উপমহাদেশ, দেশ এবং পরিচয়ভিত্তিক সহিংসতা
ভারতে পাস হয়ে গেল সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট-২০১৯। ২০১৯ সালের ডিসেম্বরের ১১ তারিখে পাস হওয়া অদ্ভুত এ বিলটি উপমহাদেশের রাজনৈতিক তাপমাত্রাকে বাড়িয়ে দিয়েছে। পাশাপাশি বাংলাদেশ-ভারত সম্পর্কটি বেশ শীতল পর্যায়ে নিয়ে গেছে। বিজেপি সরকার ধর্মভিত্তিক রাজনীতিকে একটি নির্দিষ্ট পর্যায়ে ঠেলে নিয়ে গেছে, যেখান থেকে ভারতের সর্বভারতীয় সেক্যুলার চরিত্রে ফিরে আসা আপাত দৃষ্টিতে প্রায় অসম্ভব মনে হচ্ছে।
গত প্রায় এক শতাব্দী ধরে উপমহাদেশের রাজনীতিতে ধর্মভিত্তিক পরিচয় একটি অন্যতম অস্ত্র হিসেবে ব্যবহার হয়েছে। ব্রিটিশ শাসনের সময়কাল থেকে দেশভাগ, মুক্তিযুদ্ধ, সাম্প্রতিক বাবরি মসজিদ এবং হালের সিএএ ২০১৯ পর্যন্ত বিভিন্ন উপমহাদেশের প্রতিটি রাজনৈতিক দল কোনও না কোনওভাবে ধর্মীয় রাজনীতির প্রভাবেই আটকে গেছে। শুধু ধর্মভিত্তিক নয়, কখনো হিংস্রতা ছড়িয়ে পড়েছে শ্রেণি এবং গোত্রভিত্তিক হয়ে, কখনও ভাষা-এলাকা-সীমান্ত বিভাজনে। আইডেন্টিটি এবং হিংস্রতার মধ্যে একটি সম্পর্ক আছে কিন্তু। ভাবছেন কিসের সাথে কী? ব্যাপারটি আসলে বেশ কৌতূহলও উদ্দীপক এবং একই সাথে বেশ ভয়ংকর।
আইডেন্টিটির ব্যাপার কী? ধরুন লেবেল। জন্ম হলো হিন্দুর ঘরে বা মুসলমানের ঘরে, লেবেল লেগে গেল; নামের লেবেল, ধর্মের লেবেল। বড় হলেন অমুক এলাকায়, তমুক বিভাগে, তস্য দেশে, আরও লেবেল লাগলো। একটু বড় হলে পারিবারিক লেবেল, তারপর লাগবে রাজনৈতিক পক্ষপাতিত্বের লেবেল। রাজনীতি যখন ধর্মের হাত ধরে চলবে, তখন লাগবে আরেক লেবেল। এ সব ছাপ্পা, সিল আর স্টিকার লাগতে লাগতে আপনি একটা অনন্য মানুষ হয়ে গেলেন নিজস্ব শরীর, চিন্তাভাবনা, বিশ্বাস এবং প্র্যাকটিস সহকারে।
অনন্য কিন্তু একটা বেশ পজিটিভ শব্দ বাংলা ভাষায়। অনন্য মানেই যে ভালও হচ্ছে এক্ষেত্রে তেমন কিন্তু না। একজন খুনিও কিন্তু ইউনিক বা নিজস্বতায় ভরপুর হতে পারে, চোরেরও নিজস্বতা থাকে চুরি করায়, দানবীরের নিজস্ব ধরন থাকে দানকার্যে। তেমনি আপনি আমি ভালো খারাপ মিলে নিজস্ব পরিচয়ে ভরপুর একেকজন মানুষে পরিণত এবং পরিবর্তিত হচ্ছি প্রতিনিয়ত। এই যে আমাদের বিভিন্ন সত্তা এবং পরিচয়গুলো, এগুলো কিন্তু একই সাথে গুঞ্জন করে যাচ্ছে।
আমার কথাই বলা যাক। আমি উপমহাদেশের বাদামী চামড়ার একজন পুরুষ মানুষ ও বাঙালি বাঙালি মুসলমান। এ একটা লাইনের মধ্যে আমি অনেকগুলো খুবই কমপ্লেক্স পরিচয় দিয়ে দিলাম। এ এক লাইনের পরিচয়ে আমার বিভিন্ন পরিচয় একই সাথে গুঞ্জরিত হচ্ছে। আমি কিন্তু কখনও বাঙালি- কখনও মুসলমান নই। আমি সঙ্গীত, ফিল্ম, কবিতা ভালোবাসি। আমি সেক্সুয়ালি স্ট্রেইট, কিন্তু সমকামীদের অধিকারের ব্যপারে আমি শ্রদ্ধাশীল। রাজনৈতিকভাবে আমি যা বিশ্বাস করি আমার বন্ধুদের স্পেক্ট্রাম সেটা