২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মহামারী-ফতোয়ার এপিঠ ওপিঠ

হাসান মাহমুদ হাসান মাহমুদ

Published : 12 May 2020, 09:38 PM

Updated : 01 Jul 2022, 05:36 PM

বর্তমান গবেষকেরা যেমন অতীতের দলিলগুলো হন্যে হয়ে খোঁজেন, তেমনি ভবিষ্যতের গবেষকেরা তন্ন তন্ন করে খুঁজবেন এই করোনাভাইরাস মহামারী ক্রান্তিকালে আমরা সাধারণ মানুষেরা কিভাবে এই ভয়াবহ দিনগুলো পার করেছিলাম, বিশ্বে কী কী ঘটেছিল ও কেন ঘটেছিল এবং বিভিন্ন ক্ষেত্রের নেতারা কী কী নির্দেশনা দিয়েছিলেন। এই বিভিন্ন বিষয়ের অন্যতম হল ধর্ম বিশ্বাস। এজন্যই ধর্মনেতাদের গুরুত্ব অপরিসীম কারণ অগণিত ভক্ত তাদের সিদ্ধান্ত ও ফতোয়াগুলো বিশ্বাস ও প্রয়োগ করে। 

করোনাভাইরাস-প্রতিরোধে বিশ্বস্বাস্থ্য সংস্থা ও চিকিৎসা বিজ্ঞানীরা নির্দেশ দিয়েছেন সবাই যেন গণজমায়েত পরিহার করে, অন্যদের থেকে অন্তত ২ মিটার দূরত্বে সঙ্গ- নিরোধে থাকে। কারণ গণজমায়েত মানেই হল গণমৃত্যুর ঝুঁকি। এই মুহূর্তেও এমন গণমৃত্যু অসহায়ভাবে মানুষ দেখছে বিশ্বময়। আমাদের মতো দেশে অনেক ক্ষেত্রেই  সঙ্গ-নিরোধ কঠিন বা অসম্ভব কিন্তু কিছু গণজমায়েত এড়ানো যেত যেমন বিয়ে, রাজনৈতিক জমায়েত, নির্বাচন ইত্যাদি। এই দুঃসময়ে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী দেবগৌড়া গুষ্টিসুদ্ধ লোক নিয়ে নাতির বিয়ে দিয়েছেন বেঙ্গালোরে, চিন্তা করা যায়? 

যাহোক, এ নিবন্ধ ধর্মবিশ্বাসের গণ্ডিতে থাকবে। আমরা আলেমদের সিদ্ধান্ত প্রদানকারী ফতোয়াগুলোকে (ধর্মীয় মতামত) ঘষে নেব দুটো ইসলামী কষ্টিপাথরে – 

(১) আল্লাহ দ্বীনের ব্যাপারে আমাদের ওপরে কঠোরতা আরোপ করেননি, তিনি আমাদেরকে কষ্ট দিতে চান না – সূরা বাকারা ১৮৫, মায়িদা ৬, হজ্ব ৭৮। 

(২) আমাদের নবী (স) "রহমতুল্লিল আল আমিন", ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জন্য কল্যাণকর। সেই কল্যাণটাই যদি বাস্তবে প্রমাণিত না হয় তবে সব কথাই বাগাড়ম্বর আত্মপ্রতারণা মাত্র।

অতএব, যে ফতোয়া সমাজে বা ব্যক্তিজীবনে অকল্যাণ বয়ে আনে বা আনতে পারে সেটা অবশ্যই ইসলাম-বিরোধী হিসেবে বর্জনীয়। এই গণমৃত্যুর ক্রান্তিকালে ফতোয়াগুলোকে তিনভাগে ভাগ করা যেতে পারে।  

১. ব্যক্তি বা গণজীবনের ওপর যেগুলোর কোনো বাস্তব প্রভাব নেই।

২. যেগুলোতে সমাজের কল্যাণ হয়েছে।

৩. যেগুলোতে সমাজের অকল্যাণ হয়েছে বা হবার সম্ভাবনা হয়েছে। এবারে উদাহরণসহ সেগুলো দেখা যাক।

