২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একটি করোনা-হাসপাতাল, রোগী সেবার দৃষ্টান্ত ও অন্যান্য প্রসঙ্গ

অর্পিতা চৌধুরী রূপা

Published : 25 Aug 2020, 10:33 PM

Updated : 01 Jul 2022, 05:35 PM

ভূপেন হাজারিকার বিখ্যাত গান 'মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে  না'। মানুষ মানুষের জন্য হলেও দেশে করোনাকালে মানবতা যেন উধাও হয়ে গেছে। পরিবার, সমাজে মানুষের মাঝে মানুষের দূরত্ব বাড়িয়েছে করোনাভাইরাস। কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তি যেন অচ্ছুৎ। মৃতের পরিবার স্বজন লাশের সৎকার করতে চায়নি এমন ঘটনা অনেক আছে। আক্রান্ত ব্যক্তি গরীব হলে তো কথাই নেই। তারা না পাচ্ছেন চিকিৎসা, না পাচ্ছেন সহায়তা। নিয়তিই যেন তাদের একমাত্র সম্বল। মানবতা যখন এভাবে লোপ পাচ্ছে ঠিক তখনই কিছু স্বেচ্ছাসেবী ব্যক্তি ও প্রতিষ্ঠান এমন অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। তাদের কর্মকাণ্ড ইতোমধ্যে সবার দৃষ্টি কেড়েছে। 

আর্ত-মানবতার সেবার মহতি উদ্যোগ নিয়ে প্রতিষ্ঠানটি মাঠে নেমেছে। কোভিড-১৯ আক্রান্ত প্রান্তিক মানুষের চিকিৎসায় তারা গড়ে তুলেছেন হাসপাতাল। এর মাধ্যমে তারা স্থাপন করেছেন ব্যতিক্রমী দৃষ্টান্ত।

সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা সহায়ক স্বেচ্ছাসেবী সংস্থা হিসেবে যাত্রা শুরু হলেও করোনাকালে তারা থেমে থাকেনি। এসময় তারা পরিচালনা করছে সহায়তা ও জনসচেতনতামুলক কার্যক্রম। মার্চে দেশে করোনাভাইরাস সংক্রমণের প্রাথমিক পর্যায়ে যখন চিকিৎসকরা চিকিৎসা সেবা দিতে খাবি খাচ্ছিলেন, নার্সরা পিপিই-র অভাবে সেবা দিতে ভয় পাচ্ছিলেন, বিদ্যানন্দ ফাউন্ডেশনই তখন পিপিই বানিয়ে তাদের কাছে পৌঁছে দিয়েছে। মসজিদ, হাসপাতাল, বাসস্ট্যান্ড, রেলস্টেশনসহ অনেক জায়গায় জীবাণুনাশক ছিটিয়েছে। মানুষের জন্য হাত ধোয়ার ব্যবস্থা করতে রাজধানীর বিভিন্ন স্থানে অস্থায়ী বেসিন বসিয়েছে। সেখানে পানি ও সাবান সরবরাহ করেছে। হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক তৈরি করেও তারা বিতরণ করেছে খেটে খাওয়া মানুষের মাঝে। যেখানে সম্ভব নিজেদের স্বেচ্ছাসেবীরা ত্রাণ নিয়ে গেছে দরিদ্রদের কাছে। স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় ত্রাণ বিতরণ করছে বিদ্যানন্দ ফাউন্ডেশন।

কিন্তু এসবের মাঝে দৃষ্টান্ত স্থাপনকারী কাজ হলো স্বল্প সময়ের মধ্যে একশ শয্যার করোনা হাসপাতাল গড়ে তুলে প্রান্তিক মানুষের চিকিৎসা দেওয়া, যা এখনো অব্যাহত রয়েছে। গত জুলাই থেকে এই হাসপাতালে বিনামূল্যে করোনাভাইরাস আক্রান্ত গরীব মানুষের চিকিৎসা দেওয়া হচ্ছে। সারাদেশে শতাধিক স্বেচ্ছাসেবকের বলয়ে গড়ে ওঠা দেশের সর্ববৃহৎ এ সংগঠনে যারা কাজ করছেন তাদের অনেকেই ছেড়ে এসেছেন নিজের পরিবার পরিজন। বিসর্জন দিয়েছেন স্বপ্নের ক্যারিয়ার। এভাবে মানব সেবার তারা এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। 

