বিজ্ঞান চর্চায় বিমুখতার কারণ
আজকের দিনে বিজ্ঞানের বইয়ের হাল-হকিকত কী ?
এই বিষয়টি নিয়ে আলোচনা দুরূহ এ কারণে যে এই বিষয়ে আশার বাণী খুব সামান্যই, হতাশাই বেশী। তাই আমি খুব উৎসাহ-ব্যঞ্জক কিছু শোনাতে পারব বলে মনে হয় না। একজন প্রয়াত বরেণ্য ব্যক্তিত্ব বলেছেন,
"সারা পৃথিবী আজ বিজ্ঞান-প্রযুক্তির প্রয়োগের মধ্য দিয়ে বিপুল বেগে এগিয়ে চলেছে; শুধু যেন এগোতে পারছি না আমরা এই বাংলাদেশের মানুষেরা। এদেশে গত পঁচিশ বছরের বিজ্ঞান-প্রযুক্তির খতিয়ান নিতে গেলে একাত্তরের স্বাধীনতা আমাদের মনে যে বিপুল প্রত্যাশার জন্ম দিয়েছিল তাকে স্তব্ধ করে দিয়ে আমাদের সীমাহীন ব্যর্থতাই যেন বেশি করে চোখে পড়ে।"
কথা ক'টি বলেছিলেন ড. আবদুল্লাহ আল-মুতী শরফুদ্দিন ১৯৯৬ সালে তাঁর গ্রন্থ "আজকের বিজ্ঞান ও বাংলাদেশ"-এ। ঐ একই গ্রন্থে আল-মুতী জানিয়েছেন যে আমাদের দেশে বিজ্ঞান-চর্চার ইতিহাস খুব পুরনো না হলেও বিজ্ঞান-বিষয়ক লেখালেখির মোটামুটি দু'শো বছরের ঐতিহ্য আছে (পৃ.১১৩)। কিন্তু তারপরও এই ইতিহাস যে খুব ঐশ্বর্যশালী তা নয়। তার কারণ বহুবিধ। কিন্তু তারপরও যে এই চর্চা একেবারে থেমে যায়নি সেটাও কম কথা নয়। এর গভীর কারণ আমাদের সমাজ-বাস্তবতায় নিহিত। আমরা বাঙলিরা, কবিতা-সাহিত্য ও গীতিকবিতায়, উপন্যাস ও গল্প-গাথায়, যতখানি নিমগ্ন থাকি বা থাকতে পছন্দ, বিজ্ঞান-চর্চায় বা আলোচনা ততোখানি আগ্রহী নই। কিন্তু আশার কথা এই যে, মানুষের সাধারণ কৌতূহলের মতো সাধারণ বাঙালির কৌতূহলের যেমন শেষ নেই, তেমনি সাধারণ বাঙালির অনুসন্ধিৎসাও কম নয়। তাই অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও বাংলা ভাষায় বিজ্ঞানের একটা ক্ষীণ ধারা সতত বহমান ছিল।
অনেক হতাশার ভেতর আশার যে সলতেটা এখনো নিভে যায়নি বলে মনে হচ্ছে, তার কারণ 'বিজ্ঞান-গ্রন্থ' বিষয়ক চিন্তা যে মুক্ত-আলোচনার বিষয় হিসেবে উঠে এসেছে সেটাও উল্লেখযোগ্য।
বিজ্ঞান-গ্রন্থ প্রকাশনা