কোনওভাবে প্রতিধ্বনি করেনা। তার মানে আমি একইসাথে এই বহুসত্তা বহন করে চলেছি। আপনিও তাই। এসব পরিচয় হারমোনিক হতে পারে, পরষ্পরবিরোধী হতে পারে, সম্পূর্ণ ভিন্ন কয়েকটি সত্তা একই সাথে চলতে থাকতে পারে। কিন্তু কোনো পরিচয়ই কোনো পরিচয়কে মিথ্যা করে দিচ্ছেনা। এ ব্যপারে সবচে ভালো উদাহরণ হতে পারে একটা চলমান বাস। বাসের বিভিন্ন সিটে বসে আছে বিভিন্ন যাত্রী। কারো সাথে কারো মিল আছে, কারো নেই। চলছে কিন্তু একইদিকে। ঠিক তেমনি আমরা বিভিন্ন সত্তাকে প্যাসেঞ্জার বানিয়ে ছুটে চলেছি অজানা গন্তব্যের দিকে।
অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বই- আইডেন্টিটি অ্যান্ড ভায়োলেন্স, দ্য ইল্যুশন অব ডেসটিনি-তে তিনি বলেন, "আমাদের পরিচয় একক কিছু নয়। একজন মানুষ একই সাথে এশিয়ান, ভারতীয় নাগরিক, বাংলাদেশি বংশোদ্ভুত বাঙালি, আমেরিকা বা লন্ডন প্রবাসী, অর্থনীতিবিদ, অল্পস্বল্প দর্শন চর্চাকারী, একজন লেখক, সংস্কৃত বিশেষজ্ঞ, দৃঢ়ভাবে গণতন্ত্রে ও সেকুলারিজমে বিশ্বাসী, একজন পুরুষ, নারীবাদী, ধর্মকর্মে অবিশ্বাসী, জন্মসূত্রে হিন্দু, অব্রাহ্মণ এবং পরকালে অবিশ্বাসী হতে পারেন। তাতে ওই ব্যাক্তির কোনও পরিচয়ের অসত্যতা প্রমাণিত হয়না। বরং এতে করে মানুষের ধর্মীয় রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক বুদ্ধিবৃত্তিক ইত্যাদি ভিন্ন ভিন্ন প্রতিচয়ের প্রতি সমানভাবে সম্মান দেখানো সম্ভব হয়। কিন্তু এগুলোর মধ্য থেকে কেবল একটি পরিচয়কে এক এবং অদ্বিতীয় পরিচয় ভাবা হলে বাকিগুলোকে অসম্মান করা হয়, ক্রমে বাকী পরিচয়গুলোকে পর মনে হয়। আত্মপরিচয়ের প্রতি অতি সম্মান একক পরিচয়ের ব্যপারে সহিংস করে তোলে।"
এখন কথা হলো, এসব নিজস্ব পরিচয়, ধর্মীয় লেবাসিত লেবেল আর রাজনৈতিক বিশ্বাসের ছাপ্পা আমাদেরকে ভায়োলেন্সের দিকে কী করে ঠেলছে? কানেকশনটা কি হালকা পাতলা আসছে মাথায়? আসবার কথা। কিন্তু ভাবছেন, নাহ, ব্যপারটা আসলে অতটা সিরিয়াস না। এইটা নিয়ে এত কিছু লেখার কিছু নাই।
আসলে আছে। ব্যাপারটা বিশেষত আমাদের উপমহাদেশের মানুষের জন্য খুবই ভয়াবহ মানসিক ক্যান্সারের মত এবং সময় সুযোগ পেলেই গ্যাসের মত ছড়িয়ে পড়ে জনপদ থেকে জনপদে। বিদ্যালয়, হাসপাতাল, উপসনালয় এমনকি দাম্পত্য জীবনও এই মারাত্বক মানসিক সমস্যার বাইরে থাকতে পারছেনা। কারো কোনও আচরণ খারাপ লাগলে আমরা তার জেলা-গোষ্ঠী, ধর্ম, জনপদ ধরে গালাগাল করে শান্তি পাচ্ছি, জন্ম দিচ্ছি একটার ভেতর আরেকটা দুষ্ট চক্রের। ভাইরাসের মতো, হেরেডেটারি ডিজিজের মত প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আমরা নিজেরাই বহন করে চলেছি এই সমস্যাটা প্রতিটা জায়গায়।