১. যেগুলোর কোনো প্রভাব সমাজে নেই 

(ক) কিছু আলেম দুটি হাদিসের (খেজুর বিক্রি ও ব্যাধি সম্পর্কিত) ভিত্তিতে দাবী করেছেন ১২ মে কোভিড-১৯ মহামারী শেষ হবে, কারণ সেদিন আকাশে সুরাইয়া তারাটা উঠবে। বিরোধী মওলানারা দাবী করেছেন সেটা ঘটবেনা। ১২ মে যদি দুনিয়া থেকে করোনাভাইরাস হঠাৎ করে কর্পূরের মতো উবে না যায়, তাহলে প্রমাণ হবে ধর্মে এভাবেই রূপকথা ঢুকে পড়ে। 

(খ) খতমে জালালি- চট্টগ্রামের মাদ্রাসার ছাত্ররা সোয়া লাখ কাগজে আল্লাহর নাম লিখে কাগজগুলি সোয়া লাখ ময়দার আটার গুলির মধ্যে ভরে সেগুলোকে সাগরে ফেলেছে কারণ "এই আমল দ্বারা বিপদ হইতে উদ্ধার হইবে"। 

(গ) কোরান মোতাবেক "যারা আল্লাহ্‌র পথে জীবন দিয়েছে….আল্লাহ্‌র পথে হিজরত করে" এঁরা শহীদ। হাদিস ও অন্যান্য কেতাবে ৪০ রকমের মৃত্যুতে "শহীদ" হবার কথা আছে যার মধ্যে আছে মহামারীতে মৃত্যুবরণকারী, "যে স্ত্রী তার সতীনের প্রতি তার স্বামীর (অন্যায়) ভালোবাসার দুঃখ সয়ে সয়ে মৃত্যুবরণ করে, প্রবাসে মৃত্যুবরণকারী" ইত্যাদি – (মুফতি মনসূরুল হক, পরিচালক, জামেয়া রাহমানিয়া মনসুরিয়া, ঢাকা – bd24report.com, মে ১২, ২০২০)। 

তাহলে মাদ্রাসা অধ্যক্ষ সিরাজুদ্দৌলা কিংবা ভাঙা যুবলীগের প্রাক্তন সভাপতি আসলাম ফকিরের মতো অপরাধীরা কোভিড-১৯ মহামারীতে মারা গেলে তারা শহীদ হিসেবে জান্নাতবাসী হবে কি? সিরাজুদ্দৌলা তার ছাত্রী নুসরাত জাহান রাফি-কে যৌন নির্যাতন ও পুড়িয়ে মারার নির্দেশের অপরাধে মৃত্যুদণ্ড প্রাপ্ত। আসলামের ২০০৩ সালে হত্যার দায়ে মৃত্যুদণ্ড, ২০১৫ সালে রাষ্ট্রপতির কাছে আবেদন করে প্রাণভিক্ষা পেয়ে ১৪ বছরের কারাদণ্ড, ২০১৭ সালে ২৬ মার্চে সাধারণ ক্ষমায় কারামুক্তি এবং ২০২০ সালের ২১ এপ্রিল আবারো মানুষ হত্যার অভিযোগে অভিযুক্ত।  

