চেকবুক নাকি ফেসবুক?
পুরোনো একটা গল্প দিয়ে লেখাটা শুরু করা যাক। দুই বন্ধু গল্প করছে। প্রথম বন্ধু জানতে চাইলো- যার কাছে ছ্যাকা খেয়ে তুই কবি হয়েছিস সে কি তোর বই প্রকাশ হবার খবর রাখে? সে কী তোর লেখা কোন বই পড়েছে? দীর্ঘশ্বাস ছেড়ে কবি বন্ধু বললো- পড়েছে কিনা জানি না। তবে আমি ওকে আমার লেখা একটা বই পাঠিয়েছিলাম। শুনেছি ওর বাচ্চার যখন গরম লাগে তখন নাকি ও আমার বই দিয়ে বাচ্চাকে বাতাস করে।
বই তাহলে শুধু পড়ার জন্য না! বই দিয়ে বাতাস করা যায়, আলমারি সাজানো যায়। ড্রয়িংরুমে বই সাজিয়ে রাখলে নাকি 'স্ট্যাটাস সিম্বল' বাড়ে, মানুষ সাজানো বইয়ের বহর দেখে বাড়ির মানুষদের জ্ঞানী বুদ্ধিজীবী ভাবে। একেবারে প্রান্তিক মানুষদের জন্য হাটবাজারের হোটেলগুলোতে পত্রিকা বা পুরোনো বই এর পাতা কেটে খাবার শেষে সেগুলো দেয়া হয় হাত মোছার জন্য। অনেকেই এটাকে বলে থাকেন 'বাংলা টিস্যু'!
তবুও কাব্য করে বলা হয়- বই নাকি কখনো পুরোনো হয় না। বই নিয়ে জনপ্রিয় একটা প্রবাদ হচ্ছে- বই কিনে কেউ কখনো দেউলিয়া হয় না! তবে ব্যঙ্গ করে কেউ কেউ বলেন- বই প্রকাশ করতে যেয়ে অথবা প্রকাশনা ব্যবসায় নেমে অনেকেই নাকি দেউলিয়া হন। অন্যদিকে জাগৃতি প্রকাশনীর ফয়সাল আরেফিন দীপনের মতো মৃত্যুকে বরণ করে নিতে বাধ্য হন কেউ, শুদ্ধস্বরের আহমেদুর রশীদ টুটুলের মতো প্রাণে বেঁচে যাবার পর কাউকে কাউকে দেশ ছাড়তে হয়। সবকিছু নিয়েই 'বই'এর জগৎ! তবে আগেকার দিন বা 'অ্যানালগ সময়ের' বইয়ের চেয়ে 'ডিজিটাল সময়ের' বইয়ের ধরন বা প্রচার-প্রচারণা অনেকটাই অন্যরকম! যেমন-
এক. ফেসবুকের পরিসংখ্যান বলছে যাদের বই প্রকাশ হয়েছে তারা ফেসবুকের কাভার পিকচারে, স্ট্যাটাস হিসেবে,বন্ধুদের দিয়ে সেসব ফেসবুকে প্রকাশ করছেন (আমিও এই দলে আছি!)। বই যে প্রকাশনী থেকে বের হয়েছে তার নম্বর, মেলায় বই এর স্টলের ছবি এবং অনলাইনে কীভাবে কেনা যাবে সেগুলোও প্রকাশ করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। লেখক বা প্রকাশকদের এমন প্রাণান্তকর প্রচেষ্টার পরেও কেউ কেউ মন্তব্যের ঘরে জানতে চান-কোথায় পাওয়া যাবে? স্টল নম্বর? বই মেলার ম্যাপ? কেউ কেউ বিখ্যাত মানুষদের বই উপহার দেয়ার ছবিও আপ করছেন ফেসবুকে। অনেকের দেখাদেখি এমন ছবি আমিও আপ করেছি এক দুইবার! যে যাই করুক লেখালেখি আর বইয়ের মঙ্গল হোক!
