নির্মমতার দিনে মৃত্যু
এরচেয়ে তোমার নির্মমতার দিনে
আমাকে ছেড়ে চলে যাবার দিনে
আত্মহত্যা করা ভালো ছিল!
কাপুরুষ ভেবেও কেউ কেউ আসতো শেষযাত্রায়!
প্রার্থণা করতো কেউ কেউ জানাজায়!
তোমাকে না পাওয়ার বেদনা নিয়ে আজ যদি চলে যাই না ফেরার দেশে
কেউ আসবে না শেষযাত্রা কিংবা জানাজায়।
তোমাকে হারানোর পর এই প্রথম মরে যেতে ইচ্ছে হলো না আমার!
করোনাভাইরাস কালের কবিতা
সবকিছু বদলে দেবে করোনাভাইরাস? মানবতার শেষ রেশটুকুও মুছে যাবে মানুষের অন্তর থেকে? 'মানুষ মানুষের জন্য'- এই অমৃত বাণী ভুলে যাব আমরা? শুধু নিজে বাঁচার জন্য মানুষের প্রতি ন্যূনতম ভালোবাসাটাও আর অবশিষ্ট থাকবে না? নিচের সংবাদগুলো খেয়াল করুন:
এক. বাবার মৃত্যু হলে তার মৃত্যুর সনদ নিয়ে মৃতদেহ হাসপাতালে ফেলেই চলে এসেছে সন্তানরা। মৃত্যুর সনদ তুলে এনেছে ছেলেমেয়েরা, বাবার পেনশনের টাকা তোলার জন্য!
দুই. মা করোনাভাইরাসে আক্রান্ত হলে শেরপুরের নালিতাবাড়ি যাবার পথে সখিপুরের জঙ্গলে অসুস্থ মাকে ফেলে আসে মেয়ের জামাইসহ অন্যরা। সারারাত সেই মায়ের আর্ত চিৎকার পথের কুকুর আর গাছের পাখি ছাড়া আর কেউ শোনেনি! এলাকাবাসী ও পথচারীরা খবর দিলে পরদিন তাকে উদ্ধার করে পুলিশ।
তিন. করোনাভাইরাস আক্রান্ত না হয়েও পাঁচ হাসপাতাল ঘুরে চিকিৎসা না পেয়ে মারা গেছেন জসিম নামের এক প্রকৌশলী। পারিবারিক সূত্র জানায়, তার বংশগত হাপানি ও অ্যাজমা রোগ ছিল। সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ পাঁচ হাসপাতালে চিকিৎসার জন্য ঘুরেছিলেন তিনি। শরীরের ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে দুপুর একটায় ভর্তি হয়েছিলেন এনাম মেডিকাল কলেজ হাসপাতালে। মৃত জসিমের আত্মীয়স্বজন অভিযোগ করেছেন করোনাভাইরাস সন্দেহে চিকিৎসা না দিয়ে জোর করে (আনসার ডেকে) এনাম মেডিকাল থেকে বের করে দেয়া হয়েছিল! জসিম সাহেবের মৃত্যুর পর তার বাড়ি ও প্রতিবেশী এক বাড়ি লকডাউনের ব্যবস্থা করে প্রশাসন!
