২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়াকে আলোচনায় নিয়ে আসা কি সম্ভব?

বিজন সরকার

Published : 20 May 2017, 07:47 PM

Updated : 01 Jul 2022, 05:43 PM

৯ মে। কোরিয়ার আকাশে সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি। প্রায় সারা দিনই থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। দিনটি ছিল কর্মব্যস্ত কোরিয়ান জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোরিয়ার এবারের জাতীয় নির্বাচন কেবল কোরিয়ানদের কাছে নয়, সারা বিশ্বের কাছেই আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল। বিশেষ করে অভিশংসন প্রক্রিয়ার মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট পার্ক গিউন হের উত্তরাধিকারী এশিয়ার ইউরোপ 'কোরিয়া'কে কোন পথে নিয়ে যান, তা দেখার অপেক্ষায় ছিল বিশ্ব।

কোরিয়ার এবারের নির্বাচনটি বহু প্রেক্ষাপটেই ব্যতিক্রম ছিল। কোরিয়ার অভ্যন্তরীণ রাজনীতি প্রবল টানাপোড়নের মধ্য দিয়ে যাচ্ছিল বেশ কয়েকমাস ধরেই। দুর্নীতি ও অর্থনীতির মতো দুটি ইস্যু কোরিয়ান সমাজকে বেশি ভাবিয়ে তুলেছিল। পাশাপাশি রয়েছে আন্তর্জাতিক ভূ-রাজনীতিও, বিশেষ করে উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি, ট্রাম্প প্রশাসনের নতুন অর্থনৈতিক কৌশল ও উত্তর কোরিয়ার প্রতি ট্রাম্প প্রশাসনের কঠোর মনোভাব। এমন বেশ কয়েকটি সুনির্দিষ্ট বিষয় কোরিয়ার জাতীয় নির্বাচনে তাৎপর্যপূর্ণভাবে প্রভাব ফেলেছে।

নির্বাচনটি এমন সময় হল, যখন উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্র একে অন্যের মুখোমুখি। উত্তর কোরিয়ার বেপরোয়া নেতা কিম জং উন একের পর এক পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাচ্ছেন, পরীক্ষা করছেন আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র। আন্তর্জাতিক নিয়মনীতির কোনো তোয়াক্কাই পিয়ংইয়ং করছে না। এমনকি খোদ চীনের কথা শুনতে পিয়ংইয়ং আগ্রহী নয় বলেই মনে হচ্ছে।

পিয়ংইয়ংয়ের এমন আচরণে আমেরিকা, জাপান ও কট্টর রক্ষণশীল পার্ক গিউনের সরকার সামরিক তৎপরতা তুঙ্গে তুলেছিল। গুয়ামে অবস্থিত মার্কিন অ্যান্ডারসন বিমানঘাঁটি থেকে পারমাণবিক অস্ত্র বহনকারী বি-সিরিজের জঙ্গি বিমানগুলি উত্তর কোরিয়ার আকাশে উড়াল দিয়েছিল সেই বারাক ওবামার সময়েই। পিয়ংইয়ংয়ের প্রতি সামরিক তৎপরতায় ট্রাম্প প্রশাসন ওবামা প্রশাসনের চেয়ে আরও কয়েক ধাপ এগিয়ে। উত্তর কোরিয়ার জলজ সীমানায় পাঠিয়েছে বিশাল নৌবহর ও ডুবো জাহাজ। অন্যদিকে কিম জং উন প্রশাসন আমেরিকার বিরুদ্ধে উত্তর কোরিয়ায় পারমাণবিক বোমা নিক্ষেপের প্রস্তুতির অভিযোগও আনে।

নির্বাচনের পরপরই ফলাফলের জন্য কোরিয়ানদের দৃষ্টি ছিল টিভির পর্দায়। সন্ধ্যায় কোরিয়ান সরকারের একজন কর্মকর্তার দাওয়াতে রাতের খাবার খেতে একটি রেৎস্তরায় যাই। রেৎস্তরায় উপস্থিত সবার চোখ ছিল টিভির দিকে। এক প্রশ্নের জবাবে সরকারি কর্মকর্তা জানালেন, ডেমোক্রেটিক পার্টির মনোনীত প্রার্থী মুন জে ইনই কোরিয়ার পরবর্তী প্রেসিডেন্ট। উল্লেখ করলেন, দেশের নতুন প্রজন্ম রক্ষণশীলদের আর ক্ষমতায় দেখতে চায় না। কারণ হিসেবে অভ্যন্তরীণ রাজনীতিসহ উত্তর কোরিয়ার সঙ্গে চলমান সংকেটর কথা উল্লেখ করলেন।