দুই. আইডিয়াবাজ ও লেখক তন্ময় ইমরান (জনি নামেই চিনি আমরা সবাই) ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন- তার প্রকাশিত বইয়ের প্রচারণার জন্য প্রয়োজনে একক নৃত্যসন্ধ্যা করতে রাজি আছেন! জনি 'প্রফেশনাল নাচিয়ে' নন। সম্ভবত তাই খুব একটা উৎসাহদাতা পাচ্ছেন না নৃত্য সন্ধ্যার জন্য! জনি অবশ্য এই ধারণা পোষণ করে যে নাচের ছেলেরা কেমন যেন হয় (এ ব্যাপারে বেশি কিছু না বলা ভালো)! অবশ্য ইদানিং 'বুস্টিং' বলে একটা জিনিস খুব চলছে। টাকা থাকলে আপনি আপনার বইয়ের লাইক ও শেয়ার বাড়াতে বুস্টিং করতে পারেন যাতে বিক্রিবাট্টা ভালো হয়!
তিন. ফেসবুকে, ইউটিউবে এমন কী টেলিভিশনেও এখন বইয়ের বিজ্ঞাপন দেখা যায়। বইয়ের বিজ্ঞাপন নির্মাণে এসেছে আধুনিকতা ও আভিজাত্য। মেলার বইকে বলা হচ্ছে হার্ড কপি বা প্রিন্ট ভার্সন। অনলাইনেও মিলছে বই। তবে অনলাইনে পাঠক কত হারে বাড়ছে সেটার সঠিক পরিসংখ্যান মিলছে না। প্রতিবছর মেলাতে বিক্রি বাড়ছে। তাহলে? অনলাইনই কী শেষমেষ থাকবে আর প্রিন্ট ভার্সন বা ছাপা হওয়া বই কী জাদুঘরে চলে যাবে? এক দশক ধরে চলে আসা এই বিতর্ক আজও চলছে!
চার. অনলাইনে বা ডিজিটাল প্লাটফর্মে বইয়ের বিজ্ঞাপন দেখে কারা বই কিনছে? কোন লেখকদের বই বেশি বিক্রি হচ্ছে? মূলধারার লেখকদের বই কতোটা বিক্রি হচ্ছে? দিন শেষে বিক্রি বা ব্যবসাটাই কী সব? ডিজিটাল বা টেলিভিশন মিডিয়ার কনটেন্ট আর মলাটবন্দী লেখার উৎকর্ষতাই কী আসল? যদি তাই হয় সাহিত্যমান সম্পন্ন বইয়ের চাহিদা কতোটুকু বেড়েছে?
আধুনিক বইয়ের জগৎ ভুলে আমরা বরং ফেলে আসা দিনের কিছু স্মৃতি তুলে ধরি। অনেকে মনে করেন পুরোনো দিনই ভালো ছিল (যায় দিন ভালো আসে দিন খারাপ)-
এক. ত্রিপুরার রাজা বীরচন্দ্র মানিক্য কবিতা লিখতেন। সেসব প্রকাশ করেন নি। ধারণা ছিল রাজাদের কবিতা প্রজাদের চোখে পড়লে কবিতার মাহাত্ম্য নষ্ট হতে পারে। তিনি রবীন্দ্রভক্ত ছিলেন। রবীন্দ্রনাথ সে সময়ে বেশি বিখ্যাত ছিলেন না। বীরচন্দ্রের দাদা বীরবিক্রম সেসময়ে রবীন্দ্রনাথের কয়েকশ বই কিনেছিলেন যা আলোচনার জন্ম দিয়েছিল এবং রবীন্দ্রনাথ খুব খুশি হয়েছিলেন। বই কেনার জন্য এমন রাজার দরকার আছে। প্রতিবছর নাকি বাংলাদেশ সরকারও বই কেনে। কিন্তু কাদের বই কেনা হয় সাধারণ মানুষ তা খুব একটা জানতে পারে না। ত্রিপুরায় রবীন্দ্রনাথ আজও আছেন মূর্তি,মিলনায়তনের নাম কিংবা স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পাঠ্য তালিকার অর্ন্তভূক্ত হয়ে।
দুই. জার্মানির গুটেনবার্গ 'মুভাবেল' টাইপ আর ছাপাখানার গোড়াপত্তন করেছিলেন ১৪৪০ সনে। এই ছাপাখানায় ছাপা হওয়া প্রথম বই ছিল বাইবেল যা ল্যাটিন ভাষায় প্রকাশিত হয়েছিল ১৪৫৫ সনে। প্রথম ছাপা হওয়া ইংরেজি বইয়ের নাম- 'দ্য রিকুয়েল অব দি হিস্টোরিজ অব ট্রয়' যার লেখক ছিলেন উইলিয়াম ক্যাক্সটন এবং বইটি ছাপা হয়েছিল ১৪৭৫সনে। বাংলা ভাষার প্রথম ছাপা হওয়া বই সম্ভবত, 'কৃপার শাস্ত্রের অর্থভেদ'।