এ প্রেক্ষাপটে পয়লা জুলাই থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের যৌথ উদ্যোগে উদ্বোধন করা হয়েছে সিএমপি বিদ্যানন্দ কোভিড হাসপাতাল। বন্দরনগরী চট্টগ্রামের পতেঙ্গায় ১০০ শয্যার এই হাসপাতালে কোভিড-১৯ ও করোনাভাইরাস উপসর্গ আছে এমন রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। পতেঙ্গা নেভাল এলাকায় বাটারফ্লাই পার্কের পাশে এর অবস্থান। করোনাভাইরাস চিকিৎসায় দিনদিন আস্থার প্রতীক হয়ে উঠেছে এই হাসপাতাল। ১২ জন চিকিৎসক, পাঁচ জন নার্স এবং অন্যান্য কর্মকর্তা কর্মচারীর সমন্বয়ে এখানে প্রতিনিয়ত সেবা দেওয়া হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে যাদের আর্থিক সংগতি নেই তারা প্রতিদিন চিকিৎসার জন্য বিভিন্ন এলাকা থেকে এখানে ছুৃটে আসছেন। হাসপাতাল পরিচালনার সঙ্গে সংশ্লিষ্টরা জানিয়েছেন, পয়লা জুলাই হাসপাতালটি উদ্বোধন করা হলেও মূলত ১৪ জুলাই থেকে এখানে চিকিৎসা কার্যক্রম শুরু হয়েছে। আর এ কাজে দিনরাত শ্রম দিয়ে যাচ্ছেন বিদ্যানন্দ ফাউন্ডেশনের এক দল স্বেচ্ছসেবী। এই করোনাকালে তাদের অবদান ভোলার নয়।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক ও ফিল্ড হাসপাতাল প্রকল্পের সমন্বয়কারী জামাল উদ্দিন বলেন, ১৪ জুলাই চিকিৎসা কার্যক্রম শুরুর পর এখন পর্যন্ত গড়ে ৩০ থেকে ৩২জন করোনা রোগীকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর বাইরেও এখানে আউটডোর চিকিৎস্যার ব্যবস্থা রয়েছে। রোগীর প্রয়োজনীয় চিকিৎসা সাপোর্টের পাশাপাশি এখানে মানসম্মত খাবার বিনামূল্যে দেওয়া হচ্ছে। এখানে চিকিৎসার উন্নত পরিবেশ সৃষ্টি করা হয়েছে। হাসপাতালে পারিবারিক আবহে চলছে সেবা কার্যক্রম। কার্যক্রম শুরুর পর থেকে এখন পর্যন্ত একজন রোগীও মারা যাননি। সেবা দেওয়ার ক্ষেত্রে করো কোনও ধরনের অবহেলা নেই। 

তিনি জানান, চিকিৎসায় সেবায় কোভিড হাসপাতালে কোন আইসিইউ না থাকলেও যাদের অক্সিজেন লেভেল নিচে নেমে যাচ্ছে তাদের জন্য 'হাইফ্লো' অক্সিজেন থেরাপির ব্যবস্থা করা হয়েছে। তবে যেসব রোগীর অবস্থা বেশি খারাপ, তাদের চিকিৎসার জন্য চট্টগ্রামের কোনও হাসপাতালে রেফার করা হয়। প্রতিষ্ঠার শুরু থেকে এখন পর্যন্ত সিএমপি কোভিড হাসপাতালে ১৫১জন রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। এর বাইরেও অনেকে আউটডোরে চিকিৎসা নিয়েছেন। এ হাসপাতালে পোর্টেবল অক্সিজেনের পাশাপাশি কেন্দ্রিয় অক্সিজেনেরও ব্যবস্থা রয়েছে।

তিনি বলেন, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান হাসপাতাল পরিচালনার জন্য সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন। এখানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কারিগরি সহায়তাসহ নানা সহায়তা দেওয়া হচ্ছে। এছাড়া আন্তর্জাতিক কোম্পানি সেভরনও ডায়াগনোস্টিক সার্পোট দিচ্ছে। এভাবে নানা ব্যক্তি ও প্রতিষ্ঠানের আর্থিক সহযোগিতার ভিত্তিতে সিএমপি কোভিট হাসপাতাল পরিচালনা করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

