২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডারবান জলবায়ু সম্মেলন: সর্বোচ্চ ক্ষতিপূরণের দাবী প্রয়োজন

দানেশ মিয়া

Published : 29 Nov 2011, 10:27 PM

Updated : 01 Jul 2022, 05:52 PM

জলবায়ু পরিবর্তন ঠেকাতে ১৯৯৭ সনে কিউটো প্রটোকলের মাধ্যমে গ্রীনহাউজ গ্যাস কমানোর যে কার্যকরী পদক্ষেপ নেয়ার সিন্ধান্ত হয়েছিল, তা আজ এত বছর পরও খুব একটা সফলতার মুখ দেখে নি। পৃথিবীর উন্নত দেশগুলো তাদের ভোগ বিলাসের জন্য কার্বন নির্গমন প্রায় আগের মতো করেই যাচ্ছে। ফলশ্রুতিতে পৃথিবীর মানুষের ক্ষতি যা হওয়ার হয়েই চলছে প্রতিনিয়ত। প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশ ভানুয়াতু'র মতো অন্যান্য অনেক দেশ সাগরের বাড়তি পানিতে তলিয়ে যাওয়ার প্রক্রিয়ায় প্রায় অপ্রতিরোধ্য। বাংলাদেশের মতো দরিদ্র দেশগুলোতে জলবায়ু উদ্বাস্তুদের আর্তনাদ আর হাহাকারে বাতাস ভারী হয়ে উঠছে দিনদিন। দারিদ্র্যের ভারে ন্যূব্জ হয়ে পড়ছে উন্নয়নশীল দেশের জাতীয় অর্থনীতি। সেই অর্থনীতির চাকা সচল করতে সরকারের ক্রমাগত নাভিশ্বাস উঠছে। পৃথিবীর তাপমাত্রা বাড়তি ২ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত স্থির রাখার যে সিদ্ধান্ত, তা কার্যকরী করার কোন লক্ষণ এখনো দেখা যাচ্ছে না। ২০০৭ সালে ইন্দোনেশিয়ার বালিতে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা ২০০৯ সালের ডেনমার্কের কোপেনহ্যাগেনে পূরণ হবে বলে আমরা ভেবেছিলাম। কিন্তু তা গুঁড়েবালি হয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্থ দেশের তালিকা তৈরি হচ্ছে বার বার। এতে বাংলাদেশের অবস্থান বরাবরই এক নাম্বারে।

পৃথিবীর বিভিন্ন সম্মেলনে বাংলাদেশের নাম বারবার উচ্চারিত হয়েছে। বাংলাদেশের নদীভাঙ্গা মানুষের আর্তনাদ, সাইক্লোন আক্রান্ত মানুষের হাহাকার, বন্যায় সবকিছু হারানোর সচিত্র প্রতিবেদন বার বার দেখানো হয়েছে পৃথিবীর বড় বড় মিডিয়াগুলোতে। তাতেও জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশগুলোর ঘুম ভাঙেনি। হয়তবা এই ঘুম ভাঙানোর জন্য যে আর্তচিৎকার আমাদেরকে দিতে হতো, তা আমরা দিতে পারিনি। ২৮ নভেম্বর থেকে ৯ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার ডারবানে জাতিসংঘের ১৭ তম (কপ ১৭) জলবায়ু সম্মেলন এবং কিউটোপ্রটোকলের ৭ম (সিএমপি ৭) সেশন হতে যাচ্ছে। সেই সম্মেলনে আমাদেরকে জোড়ালো ও যৌক্তিকভাবে আমাদের অবস্থান তুলে ধরতে হবে। কিছুদিন আগেই বাংলাদেশে ২০টি ক্ষতিগ্রস্থ দেশের সম্মিলনে যে ক্লাইমেট ভালনেরাবল ফোরামের সম্মেলন হলো, তাতে ক্ষতিগ্রস্থ দেশগুলোকে ঐক্যবদ্ধ থেকে সমস্বরে কথা বলার সিন্ধান্ত হয়েছে। সেই সিদ্ধান্তে আমাদের অটুট থাকতে হবে।