যাহোক, সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ডেমোক্রেটিক পার্টির নেতা মুন জে-ইন ৪১.১ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হলেন এবং দক্ষিণ কোরিয়ার ১৯তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন। তাঁর শপথের মধ্য দিয়ে রক্ষণশীল দলের টানা দশ বছরের শাসনে ইতি পড়ল।

Image
নতুন প্রেসিডেন্ট মুন জে-ইন আবারও সান-সাইন পলিসির দিকে অগ্রসর যে হবেন, এটি স্পষ্ট করেই বলা যায়

নির্বাচন পরবর্তী জরিপে স্পষ্টভাবে দেখা গেল, কোরিয়ান সমাজে প্রজন্মভিত্তিক বিভক্তির রেখাটি। যাদের বয়স ত্রিশ থেকে চল্লিশের কোটায় তাদের মধ্যে পঞ্চাশ শতাংশ মুন জে-ইনকে ভোট দিয়েছে। আর যাদের বয়স বিশের কোটায়, তাদের মধ্যে মুন জে-ইনকে ভোট দিয়েছে ৪৭.৬ শতাংশ। ষাট কিংবা সত্তরের কোটায় যাদের বয়স, তাদের মধ্যে মুন জে-ইনকে ২৪.৬ শতাংশ ভোট দিয়েছে। মজার বিষয় হল, যাদের বয়স চল্লিশের কম, তাদের মধ্যে মাত্র ১৩.২ ভোট দিয়েছে রক্ষণশীল নেতা হং জুন-পিয়কে। দেশটির তরুণ সমাজ পরিবর্তন চেয়েছে। জুন পিয়দের জাতীয় নিরাপত্তার ইস্যুর ট্যাবলেটটি দেশটির তরুণ প্রজন্ম খেতে চায়নি। রক্ষণশীলেরা নিরাপত্তার ইস্যুটি আশি দশক থেকেই জাতীয় নির্বাচনে ব্যবহার করে আসছে এবং ফলাফলও পেয়েছে।

জুন পিয়র নির্বাচনী ক্যাম্পেইনে একটি শ্লোগান ছিল "Pro-North Leftists, No; A Free Republic of Korea, Yes."

পিয় তাঁর নির্বাচনী প্রচারের সারাটা সময় ধরেই মুন জে-ইনকে উত্তর কোরিয়াপন্থী রাজনীতিবিদ হিসেবেই ট্যাগ লাগিয়ে আসছিলেন।

যাহোক, নির্বাচনে নির্দিষ্ট চারটি ইস্যুর মধ্যে উত্তর কোরিয়া ইস্যু অন্যতম ছিল। জরিপে দেখা যায়, উত্তর কোরিয়া সমস্যাটিকে দেশটির ভোটাররা চতুর্থ সমস্যা হিসেবে বিবেচনা করেছিল। জুন পিয়দের নিরাপত্তার ইস্যুটি কোরিয়ার নতুন প্রজন্ম, যে প্রজন্মটি গণতান্ত্রিক কাঠামোর মধ্যে দিয়ে বেড়ে উঠেছে, তেমন পাত্তা দেয়নি। তারা দুর্নীতি, শ্রম বাজার ও অর্থনীতি নিয়েই বেশি চিন্তিত ছিল।

প্রেসিডেন্টশিয়াল বিতর্কে জুন পিয়র মতোই পিপলস পার্টির নেতা আন সল সুও উত্তর কোরিয়াকে ‌'শত্রু রাষ্ট্র' জ্ঞান করেন বলে উল্লেখ করেছেন। ব্যতিক্রম ছিল মুন জে-ইন। তিনি একবারের জন্যও বলেননি যে, উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার শত্রু রাষ্ট্র। বরং তিনি বারবার বলেছেন, তিনি উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনায় বিশ্বাসী। নির্বাচিত হলে তিনি উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা করবেন এমন প্রতিশ্রুতি ভোটারদের দিয়েছেন। মজার বিষয় হল, পিয়ংইয়ংয়ের রাষ্ট্র নিয়ন্ত্রিত গণমাধ্যমগুলির সম্পাদকীয়তেও দক্ষিণ কোরিয়ার নির্বাচনে রক্ষণশীলদের বর্জন করতে দক্ষিণ কোরিয়ার ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছিল।