বিজ্ঞান-বিষয়ক গ্রন্থ প্রকাশ সহজ কাজ নয়। তার প্রথম কারণ বিজ্ঞান-লেখকের অভাব। বিজ্ঞান-বিষয়ক মাধ্যমিক বা উচ্চ-মাধ্যমিক স্তরের অনেক পাঠ্যপুস্তক-লেখক পাওয়া গেলেও স্নাতকোত্তর শ্রেণীর বিজ্ঞান পাঠ্যবইয়ের লেখক কম। অধ্যাপক মশাইরা ক্লাসে পাঠদান করলেও পাঠ্যবই বাংলায় লিখতে আগ্রহী হন না। একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক বই লিখে আর ক'টাকাই বা পান, সেই সময় অন্যত্র কাজে লাগলে অর্থাগমন সুগম হয়। অতঃকিম! দ্বিতীয় কারণ, মানসম্পন্ন পান্ডুলিপির অভাব। তাছাড়া বিজ্ঞান-বইয়ের অপরিহার্য অঙ্গ হলো সুন্দর চিত্রের সমাহার। আমাদের দেশে 'সায়েন্স-আর্টিস্ট' বলে কিছু নেই। লেখককেই ছবির যোগাড়-যন্ত্র, কপি-এডিট ইত্যাদি করতে হয়। এইসব সমস্যা পেরিয়ে প্রকাশনার পর্যায়ে যাওয়ার পর বড় বাধা হলো উপযুক্ত প্রকাশক পাওয়া। তুলনামূলক খরচবহুল অথচ কম-কাটতির বিজ্ঞান-বইয়ের প্রকাশক পাওয়া দুষ্কর। কিছু ব্যতিক্রমী প্রকাশক ছাড়া এই কাজে কেউ আগ্রহী নয়। দুঃখের বিষয় এই যে, ভূত-প্রেত নিয়ে লেখা বইয়ের লেখক লক্ষাধিক টাকার সম্মানী পান, কিন্তু বিজ্ঞান-লেখকের সম্মানী কদাচিৎ ফাইভ-ফিগারে ওঠে।
তারপরও কিছু সংস্থা আছে যারা বিজ্ঞানের গ্রন্থাবলি প্রকাশ করেছে। এই বিষয়ে আমাদের সবার প্রিয় জাতীয় প্রতিষ্ঠান বাংলা একডেমীর নাম সর্বাগ্রে মুখে আসে। বাংলা ভাষায় সর্বাধিক সংখ্যক (দুই বাংলা মিলে) বিজ্ঞান পাঠ্যপুস্তক প্রকাশের একক কৃতিত্ব বাংলা একাডেমী দাবী করতে পারে। বিজ্ঞান-বিষয়ক পরিভাষা কোষ, বেশ কয়েকটি শব্দকোষ ও সর্বোপরি পাঁচখন্ডের বিজ্ঞান বিশ্বকোষ প্রকাশ করে বাংলা একাডেমী তার উপর অর্পিত জাতীয় দায়িত্ব পালন করেছে। বিশেষ করে বাংলাভাষায় বিজ্ঞান-বিষয়ক বিশ্বকোষ রচনা ও প্রকাশনা সত্যিই ইতিহাস সৃষ্টি করার মতো ব্যাপার। তাছাড়া বাংলা একাডেমী প্রচুরসংখ্যক পদার্থবিদ্যা, রসায়ন, জ্যোতিবির্দ্যা, গণিতশাস্ত্র, প্রাণিবিদ্যা, কৃষি ও চিকিৎসাবিষয়ক অসংখ্য স্নাতক-পর্যায়ের পাঠ্যপুস্তক প্রকাশ করেছে। এই বিশাল তালিকা থেকে কয়েকটি বই সহজেই চিহিৃত করা যায় যাদের প্রকাশ ও লিখনশৈলী ক্লাসিক পর্যায়ের বলেই আমি মনে করি। যেমন 'চিরায়ত বলবিদ্যা,' 'গণিতশাস্ত্রের ইতিহাস,' 'বিজ্ঞানের ইতিহাস,' রেসনিক ও হ্যালিডের 'পদার্থবিদ্যার' অনুবাদ, 'বীজগণিত,' 'জৈব রসায়ন (দুই খন্ডে),' 'তারা-পরিচিতি,' 'প্রাচীন জ্যোতির্বিদ্যা,' 'প্রাথমিক বিশ্লেষণ গণিত,' 'বাংলাদেশের বন্যপ্রাণী' বইগুলি উল্লেখযোগ্য। এছাড়াও পরবর্তীতে 'একুশে গ্রন্ত্রমালা' সিরিজের অন্তর্গত বেশ কয়েকটি