২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নদী, রাজনীতি ও গণবিমুখ পরিকল্পনা

ফিরোজ আহমেদ

Published : 25 May 2010, 09:08 PM

Updated : 01 Jul 2022, 05:54 PM

Image
ছবি. মুস্তাফিজ মামুন

বাংলাভাষায় নদী বিষয়ক প্রথম গ্রন্থ বাংলা দেশের নদ নদী ও পরিকল্পনা-র লেখক কপিল ভট্টাচার্য মাতৃভাষায় নদী সম্পর্কে লিখতে উদ্বুদ্ধ হয়েছিলেন একটা তাড়না থেকে। কপিল ভট্টাচার্য ইংরেজিতে দরখাস্ত লেখা কমিয়ে বাংলায় কলম ধরলেন; যে মানুষগুলো এই নদীর মালিক, তারা সচেতন হলে পরেই তো নদী বাঁচবে–এই বোধ থেকে সংবাদপত্রে নিবন্ধ লেখা থেকে শুরু করে জনসভায় বক্তৃতা দেয়া পর্যন্ত সম্ভাব্য সকল উপায়ে নদী নিয়ে যে অসৎ কারবার চলছে, মাতৃভাষায় তার মুখোশ উন্মোচন করা শুরু করলেন। কলকাতা বন্দর বাঁচানোর নাম করে '৫০ এর দশকে ফারাক্কা বাঁধ নিয়ে দেশপ্রেমের যে হুজুগ ভারত জুড়ে তোলা হয়েছিল, তার আসল স্বরূপটি দেখিয়ে তিনি এই ডামাডোলেও শাসকদের ধান্ধাটি তিনি ঠিকঠাক খুঁজে বের করেছিলেন।

ভারত পাকিস্তান ও বাংলাদেশ এই তিন দেশেই নানান মাত্রার জনপ্রতিরোধ সত্ত্বেও বলা অসঙ্গত হবে না যে, আজ পর্যন্ত রাষ্ট্র নদী ব্যবস্থাপনার বেলায় গণস্বার্থের চেয়ে বহুজাতিক পুঁজির স্বার্থই অনেক বেশি রক্ষা করেছে। এমনকি তৎকালীন পাকিস্তান রাষ্ট্রের সাথে পূর্ববঙ্গের অধিবাসীদের প্রথম প্রত্যক্ষ সংঘর্ষটিও ঘটেছিল নদী শাসনকে কেন্দ্র করেই। চট্টগ্রামের রাউজান আর ফটিকছড়ির মাঝ দিয়ে বয়ে চলা হালদা নদীর (যে নদীটিতে গত সপ্তাহে ডিম ছেড়েছে মা মাছেরা!) সর্পিল বাঁকের কারণে বারংবার বন্যার শিকার হওয়া অধিবাসীরা কয়েকটি বাঁকে খাল কেটে নদীর গতিপথকে সোজা করতে চাইছিল। আর সেচ বিভাগ চাইছিল কাজটি করার আগে উপাত্ত সংগ্রহ, নৌপথে বিশদ জরিপ, অতঃপর আকাশ থেকে বিশদ জরিপ শেষে সরকারের কাছে সুপারিশ করার দীর্ঘসূত্রী পথে হাঁটতে। সেচকর্তাদের নগদ আগ্রহ ছিল ব্যয়বহুল ড্রেজারে, তাদের জন্য বোধকরি আরও গূরুত্বপূর্ণ ছিল নদীশাসনের কর্তৃত্ব নিজেদের হাতেই রাখা। বছরের পর বছর ধরে অতটা ক্ষতি শিকারে আর আগ্রহী ছিল না এলাকাবাসী, তারা রীতিমতো ঢোল পিটিয়ে কোদাল দিয়ে খাল কাটার জন্য জমায়েতের আয়োজন করে, তিনটি খাল কেটেও ফেলে। ১৯৪৮ সালের সেপ্টেম্বর মাসের ২৯ তারিখ ছিল সবচে' বড় বাঁকটাতে খাল কাটার জন্য নির্ধারিত দিন। প্রায় চল্লিশ হাজার মানুষের জমায়েতকে ১৪৪ ধারা জারি করে বিরত করতে না পেরে প্রশাসন গুলি চালায়, দশজন নিহত হন, আরো বাইশ জনকে বুলেটবিদ্ধ হয়ে হাসপাতলে আনা হয়। সরকারী তরফের নড়াচড়া আর রিপোর্টে একটা বিষয় ছিল পস্ট, এলাকাবাসী ভুলশুদ্ধ যা করেছে, তার চেয়ে অনেক বেশি গূরুত্বপূর্ণ ছিল নদীশাসনের কাজটা নিজেদের হাতে রাখা, নতুন গড়ে ওঠা রাষ্ট্রের চাষাভূষোরা যেন ভেবে না বসে তারা খেয়াল খুশিমতো কাজ করতে পারবে।  নদী শাসনের কাজটাকে সামাজিক উদ্যোগ থেকে রাষ্ট্রীয় তদারকিতে আনার এই কাজটা পরবর্তীতে পুরো দেশটা জুড়েই ঘটেছে, সর্বদা সেটা ঠিক বলপ্রয়োগে ঘটেছিল, তা বলাটা অবশ্য সঙ্গত হবে না। সবুজ বিপ্লব, সেচখাল, বন্যানিয়ন্ত্রণ, উফশী শস্য- এই সব জনপ্রিয় শ্লোগান মধ্যবিত্ত  জনমানসেও সেই প্রক্রিয়াটাকে কখনো কখনো আকাঙ্খিত করে তুলেছিল। কিন্তু স্থানীয় মানুষেরা সর্বদাই দ্বিধা দ্বন্দ্বে ছিলেন উন্নয়নের এই প্রক্রিয়াটি নিয়ে।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদী ব্যবস্থাপনার নামে গুরুতর ঘটনা ঘটে উপনিবেশিক উত্তর যুগে, পাকিস্তান আমলে। ১৯৫৪, '৫৫ ও '৫৬ সালে সালে ভয়ানক বন্যায় ক্ষতির শিকার হয় এই এলাকা। কিন্তু উজানে যেমন বন্যার তীব্রতা বৃদ্ধির কারণ নদীর পানির দ্রুত অপসৃত হতে না পারা, ভাটির এই এলাকায় বন্যার তীব্রতা বৃদ্ধির কারণ উৎসমুখ শুকিয়ে যাবার দরুণ নদীর উজানে পলি জমা ও ক্রমশ ভাটিতেও তার এই শুকিয়ে যাবার বিস্তার হলেও এটাই আন্তর্জাতিক লগ্নী পুঁজির জন্য নিয়ে আসে নতুন সুযোগ, সমাধানটিও তারা সেই রাস্তাতেই বাতলালেন।

