২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০১৯: ‘এন্টারোকোটিক’ মহাদেশ আবিষ্কারের বছর!

আহসান কবির আহসান কবির

Published : 30 Dec 2019, 06:50 PM

Updated : 01 Jul 2022, 05:37 PM

পুরোনো কৌতুক দিয়ে শুরু হোক নতুন বছর-
প্রশ্ন: কেমন যাবে ২০২০?
উত্তর: ২০১৯ এর চেয়ে খারাপ তবে ২০২১ এর চেয়ে অনেক ভালো!
তাহলে ভালো খারাপ কিছু ঘটনার কথা স্মরণ করিয়ে দেয়া যাক। ২০১৯ এর কিছু ঘটনা দুর্ঘটনা স্মৃতি হয়ে থাক!

এক. সেরা সর্বহারা
দুর্ভাগা এই মানুষটার নাম আহমেদ কবীর। সর্বশেষ জামালপুরের ডিসি ছিলেন। তার অধঃস্তন এক নারী কর্মচারির সাথে তার 'আদর মহব্বতের' ভিডিও ছড়িয়ে পড়লে বেচারা বেকায়দায় পড়েন। খুলনা অঞ্চলের একটা প্রবাদ এমন- 'কায়দার গুটি বাগেরহাট,বেকায়দার ফকিরহাট!' বেকায়দার ফকিরহাটে থাকা তার ভিডিও লক্ষ মানুষ দেখেছে। মানুষকে ঘৃণা করার অপরাধে ভদ্রলোক সর্বহারা হন নি, হয়েছেন ভালোবাসাময় আদর সোহাগের জন্য। আগে গানের কথা ছিল এমন- দিন যায় কথা থাকে। এখন হবে- চাকরি যায় ভিডিও থাকে! এইসব ভিডিও হৃদয় থেকে মোছা গেলেও ইউটিউব থেকে মোছা নাকি অনেক কঠিন!

দুই. সেরা শ্লোগান
সেরা শ্লোগান হচ্ছে- কোরবানির চামড়া/পুতে ফেলি আমরা! ২০১৯ এর কোরবানি ঈদের পর চামড়ার মূল্যকে সর্বনিম্ন নামিয়ে আনার কারণে কেউ কেউ চামড়া রাস্তা বা ডাস্টবিনে ফেলে ঘরে ফিরে যান। কেউ কেউ শ্লোগান দিতে দিতে পুতে ফেলেন মাটিতে।

তিন. বছরের সবচেয়ে আকর্ষণীয় উপহার
পেঁয়াজ। ত্রিশ টাকার পেঁয়াজ তিনশ'টাকাতেও বিক্রি হয়েছে। বিয়ে বাড়িতে উপহার ও যৌতুক হিসেবে ট্রাকভর্তি পেঁয়াজ দেয়ার কথা আলোচনা হয়েছে। সম্পদের তালিকায় যুক্ত হয়েছে কোল্ড স্টোরেজ ভর্তি পেঁয়াজ। ভারতীয় পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ হলে পাকিস্তান থেকে পেঁয়াজ আনার পর কেউ কেউ এটাকে 'রাজাকার পেঁয়াজ' বলেছেন। মিসরের পেঁয়াজ নাম পেয়েছে' স্বৈরাচার পেঁয়াজ' আর তুরস্কের পেঁয়াজের নাম হয়েছে 'জঙ্গী পেঁয়াজ'। গাড়ি বা ফ্রিজ বিক্রিতে ব্যাকডালা বা ফ্রিজ ভর্তি পেঁয়াজের অফার দেয়া হয়েছে। বার্গারের দোকানের অফার ছিল- এক কেজি পেঁয়াজ দিন/এক জোড়া বার্গার নিন!