চার. বিভিন্ন হাসপাতালে ঘুরে কোথাও চিকিৎসা না পেয়ে মারা গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমন চাকমা। সুমনের ভাই রিব্যাঙ জানিয়েছেন সুমন দীর্ঘদিন ধরে ফুসফুসের সমস্যায় ভুগছিল। ভারতেও সে চিকিৎসা নিতে গিয়েছিল। দেশে ফিরে আবারও ফুসফুসের সমস্যা দেখা দিলে কোথাও চিকিৎসা না পেয়ে খাগড়াছড়ির আগাশিলং পাড়ার নিজ বাসায় তার মৃত্যু হয়।
পাঁচ. পটুয়াখালির রাঙ্গাবালিতে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে এক মানসিক ভারসাম্যহীন নারীকে খোলা রাস্তায় ফেলে যায় স্বজনরা। স্বামী পরিত্যক্তা রেনিসা বেগম মালা সারারাত এবং পরদিন সকাল পর্যন্ত কাটান খোলা আকাশের নীচে! পরে রাঙ্গাবালির উপজেলা কর্মকর্তা এবং ওসি মালাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা ও খাবার-দাবারের ব্যবস্থা করে তার স্বজনদের কাছে ফেরত পাঠান।
ছয়. মিনারা বেগম নামের এক নারী রক্তচাপ মাপতে গিয়েছিলেন বাড়ির পাশের এক ফার্মেসিতে। ফার্মেসিতে ঢোকার আগেই মাথা ঘুরে পড়ে যান। এরপর মুখ থেকে ফেনা বের হতে থাকে এবং তিনি ঘটনাস্থলেই মারা যান। মিনারা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সন্দেহে ফার্মেসির লোকজন ফার্মেসি বন্ধ করে চলে যায়। সারারাত মিনারা বেগমের মৃতদেহ ফার্মেসির সামনেই পড়ে ছিল। গাজীপুরের টঙ্গির আউচপাড়ায় এই ঘটনা ঘটে। পরদিন সকালে মিনারা বেগমের মৃতদেহ সৎকার করে প্রশাসন।
সাত. সাদেক আলী নামে এক বালু শ্রমিককে রাজশাহীর বারিন্দ হাসপাতালের সামনে ফেলে যায় তার সহকর্মীরা। গভীর রাতে বালুবাহী ট্রাকে সাদেক আলী অচেতন হয়ে পড়েছিলেন। তাকে হাসপাতালের সামনে ফেলে যাবার পর সারারাত মৃতদেহ সেখানেই পড়ে ছিল এবং সকালে সাদেকের মৃতদেহ দেখে মানুষের মনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ পরে সাদেকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
আট. সংগীত ভালোবেসে গানময় জীবন বেছে নিয়েছিলেন নারায়ণগঞ্জের হিরো। বেইজ গীটার বাজাতেন তিনি। চর্মরোগে ভুগছিলেন। এরপর জ্বর-সর্দি-কাশি নিয়ে চিকিৎসা নিতে গেলে জানতে পারেন তার ফুসফুসে পানি জমেছে। শরীর আরো খারাপ হলে হিরোর জন্য অ্যাম্বুলেন্স ডাকা হয় ঢাকা মেডিকালে নিয়ে যাবার জন্য। করোনাভাইরাস রোগী সন্দেহে অ্যাম্বুলেন্স চালক ও হেলপার হিরোকে না নিয়েই পালিয়ে যায়। এরপর হিরোর মৃত্যু হলে তার মৃতদেহ বাড়ির বাইরে রাখা হয় এবং সারারাত সেখানেই পড়ে থাকে! হিরোর শরীর থেকে নমুনা সংগ্রহের জন্য তার মৃতদেহ আরও ১২ ঘণ্টা ফেলে রাখা হয়!
তাহলে কী দাঁড়ালো ব্যাপারটা? করোনাভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যু হলে তার জানাজাও পড়বে না ছেলে মেয়ে কিংবা নিকটাত্মীয়রা? করোনাভাইরাসে মৃতদের সৎকারের জন্য শুধু থাকবে পুলিশ, প্রশাসন ও আঞ্জুমানে মফিদুল ইসলাম? যে বাড়িতে বিদেশ ফেরত মানুষ আছেন সেই বাড়িতে লাল পতাকা টানিয়ে দেয়া, আক্রান্ত জেলা যেমন নারায়ণগঞ্জ, গাজীপুর আর ঢাকা থেকে কেউ এলে তাকে বাসায় তো দূরে থাক, মহল্লাতে ঢুকতে না দেয়া, ডাক্তার নার্সদের বাড়িতে না থাকার জন্য বাড়িওয়ালাদের নির্দেশ– এসব না হয় পুরোনো ঘটনা! তবু বিপরীত ঘটনা হয়তো আছে কিন্তু সংখ্যায় সেসব কত? কতটা মানবিক আমাদের দেশ বা পৃথিবী?
এক. মৃতদেহ দাফনের জন্য খাটিয়া দেয়নি নিকটস্থ মসজিদের কেউ। দুই ছেলে ও বাবা এরপর মৃতদেহ বয়ে নিয়ে দাফন করতে যান এবং এই ছবি ভাইরাল হয়। সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের বক্তারপুর গ্রামের এক ইটভাটা শ্রমিক জ্বর, গলাব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে মারা যান। তার মরদেহ দাফনের জন্য গ্রামের মসজিদের খাটিয়া নিতে বাধা দেয় গ্রামবাসী। বাধ্য হয়ে মৃতের বাবা ও দুই ভাই মৃতদেহ নিজেদের কাঁধে বয়ে নিয়ে যান এবং দাফনের ব্যবস্থা করেন। কবি আবুল হাসান বেঁচে থাকলে আরেকটি 'পৃথক পালঙ্ক' লিখে ফেলতেন। মরার পরের 'পৃথক পালঙ্ক' না পেলেও বাবা ও ভাইয়ের 'মানবিক কাঁধ' ছিল মৃত মানুষটির জন্য। এমন মানবিক গল্পে ভরে উঠুক দেশ!