এলো ক্রুগ মিশন। ৬৪ সালে তারা সুপারিশ করলেন: নদীগুলোকে বেধে ফেলতে হবে, তাহলেই আর বন্যার জল জমিতে প্রবেশ করবে না। উপকূলীয় এই নদীগুলি জোয়ারের সাথে যে বিপুল পলি নিয়ে আসে, এই পলি দিয়েই যে ভূ-খণ্ডটি গঠিত, ভূ-গঠনের এই প্রক্রিয়াটি যে তখনো (এবং এখনো, আজ পর্যন্ত) সচল, এই সব কিছু জেনেও তারা যে সুপরিশ করলেন, তা মাত্র বছর বিশেকের জন্য সমাধান আনলো। সুপারিশ মতো ৩৭ টি পোল্ডার, ১৫৬৬ কিলোমিটার উপকূলীয় বাধ এবং ২৮২ টি স্লুইসগেট স্থাপন করা হল। তহবিল জোগাল ইউএসএইড। সবুজ বিপ্লবের এই যুগে বাধের সাথে শুরু হল সার, কীটনাশকের রমরমা ব্যবসারও। সব কিছু বেশ ঠিকঠাকই চলছে বলে মনে হলো।

কিন্তু এই অবসরে জোয়ারের সাথে সমুদ্র থেকে আসা পলি জমে এই এলাকার নদীগুলি ক্রমশঃ আক্ষরিক অর্থেই মৃত্যুমুখে পতিত হতে শুরু করল। আগে এই পলিটিই দক্ষিন-পশ্চিমের নীচু বিলগুলোতে জমা হয়ে ক্রমশঃ সেগুলো ভরাট হয়ে উঁচু ভূমি হবার যে প্রাকৃতিক প্রক্রিয়াটি চালু ছিল, দুই ধারে বাধ দেবার কারণে সেটি আর ঘটলো না। নদীবক্ষে পলির অবক্ষেপন যেহেতু ভাটার সময়েই হয়ে থাকে, সমুদ্রের জোয়ার থেকে দূরবর্তীতম অংশেই পলি অবক্ষেপন হলো সবচে বেশি। ফলে উপরের দিক থেকে নদীগুলো ক্রমশঃ শুকিয়ে যেতে থাকলো। নদীগর্ভে যত বেশি পলি জমতে থাকে, নদীর শুকিয়ে আসাটাও ততো বেশি ত্বরান্বিত হতে থাকে। শুনতে অবিশ্বাস্য মনে হতে পারে, দক্ষিন-পশ্চিমাঞ্চলের নদীগুলো বর্তমানে প্রতিবছর প্রায় ১৫ কিলোমিটার হারে নদীগুলো শুকিয়ে যাচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের মূল আগ্রহ এখনও টিআরএম বাস্তবায়নের দিকে নয়, বরং তারা ড্রেজিং এর মাধ্যমে প্রতিবছর জমা পলি অপসারণেই আগ্রহী। কিন্তু মাত্র একবছরের জমা পলিই নদীর নাব্যতা সম্পূর্ণ বিনষ্ট করার জন্য যথেষ্ট। ফলে একই কাজ পুনরায় করা। এর ফলে ক্রমশঃ মৃত্যুমুখী নদী আর তার ফলস্বরুপ জলাবদ্ধতার হাত থেকে বাঁচার জন্য নিজেদের উদ্যোগে টিআরএম বাস্তবায়নের আন্দোলন গড়ে উঠেছে এই এলাকার বহু অংশেই, গত বছরই জেঠুয়া-কৃষ্ণকাঠি বিলের বাসিন্দারা স্থানীয় চেয়ারম্যানের নেতৃত্বে টিআরএম বাস্তবায়ন করেন। আবারও পুলিশ বাধা দেয়, মামলা হয় সক্রিয় উদ্যোক্তাদের নামে। পাউবোর সরল যুক্তি: তারা সরকারী সম্পত্তিতে হস্তক্ষেপ করেছে, মামলা তো হবেই। কিন্তু মাত্র এক বছরেই এই বিলের পাশ্ববর্তী নদী অনেকটাই নবীন হয়ে উঠেছে, বিলও  কয়েক ফুট পলিতে আবৃত হয়েছে।