আজকে এমন একটি জ্ঞান ও ন্যায় ভিত্তিক নয়া সমাজ ব্যবস্থার দিকে আমরা এগুচ্ছি, যেখানে দুর্নীতিমুক্ত ক্রম:অগ্রসরমান অর্থনীতির সাথে সুস্থ্য একটি প্রাকৃতিক পরিবেশের যে ধনাত্মক সম্পর্ক আছে, তা মোটামুটি আমরা সবাই বুঝতে পারি। এই প্রাকৃতিক পরিবেশের বিপর্যস্ততার সাথে যে জলবায়ু পরিবর্তনের সম্পর্ক প্রবলভাবে জড়িয়ে পড়ছে, তা রাজনৈতিক অর্থনীতিতেও প্রভাব ফেলছে পৃথিবীর অনেক দেশে। বর্তমান মহাজোট সরকারের কেন্দ্রীয় ও বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের যে রাজনৈতিক ও নির্বাচনী ইশতেহার, তাতে একটি সুস্থ্য অগ্রসরমান অর্থনীতি বিনির্মানের যে প্রতিশ্রুতি আছে, তাতে জলবায়ু পরিবর্তনের ইস্যূগুলো সম্পর্কেও তাদের রাজনৈতিক প্রতিজ্ঞা তৈরি হয়েছে বলে আমরা ধারণা করতে পারি। কারণ জলবায়ু পরিবর্তনের যে প্রতিক্রিয়া বাংলাদেশে ধেয়ে আসছে, তার সাথে মানিয়ে না চলতে পারলে অর্থনীতিকে কখনোই শক্তিশালী করা সম্ভব হবে না।

