জাপানের করোনাভাইরাস কি ভিন্ন!
সবাই হয়তো জানেন, উচ্চ প্রযুক্তি ও মানসম্পন্ন যন্ত্রপাতি তথা মেডিকেল সামগ্রীর জন্য দুনিয়াজোড়া খ্যাতি আছে জাপানের। এদেশের জনগণ বিশ্বের সবচেয়ে সভ্যদের মধ্যে অন্যতম। করোনাভাইরাস থেকে বাঁচতে বিশেষজ্ঞরা যেখানে বারবার হাত ধোয়া, নিজেকে পরিষ্কার-পরিছন্ন রাখা, ফেস মাস্ক ব্যবহার এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে বলছেন, সেখানে এদেশের জনগনের জীবন যাপনের অংশই এগুলো| তারপরও এ দেশটা হিমশিম খাচ্ছে এ মহামারি মোকাবেলা করতে।
জানুয়ারির শুরুতে জাপান ছিল ভাইরাসে আক্রান্ত লোক সংখ্যায় দেশ হিসেবে দ্বিতীয়। শুরু থেকেই জাপান সরকার বিষয়টা নিয়ে অনেক সিরিয়াস ছিল। জনগণকে গণজমায়েত হওয়া থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়ার পর সবাই এগিয়ে আসে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের সভা-সেমিনার বন্ধ করে দেয়।
প্রায় সব ভবন ও গণপরিবহনের প্রবেশ মুখে হাত জীবাণুমুক্ত করার জন্য হ্যান্ড স্যানিটাইজার রেখে দেয়, যাতে যে কেউ প্রবেশ করার আগে নিজেকে জীবাণুমুক্ত করতে পারে। খাবার হোটেলে বসে খাবার না খেয়ে বাসায় গিয়ে খাওয়ার জন্য অধিকাংশ হোটেল নির্দেশনা দেয়।
সুপারশপগুলো জিনিসপত্র বহনের ঝুড়ি ও ট্রলিগুলো একবার ব্যবহার এর পর জীবাণুমুক্ত করে। এসব কিছু কোনরকম বাধ্যবাধকতা না থাকলেও সবাই তা অনুসরণ করে। চিকিৎসার সাথে সম্পৃক্ত সবাই এবং বিশেষজ্ঞরা ভাইরাস সংক্রমণ এর উৎস খোঁজা ও এর প্রতিকার করছেন সফলভাবে। সরকারের দিকনির্দেশনা ও জনগণ এর সচেতনতা এর ফলাফল এখন দৃশ্যমান।
ভাইরাসে আক্রান্তের দিক থেকে যে দেশ এক সময় দ্বিতীয় ছিল সেই দেশ এখন প্রায় ত্রিশ তম বা তার চেয়েও পিছিয়ে। উন্নত দেশগুলোতে যেন পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা, সে হিসেবে জাপানকে সফলই বলা যায়। এদেশের প্রায় সব ল্যাবই আগের মত কর্মমূখর, কারণ এরা বিশ্বাস করে ল্যাবে এ এরা যেমন সর্বোচ্চ ভাল কিছু করার চেষ্টা করছে, তেমনি সরকার ও চিকিৎসার সাথে সম্পৃক্ত সবাই জবাবদিহিতামূলক সর্বোচ্চ চেষ্টা করছে তাদের ভাল রাখতে। এখন পর্যন্ত তৃতীয় বিশ্বের অধিকাংশ দেশগুলোয় করোনাভাইরাস মহামারী আকারে না ছড়ালেও যেহেতু ভাইরাস দেশ, জাতি, ধর্ম চেনে না সেক্ষেত্রে উন্নত চিকিৎসা ও জীবন ব্যবস্থা না থাকলেও জাপানকে অনুসরণ করে অন্তত আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণে রাখতে পারে। জানি না জাপান সরকার ও জনগণ এভাবে সামনের দিনগুলো পার করতে পারে কিনা, তবে আমার বিশ্বাস এরা পারবে এবং অন্য দেশগুলোর জন্য উদাহরণ সৃষ্টি করবে ।