অত্যন্ত সুন্দর জনবোধ্য বিজ্ঞান বিষয়ক বই প্রকাশিত হয়েছিল। সম্প্রতি শিশু একাডেমী থেকে জুন ২০১০ সালে দুই খণ্ডে 'শিশু বিজ্ঞানকোষ' প্রকাশ করে। এটি শিশুদের জন্য একটি চমৎকার প্রকাশনা ঝকঝকে ছাপায় সুন্দর ছবি দিয়ে সাজানো সহজ ভাষায় লেখা অত্যন্ত মনোজ্ঞ একটি কোষগ্রন্থ। কিন্তু এ কোষগ্রন্থটি বেশ ব্যাকডেটেড, এর সম্পাদনা শেষ হয়েছিল ১৯৯৯ সালে। তাই বেশ কিছু লেটেস্ট ভুক্তি এতে পাওয়া যায় না, যেমন ন্যানোপ্রযুক্তি। বিজ্ঞানী থেলিসের মতো দরকারী নামও এতে নেই।
বাংলা একাডেমীর পর বিজ্ঞান-বিষয়ক বইয়ের জন্য 'মুক্তধারা'র কথা বলতেই হয়। এই সংস্থাটি থেকে অনেকগুলো কম-দামী পাতলা বিজ্ঞান-বিষয়ক বই বেরিয়েছিল যেগুলি আশি বা নব্বইয়ের দশকে বিজ্ঞানমনস্কতা সৃষ্টিতে ভূমিকা রেখেছিল।
ইদানিংকালের বিজ্ঞান-প্রকাশনার জগতে অনুপম প্রকাশনীর কথা বলতে হয়। গত প্রায় দশ বছরে পাঁচশর মতো বই এই সংস্থা থেকে বের হয়েছে। প্রকাশক মিলন নাথ বাবু বিজ্ঞান-বিষয়ক বই প্রকশনায় বিশেষ আগ্রহী ও যত্নবান, একথা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি। এক হিসাবে দেখা যায়, অনুপম প্রকাশনীর প্রতি দশটি বইয়ের দুইটি বইই বিজ্ঞানের। কাজেই অনুপম প্রকাশনীকে বোধহয় সর্বোচ্চ সংখ্যক বিজ্ঞান-গ্রন্থ প্রকাশক বলা যায়।
এছাড়া সময় প্রকাশন, মাওলা ব্রাদার্স, তাম্রলিপি প্রকাশনী বিজ্ঞান ও গণিত বিষয়ক গ্রন্থ প্রকাশে অগ্রগণ্য। তবে পাঠ্যপুস্তক প্রকাশে বাংলা একাডেমী যতখানি আগ্রহী, বেসরকারী প্রকাশকবৃন্দ জনপ্রিয় বিজ্ঞান বই প্রকাশে ততখানি বেশি আগ্রহী। কিন্তু বাংলা একাডেমীর বইয়ের বিপণন মুক্ত-বাজার অর্থনীতির প্রতিযোগিতামূলক পরিবেশের জন্য কোনাক্রমেই মাননসই নয়। তাছাড়া অনেকগুলো ভালো বইয়ের পুনমুর্দ্রণও হয় না।
যা হোক সরকারী পর্যায়ে বাংলা একাডেমী ও বেসরকারী সৃজনশীল প্রকাশন-সংস্থাগুলি আমাদের দেশে একধরনের বিজ্ঞান-সাহিত্যের সৃষ্টি করেছে। আগেই বলেছি, দুই বাংলা মিলিয়ে কয়েকটি গ্রন্থ (পাঠ্যপুস্তক ও জনপ্রিয়) সত্যিই মানোত্তীর্ণ পর্যায়ের। দুঃখের বিষয়, বিজ্ঞানের বইয়ের পক্ষে কালোত্তীর্ণ হওয়া ভীষণ দুষ্কর। কালের সাথে বিজ্ঞানের তত্ত্ব ও তথ্য বদলে যায়, তাই পঞ্চাশ বছর পর বিজ্ঞানের বই অচল হয়ে পড়ে বৈকি!