জলবায়ু পরিবর্তন ও এর বিরূপ প্রতিক্রিয়া ভয়াবহ একটি বাস্তবতা। মানুষের কর্মকান্ডের ফলেই যে এই পরিবর্তন হচ্ছে, তাতেও কোন সন্দেহ নেই। এই পরিবর্তনটি এত ব্যাপক ও বিস্তৃত যে, হঠাৎ করে একে ঠেকিয়ে দেয়া প্রায় অসম্ভব। তবে ধীরে ধীরে এই পরিবর্তনের মাত্রাকে হয়ত প্রশমন করা যেতে পারে। তাই পৃথিবীর অসংখ্য বিজ্ঞানী ও নীতি নির্ধারকগন কঠিনভাবে ভেবে দেখছেন, কীভাবে জলবায়ুর এই পরিবর্তনকে প্রশমন করা যায়। প্রশমনের জন্য বেশ কয়েকটি কর্মপ্রক্রিয়া ইতিমধ্যেই নির্ধারণ করা হয়েছে এবং কাজও চলছে। ১৯৯৭ সনে কিউটো প্রটোকল অনুসারে গৃহীত সিডিএম (ক্লিন ডেভলভমেন্ট মেকানিজম) ও জেআই (জয়েন্ট ইমপ্লেমেন্টেশান) হচ্ছে এরই দুটি 'নমনীয়' কর্মপদ্ধতি। এই কর্মপদ্ধতি অনুসারে প্রায় একদশকধরে জলবায়ু পরিবর্তনকে প্রশমণের কাজ শুরু হয়েছে পৃথিবীব্যাপী। জলবায়ু পরিবর্তন প্রশমনের মূল কাজটি হচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন কমানো। উল্লেখ্য, এই বৈশ্বিক উষ্ণায়নই হচ্ছে বর্তমান জলবায়ু পরিবর্তনের মূল কারণ। এটি আশার কথা, মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া প্রায় সবগুলো উন্নত দেশই তাদের ব্যাপক শিল্পোৎপাদন ও অন্যান্য ভোগ বিলাসী কর্মকাণ্ডের মাধ্যমে বৈশ্বিক উষ্ণায়ন বাড়ানোর দায়-দায়িত্বগুলো স্বীকার করে নিয়ে প্রশমনের কাজ করার চেষ্টা করছে। যেহেতু প্রশমন প্রক্রিয়াটি অত্যন্ত ধীরগতি সম্পন্ন, তাই ইতিমধ্যেই জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রতিক্রিয়া পৃথিবীর বিভিন্ন দেশে বিশেষ করে দরিদ্র দেশগুলোতে পড়ছে। বাংলাদেশ জলবায়ু পরিবর্তনে অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি দেশ। প্রশমনের কোন নৈতিক দায়-দায়িত্ব বাংলাদেশের না থাকলেও মানিয়ে চলার দক্ষতা অর্জন করা আমাদের টিকে থাকার জন্য অত্যন্ত জরুরী। সর্বশেষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের আগে কখনোই জলবায়ু পরিবর্তনের সাথে মানিয়ে চলার বিষয়টি কোন সরকার কার্যকরীভাবে চিন্তা করেনি। কিংবা এরকম কোন রাজনৈতিক প্রতিজ্ঞাও তৈরি হয়নি। বর্তমান সরকার ইতিমধ্যেই জলবায়ু পরিবর্তনকে গুরুত্ব দিয়ে বিশেষ করে 'মানিয়ে চলার দক্ষতা' অর্জন করার জন্য বেশ কিছু ব্যয় বরাদ্দ করেছে এবং আনুষঙ্গিক কিছু সিদ্ধান্ত নিয়েছে, যা প্রশমন এবং মানিয়ে চলা দুটোতেই কাজে লাগতে পারে। বর্তমান সরকার জলবায়ু পরিবর্তন নিয়ে ভাবছে, বিভিন্ন কর্মপরিকল্পনা করছে; জলবায়ু পরিবর্তন নিয়ে গবেষণায় উৎসাহিত করছে, পরিবেশ সংরক্ষণে অংশীদারিত্বমূলক নতুন কর্মসূচী হাতে নিচ্ছে। আমরা এজন্য একটি স্বস্থির নি:শ্বাস ফেলতে পারি।

পৃথিবীব্যাপী বনের ধ্বংসযজ্ঞ ২০-২৫% ভাগ গ্রীনহাউজ গ্যাস নির্গমনের জন্য দায়ী। এই ধ্বংসযজ্ঞের বেশীরভাগই হচ্ছে গ্রীষ্মমন্ডলীয় ও ক্রান্তীয় গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলে। বাংলাদেশের বনধ্বংসও এক্ষেত্রে কম ভূমিকা রাখে নি। দেশের মোট ভূভাগের ১৭% ভাগ বনভূমি কাগজে-কলমে থাকলেও বেশকিছু বনভূমি বেদখল হয়ে গেছে বন আইনের সঠিক ব্যবহার ও পর্যাপ্ত মনিটরিংয়ের অভাবে। এখানে দুর্নীতিও উল্লেখযোগ্য। এ প্রক্রিয়ায় বাংলাদেশের শালবন প্রায় নিঃশেষ হয়ে যাবার পথে। গত দুই/তিন দশকে বিভিন্ন প্রভাবশালী বিশেষ করে রাজনৈতিক মহলের ছত্রছায়ায় বনজ সম্পদকে প্রায় ধ্বংসের মুখোমুখী করা হয়েছে। বর্তমানে দেশের মোট ভূভাগের প্রায় ১০% ভাগ বনবিভাগের নিয়ন্ত্রণে থাকলেও বন বলতে সত্যিকার অর্থে যা বুঝায়, তা ২-৩% ভাগের বেশী হবে না। একটি কৃষিভিত্তিক অর্থনীতির জন্য একটি দেশের মোট ভূভাগের ২৫% ভাগ সত্যিকার অর্থে বনভূমি থাকা যেমন জরুরী, আজকের জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে এর প্রশমনের জন্যও অত্যধিক জরুরী শুধু বাংলাদেশের প্রেক্ষিতেই নয়, বরং সমগ্র পৃথিবীর প্রেক্ষাপটে। সর্বশেষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব নেবার পর ৪,৫৫৭ হেক্টর বেদখল হয়ে যাওয়া বনভূমি উদ্ধার হয়েছে। বিশাল সমর্থনপুষ্ট বর্তমান সরকারের কাছে সকল জনগণের প্রত্যাশা এটাই থাকবে যেন সারাদেশের গ্রাসকৃত বনভূমিগুলো উদ্ধার করে নতুন বনাচ্ছাদন সৃষ্টি করার ব্যবস্থা নেয়া হয় এবং বনগ্রাসকারীদেরকে কোনরকম আনুকল্য না দেখিয়ে তাদের উপযুক্ত বিচারের ব্যবস্থা করা হয়। রাজনৈতিক প্রভাব খাটিয়ে কেউ যেন বন ধ্বংসের উৎসবে মেতে না উঠতে না পারে, সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে সর্বাগ্রে।