বিশ্ববাসীর জন্য গত বছরের শেষ দিকে দুঃসংবাদ নিয়ে হাজির হয় করোনাভাইরাস বা কোভিড-১৯। চীনের উহান প্রদেশ থেকে এর প্রাদুর্ভাব হয়। বিশ্বব্যাপী ছড়াতে এর বেশি সময় লাগেনি। সারাবিশ্বে এটি মহামারী আকার ধারণ করেছে। উন্নত বিশ্বও এর ছোবল থেকে রেহাই পায়নি। তবে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে অনেকটাই সফলতার পরিচয় দিয়েছে। এর বিপরীতে বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশে স্বাস্থ্যসতর্কতা মেনে কর্মকাণ্ড পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। ফলে অন্যান্য দেশে করোনা নিয়ন্ত্রণে এলেও এদেশে সংক্রমণের হার বাড়ছেই।

৮ মার্চ থেকে বাংলাদেশে করোনা বিস্তার শুরু হয়। বিশ্বে এ রোগের মৃতের সংখ্যা ৮ লাখ ছাড়িয়েছে। আক্রান্ত হয়েছে ২ কোটির বেশি মানুষ। বাংলাদেশেও আক্রান্ত আড়াই লাখ পেরিয়েছে। মৃত্যু সাড়ে ৩ হাজার। অনেকে চিকিৎসা ও টেস্টের ক্ষেত্রেও ভোগান্তির শিকার হচ্ছেন। অনেকেই এর পরিণতিকে নিয়তির হাতে ছেড়ে দিয়েছেন। ফলে করোনাভাইরাস উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যাও কম নয়।

করোনাভাইরাস পরিস্থিতিতে এই যখন সার্বিক অবস্থা, সেখানে গরীব মানুষের কোভিড-টেস্ট থেকে শুরু করে চিকিৎসা সেবা তো আকাশ কুসুম কল্পনা। এ অবস্থায় স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন প্রান্তিক মানুষের চিকিৎসায় মাত্র ২ সপ্তাহের ব্যবধানে গড়ে তুলেছে হাসপাতালটি। জামাল উদ্দিন জানান, করোনাভাইরাস রোগীদের চিকিৎসার জন্য একটি কনভেনশন সেন্টারকে হাসপাতালে রূপ দেয়া হয়েছে। ১৪ জুলাই থেকে এটি বেশ ভালোভাবেই সেবা দিয়ে যাচ্ছে। পাশাপাশি অন্য রোগীরাও এই হাসপাতাল থেকে সেবা নিতে পারছেন। তিনি বলেন, এটি অস্থায়ী হাসপাতাল হলেও ফাউন্ডেশনের পক্ষ থেকে হাসপাতালটি স্থায়ীরূপ দেওয়া জন্য সাইট নির্বাচনের কাজ চলছে।

সেবার ব্রত নিয়েই চিকিৎসা দিয়ে যাচ্ছেন চিকিৎসকরাও। এখানে কর্মরত ও ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী ডাক্তার আসমা আক্তার বলেন, সিএমপি বিদ্যানন্দ কোভিড হাসপাতালে দুই ধরনের রোগী আসেন। তাদের প্রথমে আউটডোরে দেখা হয়। এক ধরনের রোগী আছেন যারা করোনাভাইরাস পজিটিভ রিপোর্ট নিয়ে আসেন। তাদের ভর্তি করিয়ে সব ধরনের চিকিৎসা সেবা দেওয়া হয়। এছাড়া যারা সাসপেক্টেড, তাদেরকে আইসোলেশনে রেখে পরীক্ষার ব্যবস্থা করা হয়। এর বাইরেও আউটডোরে জেনারেল চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। চিকিৎসার পাশাপশি রোগীদের পুষ্টিকর খাবারের ব্যবস্থা করা হচ্ছে। মাছ, মাংস, ডিম. দুধের পাশাপাশি তাদের চা, চিনি, কফি, ফলমূল বিনামূল্যে দেওয়া হয়। ডায়াবেটিস রোগীদের ডায়েট কন্ট্রোলের ব্যবস্থা নেওয়া হচ্ছে। অসুস্থদের আনা নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। করোনা উপসর্গ নিয়ে যারা আসেন তাদের করোনা টেস্টের জন্য সিএমপির মাধ্যমে নমুনা সংগ্রহ করে টেস্টের ব্যবস্থা নেওয়া হয়েছে। হাসপাতালের চিকিৎসায় রোগীদের যেসব ওষুধপত্র দেয়া হচ্ছে তার ব্যয় বিদ্যানন্দ ফাউন্ডেশন বহন করছে।

