এ আততায়ী থেকেও দূরে থাকুন শেখ হাসিনা
করোনাভাইরাস নিয়ে লিখতে না চাইলেও উপায় নেই। এ লেখা যখন লিখছি বাংলাদেশে আক্রান্তের সরকারি সংখ্যা লাখ ছাড়িয়েছে। এক লাখে পৌঁছাতে খুব বেশি সময় লাগেনি। একশ দিনে লাফিয়ে লাফিয়ে বাড়া করোনাভাইরাস আক্রান্ত রোগীরা কি শুধু বিদেশ থেকে আসা মানুষদের অবদান? এখন যা হচ্ছে দেখছি তার বেশিরভাগই নিজেদের তৈরি। এক শ্রেণির মানুষ এখনো কথা শুনছেন না। রেড জোন বা যে জোন ঘোষণা করা হোক না কেন, এসব মানুষেরা বেপরোয়া। এদের এক কথা , তাদের নাকি কিছু হবে না। আর কি হতে বাকী আছে কে জানে?
আমরা নিশ্চয়ই যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের কথা ভুলিনি। ভুলিনি কানাডার ট্রুডোর কথাও । দুইজনকেই আইসোলেশনে থাকতে হয়েছি। একজন ফিরে এসেছেন মৃত্যুর মুখ থেকে। দেশে দেশে এখন যারা নেতা বা সত্যিকার অর্থে নেতৃত্ব দিচ্ছেন তাদের ভালো থাকার বিকল্প নেই। আমাদের পাশের দেশগুলোতে দেখছি নেতারা যথেষ্ঠ সাবধান। বাংলাদেশে বিরোধীরা মুখে যাই বলুক না কেন, তারা খুব ভালো জানে শেখ হাসিনার বিকল্প নাই। কখন কিভাবে কোন দোষে বা কী কী কারণে বাদবাকি বিরোধীরা পিছিয়ে পড়তে পড়তে প্রায় শূন্যে পরিণত হয়েছেন তা তারা ভালোই জানেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার আপন প্রজ্ঞা আর বলিষ্ঠতায় উঠে এসেছেন । এই আগমন বা উঠে আসা যেন 'ফিনিক্স পাখি' মতো। তাকে কতোবার যে হত্যার চেষ্টা হয়েছিল তা সবাই জানেন। আমরা নিশ্চয়ই ভুলে যাইনি ঢাকার রাজপথে যুদ্ধে ব্যবহৃত গ্রেনেড হামলা হয়েছিল তাকে মেরে ফেলতে। এক সময় আমরা ধরে নিয়েছিলাম পিতার মতো তাকেও অচিরেই বিদায় করার কাজ সম্পন্ন। কিন্তু না প্রতিবারই তিনি অলৌকিকভাবে বেঁচে গেছেন। আপনি অদৃষ্টবাদী হন আর না হন, আপনাকে স্বীকার করতেই হবে তাকে সময় বাঁচিয়ে রেখেছে বাংলাদেশকে সামনে নিয়ে যাবার জন্য। এদেশের সাধারণ মানুষ শ্রমজীবী মানুষ সংস্কৃতি-পরায়ণ মানুষ আর দুর্বলের ভরসা তিনি।
আমি এটা জানি এই লেখার এতটুকু পড়েই গালাগাল শুরু হয়ে যাবে। আমার ধর্মীয় পরিচয় আর নাম নিয়ে শুরু হবে মাতম। কিন্তু আমি এটাও লিখবো মাননীয় প্রধানমন্ত্রীর কিছু সীমাবদ্ধতা আছে। এ সীমাবদ্ধতার একটি হলো- তিনি রাজনীতি করেন উগ্র সন্ত্রাসী আর মুক্তিযুদ্ধ বিরোধীদের বিরুদ্ধে। একবাক্যে যারা দেশদ্রোহী হবার যোগ্য তারাই তার মূল বিরোধী শিবিরে। এদের মোকাবিলা করতে গিয়ে তাকে স্বাভাবিকভাবেই স্বাধীনতা ও তার পিতার ইতিহাসসহ অতীতে ফিরে যেতে হয়। এটাকে আপনারা বলেন, 'এক কথা বারবার বলা।' মজার বিষয় হলো তার বিরোধী শিবির তার চেয়েও এক কাঠি পিছনে গিয়ে পাকিস্তান আমলের স্বপ্নে বিভোর।
এসব বিরোধীরা যে দেশে থাকেন, যে দেশের আলো হাওয়ায় বড় হন- তার বিরুদ্ধে বলেন। এদের কাছে তার দেওয়া টাকা আর উন্নয়ন লোভনীয়, কিন্তু তার আদর্শ আর তার দল বর্জনীয়। এটা কেমন দ্বিচারিতা? অনেকে সরকারের পক্ষে কথা বলা লোক আমাদেরকে তো বটেই- এমন খোদ হাসিনাকেও অমুক দেশের দালাল বা স্বার্থ দেখার অভিযোগ দিয়ে আসছে জন্মকাল থেকেই। আর তিনি কী করেন? তাদের চোখে সর্ষে ফুল দেখিয়ে তাদের জানের দোস্ত চীনের কাছ থেকে আধুনিক সাবমেরিন আদায় করে নেন। তখন তারা একবারও কি ভাবেন যে এই সাবমেরিন প্রয়োজনে ভারতীয় আগ্রাসনের ঠেকাতেও কাজে লাগতে পারে?