চার. সেরা গুজব
বাজারে লবণ নেই। পেঁয়াজ খেলে সেক্স বাড়ে। টয়লেটে হারপিক ঢেলে ফ্ল্যাশ করুন, ডেঙ্গু মশা আসবেনা। পদ্মা সেতুতে মানুষের কাটা মাথা দরকার। সাকিব আল হাসানকে নিষিদ্ধ হতে কলকাঠি নেড়েছে নাজমুল হাসান পাপন সাহেব! এই তালিকায় আরো কিছু যোগ হতে পারে।

পাঁচ. 'কেনারাম' কিনে যা!
বালিশ ও পর্দা। বালিশ মহাশয়কে কেনা হয়েছিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আবাসিক প্রকল্পের জন্য আর পর্দা কেনা হয়েছিল ফরিদপুর মেডিকেল কলেজের জন্য। বালিশ মহাশয়কে কিনতেও টাকা লাগে তিন চার তলাতে তুলতেও হাজার টাকা লাগে। এই সব বালিশ ও পর্দাকে অনেকে জাদুঘরে রাখার আর্জি জানিয়েছেন।

ছয়. সেরা ভ্রমণ
নিরাপদ পানির উৎপাদন ও সরবরাহ দেখতে সরকারি কর্মচারিদের (চট্টগ্রাম ওয়াসার ২৭ জন ও বিভিন্ন মন্ত্রণালয়ের ১৪ জন,সাকুল্যে ৪১ জন) উগান্ডা ভ্রমণ! বহু বিবাহের সু(?)ফল দেখতে লেসেথোর রাজার কাছে যাওয়া যেতে পারে যিনি এপর্যন্ত কয়েক ডজন বিয়ে করেছেন! রাজা 'সবুজা'রও এমন রেকর্ড ছিল!

সাত. ঢাকার মেয়ে কলকাতার জামাই
মডেল ও অভিনেত্রী মিথিলার সাথে পশ্চিমবঙ্গের পরিচালক সৃজিত মুখার্জীর বিয়ে। আশির দশকে কলকাতার রাস্তাঘাটে একটা গান বাজতো যার প্রথম দুই লাইন ছিল- কলকাতার মেয়ে আর ঢাকার জামাই/কথায় কথায় টক্কর লাগে, মিল মিশ নাই। এবারের ঘটনা ঠিক উল্টো অর্থাৎ বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন ঢাকার মেয়ে আর কলকাতার জামাই। আশা করি টক্কর লাগবে না! 'ঢাকাই পোলা ভেরি ভেরি স্মার্ট' হলে সমস্যা হতে পারতো!

আট. যাদের মৃত্যু আমাদের অপরাধী করে দেয়
বুয়েটের ছাত্র আবরার। ভিন্নমত পোষণের কারণে ক্রিকেটের স্ট্যাম্প দিয়ে তাকে পেটানো হয়। লাশ ফেলে রাখা হয় শেরে বাংলা হলের সিঁড়িতে! গণপিটুনিতে মারা যাওয়া তসলিমা বেগম রেনু। তার ছোট্ট মেয়েটা আজও পথ চেয়ে বসে থাকে- মা ফিরবেই! তিতাস ঘোষ। তিতাসকে বহন করা অ্যাম্বুলেন্সকে থামিয়ে রাখা হয়েছিল ডেপুটি সেক্রেটারি পদ মর্যাদার এক 'ভিআইপি'র কারণে। মাঝ নদীতেই মারা যায় তিতাস!

নয়. প্রতিবাদের আগুন
নুসরাত জাহান রাফি। ফেনীর সোনাগাজীর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে যৌন নির্যাতন করার দায়ে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলা গ্রেপ্তার হলে তার সহযোগিরা নুসরাতের গায়ে আগুন ধরিয়ে দেয়। অন্যায় ও অনৈতিকতার কাছে মাথা নত না করে পাঁচদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে পুরো দেশকে কাঁদিয়ে মারা যায় নুসরাত ।

দশ. আগুন আর কতোটুকু পোড়ে?
মানুষে পোড়ালে কিচ্ছু রাখে না, কিচ্ছু থাকে না। মানুষের অবহেলার আগুনে পুরোনো ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় আগুনে পুড়ে মারা যায় ৭৮ জন। বনানীর ফারুক রূপায়ন টাওয়ারে ৩২ জন। আর বছর শেষে কেরানীগঞ্জের প্লাস্টিক কারখানার আগুনে আরো ১২ জনের মৃত্যু আমাদের ব্যথাতুর করেছে।

এগার. না ফেরার দেশে
এ বছর না ফেরার দেশে চলে গেছেন মি.ক্লীন খ্যাত রাজনীতিবিদ সৈয়দ আশরাফুল ইসলাম, কবি আল মাহমুদ, সঙ্গীত শিল্পী সুবীর নন্দী, মুক্তিযোদ্ধা, সুরকার ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল, ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হোসেন আবেদ, নাট্য ব্যক্তিত্ব ও সাহিত্যিক মমতাজউদ্দীন আহমেদ এবং হুসেইন মুহাম্মদ এরশাদসহ আরো অনেকে।