বিজ্ঞান-গ্রন্থে ভাষাশৈলী ও পরিভাষা সমস্যা
আবদুল্লাহ আল-মুতী বলেছেন, "ভাষার বা লেখালেখির একটা বড় ব্যবহার হল মানুষের অভিজ্ঞতার বিনিময়ে, কিংবা আরো পোশাকি ভাষায় বললে জ্ঞানের বিস্তারে।" তিনি আরো বলেছেন, "কারো কারো ধারণা বিজ্ঞান একটা খুব কাঠখোট্টা রকম কঠিন জিনিস; তা নিয়ে লেখাও প্রায় সে রকমই। তবু এটুকু বলা যায় যে, আসলে বিজ্ঞান নিয়ে লেখা মোটেই কঠিন নয়, যদি আপনার জানা থাকে আপনি কেন লিখছেন, কার জন্য লিখছেন, আর কী ধাঁচের লেখা আপনি লিখতে চান"।
সকল বিজ্ঞান-লেখকের এই কথাগুলি মনে রাখা উচিত। তবে আরেকটা বিষয়ও মনে রাখা দরকার, ভাষার সারল্য ও বোঝার সহজতার কারণে যাতে বিজ্ঞানের তত্ত্ব ভুলভাবে পরিবেশিত না হয়। এটা গুরুত্বপূর্ণ। কারণ একজন লেখক হয়ত খুব সুন্দর ও সরলভাবে উপস্থাপনা করতে পারেন, কিন্তু তাঁর বিজ্ঞান যদি ঠিক না থাকে তাহলে পাঠক ভ্রান্ত ধারণা পাবেন। এইখানে একজন বিজ্ঞানী যিনি আবার লেখকও বটে, তাঁর ভূমিকা গুরুত্ব পায়। বিজ্ঞান-বিষয়ক ব্যাপক অধ্যয়নের ফলে কেউ একজন বিজ্ঞান-লেখক হয়ে উঠতে পারেন, কিন্তু তিনি হয়ত সরাসরি বিজ্ঞানের ছাত্রই নন। সেক্ষেত্রে চিন্তার দূষণ ভয়ানক হয়ে উঠতে পারে। এই রকম দূরাচারের বেশ কিছু উদাহরণ (নাম না বলাই ভালো) আমাদের দেশেই হয়েছে, হচ্ছে এবং হয়ত ভবিষ্যতেও হবে (কারণ আমাদের দেশের বিজ্ঞান- শিক্ষিতের অতি কম সংখ্যা)।
ভাষা-শৈলীর ব্যাপারে আজকাল অনেক প্রকাশনা সংস্থাই সচেতন হয়ে উঠেছে। তবে বিজ্ঞান-বিষয়ক পান্ডুলিপি সম্পাদকদের বিজ্ঞানের বিষয়ে শিক্ষার ব্যাপারটা জরুরী। আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি। একটি প্রকাশনা সংস্থার পান্ডুলিপি সম্পাদক আমাকে জিজ্ঞেস করলেন আলোর দ্রুতির থেকে বেশি দ্রুতি হয় না–এই কথা তো ঠিক না। আমাকে বেশ জোরই করতে হলো ঐ কথা কাটা যাবে না। বুঝুন ঠেলা! আমাদের দেশীয় সায়েন্স ফ্যান্টাসিগুলোর কী প্রভাব! সেসব গল্পে তো হামেশাই মনের গতিতে পদার্থবিজ্ঞানকে তুড়ি মেরে বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যাচ্ছে কোনো 'বায়োবট'! কতখানি গোলমেলে বিজ্ঞান, ভাবুন তো!