প্রেসিডেন্ট মুন জে-ইন ‌'সান-সাইন পলিসি'র প্রবক্তা। সান-সাইন পলিসির মূল উদ্দেশ্যই ছিল দুই কোরিয়ার মধ্যে সম্পর্ক উন্নয়ন করা। সান-সাইন পলিসিকে ১৯৯৮ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। পরবর্তীতে রক্ষণশীলেরা ক্ষমতায় আসার পর সান-সাইন পলিসি বাধাগ্রস্ত হয়ে পড়ে। নতুন প্রেসিডেন্ট মুন জে-ইন আবারও সান-সাইন পলিসির দিকে অগ্রসর যে হবেন, এটি স্পষ্ট করেই বলা যায়। মুন জে-ইন ইঙ্গিত দিয়েছেন যে, তিনি তাঁর উত্তরাধিকারের গৃহীত অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নীতিগুলিতে আমূল পরিবর্তন আনবেন। দক্ষিণ কোরিয়ার অভ্যন্তরীণ প্রশাসনিক কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আসছে। পুলিশ বিভাগের ক্ষমতা বহুগুণে বেড়ে যাবে। প্রসিকিউটরদের ক্ষমতার সঙ্গে পুলিশ বিভাগের ক্ষমতার ভারসাম্য আনা হচ্ছে।

যাহোক, মুন জে-ইন অফিস বুঝে নেওয়ার পরপরই উত্তর কোরিয়া ইস্যু সামনে চলে আসছে। পিয়ংইয়ং আবারও পারমাণবিক ওয়ারহেড বহনকারী ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। এবারের ক্ষেপণাস্ত্র পরীক্ষায় পিয়ংইয়ং আগের তুলনায় অনেক বড় পারমাণবিক ওয়ারহেড ব্যবহার করেছে। পিয়ংইয়ং রাষ্ট্রীয় প্রচার মাধ্যম জানিয়েছে, এবারের ক্ষেপণাস্ত্র পরীক্ষার মূল উদ্দেশ্য হল বড় আকারের পারমাণবিক ওভারহেডগুলিকে আরও নিখুঁত ও পরিপক্কভাবে লক্ষ্যবস্তুর উপর নিক্ষেপ করা। বিশেষজ্ঞরাও বলছেন যে, উত্তর কোরিয়া আগের চেয়ে আর নিখুঁত ও সফলভাবে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। পরীক্ষিত ক্ষেপণাস্ত্রটি প্রায় ৭২৭ মাইলের দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সম্ভব। পরীক্ষিত ক্ষেপণাস্ত্রটি উত্তর কোরিয়ার উত্তর-পশ্চিমের শহর কুসং থেকে নিক্ষেপ করা হয়। ক্ষেপণাস্ত্রটি রাশিয়ার উপকূলীয় অঞ্চল ভ্লাদিভস্টক থেকে ষাট কিলোমিটার দূরে সমুদ্রের পানিতে পতিত হয়।

জাপান জানিয়েছে যে, পরীক্ষিত ক্ষেপণাস্ত্রটি প্রায় আধা ঘণ্টা আকাশে উড়েছিল। এমতাবস্থায় খুব শিগগিরই পিয়ংইয়ং যে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ক্ষেপণাস্ত্র বানাতে সক্ষম হয়ে পড়বে সেটি এখন নিশ্চিত করে বলা যাচ্ছে। সেইসব ক্ষেপণাস্ত্র দিয়ে বিশ্বের যে কোনো জায়গায় আঘাত হানতে সক্ষম পিয়ংইয়ং।

একইসঙ্গে পিয়ংইয়ং যুক্তরাষ্ট্রকে স্পষ্টভাবে সতর্ক করে দিয়ে বলেছে, যদি আমেরিকা উত্তেজক আচরণ বন্ধ না করে, পিয়ংইয়ং আমেরিকার মূল ভূখণ্ডে ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে হামলা করবে।

পিয়ংইয়ং এমন সময় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে যখন বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট ঝি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা চলছিল। বেইজিংয়ে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য ও অবকাঠামো সামিটে যোগ দেওয়ার জন্য বহু দেশের রাষ্ট্রপ্রধান উপস্থিত ছিলেন। উত্তর কোরিয়া যেখানে চীনের একমাত্র বন্ধু রাষ্ট্র, সেখানে বেইজিংয়ে এমন একটা গুরুত্বপূর্ণ সামিট চলাকালীন পিয়ংইয়ংয়ের ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়টি চীনকে বড় ধরনের বেকায়দায় ফেলেছে। ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর কৌশলী চীন সবাইকে সংযত হওয়ার গতানুগতিক আহ্বান জানিয়েছে।

