২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজাহান সিরাজকে নিয়ে বিতর্ক: মুনতাসীর মামুন ও স্বদেশ রায়ের কলাম প্রসঙ্গে

শাহজাহান সিরাজকে নিয়ে বিতর্ক: মুনতাসীর মামুন ও স্বদেশ রায়ের কলাম প্রসঙ্গে
ছাত্রলীগ নেতা হিসেবে বঙ্গবন্ধুর সঙ্গে শাহজাহান সিরাজসহ ‘চার খলিফা’ (শাহজাহান সিরাজের পারিবারিক অ‌্যালবাম থেকে নেওয়া ছবি)

মুর্শিদা বিন্‌তে রহমান

Published : 26 Jul 2020, 10:19 PM

Updated : 01 Jul 2022, 05:35 PM

অধ্যাপক মুনতাসীর মামুন সাংবাদিক ও কলামনিস্ট  স্বদেশ রায়-এর একটি লেখার ওপর মতামত দিতে গিয়ে লিখেছেন 'আমরা কোথায় দাঁড়িয়ে'। তার এই মন্তব্যটি বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে অত্যন্ত প্রাসঙ্গিক। তারা দুইজনেই বাংলাদেশের রাজনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর দিকগুলো তুলে ধরেছেন।

আমরা যারা মুক্তিযুদ্ধ দেখিনি তাদের মধ্যে বাংলাদেশ রাষ্ট্রের জন্ম ও তার পরবর্তী রাজনৈতিক গতিধারা সম্পর্কে অনেক জটিলতা রয়েছে। ইতিহাসের একজন শিক্ষার্থী হিসেবে আমি বাংলাদেশের ইতিহাস বিভিন্ন লেখনী থেকে পড়েছি এবং তা আমার ছাত্র-ছাত্রীদেরও পড়াতে হয়। কিন্তু অনেক বিষয়েই আমাদের জানাটা স্পষ্ট নয়। তাই যারা বয়োজেষ্ঠ্য তারা যদি এই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করেন তাহলে ইতিহাসের অজানা দিকগুলো আরও স্পষ্ট হবে।

বয়োকণিষ্ঠ হিসেবে দু'জনের আলোচনা থেকে আমি বুঝতে চেষ্টা করেছি আসলে তারা কোন বিষয়টিতে গুরুত্ব দিচ্ছেন। এতে আমার মনে কিছু প্রশ্ন জেগেছে। স্বদেশ রায় যে আলোচনা করেছেন সেখানে তিনি সদ্য প্রয়াত শাহজাহান সিরাজকে ব্যক্তি ও রাজনীতিবিদ হিসেবে মূল্যায়ন করেছেন। তার মূল্যায়নে এটি দাঁড়িয়েছে যে, শাহজানাহান সিরাজ সত্তরের দশকের রাজনীতি করেছেন, মুক্তিযুদ্ধে যোগ দিয়েছেন এবং স্বাধীনতার পর রাজনীতিতে তার বিচ্যুতি ঘটেছে। তিনি দুই ধরনের রাজনীতি করেছেন। তারপরও জাতি তাকে মনে রাখবে। তাহলে প্রশ্ন জাগে রাজনীতি এবং আদর্শ কি আলাদা থাকবে? রাজনীতিতে আদর্শের স্থানটি তাহলে কোথায় থাকবে? রাজনীতি কি শুধু ক্ষমতা জাহির করার জন্য হবে? না তা হবে নিঃস্বার্থ? যদিও বর্তমান পৃথিবীতে রাজনৈতিক ক্ষেত্রে ক্ষমতায় টিকে থাকাটাই মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে। ক্ষমতা ধরে রাখতে যেকোনও রকম সমঝোতায় আসতে রাষ্ট্রনায়করা প্রস্তুত থাকেন। এটাই কি রাজনীতির সঠিক পথ? এ পথেই কি আসবে রাষ্ট্র ও সমাজের জটিল সমস্যাগুলোর সমাধান?

