত্রে হতে পারে পরবর্তীতে আরও কোনও দায়িত্বে দেখা যেতে পারে। তাদের কঠিন, র্দুদিনের সময়ে যারা ছিল, সেই সঙ্গেীদের বাদ দিয়ে তারা সরকার করলো। এর তাৎপর্য বা অভিঘাত আরও কিছুদিন পর বুঝা যাবে।”

এই মন্ত্রিসভার বড় চমক খলিলুর রহমান, যিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ‘জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ’ হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিদেশি কোম্পানিকে বন্দর ইজারা দেওয়া এবং প্রস্তাবিত রোহিঙ্গা কোরিডোর নিয়ে বিতর্কের মধ্যে বিএনপির অনেকে তার অপসারণও চেয়েছিলেন।

খলিলুর রহমানকে মন্ত্রিসভায় যুক্ত করা নিয়েও বিস্ময় প্রকাশ করেছেন কোনো কোনো নেতা। পররাষ্ট্র ক্যাডারের সাবেক কর্মকর্তা খলিল এমপি না হলেও দায়িত্ব পালন করবেন টেকনোক্র্যাট হিসেবে। তিনি পেয়েছেন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব।

এছাড়া সাবেক মন্ত্রীদের মধ্যে লুৎফুজ্জামান বাবর, আমান উল্লাহ আমানও তারেকের মন্ত্রিসভায় জায়গা পাননি। ।

মন্ত্রিসভা নিয়ে স্থায়ী কমিটির বেশ কয়েকজনের সঙ্গে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কথা হয়। তারা ‘বিষয়টি স্পর্শকাতর’ হিসেবে বিবেবচনা করে স্বপরিচয়ে মন্তব্য করতে অনাগ্রহ দেখিয়েছেন।

দলের জ্যোষ্ঠ নেতাদের মধ্যে টেকনোক্র্যাট হিসেবে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেলের নাম  আলোচনা থাকলেও, তাদের ঠাঁই জয়নি। 

স্থায়ী কমিটির একজন সদস্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটমকে বলেন, “তারেক রহমান তার নিজের রাজনৈতিক কৌশলের মধ্যে থেকে মন্ত্রিপরিষদ গঠন করেছেন। এটি নিঃসন্দেহে প্রধানমন্ত্রী করবেন। এ নিয়ে মতামতের কিছু নেই। মর্নিং শ্যোজ দ্য ডে।”

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ২৯৭ আসনের ফল গেজেট আকারে ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ২০৯টি আসন পেয়ে সরকার গঠন করল বিএনপি।