বিদ্যানন্দ হাসপাতালে চিকিৎসার পরিবেশ নিয়ে রোগীরা সন্তোষ প্রকাশ করেছেন। এমনই একজন মোবারক হোসেন, যিনি এখানে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। তিনি বলেন, এমন চিকিৎসা ব্যবস্থা দেশের কোথাও নেই। হাসপাতালের পরিবেশ খুবই সুন্দর। চিকিৎসার মানও বেশ ভালো। এখানে এসে কাউকে ভোগান্তির শিকার হতে হয় না। তিনি বলেন, করোনায় আক্রান্ত হয়ে সিএমপি বিদ্যানন্দ হাসপাতালে ২২দিন ভর্তি ছিলাম। মনে হয় হয়েছে যেন নিজের বাড়িতেই আছি।

করোনাভাইরাস হাসপাতাল প্রতিষ্ঠার বিষয়ে বিদ্যানন্দ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ফারুক আহমেদ বলেন, প্রতিষ্ঠানটির পক্ষ থেকে হাসপাতাল গড়ার স্বপ্ন আগে থেকেই ছিল। করোনা সংক্রমণ শুরুর পর থেকে অনেকেই চিকিৎসা পাচ্ছিলেন না। চিকিৎসার জন্য এখানে ওখানে ছুটছিলেন। চিকিৎসার অভাবে অনেকেই মারা গেছেন। একজন গর্ভবতী মহিলার মারা যাওয়ার বিষয়টি সংবাদে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছিল। বিষয়গুলো আমাদের পীড়া দেয়। এছাড়া প্রতিষ্ঠানের অসংখ্য স্বেচ্ছাসেবী, গরিবছাত্র এবং তাদের পরিবার রয়েছে। স্বেচ্ছাসেবীরা পরিবার থেকে দূরে রয়েছেন। সমাজের দরিদ্ররাও চিকিৎসা পাচ্ছেন না। সবকিছু মাথায় নিয়ে স্বেচ্ছাসেবীদের পরামর্শে গড়ে তোলা হয় এই হাসপাতাল। এ কাজে সহযোগিতা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। সবার সহযোগিতায় পতেঙ্গার একটি কমিউনিটি সেন্টারে দ্রুততার সঙ্গে হাসপাতালটি গড়ে তোলা হয়েছে।

মানসিক ভারসাম্যহীন গর্ভবতীর সন্তার প্রসব 

প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, করোনা রোগীদের জন্য প্রতিষ্ঠিত সিএমপি বিদ্যানন্দ হাসপাতালে অন্য রোগীরও চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসা কার্যক্রম শুরু হওয়ার এক পর্যায়ে চট্টগ্রামের পতেঙ্গায় সড়কের ওপর 'মানসিক ভারসাম্যহীন' এক গর্ভবর্তীকে সেবা সুশ্রুষার মাধ্যমে সন্তান প্রসব করার ব্যবস্থা করা হয়েছে। ওই মহিলাকে স্বেচ্ছাসেবীরা সিএমপি-বিদ্যানন্দ ফিল্ডহাসপাতালে ভর্তি করে দিয়েছিলেন। বর্তমানে মা ও নবজাতক সুস্থ আছেন। হাসপাতাল সূত্র জানায়, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে নন কোভিড ওয়ার্ডে ভর্তি ওই মাকে স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় রক্ত দেয়া হয়। তারা ওই মহিলাকে রাস্তা থেকে হাসপাতালে নিয়ে আসেন। মানসিক ভারসাম্যহীন ওই নারী পরে ফুটফুটে এক সন্তান জন্ম দেন। যার মাধ্যমে করোনাকালে হাসপাতালটি মানবতার সেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

উল্লেখ্য, বিদ্যানন্দ ফাউন্ডেশন একটি বাংলাদেশি স্বেচ্ছাসেবী সংস্থা যা শিশুদের নিয়ে কাজ করে। এ সংগঠন পথশিশু, সুবিধাবঞ্চিত দরিদ্র ও অসচ্ছল শিশুদের মৌলিকশিক্ষা, আহার, চিকিৎসা এবং আইনি সেবা দিয়ে থাকে। সংগঠনের উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে সুবিধাবঞ্চিত শিশুদের মৌলিকশিক্ষা প্রদান, এক টাকায় খাবার, চিকিৎসা ও আইনি সেবা। সংগঠনটি বিনামূল্যের গ্রন্থাগার, ও অনাথালয়সহ প্রভৃতি প্রকল্পও পরিচালনা করে আসছে।