দুইজনের মতামত থেকে বাংলাদেশের ইতিহাসের জটিল দিকটিও স্পষ্ট হয়ে উঠেছে। আমরা দেখি এই জটিলতা ইচ্ছে করেই তৈরি করা হয়েছে। আজ যে সকল ক্ষেত্রে পরাস্তবাদ কাজ করছে তাও এই পরিকল্পনারই অংশ। কারণ বাঙালি যত নিস্পৃহ হবে, নবীন যত আগ্রহ হারাবে, ততই তো মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি রাষ্ট্র ও সমাজে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠায় সফল হবে। এক্ষেত্রে আমার প্রশ্ন জাগে বর্তমান বাংলাদেশে রাষ্ট্র ব্যবস্থায় কি কোনো আদর্শ আছে? রাজনীতি, অর্থনীতি, শিক্ষা-সংস্কৃতি যে সেক্টরেই দৃষ্টি দেই না কেন আমরা কি কোনো আদর্শ দেখতে পাই? আমার মতে, যা আছে তাকে এক কথায় বলা যায় 'ভোগবাদিতা'। অথচ স্বাধীন বাংলাদেশের জন্য যারা স্বপ্ন দেখেছিলেন তারা ভোগবিলাসের জীবন ত্যাগ করে বাংলার মানুষের কল্যাণে নিজেদের নিয়োজিত করেছিলেন। আজ তা রূপকথার মতো। কারণ বঙ্গবন্ধু বলেছেন অসাম্প্রদায়িক রাষ্ট্রের কথা। এর মধ্য দিয়ে তিনি মূলত ধর্মনিরপেক্ষ একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে চেয়েছিলেন। বলেছেন- সমাজতন্ত্রের কথা, যার মধ্য দিয়ে মূলত ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা ও সম্পদের সুষম বন্টনের মাধ্যমে মানুষের মানোন্নয়নে সমবন্টন করতে চেয়েছেন। সর্বোপরি অধ্যাপক মুনতাসীর মামুনের ভাষায় বঙ্গবন্ধু চেয়েছিলেন সশস্ত্রের ওপর নিরস্ত্রের আধিপত্য প্রতিষ্ঠা করতে।

বর্তমানে বঙ্গবন্ধুর আদর্শের সরকার রাষ্ট্র পরিচালনা করছে। সেক্ষেত্রে অসাম্প্রদায়িকতার দিকটি পর্যবেক্ষণ করলে দেখা যাবে যে, সরকার অসাম্প্রদায়িক চেতনাকে একটা পর্যায় পর্যন্ত লালন করেছে। বেশ কিছু ক্ষেত্রে আমরা দেখেছি মৌলবাদী শক্তির সাথে সমঝোতায় আসতে হয়েছে। ভোটের রাজনীতিতে হয়তো সমঝোতা করতে হয়। এরপর দেখেছি দেশে দারিদ্রের হার কমলেও ধনী-গরিবের বৈষম্য বহুগুণ বেড়েছে। পাকিস্তান আমলে যেখানে ২২ পরিবারের কথা বলা হতো সেখানে বর্তমানে অনেক পরিবার দাঁড়িয়ে গেছে। করোনাভাইরাসের মতো ভয়াবহ মানবিক বিপর্যয়ের দিনগুলোতেও যাদের দুনীর্তির মাত্রা এতটুকুও কমেনি। তাছাড়া সর্বক্ষেত্রে সশস্ত্রের ওপর নিরস্ত্রের আধিপত্যও প্রতিষ্ঠিত হয়নি।