জনসংখ্যার ব্যাপক বৃদ্ধি, ক্রম:বর্ধমান নগরায়ণ, খাদ্যসংকটের বিশাল ভীতির প্রেক্ষাপটে কৃষিজমির পরিমান হ্রাস না করার যে নীতি, তাতে মোট ভূমির ২০% ভাগে বনায়নের যে লক্ষ্য বাংলাদেশ সরকারের আছে, তা হয়ত বাস্তবসম্মত নয়। ন্যূনপক্ষে বেদখল হয়ে যাওয়া সরকারী বনভূমিগুলো যদি আমরা ফিরে পেতে পারি এবং বনভূমিগুলোকে শুধুমাত্র বনজ সম্পদ উৎপাদনেই ব্যবহার করতে পারি, তাহলেও আমরা শেষ ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ফিরে আসতে পারবো। এজন্য বনবিভাগের দুর্নীতিবাজ কর্মকর্তা, কর্মচারীদেরকেই শুধু নয়, প্রভাবশালী মহল যারা রাজনীতির ছত্রছায়ায় কর্মকর্তা, কর্মচারীদেরকে অসৎ ও দুর্নীতিবাজ হতে বাধ্য করেছে, তাদেরকেও কঠিন বিচারের সম্মুখীন করতে হবে। যারা দুর্নীতির প্রচন্ড একটি আবহের মধ্যে থেকেও দূর্নীতি করেনি, তাদেরকেও খুঁজে বের করে পুরস্কৃত করতে হবে। তাহলেই ন্যায়, নৈতিকতা ও মেধার বিকাশ ঘটবে। এই প্রত্যাশাটি আমরা বর্তমান সরকারের কাছে করতেই পারি।