২. কল্যাণ-ফতোয়া 

শীর্ষ সৌদি ইসলামী প্রতিষ্ঠান দ্য কাউন্সিল অব ইসলামিক স্কলার্স তাদের ফতোয়ায় বিশ্ব-মুসলিমদের প্রতি আহ্বান জানিয়েছে মুসলিমেরা যেন জামাতে নামাজ না পড়েন। মক্কা-মদিনার মসজিদেও নামাজ স্থগিত। আল আজহার বিশ্ববিদ্যালয়ের ফতোয়া বোর্ড সহ মধ্যপ্রাচ্যের আলেমরা এবং ভারতের অল ইন্ডিয়া মুসলিম পার্সোন্যাল ল বোর্ড একই ফতোয়া দিয়েছেন। সরকারগুলো এসব ফতোয়া প্রয়োগ করেছেন, কিছু মুসলিম-প্রধান দেশে কারফিউ পর্যন্ত জারি হয়েছে। এ নাহলে আরো কত শত হাজার লোকের প্রাণহানি হতো কে জানে! এগুলো ইহুদী খ্রিস্টানের ষড়যন্ত্র নয় বরং বিশ্বের সর্বোচ্চ ইসলামী বিশেষজ্ঞদের ইজতিহাদ। সমাজ বদলের সাথে সমাজকল্যাণের জন্য কোরান-রসূলের (স) কিছু হুকুম সাময়িক স্থগিত বা আপডেট করতেই হবে আমরা চাই বা না চাই। মুসলিম ইতিহাসে এর অজস্র উদাহরণ আছে, এর অগ্রপথিক হযরত ওমর (র)। এরই ধারাবাহিকতায় মসজিদের মাইকে "হাইয়া আলাস  সালাহ' (নামাজের জন্য এসো) এর জায়গায় ঘোষণা করা হয়েছে 'আল সালাতু ফি বুয়ুতিকুম' (ঘরে নামাজ আদায় কর – মুসলিম ইতিহাসে এর উদাহরণ আছে)। এমনকি ইসলামের পাঁচ স্তম্ভের অন্যতম যে হজ সেটাও যুদ্ধের কারণে কার্যত বন্ধ ছিল ১৮০৩ থেকে ১৮০৯ পর্যন্ত টানা ৬ বছর। ( 'দি ইনডিয়ান মুসলমানস' –  স্যার উইলিয়াম হান্টার, পৃষ্ঠা ৪৭।)     

এ ব্যাপারে বাংলাদেশ সরকারের দোদুল্যমান "সতর্ক" অবস্থান লক্ষ্যণীয়। এই ক্রান্তিকালে যে কোনো গণজমায়েতে গণ-সংক্রমণে গণমৃত্যুর সম্ভাবনা। অথচ সরকার লম্বা সময় ধরে চেষ্টা করেছে জুমার নামাজ বন্ধ বা নিয়ন্ত্রিত করার বিষয়ে মওলানাদের "ঐক্যমত" পাবার। সে চেষ্টা ব্যর্থ হবারই ছিল এবং হয়েছেও। সিদ্ধান্ত নিতে সরকারের এই সময়ক্ষেপণটা বিপজ্জনক ছিল। ৬ এপ্রিল সরকারী সর্বশেষ নির্দেশটাও প্রশ্নাতীত নয়।  

৩. বিপজ্জনক ফতোয়া ও সিদ্ধান্ত   

এই ভয়াবহ সময়ে যখন বিশ্ববাসী শ্বাসরুদ্ধ গৃহবন্দি জীবন কাটাচ্ছে, সরকারগুলো সর্বশক্তিতে করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত তখন কিছু ধর্মগুরু গণজমায়েতের ধর্মাচার পালন করেছেন, ফলে জনজীবনে ঘোরতর দুর্দিন নেমে এসেছে। 

  • দক্ষিণ কোরিয়াতে এই মহামারী ছড়িয়েছে এক চার্চ থেকে, চার্চ প্রধান লি মান-হি হাঁটু গেড়ে বসে মাথা নত করে জাতির কাছে ক্ষমা চেয়েছেন।
  • ব্রিটেনে হিন্দু গোষ্ঠী ইসকন স্বীকার করছে লন্ডনে তাদের এক গুরুর শেষকৃত্যে অংশ নেওয়া হাজার খানেক সদস্যের কমপক্ষে ২১ জন করোনাভাইরাসে আক্রান্ত, মারা গেছে ৫ জন।
  • পাঞ্জাবের ইতালি ফেরৎ করোনা ভাইরাস আক্রান্ত শিখ ধর্মগুরু ৪০ হাজার লোকের সংস্পর্শে আসার পর মারা গেছেন, সবাইকে লকডাউন করেছে কর্তৃপক্ষ।

ভারতীয়  টিভিতে গণজমায়েতের খবর– 

(১) গোমূত্র এই মহামারীর মহৌষধ, এই ঘোষণায় বিখ্যাত যোগগুরু বাবা রামদেব সহ বেশ কিছু গো-ভক্ত গোমূত্র খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে রয়েছেন, এতে হাসপাতাল ও ডাক্তার নার্সদের ওপর অনাবশ্যক চাপ বেড়েছে। 