ভ্লাদিমির পুতিন ঝি জিনপিংকে বারবার পিয়ংইয়ংয়ের ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা বলছিলেন। পুতিন পিয়ংইয়ংয়ের এমন প্ররোচক আচরণে দেশটির পূর্বাংশের নৌঘাঁটিকে সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেন। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে আবারও বিশ্ব সম্প্রদায়কে জানিয়েছে যে, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা জাপানের জন্য ভয়ানক হুমকি।

দক্ষিণ কোরিয়ার নির্বাচন উত্তর পিয়ংইয়ংয়ের এমন আচরণ নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ। দক্ষিণ কোরিয়াতে এমন একটি সরকার ক্ষমতায় গেল, যারা উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা করতে আগ্রহী। অথচ এই বিষয়টি অগ্রাহ্য করে পিয়ংইয়ং বড় ধরনের ক্ষেপণাস্ত্র কেন পরীক্ষা চালাল, সেই প্রশ্নের উত্তর খুঁজতে ব্যস্ত বিশেষজ্ঞরা।

নতুন প্রেসিডেন্ট মুন জে-ইন পিয়ংইয়ংকে ডিনিউক্লিয়ারাইজেশন করার জন্য আলোচনার উপর জোর দিচ্ছিলেন, তিনিও নতুন করে উত্তরের ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে অহেতুক প্ররোচনা হিসেবেই দেখছেন। এমনকি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের গৃহীত সিদ্ধান্তের সরাসরি লঙ্ঘন তা স্পষ্টভাবেই বললেন। এতে করে কোরিয়ার উপদ্বীপে শান্তি ও নিরাপত্তা ব্যাহত হবে বলে তিনি মনে করেন। প্রেসিডেন্ট মুনের মুখপাত্র জানিয়েছেন, আলোচনা কেবল তখনই সম্ভব যখন পিয়ংইয়ং আচরণ পরিবর্তন করবে। একইসঙ্গে পিয়ংইয়ংয়ের আগ্রাসী আচরণের জবাব দিতে সিউল প্রস্তুত বলে তিনি জানান।

এমতাবস্থায় একটি প্রশ্ন মৌলিক হয়ে উঠছে। বর্তমান বাস্তবতায় উত্তর কোরিয়াকে আলোচনায় নিয়ে আসা কিংবা দক্ষিণ কোরিয়ার মিত্র রাষ্ট্রগুলির সামরিক পদক্ষেপের চাপ মোকাবেলা করে আলোচনার জন্য দীর্ঘসময় অপেক্ষা করার মতো ধৈর্য দেখানো কি প্রেসিডেন্ট মুন জে-ইনের পক্ষে সম্ভব? কারণ উত্তর কোরিয়ার বর্তমান প্রেক্ষাপটটি দশক আগের প্রেক্ষাপটের চেয়ে একেবারেই ভিন্ন ও জটিল। পিয়ংইয়ং এখন কেবল পারমাণবিক অস্ত্র তৈরির সরাসরি ঘোষণাই দিচ্ছে না, আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সক্ষমতা অর্জনের দোরগোড়ায়।

উত্তর কোরিয়ার নেতৃত্ব এখন কিম জং উনের মতো অল্প বয়স্ক উগ্র স্বভাবের একজন মানুষের হাতে। চৌত্রিশ বছরের কিম জং উন ক্ষমতা কুক্ষিগত করার জন্য নিজ পরিবারের সদস্যদেরকেই নির্বিচারে হত্যা করছেন। যাকেই তাঁর সরিয়ে দিতে মন চাইেছ তাকে তিনি সরিয়ে দিচ্ছেন। তাঁর মতো একজন বেপরোয়া স্বভাবের মানুষদের সঙ্গে শান্তির জন্য আলোচনা চালিয়ে কোনো লাভ হবে বলে মনে হয় না। ফলপ্রসূ আলোচনার জন্য প্রেসিডেন্ট মুন জে-ইনের ইচ্ছা থাকলেই কী হবে!

