মাশরাফি: ভেতরে তার ফিরে আসার অদম্য রোদ্দুর জমা
তবুও তো ফিরে আসি জীবনে আবার
যেভাবে ফিরে আসে বদলে যাওয়া বাতাসের বেগ
বিনাশী আবেগ!
কিংবা ক্ষয়ে যাওয়া অভিমানি ঢেউ
যতটুকু জল টেনে নেয় ভাটা তার সবটুকু ফেরে না জোয়ারে
সেকথা বলেনা কেউ!
তার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ ছিল তিনি 'আনফিট' হয়েও ক্যাপ্টেন্সির কারণে দলে আছেন। কয়েকবার তো দু'চারজন ধারাভাষ্যকর অত্যুৎসাহে এটা বলতেও ছাড়েননি মাশরাফি একজন 'নন প্লেয়িং ক্যাপ্টেন'।
অভিযোগ যারা করেছিল তারা পনের বছর আগেই সেটা করতে পারতো। কারণ বিনাশী আবেগ নিয়ে পনের বছর ধরেই 'আনফিট' ছিলেন তিনি। এই আনফিট মানুষটিই বাংলাদেশের ক্রিকেটকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। এই বাংলার অন্তত দুই প্রজন্মের যুবক ও কিশোরদের তিনি দেখিয়ে গেছেন কীভাবে ফিরে আসতে হয়। বিশ বছর পর ফিরে আসা গল্পের 'রিপ ভ্যান উইংকেলের' মতো তিনি বার বার ফিরে আসবেন আমাদের ক্রিকেটে। ক্যাপ্টেনে বিদায় বেলায় তাই স্মরণ করিয়ে দেয়া যায় আরেক মুক্তিযোদ্ধা গায়কের (আজম খান) সেই প্রিয় গান- এই বিদায় বেলায় কেউ কেঁদো না। এই বিদায় বেলায় পিছু ডেকো না!
অনেকে এখানেই শেষ দেখছেন। ক্যাপ্টেন হিসেবে বিদায় নেওয়াকে তারা খেলোয়াড় মাশরাফির মাঠের ক্রিকেটকে বিদায় জানানো বলেই ভাবছেন। কেন মাশরাফি একেবারে অবসর নিলেন না ওয়ান ডে ক্রিকেট থেকেই? উত্তরটা সম্ভবত এরকম- ভাই, খালি ক্যাপ্টেন্সির জোরে খেলি না। বোলিং এর জোরেই আবার ফিরে আসবো। বিকল্প কে বলতে পারেন?
মাশরাফি প্রমাণ করার ছেলে। 'মব জাস্টিস'-কে পাত্তা দেওয়ার নয়।
বাংলাদেশ ক্রিকেট দলের তিন শ্রেণির ক্রিকেটে (টেস্ট,টি-টোয়েন্টি ও ওয়ান ডে) মাশরাফি বিন মুর্তজা ওরফে কৌশিক নেতৃত্ব দিয়েছেন। 'নড়াইল এক্সপ্রেস' খ্যাত এই মানুষটি পরাজয়ের বৃত্তে ঘুরপাক খেতে থাকা বাংলাদেশকে টেনে তুলে দিতে পেরেছিলেন জয়ের এক্সপ্রেসে। পরিসংখ্যান এর খেলা ক্রিকেট। পরিসংখ্যান বলছে, বিদায় নিচ্ছেন অধিনায়ক হিসেবে বিদায় নিচ্ছেন বাংলাদেশের সফলতম ব্যক্তিটি। বাংলাদেশের জন্য সবচেয়ে প্রয়োজনীয় চোখ ধাঁধাঁনো বোলার এবং অসাধারণ ব্যাটসম্যানরা হয়তো দলে আসবেন কিন্তু বিনাশী আবেগ নিয়ে দশবার অস্ত্রোপচার করা পায়ের জমে থাকা জল ইনজেকশন দিয়ে বের করে এনে ব্যান্ডেজ বাঁধার পর সামান্য খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে এসে দলের সামনে বুক চিতিয়ে কেউ আর বলবেন না- 'চল ধইরে দিয়ে আসি!'