বিজ্ঞান-লেখকের আরেকটি বড় সমস্যা পরিভাষা। যেহেতু বাংলাভাষায় বিজ্ঞান সৃষ্টি হয়নি, তাই এই ভাষায় বিজ্ঞানের পরিভাষাও ব্যাপকভাবে তৈরি হতে পারেনি। অন্যদিকে জোর করে বাংলা পরিভাষা সৃষ্টি করেও ভয়ানক কান্ড হয়েছে। যেমন নাইট্রোজেনের বাংলা হয়েছিল 'যবক্ষারজান'। কিন্তু সেক্ষেত্রে জনবোধ্যতার মারাত্মক বিঘ্ন ঘটে। বিজ্ঞান-বিষয়ে যেহেতু বেশি লেখালেখি হয়নি, তাই ও সমস্যাটা এড়ানো যায়নি। এই সমস্যাটাকে পাশ-কাটানোর একটা উপায় হলো ইংরেজি শব্দকে বাংলা করার চেষ্টা না করে সরাসরি ঐ শব্দকেই বাংলায় রেখে দেওয়া। এটি আমি সম্প্রতি করেছি আমার 'ন্যানো' বইটিতে। দেখা যাক, এই প্রচেষ্টা কেমন হয়। এই কাজে দৈনিক পত্রিকার বিজ্ঞান-পাতার সম্পাদকদের একটা বড় ভূমিকা থাকে। মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকের পাঠ্যবই এবং সংবাদপত্রে শিক্ষার্থীদের মাঝে পরিভাষার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সৃষ্টি করতে পারে। সেইজন্য আরেকটি 'বিজ্ঞান-লেখক সম্মেলনের' প্রয়োজন হয়ে পড়েছে। যেটা অনেকদিন আগে ১৯৮৬ সালে করা হয়েছিল, তারপর আর হয়নি।
আদর্শ বিজ্ঞান-পাঠ সংক্ষেপ
এই প্রসঙ্গে আমি কয়েকটি বিজ্ঞান-গ্রন্থের খুব সংক্ষিপ্ত আলোচনা করতে চাই।
প্রথমেই শুরু করতে চাই ড. আবদুল্লাহ আল-মুতীর বই দিয়ে। তাঁর অননুকরণীয় লেখন-শৈলী, অসাধারণ অলঙ্কারহীন বাক্য-গঠন আজো কিংবদন্তীতুল্য। আল-মুতীর অনেকগুলো বই আছে যা এখনো সব বয়সের পাঠকের কাছে সমান আদরণীয়। আমি যে বইটির কথা বলছি সেটি ওঁর সবচেয়ে ভালো বই হয়ত নয়, কিন্তু এ বইটি নানা কারণে আকর্ষণীয় বলে মনে হয়েছে। প্রথম কথা; বইটির দাম কম, মাত্র ১০০ টাকা; পৃষ্ঠা সংখ্যা ১২৭। বইটির প্রথম প্রকাশ ১৯৯৬ সালে, পরে ২০০৫ সালে এর বর্তমান দ্বিতীয় মুদ্রণ হয়। বইটির নাম "আজকের বিজ্ঞান ও বাংলাদেশ"। চার ভাগে বিভক্ত মোট ১৪টি প্রবন্ধ এই বইয়ে ঠাঁই পেয়েছে। যার মধ্যে পাঁচটি প্রবন্ধই বাংলাদেশে বিজ্ঞান সংক্রান্ত। সুন্দর কাগজে ঝকঝকে ছাপা বইটির প্রকাশক 'সাহিত্য প্রকাশ'। বিজ্ঞানের বই হিসেবে এতে তেমন অনেক চিত্তাকর্ষী চিত্র নেই। কিন্তু তারপরও বইটি মন কেড়ে নেয়।
এরকম আরেকটি মন-কাড়া বই প্রফেসর হারুন-অর-রশীদের "বিজ্ঞানে আমাদের উত্তরাধিকার", প্রকাশক সাহিত্য প্রকাশ, মার্চ ২০০৮। পৃষ্ঠা ১৪২-এর একটি ছোট সুন্দর ঝকঝকে বই। তরুণ পাঠক-পাঠিকার অনেক কিছু শেখার আছে। এগারোটি প্রবন্ধে আইনস্টানের বিশ্বচিন্তা, জগদীশচন্দ্রের আবিষ্কার, রবীন্দ্রনাথের বিজ্ঞানচিন্তা, কোয়ান্টাম বিতর্ক ইত্যাদি আলোচিত হয়েছে। মজার বিষয়, বিজ্ঞানের বই হলেও এখানে মাত্র দুটি ছবি আছে।