এইখানে একটা উল্লেখযোগ্য বিষয় হলো, প্রতিটি গণউদ্যোগের টিআরএম কার্যক্রমেই জনগণকে আপাত একটা ঝামেলার মুখোমুখি হতে হচ্ছে, সেটা হলো ভাঙা বাধের কারণে ঘরবাড়ি পর্যন্ত কোথাও কোথাও পানি চলে আসা। কিন্তু তাদের বড় অংশই এই কষ্টটি স্বীকার করতে রাজি, কারণ মাত্র কয়েক বছরেই তারা স্থায়ীভাবে জলাবদ্ধতা থেকে মুক্তি পাচ্ছেন, একইসাথে ফিরে পাচ্ছেন তাদের জীবনদায়ী নদীটিকেও।

এই এলাকায় বিপুল পলি আসতেই থাকবে সমুদ্রের জোয়ারের সাথে। পদ্মা-মেঘনার সাথে আসা পলি ভাটার টানে সমুদ্র বক্ষে চলে যায়, জোয়ারের সময় এই পলিমঞ্চে জমা পলির একাংশই আবার এই এলাকার নদীগুলোতে ফেরত আসে জোয়ারের সাথে। তাহলে সবগুলো বিলে টিআরএম বাস্তবায়ন হলে তখন এই পলি সমস্যার সমাধান কী হবে? পানি কমিটির নেতৃবৃন্দ হিসাব করে দেখিয়েছেন, এই এলাকার সবগুলো বিলে ক্রমে ক্রমে টিআরএম চালু করলে প্রতিটি বিলে আকৃতি অনুযায়ী বেশ কয়েক বছর কেটে যাবে, এভাবে বহু বছর নিশ্চিন্তে মানুষ আর প্রকৃতির সহাবস্থান সম্ভব হবে। সবগুলো বিল ভরাট হয়ে গেলে আবারও প্রথম বিলটিতে টিআরএম চালু করা সম্ভব হবে। এভাবে কয়েক দশকের একটি চক্রের মাধ্যমে এই্ টিআরএম চক্র অব্যাহত রাখা যাবে। কিন্তু এই প্রক্রিয়াতে খরচ হবে ন্যূনতম অর্থ। বরং বিপুল অর্থের অপচয় বন্ধ করে সরকার যদি টিআরএম চলাকালীন বিলগুলোতে গ্রাম প্রতিরক্ষা বাধ আর সামান্য ক্ষতিপূরনের বন্দোবস্ত করে, তাহলে সকলেই সানন্দে এই ব্যবস্থা মেনে নেবেন।

বৈশ্বিক উষ্নতা আমাদের উপকূলকে একটি ভয়াবহ প্রশ্নের সম্মুখীন করেছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা সামান্য বৃদ্ধি পেলেও আমাদের উপকূলের জোয়ারে উচ্চতাও বাড়বে। ফলে একমাত্র সমাধান নদীর পানি ধারণ ক্ষমতা বৃদ্বি আর জমিতে পলি জমতে দিয়ে ভূমির গঠন প্রক্রিয়া অব্যাহত রাখা। সে হিসেবেও টিআরএমই একমাত্র সমাধান।

খুলনা-যশোর-সাতক্ষীরার ১১টি নদীর ভবিষ্যত কী? পানি উন্নয়ন বোর্ডের কাঠামোগত সমাধানের পথে এদেরকে নিশ্চিত মৃত্যুর মুখে ঠেলে দেয়া, আর একই সাথে বিশাল এই এলাকার মানুষ প্রকৃতিকে অনিবার্য ধ্বংসের মুখোমুখি করা, নাকি জনগণের উদ্ভাবিত অবাধ জোয়ার ভাটার কার্যক্রম চালু করে নদীগুলোকে প্রবাহ ফিরিয়ে দেয়া? প্রথমটিতে লাভবান হবে নদীশাসন প্রকল্পের সুবিধাভোগী কিছু ঠিকাদার, প্রকৌশলী আর ঘেরের ইজারাদার, কিন্তু জনগণের শত শত কোটি টাকার অপচয় অব্যাহত থাকবে; দ্বিতীয় পথটিতে মানুষ-প্রকৃতি উভয়েই রক্ষা পাবে, একইসাথে বিপুল অর্থ খরচের দায়ভার থেকে বেঁচে যাবে দেশ।