শেখ হাসিনার বিরুদ্ধে অপপ্রচারকারীদের আরও একটা মোকসেদ হলো ছলে বলে কৌশলে তাকে সরিয়ে দেওয়া। মাননীয় প্রধানমন্ত্রী নিজেই সেদিন করোনাভাইরাস নিয়ে বলতে গিয়ে বলেছিলেন, তাঁর নিরাপত্তার কাজে নিয়োজিত বাহিনীর লোকজন সবসময় এর চাইতেও বড় বিপদের মুখে আছে। আর কোন কোন দেশের প্রধানমন্ত্রীকে দেশের কিছু লোকজনের কাছে এমন অনিরাপদ থাকতে হয়? অকৃতজ্ঞ ইতিহাস আর অতীত ভুলে দালালীতে রাজি এক জাতির নেতৃত্ব দেওয়া সহজ কিছু না। এমন কঠিন পরিস্হিতি যারা মোকাবিলা করেছিলেন, তাদের ইতিহাস দেখলে জানবেন তারা কতটা বেপরোয়া আর একনায়ক ছিলেন। মাও সে তুং হোক, আর হো চি মিন বা ফিদেল কাস্ত্রো- যেই হোক না কেন তারা মার্জনা করতেন না। সে দিক থেকে শেখ হাসিনা অনেক বেশি সহনশীল।
এখন এই করোনাকালেও তিনি ঝুঁকি নিয়ে কাজ করেন। এটাই আমাদের উদ্বেগের আর একটি কারণ। প্রধানমন্ত্রী ইতোমধ্যে কয়েকজন সহকর্মীসহ বিশ্বস্ত নেতা হারিয়েছেন। সংসদে যাওয়া থেকে মিটিং করা এখন ঝুঁকির। ডিজিটাল মিটিং ছাড়া অন্য কোনওভাবে তিনি সামনে না আসুন, এটাই চাই। আমাদের দেশে প্রগতিশীল ভালো মানুষেরা বহুকাল থেকেই সংখ্যালঘু হয়ে আছেন। এসব মানুষের ভরসা একজনই। আমাদের ইতিহাস অতীত বর্তমানসহ ভবিষ্যতের কাণ্ডারী তিনি। শত সীমাবদ্ধতার পর ও তাকেই সামনে নিয়ে এগোতে হবে জাতিকে। কারণ তার পেছনে ঘাপটি মেরে আছে ডাকাত আর দস্যুর দল।
আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি কথিত শিক্ষিত আর পাকপন্থি কিংবা সুবিধাবাদীরাই তার সমালোচক। গরীব-দরিদ্র আর মধ্যবিত্ত তাকে পছন্দ করে। প্রগতিবাদীদের আশ্রয় ও ভরসা তিনি।
প্রার্থনা করি এই করোনাকালে শেখ হাসিনা আপনি বিপদ মুক্ত থাকুন। চাকু-ছুরি-বুলেট-বোমা-গ্রেনেডের মতো ভাইরাস আততায়ীও যেন আপনাকে স্পর্শ করতে না পারে। আপনি আমাদের এখন শেষ ভরসা শেখ হাসিনা। আপনাকে ছাড়া কোনও সমস্যার সমাধান তো হবেই না, বরং দেশ ও জাতি ডুবে যাবে অন্ধকারে।
আপনি ভালো থাকুন শেখ হাসিনা।
সিডনি
১৮.০৬.২০