কাকলী প্রকাশনীর দুটি বই 'একটুখানি বিজ্ঞান' ও 'আরো একটুখানি বিজ্ঞান'। এ বই দুটোর লেখক জনপ্রিয় কথাসাহিত্যিক ড. মুহম্মদ জাফর ইকবাল। এই বই দুটি স্বাদু ভাষায় বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে লেখা। সব বয়েসী পাঠক এই দুটি বই উপভোগ করবেন। অনেক ছবি ব্যবহৃত হয়েছে। ছাপা ও ভাষার দিক দিয়ে এই দুটি বই বিজ্ঞান-লেখকের জন্য আদর্শ হতে পারে। ড. জাফর ইকবাল যে সায়েন্স-ফ্যান্টাসির বদলে সিরিয়াস বিজ্ঞান নিয়ে লিখেছেন, তার জন্য তাঁকে ধন্যবাদ দিতেই হয়। বই দুটির দাম যদিও একটু বেশী।
একটি পুরনো বিজ্ঞান বইয়ের কথা উল্লেখ না করলেই নয়। প্রয়াত ড. জহুরুল হকের দুই খন্ডের বই "আগুনের কি গুণ", প্রকাশক বাংলা একাডেমী ১৯৮৫/৮৮। বইদুটিতে অনেকগুলো ছোট ছোট প্রবন্ধ সংকলিত হয়েছে যা আসলে অত্যুত্তম বিজ্ঞান লেখনির সর্বকালীন উদাহরণ বলেই আমার মনে হয়েছে। এই বই দুটির পুনর্মুদ্রণ করা দরকার, কারণ এদের প্রয়োজনীয়তা এখনো ফুরোয় নি। এই বইয়ের শুরুতে লেখক বলেছন, "এই বইয়ে মানুষের জন্যে আগুনকে আমি একটি প্রতীকরুপে ব্যবহার করেছি। অন্ধকারের বিপরীতে জ্ঞানের, মননের, স্বচ্ছ আলো দেয় যে-আগুন। অন্য মানুষের সঙ্গে, ঘিরে থাকা পরিবেশের সঙ্গে,'কাম্যের'সঙ্গে স্পর্শের উত্তাপও দেয়।"
সায়েন্স রাইটিং অ্যাট ইট্স বেস্ট– কী বলেন?
পশ্চিমবঙ্গ থেকে প্রকাশিত আনন্দ পাবলিশার্সের "ছলনার আট পা এবং অন্যান্য" বইটি উল্লেখ না করলেই নয়। লেখক যুধাজিৎ দাশগুপ্ত অত্যন্ত সাধারণ ভাষায় জীবজগতের নানা খুঁটিনাটি বিষয় নিয়ে লিখেছেন যা সব-বয়সী পাঠক পড়তে পারেন। প্রায় আড়াইশো পৃষ্ঠার এই বইতে অনেকগুলো কালার প্লেট ও পোকামাকড় ও কীটপতঙ্গের ছবি সন্নিবেশিত হয়েছে। বইয়ের প্রবন্ধগুলোর নামও নজরকাড়া– "নাম কী রে তোর," "লড়তে চাও হাত মেলাও," "লজ্জা পেতেন ষষ্ঠীচরণ," "ছলনার আট-পা," "বাদর কেন্নো আর যত ব্যাঙ রাজপুত্র।" সত্যিই 'জিভে জল আনা' সব প্রবন্ধ, আর পড়তে গেলেও বাধো-বাধো লাগে না, বোর্ড হতে হয় না, শেখাও যায় অনেক কিছু।