আগামী একবছরে টি-টোয়েন্টি বিশ্বকাপের কারণে বাংলাদেশের ওয়ান ডে খেলা নেই। বিতর্কিতভাবে মাশরাফিকে আগেই জোর খাটিয়ে বাদ দেওয়া হয়েছিল টি-টোয়েন্টি ক্রিকেট থেকে। ওয়ান ডে-র সাথে টি-টোয়েন্টির পরিসংখ্যানটি তুলনা করে দেখুন। নেতা মাশরাফির গ্যাপটা পরিষ্কার হয়ে যাবে।
অনেকেরই আশঙ্কা- বোর্ড হয়তো মাশরাফিকে আর বোলার হিসেবে ফিরতে দেবে না। কিংবা খেলোয়াড় হিসেবেও হয়তো মাশরাফি ফিরতে পারবেন না।আউট করার পর শূন্যে লাফিয়ে উঠে বুকে বুক লাগানোর সেই শৈল্পিক দৃশ্য হয়তো আর সেভাবে ফিরে আসবে না। তবে ফিরে আসবে সেই পুরোনো দৃশ্য। কলিং বেল এর শব্দে দরোজা খুলে দেবার পর সেই মা দেখবেন 'মনজুরুল ইসলাম রানা' হয়ে তার কাছে ফিরে এসেছেন মাশরাফি। হয়তো সেই মা কান্না লুকোবেন আর মাশরাফির মনে পড়বে সেই গান- সেদিন অশ্রু তুমি রেখ গোপন করে। রুপালি ব্যাট আর সোনালি বল ফেলে মাশরাফি চলে যাবেন মাঠ থেকে খানিক দূরে। হয়তো মানুষের মধ্যমনি হয়ে, তার সংসদীয় এলাকায়।
তবে আমার বিশ্বাস মাশরাফি ফিরে আসবেন বোলার হিসেবেই। পুরানের ফিনিক্স পাখি কেবলই মিথ, তবু মানুষ তো মিথ নিয়েই বেঁচে থাকে।
হয়তো সমালোচনা তার পিছু ছাড়বে না। পরাজয়ের বৃত্ত থেকে ফিরিয়ে আনা বাংলাদেশকে জয়ের ধারায় ফিরিয়ে তিনি নায়ক থেকে মহানায়ক হয়েছিলেন। যে জিম্বাবুইয়ের কাছে বাংলাদেশের পরাজয় অভ্যাসে পরিণত হয়েছিল,বাংলাদেশ দলের অধিনায়ক হবার পর সেই জিম্বাবুইয়েকে ৫-০ তে বাংলাওয়াশ করতে পেরেছিল টাইগাররা। মাশরাফির নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ,পাকিস্তান আর নিউজিল্যান্ডকেও বাংলাওয়াশ করেছে তারা। ভারত, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা কিংবা ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারে বাংলাদেশ এটা দেশবাসী দেখেছিল মাশরাফির হাত ধরে। পরাজয়ে নিয়মিত এমন একটা দলকে ফিনিক্স পাখির মত ভস্ম থেকে তুলে এনে জয়ের ধারায় ফিরিয়েছিলেন, শিখিয়েছিলেন জীবন কাউকে অপরিহার্য করে না,দলের জন্য কেউ চির নিয়মিত নয়। তামিম ইকবাল এবং সাকিব আল হাসান দলে না থাকলেও দল জিততে পারে এবং মাশরাফি সেটা করে দেখিয়েছেন।
কিন্তু রাজনীতিতে নামার পর হয়তো বাংলাদেশের মানুষের ভালোবাসা বিভাজিত হয়েছিল। রাজনীতি থেকে দূরে থাকা মানেই ভালোবাসা অটুট থাকা নয়। যে চিকিৎসক ঠিকমতো হাসপাতালে থাকেন না তার সমালোচনা করা হয়তো অযৌক্তিক নয়। তবু তার রাজনৈতিক কার্যক্রম ভাইরাল আর দলে কেন যেন বিবর্ণ হতে চলেছিল তার পারফরম্যান্স। সমালোচনার পাথর চেপে বসেছিল তার বুকে। ২০১৯ এর বিশ্বকাপে মাশরাফির ( বিশেষ করে নিউজিল্যান্ডের সাথে খেলায় পরাজয়ের পর) সমালোচনায় বলা হয়েছিল- বাংলাদেশ টিমে এখন দশজন খেলোয়াড় ও একজন ক্যাপ্টেন! কেউ কেউ বলেছিলেন-এমপি মাশরাফিকে না, ক্যাপ্টেন মাশরাফিকে চাই। দুই একজন অবশ্য দশ ওভার বল করতে না পারা,দুই ম্যাচে কোন উইকেট না পাওয়া এবং শূন্যরান করা বা 'ডাক' মারা নিয়েও সমালোচনা করেছেন।