বার. শালা চাঁদ উঠেছিল গগনে
মন খারাপ হলে বাঙালি মন ভালো করার জন্য কী না করে! কারো যদি মন খারাপ হয় ইউটিউবে যেয়ে 'রোদ্দুর রায়' লিখে সার্চ দিতে পারেন। 'শালা চাঁদ উঠেছিল গগনে' সহ আরো অনেক মজার কথা আর ব্যাঙ্গাত্মক গান পেয়ে যাবেন। আপত্তিকর কিছু শব্দ বাদ দিলে এবছরে অনেক মানুষকে 'ব্যাপক বিনোদন' দিয়েছেন রোদ্দুর রায়। কেউ 'ডিসটার্বড' হতে চাইলে 'হ্যাপি টু ডিসটার্ব'কে নক করতে পারেন। জীবনটা ঝালাপালা করে দেবে। আপনার শত্রুর জন্য 'হ্যাপি টু ডিসটার্ব'কে প্রেসক্রাইব করতে পারেন।

তের. বর্ষসেরা খাদক বেচারা নুরুল হক নূর
ডাকসু ভিপি 'বেচারা' নুরুল হক নূর। মার খেয়েই যাচ্ছেন। সর্বশেষ মারের সাথে মামলাও খেয়েছেন। তার মার খাওয়া কবে থামবে কেউ বলতে পারছে না!

চৌদ্দ. সেরা 'গোপনিস্ট' সাকিব আল হাসান
বাজিকরদের সাথে কথা বলার রেকর্ড গোপন করেছিলেন সাকিব আল হাসান। ক্রিকেট বোর্ড, সতীর্থ, স্ত্রী কিংবা বন্ধু কারো কাছেই শেয়ার করেন নি। দুই বছরের জন্য সবধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন তিনি। এদেশের বেশির ভাগ মানুষ মনে করে সাকিবের নিষিদ্ধ হবার পেছনে মাননীয় 'পাপনদা'র হাত আছে!

পনের. সেরা প্যারোডি গান
'ভালোবাসা মোরে ভিখারি করেছে তোমারে করেছে রানী' গানটা এবছর এমন হয়েছে- ফকিরেরপুল খেলাকে ভিখারি করেছে তোমাকে করেছে 'সম্রাট'! এবছর দেশের ক্লাবগুলোতে শুদ্ধি অভিযান চালানোর পর 'ক্যাসিনোকাণ্ড' আলোচনায় আসে। ক্যাসিনোর যন্ত্রপাতি ও মদ জব্দ করা হয়।

ফকিরেরপুল, মোহামেডান, ওয়ারী, কলাবাগান সহ কয়েকটি ক্লাব সিলগালা করে দেয়া হয়। ক্যাসিনোকাণ্ড এবছরের তোলপাড় তোলা ঘটনা। এজন্য সমসাময়িক ঘটনা নিয়ে লেখা বইয়ের নাম- রাজনীতির দেয়াল ক্যাসিনোর শেয়াল।

ষোল. সত্যবাদী যুধিষ্ঠির
আজীবন বাম দলের সাথে জড়িত আলহাজ্ব (!) রাশেদ খান মেননকে অনেকে এই নামে ডেকেছেন এই বছর। তিনি ভোটের সাক্ষী হয়ে বলেছেন- 'একাদশ জাতীয় সংসদ নির্বাচনে(ডিসেম্বর,২০১৮) মানুষ ভোটকেন্দ্রে যায় নি। এর বড় সাক্ষী আমি নিজেই। আজ মানুষ তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত'।

সতেব. সেরা পল্টিবাজ 'রাঙ্গাঁ'
জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গাঁ বছরের সেরা পল্টিবাজ হিসেবে আবির্ভূত হয়েছেন। বাংলার মানুষের আত্মত্যাগের অহংকার নুর হোসেনকে নিয়ে তার মন্তব্য নিন্দা ও বিতর্কের ঝড় তোলে। রাঙ্গাঁ বলেছিলেন- 'নূর হোসেন ফেন্সিডিল ও ইয়াবা খোর ছিল'- এইটুকুর জন্য অর্থাৎ এই শব্দ দুটি ব্যবহার করার জন্য প্রথমবার দুঃখ প্রকাশ করেন, সাথে নতুন করে যোগ করেন- নূর হোসেন মানসিক ভারসাম্যহীন ছিলেন! এরপর আওয়ামী লীগের ২১ বছর পর ক্ষমতায় আসা,বঙ্গবন্ধু ও এরশাদের জেলখাটা নিয়ে অনেক কথা বলেছিলেন। শেষমেষ 'পল্টি' খেয়ে আবার নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন!