১৯৯৩ সালে আমেরিকান পলিটিকাল সায়েন্টিস্ট স্যামুয়েল হান্টিংটন একটা হাইপোথিসিস দেন। তার মতে, ভবিষ্যতের যুদ্ধগুলো দেশের বিরুদ্ধে দেশের নয়, বরং সংস্কৃতির বিরুদ্ধে সংস্কৃতির হবে। তার এই মতামতটা ছিল পোস্ট কোল্ড ওয়ার যুগভিত্তিক। সোজা কথায় তার মতে, পোস্ট কোল্ড ওয়ার ভিত্তিক যুদ্ধগুলো হবে মানুষের কালচারাল আর ধর্মভিত্তিক পরিচয়ের উপরে।
তার কথার প্রতিফলন কিন্তু দেখা যায় নব্বই পরবর্তী বিশ্বের অবস্থায়। মধ্যপ্রাচ্যের দেশগুলো প্রথমত একে অপরের সাথে এবং পরবর্তীতে যুদ্ধটা আমেরিকা এবং তার মিত্র রাষ্ট্রকেন্দ্রিক হয়ে গেছে। মূল আকর্ষণ তেল কিন্তু পত্রিকার হেডলাইন হচ্ছে ওয়ার এগেইন্সট টেরর। কালচারাল কনফ্লিক্ট এর আরেক উদাহরণ হালের মায়ানমার এবং রোহিংগা শরণার্থীঘটিত সমস্যা। কালচারাল আইডেন্টিটি নিয়ে ভুল ধারণার ফাঁদে ফেলে বা নিজে পড়ে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে একে অপরকে খুন করে যাচ্ছে। ইরাকের কুর্দি, শিয়া, সুন্নি সম্প্রদায়ের অবস্থাটা চিন্তা করুন। চিন্তা করুন সিরিয়ার অবস্থা।
নব্বইয়ের দশকের রুয়ান্ডায় হুটু আর টুটসি জনপদের মানুষ একে অপরের কল্লা উড়িয়ে দিয়েছে এই একই জিনিসের জেরে। চল্লিশ দশকে অবিভক্ত বাংলায় হিন্দু-মুসলমান রায়টের জের কিন্তু আমরা এখনো বহন করে চলেছি। ভারতের বাবরি মসজিদের রায় নিয়ে দুই দশকের পুরাতন ঘা আবার দগদগে হয়ে উঠেছে এমনকি এই বাংলাদেশেও। সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টঘটিত সহিংসতা পাশের দেশে উস্কাচ্ছে। যেকোনো মুহুর্তে সীমান্তের এই পাড়ে শুরু হয়ে যেতে পারে হিন্দু খেদিয়ে প্রতিশোধ নেবার উছিলায় জমি দখলের পাঁয়তারা।
খবরের কাগজ খুললেই আমরা দেখতে পাচ্ছি ছোট থেকে ছোট গোষ্ঠিতে মানুষ প্রতিনিয়ত নিজেকে বাঁধছে। পরিবহন শ্রমিকেরা সম্পূর্ণ দেশ অচল করে দিচ্ছে। ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর কারণে বা বিনা কারণে ডাক্তাররা মার খাচ্ছে বিভিন্ন দল গোত্রের হাতে। তারা ক্ষুণ্ন এবং একজোট হচ্ছে। আবার একই সময়ে কোনও ডাক্তারের গাফিলতি নিয়ে কোনো রিপোর্ট বা পোস্ট করা হলে তারা দাঁড়িয়ে যাচ্ছে সেই ডাক্তারকে আড়াল করতে। উকিল সমাজ নিজেকে বাঁধছে নিজস্ব গণ্ডিতে। গোত্রভিত্তিক, পেশাভিত্তিক সব ধরনের দ্বন্দ্বের মধ্যে সবচেয়ে কুৎসিত অবস্থার জন্ম নিচ্ছে ধর্মভিত্তিক দ্বন্দ্ব। মন্দির বা মূর্তি ভাঙার ঘটনাগুলো রীতিমত প্রাত্যহিক ব্যাপার হয়ে দাঁড়ায় পূজোর সময়। ভারতের কোনো এক কোনও প্রত্যন্ত এলাকায় গোমাংস খাওয়ার অপরাধে তার দূরতম কোণার অন্য কোনও এক স্টেটের অন্য কোনও গণ্ডগ্রামে কোন মুসলমানকে জয় শ্রীরাম বলতে বাধ্য করেছে কোনও হিন্দু, তার প্রতিশোধ কোনও মুসলিম তুলছে এই বাংলাদেশের কোনো এক গণ্ডগ্রামে তার হিন্দু প্রতিবেশির ঘর পুড়িয়ে বা মূর্তি ভেঙে।
যে পরিচয় এবং দ্বন্দ্ব রীতিমত সওয়াব বা পুণ্য কামানোর মত অনুভূতি দেয় সেই স্পৃহা আপনি কী করে বন্ধ করতে পারবেন?