আমরা যদি ইতিহাস পর্যালোচনা করি তাহলে দেখতে পাব ৬০-৭০'এর দশকে আদর্শের রাজনীতির কথাই বলা হচ্ছে। বঙ্গবন্ধু সে সময় বিদ্যমান কাঠামোর বাইরে গিয়ে আদর্শের রাজনীতির কথা বলেছেন। বর্তমানে যে ধারা অব্যাহত রয়েছে সে কাঠামোর বাইরে গিয়ে কেউ সমাজে আদর্শিক রাজনীতির চর্চা করছেন এমনটি নয়। এখানে বিপরীত ধারার রাজনীতিও অব্যাহত রয়েছে। জনাব শাহজাহান সিরাজ বিপরীত ধারার রাজনীতি করেছেন। যারা এই ধারার রাজনীতি করেছেন তাদের তো প্রশ্রয় দেওয়া যায় না। দেওয়া হলে বাংলাদেশের মৌল কাঠামো হুমকীর সম্মুখীন হবে। তবে এই যে আদর্শচ্যুত রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠেছে সেই দায় কাদের? নতুন প্রজন্মকে ভুল পথে পরিচালিত করার কৌশলটা কী? বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার রাজনীতিটা কী? কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে আজ বাংলাদেশ আদর্শের বিরোধী শক্তিরা সমাজে প্রতিষ্ঠিত? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজলে জনাব শাহজাহান সিরাজদের মূল্যায়ন যথার্থভাবেই করা সম্ভব।

আমাদের মনে হয় দেশকে স্বাধীন করার মধ্যেই সকল কৃতিত্ব নিহিত নয়। যেই রাজনীতিকে বৃদ্ধাগুলি দেখিয়ে ১৯৭১ সালে বাংলাদেশের জন্ম হয়েছিল সেই রাজনীতিকে পরাস্ত করতে শুধু স্বাধীনতা অর্জন যথেষ্ট ছিল না, এটা সচেতন মহল সকলেই বোঝেন। যে কারণে বঙ্গবন্ধু 'মুক্তিযুদ্ধ' কথাটি ব্যবহার করেছিলেন। আমরাও তা করি। তাহলে এমন কি হয়েছিল যে সদ্য স্বাধীন বিধ্বস্ত বাংলাদেশের পুনর্গঠনে এত মতানৈক্য তৈরি হয়েছিল, স্থান পেয়েছিল ব্যক্তিগত প্রত্যাশা-প্রাপ্তির হিসেব। ষাটের দশকের ছাত্র নেতারা যারা বাংলার জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নিজেদের দৃঢ়ভাবে সম্পৃক্ত করেছিলেন, তারা কেন স্বাধীনতার সূচনালগ্নে বিভ্রান্ত পথে হেঁটেছিলেন? দেশকে ঠেলে দিয়েছিলেন সেই পরাজিত শক্তির ছায়াতলে?

বিষয়গুলো বিশ্লেষণ করলে সঠিক চিত্র অবশ্যই পাওয়া যায়। এক্ষেত্রে আমি জনাব স্বদেশ রায়-এর সাথে সহমত পোষণ করি যে, "ইতিহাসে একপক্ষীয় ভুলে বা একপক্ষীয় কারণে খুব কম ঘটনাই ঘটে"। কিন্তু আমার প্রশ্ন যার বা যাদের ভুলের মাশুল সমগ্র জাতিকে দীর্ঘদিন ধরে বইতে হয়, এমনকি স্বাধীনতার ৫০ বছর পরও সেই ক্ষত রাষ্ট্র-সমাজে বিদ্যমান থাকে তাদের জাতি কিভাবে স্যালুট জানাবে? যেই অসাম্প্রদায়িক, মানবতাবাদী, গণতান্ত্রিক আদর্শকে ভিত্তি করে বাংলাদেশ রাষ্ট্রের স্বপ্ন বাঙালি দেখেছিল তা থেকে যোজন যোজন দূরে আজ আমরা অবস্থান করছি। আমাদের যাদের জন্ম স্বাধীনতার এক দশক পর তারা মর্মে মর্মে উপলব্ধি করেছি বাংলাদেশে মৌলবাদীদের ভিত কতটা শক্ত। সাধারণের মানস জগতে বঙ্গবন্ধু ও বাংলাদেশ ধারণাকে কিভাবে তারা ভিন্ন খাতে প্রবাহিত করতে সফল হয়েছে। ধ্বংস করে দিয়েছে 'বাইশ বছরের একটি সুচিন্তিত ও ধাপে ধাপে অগ্রসর হওয়া, সুসংগঠিত বিপ্লব বা মুক্তিযুদ্ধ'-এর চেতনাকে। যে সকল দেশপ্রেমিকদের আত্মঅহংকার এর পেছনে কার্যকরি ছিল তাদেরকে পরবর্তী প্রজন্ম কোন সেন্টিমেন্টে 'রূপকথার রাজপুত্র'-এর আসনে বসাবে? অবশ্য যে সমন্বয়ের রাজনীতি বর্তমান বাংলাদেশে আমরা প্রত্যক্ষ করছি, যেখানে ডানপন্থি, বামপন্থি এবং মধ্যপন্থিরা সকলে একাকার হয়ে গেছেন সেখানে তারা রাজপুত্রের মুকুট পেতেই পারেন! অথচ আমরা দেখেছি বঙ্গবন্ধু তার রাজনীতিতে মধ্য বামধারাকে গ্রহণ করেছিলেন। কিন্তু বর্তমান সরকার বঙ্গবন্ধুর আদর্শের হলেও তাদের নীতিতে মধ্য ডানের প্রতি ঝোঁক পরিলক্ষিত হচ্ছে। এটি আমাদের জন্য কতটা স্বস্তিদায়ক হবে এটাও প্রশ্ন জাগে।