আমি আরেকটি চমৎকার বইয়ের কথা বলব। সেটি এক সময়ে বাংলা একাডেমী থেকে প্রকাশিত হলেও ২০০৮ সালে নতুন সংস্করণে 'পড়ুয়া' প্রকাশনী থেকে বের হয়েছে। এটি শ্রী সুব্রত বড়ুয়ার "বিজ্ঞানের ইতিকথা: সন্ধানী মানুষ।" লেখক সরস গদ্যে ছোটদের জন্য বিজ্ঞানের প্রায় আড়াই হাজার বছরের ইতিহাস লিখছেন। বইটির প্রচ্ছদ সুন্দর, ছাপা ভালো এবং ছবিগুলোও পরিষ্কার। নতুন সংস্করণের ভূমিকায় সুব্রত বড়ুয়া যা বলেছেন, তা প্রণিধান যোগ্য, "সেই যে ষাটের দশকে স্বপ্ন দেখেছিলাম একদিন মনোলোভা প্রকাশনা-সৌষ্ঠবে শোভিত হয়ে সুপরিকল্পিত ও সুলিখিত সহজপাঠ বিজ্ঞানের বই এদেশের শিশু-কিশোর-তরুণ-তরুণীদের হাতে পৌঁছুবে অসংখ্য, সেই স্বপ্ন এই প্রায় ছেচল্লিশ বছর পরও বাস্তবের মুখ দেখেনি।"
সত্যিই একটি সুন্দর অঙ্গসজ্জার 'মনোলোভা' বিজ্ঞানের বই আজো আমরা পাইনি। প্রযুক্তি নেই তা-নয়, সমস্যা হলো পাঠকই তো নেই! এই পাঠক তৈরি করতে হবে। বিজ্ঞানের বই না পড়ে কে-কবে বিজ্ঞানী হয়েছে? একটা ভালো বিজ্ঞান-গ্রন্থের বড় সার্থকতা হলো এই যে, সেইটা যদি অন্তত কয়েক ডজন পাতা পর্যন্ত পাঠককে ধরে রাখতে পারে, এবং পাঠক যদি সেই বই থেকে কিছু শিখতে পারে।
আশার কথা এই যে, এই কয়জন বরেণ্য লেখকের বইগুলো আমরা পড়তে পেরেছি। এই সুযোগই এই তমিস্রার মাঝে সবচেয়ে আশা-জাগানিয়া। তরুণ বিজ্ঞান-লেখকদের মধ্যে রেযওয়ান ওমর এবং জনপ্রিয় বিজ্ঞান-বক্তা আসিফ আছেন। আসিফ ইতিমধ্যে বেশ কিছু বই লিখে সাড়া জাগিয়েছেন– 'কার্ল সেগান' ও 'মহাজাগতিক আলোয় ফিরে দেখা' ইত্যাদি।
বিজ্ঞান-বিষয়ক পত্র-পত্রিকার সংখ্যা এখন হাতে গোনা যায়। আল-মুতী তাঁর পূর্বোক্ত গ্রন্থে বলেছিলেন যে তখন অর্থাৎ ১৯৯৬ সালে একশ'র মতো বিজ্ঞান পত্রিকা আছে। আজ পনের বছর পর যেকোনো নিউজ-স্ট্যান্ডে আপনি নিজেই দাঁড়িয়ে দেখুন কটি চোখে পড়ে (আইটি ম্যাগাজিন বাদে)।
বিজ্ঞান-গ্রন্থ জনপ্রিয়করণ কার্যক্রম
এখানে আমি বিজ্ঞান মন্ত্রণালয়ের এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করার জন্য কিছু আবেদন রাখছি যাতে জনবোধ্য বা জনপ্রিয় বিজ্ঞান গ্রন্থাদির পঠন-পাঠন উৎসাহ পায়।
১. বিজ্ঞান মন্ত্রণালয় প্রতি বছর লক্ষাধিক টাকার প্রকল্প অনুমোদন দেয়। সেই থেকে কিছু টাকা দিয়ে একটি প্রকল্প দাঁড় করানো যায় যাতে বিভাগীয় শহরগুলোয় জনপ্রিয় বিজ্ঞান বই পাঠের প্রতিযোগিতা আয়োজন করা যায়। একাজে সৃজনশীল পুস্তক প্রকাশকদেরকে সম্পৃক্ত করা যায়। তাঁরা আগ্রহীও হবেন, এতে তাঁরাই লাভবান বেশি হবেন।
২. মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতিবছর ফেব্রুয়ারি মাসে বার্ষিক বিজ্ঞান-গ্রন্থ/লেখক পুরস্কার দেওয়া উচিত। এতে শিক্ষক-গবেষক-বিজ্ঞান-লেখক- প্রকাশকরা দারুণ উৎসাহিত হবেন।