আঠার.বছরের সেরা 'ব্যাক্কেল'
গর্ব ভরে রজাকারের তালিকা প্রকাশের পর দেশব্যাপী নিন্দা,ক্ষোভ ও প্রতিবাদের পর দুঃখ প্রকাশ ও রাজাকারের তালিকা স্থগিত করেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এরপর তিনি নিজেই বলেন-'রাজাকারের এমন তালিকা প্রকাশ আসলে ব্যাক্কেলের মতো একটা কাজ হয়েছে'। এই বক্তব্যেও পর থেকেই 'সেরা ব্যাক্কেল' হিসেবে মন্ত্রী মহোদয়ের নাম আলোচিত হয়!

উনিশ. সেরা প্রমোশন
হাসির জন্য ভুবন বিখ্যাত হয়েছিলেন সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। যদিও পরে তাকে ক্ষমা চাইতে হয়েছিল। সরকার এ বছর সড়ক পরিবহনের আইন সংসদে পাশ করলে ট্রাক,টেম্পো, কাভার্ড ভ্যান, বাস ও শ্রমিক ধর্মঘট মানুষের ভোগান্তি চরমে পৌঁছে দেয়। এই ভোগান্তির জন্য অনেকে শাহজাহান সাহেবকে দায়ী করলেও বছর শেষে আয়োজিত আওয়ামী লীগের কাউন্সিলে তার প্রমোশন হয়। তিনি প্রেসিডিয়াম সদস্য হিসেবে নতুন কমিটিতে জায়গা পান।

বিশ. বলির পাঠা
এবছরে তিনজন বলির পাঠা হিসেবে সবচেয়ে বেশি আলোচিত হয়েছেন। সবচেয়ে বেশি আলোচিত ইসমাইল চৌধুরী সম্রাট এখন কারাগারে। বস্তা ভর্তি টাকা নিয়ে ভদ্রলোক জুয়া খেলতে যেতেন! তিনি নাকি ক্যাসিনোর গড ফাদার ছিলেন। এরপর আসবে শোভন-রাব্বানীর নাম। এই দুইজন ছাত্রলীগের শীর্ষ দুই পদ হারিয়েছেন! জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজের বাজেট থেকে চাঁদা দাবি করলে সেটা অভিযোগ হিসেবে দলের শীর্ষ পর্যায়ে পৌঁছে যায়!

একুশ.চাঁদাবাজির নতুন নাম 'ঈদ সেলামি'
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজের বাজেট থেকে চাঁদা নেয়া (যেটা ভাইরাল হয়েছিল) প্রসঙ্গে এক ছাত্রনেতার বক্তব্য ছিল- 'এটা ঠিক চাঁদা নয়। আমাকে ঈদ সেলামি হিসেবে এই টাকা দেয়া হয়েছে! এসময় বিশ্ববিদ্যালয়ের ভিসি ও তার স্বামী উপস্থিত ছিলেন! আমিও….টাকা পেয়েছি'। আসুন আমরাও ঈদ সেলামি নেই এবং যিনি সেলামি দিবেন তাকে সালাম করি।

বাইশ.সেরা আবিষ্কার 'এন্টারকোটিক' মহাদেশ!
মুফতি ইব্রাহিম নামের এক ভদ্রলোক আছেন। ওনার বয়ানে জানা গেছে- পৃথিবীর ভেতরে বা নীচে আরেক পৃথিবী আছে যার নাম এন্টারকোটিক। হিটলার তার সমস্ত সৈন্য সামন্ত কামান বন্দুক নিয়া সেইখানে গেছেন! সেইখানে পাহাড় নদী সমুদ্র মানুষ সবকিছু আছে। লক্ষ মানুষ ইবরাহিম সাহেবের নেতৃত্বে এন্টারকোটিকে যাবার বাসনা পোষণ করছেন। এন্টারকোটিক আবিষ্কারের জন্য ইবরাহিম সাহেবকে জাতীয় পদক,নোবেল,অস্কারসহ যতো পুরস্কার আছে সবগুলো দেয়ার দাবী জানিয়েছেন অনেকে। এই ধরনের মানুষের মস্তিষ্ক এবং জিহবা জাদুঘরে রাখা যেতে পারে!