(২) বিজেপি বিশাল গণজমায়েত করে গরুর মাথায় ফুল-সিঁদুর লাগিয়ে মহা ধুমধামে গো-পূজা ও গোমূত্র পানের অনুষ্ঠান করেছে। 

(৩) টিভি ক্যামেরার সামনে পুলিশ ও জনতা গোমূত্র খেয়েছে ও মাথায় মেখেছে। 

(৪) করোনার কুশপুতুল তৈরি করে আগুনে পোড়ালে এ ভাইরাস পুড়ে মরবে, এক পুরুত ঠাকুরের এই ঘোষণায় গণজমায়েতে করোনা-যজ্ঞ হচ্ছিল, পুলিশ ৬ জনকে গ্রেপ্তার করেছে।

(৫) করোনা-মৃত্যুপুরী নিউইয়র্কে সর্বোচ্চ করোনা-আক্রান্ত সমাজের অন্যতম রক্ষণশীল ইহুদী "হাসিডিক" দলের ধর্মগুরুর নির্দেশে ব্রুকলিনে আড়াই হাজার ভক্তের জমায়েতে এক মৃত ধর্মগুরুর শেষকৃত্যের আয়োজন হয়েছে।

এসব গণজমায়েত সমাজকে মারাত্মক গণমৃত্যুর ঝুঁকিতে ফেলেছে। এবারে আমাদের কিছু আলেমের এমনই কিছু আত্মঘাতী ফতোয়া দেখা যাক। 

ক. "দুনিয়ায় ছোঁয়াচে রোগ বলে কিছু নেই, আল্লাহ কোনোই "ছোঁয়াচে রোগ"সৃষ্টি করেন নি" – ওয়াজ মাহফিলে উট সংশ্লিষ্ট কিছু হাদিসের ভিত্তিতে (সহি মুসলিম হাদিস ৫৫০৮, ৫৫০৯ ও ৫৫১০ ইত্যাদি) এ দাবি করেছেন কিছু আলেম । এইসব উদ্ভট ও বিজ্ঞান-বিরোধী দাবি ইসলামকে হাস্যকর করে তোলে। সেই দাবি অবশ্য অনেকেই অন্যান্য সূত্র-ব্যাখ্যা দিয়ে নাকচও করেছেন। কিন্তু প্রথম ওয়াজে উপস্থিত আমাদের অর্ধ শিক্ষিত বা অশিক্ষিত ধর্মপ্রাণ গ্রামবাসীদের কাছে নাকচ করা ব্যাখ্যাটা পৌঁছেছে কি? তাছাড়া রসূল (স) তো বলেছেন, কুষ্ঠ রোগী থেকে দূরে থাকো যেভাবে তুমি বাঘ (অন্য রেওয়ায়েতে সিংহ) থেকে দূরে থাকো! "স্পর্শ" বা "ছোঁয়া" শব্দ দিয়ে ছোঁয়াচে রোগের উল্লেখ তো কোরানেই আছে, রোগীর নামও আছে, সামেরী। (সূরা তোয়াহা আয়াত ৮৫, ৮৭ ও ৯৭।) 

তাহলে? 

খ. দিল্লিতে বহু হাজার মুসল্লীর জামাতে মওলানা সা'দ (তবলীগ জামাত-প্রধান) ঘোষণা দিয়েছেন: "হ্যাঁ, ভাইরাস আছে কিন্তু আমাকে রক্ষা করার জন্য আমার সঙ্গে ৭০ হাজার ফেরেশতাও আছে। করোনাভাইরাস সতর্কতা (২ মিটারের সঙ্গ-নিরোধ) মুসলিম থেকে মুসলিমদের দূরে রাখার ষড়যন্ত্র"। বিশ্বজুড়ে যার লাখ লাখ ভক্ত আছে তার মুখে এমন ভয়াবহ ফতোয়ার ফলাফল ভাবলে আঁতকে উঠতে হয়। তার বিরুদ্ধে মামলা করে পুলিশ তাঁকে খুঁজে বেড়াচ্ছে, তিনি কোনো গোপন জায়গায় আছেন।