আবার আদর্শ বলতে প্রগতিশীল ও প্রতিক্রিয়াশীল এই দুটো মূল ভিত্তিকে কেন্দ্র করে যদি আমরা আমাদের রাজনীতিকে বিশ্লেষণ করি তাহলে স্পষ্টতই দেখতে পাব বঙ্গবন্ধু বাংলাদেশকে যে অবস্থানে রেখে গিয়েছিলেন আজও আমরা সেখানে পোঁছাতে পারিনি। যারা বঙ্গবন্ধুকে সমালোচনা করে সরাতে চেয়েছেন বা সফল হয়েছেন তারা কী এবং কোন বাংলাদেশ গড়েছেন? ১৯৭৫ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত দীর্ঘ একটা সময় তারা ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিলেন। রাষ্ট্র সেখানে কোন পথে পরিচালিত হয়েছে তা অবলোকন করলে প্রতিক্রিয়াশীলদের অবস্থান খুবই স্পষ্টভাবে ফুটে ওঠে। বিশ্ব রাজনীতিতেও আজ প্রতিক্রিয়াশীলদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে।

অথচ দক্ষিণ এশিয়ায় একমাত্র বাংলাদেশ একটি প্রগতিশীল অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে গড়ে উঠেছিল, যার সম্ভাবনা ছিল অনেক। কিন্তু আমরা তা লালন করতে পারছি না। দেশকে পরিচালিত করা হয়েছে উল্টো স্রোতে। আজ তাই ছাত্রনেতারা আদর্শের জন্য রাজনীতি করে না। তারা সঠিকভাবে জানেও না নিজ দলের মূল আদর্শটা কী? তাদের রাজনীতির মূল উদ্দেশ্য নিজের জন্য একটি শক্ত অর্থনৈতিক ভিত্তি গড়ে তোলা এবং আত্মীয় পরিজনদের ভবিষ্যৎ নিশ্চিত করা। সেক্ষেত্রে ব্যবসায় যত অসৎ উপায় কিংবা চাকরিতে ঘুষ খেয়ে যত অনিয়মই করা হোক না কেন দেশ, জাতি কিংবা দলের প্রতি তাদের কোনো কমিটমেন্ট নেই। ফলে কে প্রতিক্রিয়াশীল, আর কে প্রগতিশীল তাতে তাদের কোন ভাবনা নেই। ব্যবসায়ী আজ রাজনীতিবিদ, আর রাজনীতিবিদ ব্যবসায়ী। তাই ভবিষ্যৎ বাংলাদেশে কারা ক্ষমতা পরিচালনা করবে তা বুঝতে অসুবিধা হয় না। রাজনীতির এই যে সংস্কৃতি চালু হয়েছে সেখানে ভবিষ্যৎ প্রজন্ম কিভাবে জনাব শাহজাহান সিরাজের ভূমিকাকে বাহাবা দিবে? ষাটের দশকের ছাত্রনেতারা সে দায় কি এড়াতে পারেন?

লেখক: সহযোগী অধ্যাপক, ইতিহাস বিভাগ, জগন্নাথ বিশ^বিদ্যালয়