দুই. ঢাকার মিরপুরের আহমেদনগর পাইকপাড়া এলাকার বাসিন্দা দুই ছেলে সকাল থেকে মৃত মাকে নিয়ে বসেছিলেন। ছেলেরা জানান তাদের মা জয়গুন নেসা (৮৫) কিডনিজনিত সমস্যায় ভোর রাতে মারা যান এবং করোনাভাইরাসের কোনো উপসর্গই তার শরীরে ছিল না। কিন্তু মায়ের দাফন কাফনের জন্য এগিয়ে আসেননি কোনো পাড়া প্রতিবেশি কিংবা আত্মীয়স্বজন। এমন কী পুলিশকে অনুরোধ করার পর পুলিশ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে জানালেও কোনো সংগঠন সারাদিন যায়নি জয়গুন নেসার ছেলেদের কাছে। স্থানীয়দের দাবি ছিল ঐ বৃদ্ধা এবং তাদের ছেলেরা করোনাভাইরাসের ঝুকিতে আছেন। পরে ছেলেরাই পুলিশের সহযোগিতায় মার মরদেহ দাফন করেন!
তিন. করোনাভাইরাসের ভয়ে মৃত ব্যক্তির জানাজায় যখন ছেলেমেয়ে বা কোনো আত্মীয় স্বজন আসেনি, জানাজা পড়াতে রাজি হননি কোনো মসজিদের ইমাম তখন ঝিনাইদহ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল অনুযায়ী নিজ কাঁধে খাটিয়া তুলে সহকর্মীদের সাথে নিয়ে জানাজা পড়িয়েছেন। মানবিকতার এই গল্প শোনার পরে চোখের জলে একটা শব্দই মনে আসে- স্যালুট!
হয়তো এমন গল্প অনেক আছে। বাবা ছেলেকে কোলে করে নিয়ে গেছেন ডাক্তারের কাছে যখন কেউ তাদের নিতে চায়নি। কেউ খেটে খাওয়া মানুষকে খাবার দিয়েছেন। কেউ দিয়েছেন পিপিই বা মাস্ক। কেউ রাস্তার কুকুর ও বেড়ালদের খাবার দিয়েছেন। প্রাণের মায়া ত্যাগ করে চিকিৎসা দিচ্ছেন চিকিৎসকরা। হয়তো এমনই হবার কথা ছিল আমাদের কাঙ্খিত মানবিক পৃথিবী। কিন্তু সেই পৃথিবীতে বাবা বা মায়ের মৃতদেহ ফেলে পালাচ্ছে সন্তান। কবর দিতে বা মরদেহ বহনের খাটিয়া দিতে বাধা দিচ্ছে কেউ। কেউ আসছে না মরদেহর পাশে, কেউবা পালাচ্ছে। যখন জানাজায় যাচ্ছে না কেউ, কেউ যাচ্ছে না জানাজা পড়াতে, তখন মসজিদ বা কারো কারো জানাজায় ভীড় করছে হাজারো মানুষ! আর পেটের দায়ে নেমে আসছে কেউ কেউ রাস্তায়! কেউ কেউ তাদের কান ধরাচ্ছে বা লাঠিপেটা করছে! করোনা কালের এই বাস্তবতা নিয়ে বেঁচে থাকার চেষ্টা করছি আমরা।
যে যাই বলুক, যেকোনো ভাবেই হোক, বেঁচে থাকাটাই আসল। করোনানির্ভর ভয়ের সংস্কৃতি কি দমিয়ে রাখবে সবাইকে? নাকি মানুষের মিলনই মৌলিক? যতদিন যাক, যতদূরেই থাকুক মানুষ, দিন ফিরবেই? ক্রমশঃ বড় হবে মানবিক গল্পের পৃথিবী? বিজ্ঞানমনষ্ক মানুষের মানবিকতাই বদলে দিতে পারে পৃথিবী। নিউট্রন বোমা আর পারমাণবিক মিসাইলের চেয়ে করোনাভাইরাসের প্রতিষেধক আবিষ্কারের গবেষণাই কাঙ্খিত এখন।
দুঃসময় থেকে সুসময়ে, মানুষ পৌঁছে দেবে মানুষকে!