যারা মাশরাফিকে আনফিট বলেছিলেন, যারা রাজনীতিতে নামার কারণে তার সমালোচনা করে আসছিলেন (বাংলাদেশের আরেক নামী ক্রিকেটার মোহাম্মাদ আশরাফুল এর বিশ্বাস রাজনীতিতে না নামলে মাশরাফিকে এত সমালোচনা সহ্য করতে হতো না। কিন্তু ক্রিকেটের হাত ধরে ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পেরেছেন, মোহাম্মাদ আজাহারউদ্দিনের মতো আরও অনেকে রাজনীতিতে জড়িয়ে সফলও হয়েছেন) তারা মনে রাখেননি যে আবেগকে পুঁজি করে যিনি ঘুরে দাঁড়াতে শেখান খেলোয়াড়দের, তার নাম মাশরাফি বিন মর্তুজা। যিনি হৃদয় দিয়ে ক্রিকেট খেলেন। ঘুম থেকে জেগে এখনও পা ফেলতে পারেন না কিছুক্ষণ। হাঁটু বাঁকাতে হয়, কৌশল আর কসরত করতে হয় ঠিক মত পা ফেলার জন্য। খেলা থেকে ফিরে প্রতিদিন পা থেকে ফেলে দিতে হয় বিষাক্ত রস। হাঁটুতে অপারেশন হয়েছে সাতবার। মোট অস্ত্রোপচার দশবার। ব্যান্ডেজ বাঁধা থাকে পায়ে। স্থায়ী পঙ্গুত্ব বরণ করতে পারেন জেনেও আবেগ আর দেশের প্রতি ভালোবাসার এক অদম্য টানে জীবন বাজি রাখতে পারেন তিনি। সহ খেলোয়াড়দের শেখাতে পারেন কীভাবে লড়াই করতে হয়। মাশরাফির মত কেউ কখনো খেলায় ফিরতে পেরেছে কিনা ক্রিকেট বিশ্ব জানে না।
অবিশ্বাস্য তার ফেরার গল্প। বুকে আগলে রাখতে পারেন নবীন খেলোয়াড়দের, জড়িয়ে ধরতে পারেন তাদের অবলীলায়, চুলে বিলি কেটে দিতে পারেন। পরম মমতায় বাঁচাতে পারেন পাগল ভক্তদের। মেটাতে পারেন ঝগড়া, জোড়া লাগিয়ে দিতে পারেন কারো কারো সংসার। বাংলাদেশে ক্রিকেট এখন জয়-পরাজয়ের, আনন্দ ও বেদনার এক আবেগীয় ব্যারোমিটার। ক্যাপ্টেন হিসেবে মাশরাফি বিদায় নিলেও ফিরে আসার কারিশমাটা, দলকে জয়ের ধারায় ফেরানোর মন্ত্রটা যেন তিনি দিয়ে যান নবীন ক্রিকেটারদের! পরাজিত হবার বেদনা ভুলে ক্রিকেট বিজয়ের প্রতিটি ক্ষণে নবীন মাশরাফিদের জন্য খুব বেশি প্রয়োজন এই প্রেরণা। বিজয়ের বাঁশি,হৃদয়ের বাঁশি সবাই বাজাতে পারে না।মাশরাফির মত কেউ কেউ পারে!
বিশেষ দ্রষ্টব্য: হেলাল হাফিজের 'প্রত্যাবর্তন' কবিতায় আছে- 'মৌলিক প্রেমিক আর কবি হলে অধিক হারায়…ভালোবাসা যাকে খায় এইভাবে সবটুকু খায়'।
দেশের প্রতি অদম্য ভালোবাসা সবটুকু খেয়েছে ক্রিকেটের কবি মাশরাফির। নিজের পা নিয়ে এমন বিনাশী আবেগ থাকা কী ভালো? মাশরাফি অবলীলায় বলতে পারেন- মুক্তিযুদ্ধের গল্প আমাকে টানে। যারা দেশের জন্য যুদ্ধে শহীদ হয়েছেন সেখানে আমার অবদান 'সামান্যতম'ও না! যারা মহান মুক্তিযুদ্ধে পঙ্গু হয়েছেন তাদের দেখে মনে হতো যদি তারা পারেন দেশের জন্য আমি কেন খুব সামান্যও পারবো না? মাশরাফি বাঙালিকে সাহস আর আবেগের ওপর ভর করে বার বার ফিরে আসা শিখিয়েছেন।মাশরাফির এই ফিরে আসার মন্ত্রটা ভাইরাল হোক! ভুলে যাই কেউ একজন তাকে প্রশ্ন করেছিল আপনি লজ্জিত কিনা? ভুলে যাই মাশরাফির যন্ত্রণামাখা উত্তর- আমি কী চুরি করেছি? ভুলে যাই, মাশরাফির আসনের একটি কেন্দ্রে মাশরাফি ছাড়া অন্য কেউ কেন একটি ভোটও পায় নি।
শুধু যেন মনে রাখি সেই এক মাশরাফি ছিল। বাংলাদেশ আর ক্রিকেটকে সে খুব বেশি ভালোবাসতো। বুকের ভেতরে তার ফিরে আসার অদম্য রোদ্দুর জমা ছিল। ক্রিকেট থেকে সে চলে যাক ক্ষতি নেই, বুকের ভেতরের জমানো রোদ্দুরটা সে যেন ছড়িয়ে দিয়ে যায় নবীনতম খেলোয়াড়দের বুকে…