তিন. সময় পেলে কেউ নিউ ইয়র্কের বিখ্যাত বইয়ের লাইব্রেরি 'বার্নস এন্ড নোবল' এ যেতে পারেন। এখানে বই সাজানোর 'তাক'গুলো একটার সাথে একটা জোড়া দিলে ১২ মাইল লম্বা হবে। তবে মানুষ লাইব্রেরি বা বইঘরে যতোটা যায় তারচেয়ে ঢের বেশি যায় নাইটক্লাবে।
চার. দশটা বই নাকি পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ কোন না কোন সময় পড়ে। সাতশ থেকে বারশ পাতার এই বইগুলো নাকি মানুষের জীবন বদলে দিতে পারে। বইগুলো হচ্ছে মেলভিলের 'মবিডিক', ইয়ানাগিহারার 'এ লিটিল লাইফ', জর্জ এলিয়টের 'মিডল মার্চ', চার্লস ডিকেন্সের 'ব্লিক হাউজ', মিগুয়েল সার্ভেন্টেজের 'ডন কুইকজট',ফস্টার ওয়ালেসের 'ইউফিনিট জেস্ট', লিও টলস্টয়ের 'ওয়ার অ্যান্ড পিস', স্টিফেন কিং এর 'দ্য স্ট্যান্ড', বিক্রম শেঠ এর 'সুইটেবল বয়' এবং মার্সেল প্রুস্টের 'ইন সার্চ অব লস্ট টাইম'।
এবার বইপাগল দুইজন মানুষের গল্প মনে করিয়ে দেয়া যায়। প্রথমজন ড মুহাম্মদ শহীদুল্লাহ। নিয়মিত লাইব্রেরিতে গিয়ে বইয়ের মধ্যে ডুবে থাকতেন। একদিন কখন যে সন্ধ্যা হয়ে গেছে টেরই পাননি। বের হবার সময় খেয়াল করলেন লাইব্রেরিতে কেউ নেই এবং সেটা বন্ধ করে লাইব্রেরির দায়িত্বে থাকা ব্যক্তি বাড়ি চলে গেছেন। তাহলে লাইব্রেরি থেকে বের হবার উপায়? শহীদুল্লাহ লাইব্রেরির জানালা খুলে পথচারিদের ডাকা শুরু করলেন। এভাবে খবর গেল লাইব্রেরির দায়িত্বে থাকা ব্যক্তির কাছে। তিনি হন্তদন্ত হয়ে ছুটে এসে উদ্ধার করলেন তাকে।
আহমদ ছফা জ্ঞানতাপস আব্দুর রাজ্জাককে নিয়ে লিখেছিলেন 'যদ্যপি আমার গুরু'। আহমদ ছফার ধারণা ছিল প্রয়োজনীয় কোন বই আর কোথাও না পাওয়া যাক, আব্দুর রাজ্জাক স্যারের বাসায় পাওয়া যাবেই। জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদও আব্দুর রাজ্জাককে নিয়ে লিখেছিলেন। আহমদ ছফা একদিন আব্দুর রাজ্জাকের বাসায় গিয়ে দরজা ধাক্কাচ্ছিলেন। কোন সাড়া না পেয়ে জোরে ধাক্কা দেবার পর দরজা খুলে গেল। ছফা অবাক হয়ে দেখলেন বাসায় বইয়ের স্তুপ। টেবিলের পায়া নেই কিন্তু বইয়ের স্তুপ টেবিলের পায়ার কাজ করছে। চারিদিকে বই মাঝখানে একটা চৌকির উপর ঘুমিয়ে ছিলেন প্রফেসর আব্দুর রাজ্জাক। বইয়ের গন্ধ আর হাজারো বইয়ের নীরবতার ভেতর রাজ্জাক স্যারের এই ঘুম আহমদ ছফা আজীবন ভুলতে পারেন নি। অনেকে অবশ্য ঘুমের ওষুধ খেয়েও ঘুমুতে পারেন না। আর কেউ কেউ বই পড়া শুরু করলেই তাদের ঘুম চলে আসে। সন্তানের গরম লাগলে যেমন বই দিয়ে বাতাস করা চলে তেমনি বই ঘুমের ওষুধেরও কাজ করতে পারে!