সমগ্র মানব সমাজের উপড় জলবায়ু পরিবর্তনের প্রতিক্রিয়াটি বেশ খানিকটা জটিল। এই পরিবর্তনের সাথে মানিয়ে চলার বিষয়টিও তাই বেশ খানিকটা কঠিন ও জটিল। তাপমাত্রা, বৃষ্টিপাত ইত্যাদি বিভিন্ন পরিবর্তনের যে আঞ্চলিক মডেল আছে, সে মডেল অনুসারে বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে কোন সময় কতটুকুন প্রভাব পড়বে, তা হিসেব করে মানিয়ে চলার কৌশল নির্ধারণ করতে হবে। এজন্য ব্যাপক গবেষণা করতে হবে। আমাদের দক্ষতা ও অর্থের অভাবে বাংলাদেশে এরকম গবেষণা খুবই কম হচ্ছে বলে আমার ধারনা। বৈশ্বিক জলবায়ু তহবিল থেকে প্রাপ্ত অর্থের কিছু অংশ দিয়ে গবেষণার ব্যাপকতা ও গভীরতা বাড়াতে হবে। জলবায়ু পরিবর্তনের দায় আমাদের নয়, এই দায় শিল্পোন্নত ধনী দেশগুলোর। কিন্তু এর বিরূপ প্রভাবে বিপর্যস্ত হচ্ছি আমরা। সেজন্য মানিয়ে চলার জন্য আমাদের যত গবেষণা এবং পরিবর্তিত জীবন আচরনের জন্য যা যা দরকার, তার সবটুকুই দায়ী-দেশগুলোকে ক্ষতিপূরণ হিসেবে আমাদেরকে দিতে হবে। এজন্য আন্তর্জাতিক নেগোসিয়েসন খুব দরকার। এজন্য আসন্ন ডারবান জলবায়ু সম্মেলনে বাংলাদেশ সরকারের একটি জোড়ালো পদক্ষেপ আমরা প্রত্যাশা করি।

আমাদের প্রত্যাশিত জ্ঞানভিত্তিক সমাজ ও রাষ্ট্রব্যবস্থায় এই ধারনাটি আজকে ®পষ্ট হতেই হবে যে, জলবায়ু পরিবর্তনের প্রতিক্রিয়ার সাথে যদি আমরা কার্যকরীভাবে মানিয়ে না চলতে পারি, তাহলে কোন অর্থনৈতিক কর্মপরিকল্পনাই সত্যিকারভাবে সফল হবে না। বছর বছর বন্যা, সাইক্লোন ও অন্যান্য পরিবেশ-বিপর্যয় যে দারিদ্র্য বাড়ায়, খাদ্য ও জ্বালানী নিরাপত্তা যে ব্যাহত হয়, তা আজকে ¯পষ্ট। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিমজ্জমান স্থলভূমি ও ক্রমবর্ধমান লবনাক্ততা যে উপকূলীয় অঞ্চলের কৃষি ও সামগ্রিক সমাজ ব্যবস্থাকে ব্যাপক পরিবর্তন করে দেবে, তা যদি ব্যাপক গবেষণার মাধ্যমে আমরা এখনি বুঝতে চেষ্টা না করি, তাহলে আমাদেরকে নিশ্চিতভাবে বিপদের সম্মুখীন হতে হবে। এবং এতে যেকোন সরকারকেই ব্যর্থতার দায় নিতে হবে। মহাজোট সরকারের কাছে আমাদের বিনীত প্রত্যাশা থাকবে, একটি দেশের সামগ্রিক অর্থনীতির সাথে জলবায়ু পরিবর্তনের যে একটি আন্ত:সম্পর্ক রয়েছে, তা বিবেচনায় রেখে অর্থনীতিকে শক্তিশালী করার পথটি যেন বাছাই করে নেন। আমাদের হাতে আর সময় নেই। আমাদের যে দেয়ালে পিঠ ঠেকে গেছে, তা যদি আমরা বুঝতে না পারি, তাহলে তা দু:খজনকভাবে আমাদের অস্তিত্বকেই আঘাত করবে। ডারবান সম্মেলন যেন পর্যটন-সর্বস্ব আর নীতি নির্ধারকদের বাজার সদায় করার সম্মেলন না হয়। সম্মেলনের এই সময়গুলোতে আমরাও সবাই দেশে ও বিদেশে যে যেভাবে পারি মিডিয়ার সামনে বাংলাদেশের আর্তনাদকে তুলে ধরতে পারি। আর জ্বলে উঠতে পারি সবাই মিলে। সর্বোচ্চ ক্ষতিপূরণের ডাকে সোচ্চার হতে পারি সবাই।

ড. দানেশ মিয়া: অধ্যাপক, বনবিদ্যা ও পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।