তেইশ.রূপাচার্য
সারা বছর জুড়ে আলোচনায় ছিলেন সরকারি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ভিসি! জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি ফারজানার বিরুদ্ধে ছাত্র বিক্ষোভের জের ধরে কয়েক মাস ভার্সিটি বন্ধ থাকে কিন্তু ভিসি ফারজানা ইসলাম ঠিকই তার পদে টিকে যান। ভাইরাল হয় জগন্নাথ ইউনিভার্সিটির ভিসি মিজানুর রহমানের ডায়ালগ- 'প্রধানমন্ত্রী চাইলে আমি ভিসির পদ ছেড়ে যুবলীগের দায়িত্ব নেব'। এক ছাত্রীর সাথে কথোপকথনের রেকর্ড ভাইরাল হবার পর বঙ্গবন্ধু শেখ মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির বিরুদ্ধে ছাত্র ছাত্রীদের তুমুল আন্দোলন জমে ওঠে এবং ভিসি নাসিরউদ্দীন পদত্যাগ করতে বাধ্য হন।ভিসি বিরোধী আন্দোলন হয় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে,বরিশাল ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে।

চব্বিশ. আলোচিত ডেঙ্গু, এইডিস ও ঝাড়ু
ঢাকা দক্ষিণের মেয়র জনাব মোহাম্মদ সাঈদ খোকন (ভদ্রলোক পরে আর মনোনয়ন পান নি,তার কান্নার দৃশ্য ইতোমধ্যে ভাইরাল হয়েছে) সাহেব বলেছিলেন- ছেলেধরার গুজব আর ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার গুজব একসূত্রে গাঁথা। তিনি অবশ্য গোড়ালির নীচে প্যান্ট এবং মোজা পরতেও উপদেশ দিয়েছেন। তাকে ধন্যবাদ কারণ এখনও তাকে ঝাড়– দিতে দেখা যায় নি! কিন্তু অনেকে ডেঙ্গু দূর করতে রাস্তাঘাটে ঝাড়ু দিয়ে ধুলো উড়িয়েছেন। এই ঝাড়ু দেয়া নিয়ে দেশে তুমুল ব্যঙ্গ বিদ্রুপ হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী দেশজুড়ে ডেঙ্গুর সময়ে মালয়েশিয়া ছিলেন, ফিরে এসে বলেছিলেন এইডিস মশার প্রজনন ক্ষমতা রোহিঙ্গাদের মতো!

সারা বছর ধরে এমন মজা ছিল আমাদের ঘিরে। ধরুন আপনার ক্ষুধা লেগেছে কিন্তু পকেটে তেমন টাকা নেই। আপনি চলে গেছেন টিএসসি, সাড়ে দশ টাকা দিয়ে একটা ছামুচা, একটা সিঙ্গারা, একটা ছপ খেয়ে এক কাপ ছা পান শেষে আপনি চলে এসেছেন। ধরুন খাবার মাঝখানে কেউ একজন এসে বলেছে 'ঢেলে দেব'? কেউ ডেটিং করতে, কেউ 'পোড়োবাড়ি' দেখতে চেয়ে এফডিসিতে যেয়ে ঢুকেছেন, বলেছেন- সারাবছর নাকি এখানে কোন কাজই হয়না। প্রেমের জন্য ভাড়া দিলে কেমন হয়? কেউ মোদীর মতো ধ্যান করার জায়গা খুঁজেছেন, কেউবা দেশটাকে বিশেষ করে হাতিরঝিলকে 'লস অ্যাঞ্জেলস' নাম দিয়েছেন। তবে কেউ আলোচিত হবার জন্য যেন বিমান ছিনতাই না করেন । নায়িকা আপনাকে ছেড়ে যতোই দূরে যাক বিমান ছিনতাই করতে গিয়ে গুলি খেয়ে অন্তত যেন না মরেন।

প্রয়োজনে মুফতি ইবরাহিমকে ধরে এন্টারকোটিকে যাবার একটা ব্যবস্থা করে নেন আর তৈরি থাকুন আগামী বছরের নতুন মজার জন্য!