বইমেলা নিয়েও বিস্তর মজার ঘটনা আছে এবং অনেকেই সেসব নিয়ে লিখেছেন। স্বাধীনতার আগেই নারায়ণগঞ্জে একবার মেলার আয়োজন করেছিলেন সরদার জয়েনউদ্দীন আহমেদ। দুই তিনদিন পর লোক সমাগম হয় না বিধায় একটা গরু এনে মেলাপ্রাঙ্গণে বেঁধে রেখেছিলেন যার গায়ে লেখা ছিল- আমি গরু। আমি বই পড়ি না!
প্রখ্যাত লেখক আনিসুল হক একবার মেলায় গিয়ে খেয়াল করলেন হুমায়ুন আজাদের নারী বইটির প্রচ্ছদ হয় নি, কিন্তু প্রচ্ছদ ছাড়াই বইটির 'ইনার' বিক্রি হচ্ছে। আনিসুল হক হুমায়ুন আজাদকে বললেন- স্যার নারীর প্রচ্ছদ এখনও হয়নি তবু কিন্তু নারী বিক্রি হচ্ছে। হুমায়ুন আজাদ বলেছিলেন- নারী কিন্তু প্রচ্ছদ ছাড়াই ভালো। আনিসুল হক সেটা লিখে দিয়েছিলেন পত্রিকায় আর পত্রিকা পড়ে তুমুল খেপেছিলেন হুমায়ুন আজাদ।
এরপর তিনি আনিসুল হককে বলেছিলেন- কোনটা শিখতে হবে আর কোন লিখতে হবে এটা আগে বুঝে নিও। আনিসুল হক আরেক লেখায় লিখেছিলেন, চুলের কারণে তাকে অনেকেই মুহম্মদ জাফর ইকবাল মনে করে। আনিসুল হককে মেলায় নাকি কয়েকজন আলাদা আলাদাভাবে বলেছিলেন- স্যার আপনার লেখা দীপু নম্বর টু সিনেমাটা দেখলাম!
লেখকদের জীবন আর বইমেলা নিয়ে বিস্তর মজার ঘটনা আছে। আত্মার আপনজন আর বিশ্বস্ত বন্ধু হিসেবে বই থেকে যাবে অনাদিকাল। পুরোনো বই পড়া মানে পূর্ববর্তী সময়ের কারো সাথে আনন্দ বেদনার কথা বলা। বই এমন একটা জিনিস যেটা এখনও বিজ্ঞাপনবিরতি ছাড়া পড়া যায় এবং এর জন্য কোন বাড়তি চার্জের দরকার হয় না। যদি কেউ অনলাইন ভার্সানে বই পড়ে তারজন্য অবশ্য ভিন্ন কথা। এছাড়া কারো কারো জন্য আছে সবচেয়ে দামি ব্যাংকের চেকবই আর সবার জন্য আছে 'ফেসবুক'। আপাতত তিনটা ছোটগল্প বলে বিদায় নেই।
এক.
এমসিকিউ এর যুগে শিক্ষক তার একছাত্রকে জিজ্ঞাসা করলেন- তিনটি ভালো বই এর নাম বলো। ছাত্র উত্তর দিল- স্যার আপনি পাঁচটি বইয়ের নাম লিখে দেন আমি তিনটাতে টিক চিহ্ন দিয়ে দিচ্ছি!
দুই.
স্যার খুব সিরিয়াসলি বললেন- কষ্ট করলে কেষ্ট মেলে। মনে রাখবে বই তোমার কাছে আসবে না। তোমাকেই বেছে বেছে বইয়ের কাছে যেতে হবে। পেছনের বেঞ্চে বসা এক পোংটা ছাত্র বললো- স্যার অনলাইনে বই কেনার বায়না করেন। বই-ই আপনার কাছে চলে আসবে।
তিন.
এক ভদ্রলোক মেলায় গিয়ে বই খুঁজছেন কিন্তু কিনছেন না, কোন কথাও বলছেন না। এক বিক্রেতা তাকে জিজ্ঞাসা করলো- স্যার কী খুঁজছেন? দেব নাকি স্যার হালকা পাতলা কিছু? ভদ্রলোক বললেন মোটা বইয়েও আমার কোন অসুবিধা নাই। গাড়ি নিয়ে এসেছি তো!
তবুও বই কিনুন। ঠেলা গাড়ি হোক আর কাভার্ড ভ্যান হোক, বই কিনে বোঝাই করে বাসায় নিয়ে যান। বইয়ের চেয়ে আপন কেহ নাইরে দুনিয়ায়।