গ. ফয়সালাবাদের মাওলানা সুহাইব ঘোষণা করেছিলেন এ ভাইরাস মুসলিমদেরকে ছুঁতেও পারবেনা, তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। অন্যান্য জায়গাতেও এমন দাবিদার কিছু আলেম আক্রান্ত হয়েছেন, অথচ আমাদের কিছু আলেম জোরগলায় এই একই ঘোষণা দিয়েছেন এবং তাদের অনেক ভক্ত আছে। এটা সরকারের সঙ্গ-নিরোধ নির্দেশের লঙ্ঘন কিন্তু সরকার নিশ্চুপ। 

ঘ. মালয়েশিয়ায় তাবলীগ জামাত থেকেই করোনাভাইরাস ছড়িয়ে পড়ে বলে সেখানকার সংবাদমাধ্যমগুলোর খবরে জানা গেছে।

এছাড়া আছে ফতোয়া ছাড়াই গণজমায়েত – 

(ক) করোনা ভাইরাস প্রতিরোধে 'আল্লাহর কাছে ক্ষমা চেয়ে' লক্ষ্মীপুরের রায়পুরে লক্ষাধিক মুসল্লির উপস্থিতিতে খতমে শেফা এবং 

(খ) ব্রাহ্মণবাড়িয়ার মাওলানা জুবায়ের আহমদ আনসারীর জানাজায় "প্রায় লাখো" লোক। সংবাদ শিরোনাম ছিল – "এক জানাজা আজ হাজার লক্ষ জানাজার কারণ হয়ে দাড়াঁচ্ছে না তো"? কপাল ভালো যে তারপর ১৪ দিনের বেশী কেটে গেছে কোনো সংক্রমণের খবর পাওয়া যায়নি। কিন্তু এর ফলে গণমৃত্যুর ভয়ংকর বিস্ফোরণ হতে পারত। স্মর্তব্য, গণ-জানাজা কোনো আবশ্যিক ফরজ নয়, একজন বা কয়েকজন জানাজা পড়লেও এই ফরজে কেফায়া (সমাজের সামষ্টিক কর্তব্য) আদায় হয়ে যায়। আলেমরা এ ব্যাপারে গণসচেতনতা সৃষ্টি করলে ভালো হয়, নতুবা গণমৃত্যুর এমন ঝুঁকি আবারও ঘটতে পারে। 

ধর্মবিশ্বাস সংশ্লিষ্ট এই বিপজ্জনক ঘটনাগুলো দুর্ঘটনা নয়। দুর্ঘটনা বলে কিছু নেই, যা ঘটেছে তা কার্য্য-কারণের অমোঘ সমীকরণে এজন্যেই ঘটেছে যে ওটা ছাড়া আর কিছুই ঘটতে পারতনা। কোনো ধর্মের কেতাবই সেই ধর্মের অপব্যবহার রোধ করতে পারেনা। ওটা পারেন শুধু ধর্মনেতারা, ধর্মের মানবাধিকার-বান্ধব ও বাস্তব-বান্ধব ব্যাখ্যা দিয়ে। 

আমাদের আলেমদের কাছ থেকে ইসলামের বাস্তব-বান্ধব ও মানবাধিকার বান্ধব ব্যাখ্যা আশা করি। অতীত আলেমরা কি বলেছেন সেটা গুরুত্বপূর্ণ। তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো বর্তমান আলেমরা ইসলামের যে ব্যাখ্যা দিচ্ছেন তাতে আমাদের কি উপকার বা অপকার হল। একটা ওষুধ আবিষ্কারের পেছনে হাজারো বিজ্ঞানীর শত বছরের পরিশ্রম ও মেধা থাকতে পারে, কিন্তু সেটা খেয়ে যদি অসুখটাই না সারে কিংবা আরো বেড়ে যায় তাহলে আর লাভ কী হল? এখানেই ইজতিহাদের গুরুত্ব – এখানেই গাছের পরিচয় তার ফলে। সেখানে আমাদের আর যেন হতাশ হতে না হয়।

শুরুতে কোরান-রসূলের (স) যে দুটো কষ্টিপাথরের উল্লেখ করেছি, এই ঝঞ্ঝাসংকুল ভয়ংকর সময়ে এবং সর্বদা সেটাই হোক আমাদের পথ দেখানো বাতিঘর।