এই হিংস্র স্পৃহা শুধু তো এক প্রকারের না, সামান্য থেকে সামান্যতম সন্দেহ আমাদের বাধ্য করছে একেকটি গোত্রে নিজেদের বেঁধে ফেলতে। ফেসবুকে কল্লা চুরির কথা শুনে আমরা কখনো কনসার্নড প্যারেন্টস এর অংশ হয়ে গণপিটুনি দিয়ে মেরে ফেলছি একজন মা-কে। অমূলক সন্দেহে মারা যাচ্ছে মানসিক ভারসাম্যহীন মানুষজন। কখনো আমরা রাজনৈতিক সহিংসার বশবর্তী হচ্ছি, কখনো ধর্মীয়, কখনো গোত্রীয়। কখনো অতি উৎসাহী হয়ে খুন করে ফেলছি আর কখনো সামান্যতম ভ্রুক্ষেপ করছি না, বিচারের বাণী নীরবে অন্ধ হয়ে কাঁদছে। কখনো পেশাগত, কখনো ধর্মীয়, কখনো জাতিগোষ্ঠি, এমনকি কখনো পাড়ার পরিচয়ে জড়িয়ে পড়ছি সংঘাতে। অথচ এ পরিচয়গুলোর কোনোটাই আমাদের একক পরিচয় না। কোনও পরিচয়ই আমাকে আপনাকে পেটানোর, খুন করার মত অনুমতি দেয় না, জাস্টিফাই করেনা।
এই নিদারুণ সামাজিক নিষ্ঠুরতা আমাদেরকে ঠেলে দিচ্ছে এক অমানুষিক সমাজ ব্যবস্থার দিকে। চায়ের কাপ ঠোঁটে লাগিয়ে আমরা প্রতিদিন বলছি যে এই দেশ বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে। নি:শ্বাস নিতে আমাদের কষ্ট হচ্ছে। কিন্তু এ অবস্থা থেকে উত্তরণের কোনও পথ নিয়ে আমরা কথা বলছি না।
আমরা বলছি- ধর্ষকের শাস্তি হোক মৃত্যুদণ্ড, কিছু ক্ষেত্রে আমরা নিদান দিচ্ছি খুনি/ধর্ষকের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ কেটেকুটে এমন তেমন করা হোক। পত্রিকার কমেন্ট সেকশন পড়লে দেখা যায়, একেকজন কমেন্টার কি নিদারুণ সৃজনশীলতার সাথে ধর্ষকের উপর নির্যাতনের উপায় বাতলাচ্ছেন। খুনি/ধর্ষক অধম বলে আমরা উত্তম হবো, ব্যপারটা আর আমাদের মাথায় আসছেনা। আমরা অবনতির দিকে অতি উৎসাহের সাথে রওনা দিয়েছি। আমরা নিজেদেরকে ভিকটিম গোত্রভূক্ত করে ফেলছি, হতাশাগ্রস্ত হচ্ছি আর সেই হতাশা থেকে বের হওয়ার নিদান হিসেবে বেছে নিচ্ছি আরও নিকৃষ্ট মানসিকতাকে প্রশ্রয় দিয়ে।
অর্থনীতিবিদ অমর্ত্য সেন এর নিদান দিয়েছেন খুব সরলভাবে। তিনি বলছেন এর থেকে উত্তরণের পথ হলো 'ফ্রিডম টু থিংক'। এখানে ফ্রিডম কথাটি তিনি বর্ণনা করেছেন স্বাধীনতা অর্থে নয়, বরং সক্ষমতা অর্থে। চিন্তা করার সক্ষমতা। কি চিন্তা করার সক্ষমতা? এ যে অসংখ্য পরিচয়সম্পন্ন মানুষ কোনও একটি পরিচয়ের প্রাবল্যে যখন ভারসাম্য হারিয়ে ফেলে, তখন