প্রশ্ন আসতে পারে, তাহলে কি করে এক দশক আগে পিয়ংইয়ংকে ঘিরে সান-সাইন পলিসি গ্রহণ করা হয়েছিল? উত্তর কোরিয়ার সঙ্গে কীভাবে আলোচনা সম্ভব হয়েছিল? সেটির উত্তর সরাসরি প্রেক্ষাপটের সাপেক্ষে দেওয়া যায়। আগে উত্তরের ক্ষমতায় ছিল কিম জং উনের বাবা কিম জং ইল।

দশক আগে যখন দক্ষিণ কোরিয়াতে উদারপন্থীরা ক্ষমতায় ছিল, তখন উত্তর কোরিয়ার নেতা ছিলেন কিম জং ইল। কিম জং ইল উত্তরের নেতা হিসেবে দায়িত্ব নেন যখন তাঁর বয়স ৫৩ বছর। কিম ইল বেশ দক্ষতার সঙ্গে সিউলের সঙ্গে আলোচনা চালিয়েছিলেন। আলোচনার ফলাফলও আসতে শুরু করেছিল। নারী ঘটিত কিছু কেলেঙ্কারি ছাড়া নিজ পরিবারের সদস্যসহ শত শত মানুষ হত্যা করার মতো অভিযোগ কিম জং ইলের বিরুদ্ধে ওঠেনি। কিম জং উন ২০১১ সালে ক্ষমতা নেওয়ার পর থেকে তিনশর উপরে মানুষ হত্যা করেছেন।

দ্বিতীয়ত, কিম জং উনের নেতৃত্বে পিয়ংইয়ং যদি একের পর এক পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা করতে থাকে, দক্ষিণ কোরিয়ার জনগণের মনোভাব পরিবর্তন হতে সময় লাগবে না। পিয়ংইয়ংয়ের সঙ্গে আলোচনায় জন্য যে ম্যানডেট জনগণ মুন জে-ইনকে দিয়েছেন সেটি বেশি দিন হাতে ধরে রাখা মুন জে-ইনের পক্ষে সম্ভব নাও হতে পারে। সে ক্ষেত্রে মিত্রদের চাপ ও জনগণের ধৈর্যচ্যুতির প্রতিফলনের কারণে মুন জে-ইনের পক্ষে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা চালিয়ে নেওয়া অসম্ভব হতে পারে।

তৃতীয়ত, চীনও চাইছে না যে, কোরিয়া উপদ্বীপে উত্তেজনা চলতে থাকুক। এভাবে চলতে থাকলে আমেরিকার প্রবেশের আরও বেশি পরিমাণ সুযোগ তৈরি হবে। চীনের সঙ্গে প্রতিবেশী প্রতিটি দেশের রয়েছে সীমান্ত নিয়ে বিরোধ। সমুদ্রসীমা নিয়ে চীনের সঙ্গে ভিয়েতনাম, কম্বোডিয়া, জাপান, ফিলিপাইনের সমস্যা তুঙ্গে। সেই সুযোগ আমেরিকা লুফে নিচ্ছে। ভারতও ভিয়েতনামে নৌঘাঁটি নির্মাণ করেছে।

এমন প্রেক্ষাপটে উত্তর কোরিয়া যদি পারমাণবিক কর্মসূচি চালিয়ে যায় তাতে সমস্যাটি চীনের হাতের বাইরে চলে যাবে। ওবামা আমলের শেষে দিকে তাঁর বিদেশমন্ত্রী জন কেরি কোরিয়া উপদ্বীপে উত্তেজনা বিরাজমান অবস্থায় চীন সফর করেছিলেন। তিনি চীনের নেতৃত্বকে জিজ্ঞাসা করেছিলেন:

"আমরা যদি ইঙ্গিত দিই দক্ষিণ কোরিয়া ও জাপান চব্বিশ ঘণ্টার মধ্যেই পারমাণবিক বোমা সফলভাবে পরীক্ষা চালাতে সক্ষম?"

যদি দক্ষিণ কোরিয়া ও জাপান পারমাণবিক বোমার অধিকারী হয়, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে চীন। আবার চীন উত্তর কোরিয়াকে সংযত করার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

এমন প্রেক্ষাপটে প্রেসিডেন্ট মুন জে-ইন আলোচনা চালিয়ে যাওয়ার যে রাজনৈতিক দর্শন প্রয়োগ করতে চাইছেন, সেটি নিয়ে ইতোমধ্যেই সংশয় দেখা দিয়েছে।