৩. বাংলা একাডেমী, জাতীয় গ্রন্থকেন্দ্র ও বিজ্ঞান মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে 'একুশে বিজ্ঞান গ্রন্থমালা' বা এই জাতীয় একটি জনবোধ্য বিজ্ঞান-বিষয়ক গ্রন্থমালা প্রকাশের ব্যবস্থা করা। বহুদিন আগে বাংলা একাডেমী 'একুশে গ্রন্থমালা'র অধীনে মনোজ্ঞ কয়েকটি মনোগ্রাফ উপহার দিয়েছিল। এখন সময় এসেছে 'ডিজিটাল বাংলাদেশ'কে সামনে রেখে বিজ্ঞান-গ্রন্থমালার আয়োজন করা। জনগণকে শিক্ষিত করে না তুললে 'ডিজিটাল বাংলাদেশ' উদ্দেশ্য সিদ্ধি মুশকিলের হবে।
মন্ত্রণালয় উদ্যোগী ভূমিকা নিলেই এইসব সামাজিক কাজের অর্ধেক সহজ হয়ে যায়। মন্ত্রণালয় আগ্রহী জানলে আমরা অন্য স্পন্সরও পেতে পারি। ফলে মন্ত্রণালয়ের নিজের কাধে অনেক কাজের দায়িত্ব না নিয়েও সামাজিক দায়িত্বগুলো আদায় করা যায়। তাছাড়া দেশের বিভিন্ন অংশে বিজ্ঞান-ক্লাবগুলোকে সক্রিয় করে তোলা দরকার। তাহলে এই কাজগুলো সহজ হয়।
বিজ্ঞানের পাঠ্যপুস্তক লেখার ব্যাপারে আমাদের মতো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এগিয়ে আসা উচিৎ। এ সম্পর্কিত প্রণোদনা-প্যাকেজ বাংলা একাডেমী দিতে পারে। কিন্তু এ কাজে আমরা, অর্থাৎ শিক্ষকরাই যদি এগিয়ে না আসি, তাহলে কোনো ভালো ফলই আমারা পাবে না। প্রফেসর হারুন-অর-রশীদের কথাই ঠিক, "বিজ্ঞান এবং বাংলাভাষা এই দুই-এর প্রতি আমাদের ভালোবাসা এবং দায়বদ্ধতা কতোটুকু এটাই মূল কথা। বিশ্ববিদ্যালয়ের তরুণ-তরুণীদের বাংলায় উচ্চতর বিজ্ঞান পাঠ করার ব্যাপারে উদ্বুদ্ধ করার দায়িত্ব প্রধানত শিক্ষকদের। সে দায়িত্ব আমরা যতোক্ষণ পর্যন্ত না পালন করছি ততোক্ষণ আমাদের ভাষার উনতা ঘুচবে বলে আমি মনে করি না" (-পৃ.১৪২, বিজ্ঞানে আমাদের উত্তরাধিকার )।
আমিও মনে করি না যখন দেখি আমাদের দেশে বিদেশী ভাষা-মাধ্যমের স্কুলের রমরমা ব্যবসা। এই 'হেডোনিস্টিক' চিন্তা-ধারা আমাদের সমাজ থেকে যতোদিন না দূর হচ্ছে, ততোক্ষণ আমাদের সকল সামাজিক শুভকর্মের প্রকৃত ফল আমরা সমাজকে কখনোই দিতে পারব না।
ফারসীম মান্নান মোহাম্মদী : বিজ্ঞান গবেষক ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।
তথ্যপঞ্জি:
১/ "বিশ শতকের বাংলা: বিজ্ঞান ও প্রযুক্তি," ফারসীম মান্নান মোহাম্মদী, বিশ শতকের বাংলা, সম্পাদক মাহবুবর রহমান ও স্বরোচিষ সরকার, ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, পৃ-৩১৮, মার্চ ২০১০। ২/ আজকের বিজ্ঞান ও বাংলাদেশ,আবদুল্লাহ আল-মুতী, সাহিত্য প্রকাশ, ২০০৫।