তার এ চিন্তা করার সক্ষমতা লুপ্ত হয়। এক অর্থে ভেবে দেখলে মানুষ নিজেই তার স্বাধীনতাকে খর্ব করে, সক্ষমতাকে বিসর্জন দেয় বেমালুম। ধরুন দুটি বস্তা, বস্তার ভিতর দুটি মানুষ। বস্তার উপরে লেবেল ছাপানো আছে, দুটি গোত্রের নাম। কেউ কাউকে দেখতে পাচ্ছেনা। শুধু জানে অপর বস্তায় তার শত্রু, তাকে শেষ করতে হবে- বাক্যে, কর্মে, অস্ত্রে যেভাবে হোক। চিন্তার সক্ষমতাটা হচ্ছে এই করুণ অবস্থার বিপরীত; বস্তার ভিতর নিজে ঢুকবার আগে এবং অপরকে ঢুকিয়ে ফেলার আগে ভেবে দেখার সক্ষমতা যে, ওই লোকটার একটা পরিবার আছে, তার বাবা মা তার পথ চেয়ে আছে আমারই মতো, তার হয়তো একটা পুত্র বা কন্যা আছে যে, বাবার মুখের দিকে চেয়ে হাসলে সমস্ত পৃথিবী আলো হয়ে যায়।
এই 'এমপ্যাথি' তাড়িত সমাধান কি অতি সরলীকরণ মনে হচ্ছে?
জটিল সময়ে আছি আমরা। জটিল থেকে জটিলতর হচ্ছে প্রতিদিনের জীবন। একবার সরল চেষ্টাটাই করে দেখিনা বরং। ১৪শ শতাব্দীর বিখ্যাত যুক্তিবিদ এবং থিউলজিয়ান উইলিয়াম অব ওক্কাম এর একটি বিখ্যাত থিউরি আছে, পৃথিবীর তাবত দার্শনিক এবং বিজ্ঞানীদের সমস্যার সমাধানে অনেক বড় একটি পাথেয়, 'ওক্কামস রেজার' নামে এই থিউরি সর্বজনবিদিত। সরলভাবে বলতে গেলে ওক্কাম এর কথা হলো, "সিমপ্লেস্ট সল্যুশন ইজ অলওয়েজ দ্য বেস্ট, সবচে সরল সমাধানটাই সবচে ভালো সমাধান।"
নাহ, সরল নিদানের খোঁজ দিয়ে হাত ধুয়ে ফেলা আমার উদ্দেশ্য না। সমস্যাটি আসলেই এতটা সরল না। যখন ব্যাপারটা উপলব্ধির এবং নিত্যদিনের প্র্যাকটিসের তখন কিন্তু ইউনিফর্ম ফলাফল আশা করা যায়না সবার কাছ থেকে। সবার ভাবার স্কেল সমান না। তাহলে সমাধানটা কী? আপনার জন্য সমাধানটা কি ভিন্ন কিছু? ভাবুন।
চন্দ্রিল ভট্টাচার্যের ভাষায়- "ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন।" বাঁচতে হলে আমাদের ভাবতে হবে। প্রতিদিন ভাত খেয়ে মুখ বালিতে গুজে বেঁচে থাকতে তো পারছিনা, নিজেদের প্রতিনিয়ত বস্তায় ভরে খুন করে যাচ্ছি আমরা, এই অবস্থা থেকে বাঁচার/ উত্তরণের পথটা কী? মানব পরিচয়গুলো একটা যখন অতি প্রাধান্য পেয়ে যাচ্ছে, এই যে আমাদের দানব বানিয়ে দিচ্ছে অনায়াসে, এ থেকে মুক্তির পথ কি? ভূপেন হাজারিকার সেই গানটার কথা মনে আছে?
"যদি দানব কখনো বা হয় মানুষ, লজ্জা কি তুমি পাবেনা?"