ভাইরাস এর প্রাদুর্ভাব যখন বাড়ছিল জাপানের মানুষজনও ফেস মাস্ক, হ্যান্ড স্যানিটাইজারসহ কিছুকিছু জিনিস মজুদ করে রাখছিল যা শুধু কয়েকদিন এর জন্য। প্রথমদিকে ফেস মাস্ক বাজারে খুব বেশি দেখা না গেলেও নিত্য প্রয়োজনীয় সব জিনিসের কোনও সংকট দেখা যায়নি। লক্ষ্যণীয় বিষয় হচ্ছে বাজারে মাস্ক কিছু কম থাকলেও দাম একই। কিন্তু কেউ একাধিক বাক্স কিনছেন না অন্যকে সুযোগ দেওয়ার জন্য। পক্ষান্তরে আমাদের দেশের অনেক লোক এখনও জানেই না এই মরণঘ্যাতি ভাইরাস কতটা ভয়াবহ। কিভাবে মোকাবেলা করতে হবে মানব ইতিহাসের এই মহাসংকটকে। না বুঝেই যেন প্রয়োজনীয় জিনিস মজুদের এবং হাসি তামাশার এক মহাউৎসবে পরিণত করছে দেশটাকে। যেটাকে পুঁজি করে অনেক ব্যবসায়ী সব জিনিসের দাম কয়েকগুণ বৃদ্ধি করে দিয়েছেন। সত্যিকারের কথা হল দেশ ও দেশের মানুষকে কেউ যদি মন থেকে ভালবাসে, ধর্মীয় অনুভূতি এবং মনুষ্যত্বও থাকে তাহলে এমনটা হওয়ার কথা নয়।
আমরা বাঙালিরা বিপদে না পরলে শিক্ষা নেই না, যার বাস্তব প্রমাণ হল এই ভাইরাস দেখা দেওয়ার পর যথেষ্ট সময় পেলেও আমরা শুধু তাকিয়ে দেখেছি অনেক দেশের অসহায় এর মত এর বিরুদ্ধে প্রতিরোধ। বরং কারণ খোঁজার চেষ্টা করেছি এইটা কি আল্লাহ্ প্রদত্ত কোন দেশের জন্য বিশেষ 'বালা' বা মুসিবৎ কিনা । ভাবনাহীন ছিলাম এবং যথাযথ প্রস্তুতিও নেই নাই, যার ফলাফল এখন আমরা দেখছি সুরক্ষা জিনিসের অভাবসহ ভাইরাস মোকাবেলার অজ্ঞতা। ভয় হয় বিভিন্ন গবেষণায় এক্সপোনেন্সিয়াল গ্রোথ অনুসারে ভাইরাস সংক্রমণের যে কথা বলা হচ্ছে, তা যদি সত্য হয় তাহলে করোনাভাইরাস করুণা করবে না এটাই সত্য।
করোনাভাইরাস বর্তমান বিশ্বে মানব সভ্যতার দেখা অন্যতম এক শত্রুর নাম। এ লেখা টাইপ করা পর্যন্ত সারা বিশ্বে প্রায় ২০ হাজার মানুষ মারা গেছেন এ শত্রুর কাছে পরাজিত হয়ে। উন্নত বিশ্ব তাদের মানসম্পন্ন চিকিৎসা সুবিধা, আধুনিক জীবনরক্ষাকারী সরঞ্জাম ও দক্ষ চিকিৎসক নিয়ে মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিয়েও অনেকটা অসহায় বলে মনে হচ্ছে। এ মহামারী তথা বিপর্যয়ে প্রায় শতকরা পাঁচ ভাগ মানুষ মারাত্নক স্বাস্থ্য ঝুঁকিতে পড়লেও আমার বিশ্বাস পৃথিবী এটা মোকাবেলা করবে দৃঢ়ভাবে এবং এ থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে এর চেয়েও ভয়াবহ বিপদ রুখে দিবে।
