২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফারজানার চপেটাঘাত

বেবী মওদুদ

Published : 13 Nov 2011, 10:40 PM

Updated : 01 Jul 2022, 05:52 PM

বরগুনার আমতলী উপজেলার ফারজানা ইয়াসমিনকে উষ্ণ অভিনন্দন জানিয়ে জোর গলায় বলতে চাই 'সাবাস ফারজানা!' যৌতুক চাওয়ার বিনিময়ে বর ও তার আত্মীয় স্বজনকে সবার সামনে তালাক দিয়ে চমৎকার চপেটাঘাত করেছে।

ফারজানার এই সাহসিকতা বিশাল বীরত্ব। যৌতুকলোভী বর ও তার স্বজনদের তালাক দিয়ে প্রত্যাখান করেছে সে।

ফারজানা সমগ্র দেশের প্রশংসা অর্জন করছে। তার শিক্ষা অর্জন সচেতনতা, পিতা-মাতার প্রতি দায়িত্ববোধ ও লক্ষ লক্ষ মেয়ের জন্য এক উদাহরণ সৃষ্টি করেছে ফারজানা ইয়াসমিন। সে নিজে ছাত্রী জীবনে যৌতুক বিরোধী আন্দোলন করে যে অভিজ্ঞতা অর্জন করেছিল, আজ তার সেই অঙ্গীকার ব্যক্তিজীবনেও সফলভাবে পালন করে দেশ ও জাতির মুখ উজ্জ্বল করেছে।

দেশের লক্ষ লক্ষ মেয়ের ভাগ্যাহত জীবনকে যৌতুকের কলঙ্ক থেকে মুক্ত করার অনুপ্রেরণা যোগাবে। আমরা চাই ঘরে ঘরে আমাদের মেয়েরা এইভাবে সচেতনতার স্পর্ধা ও সাহস দেখাবে।


যৌতুক এক অমানবিক নিষ্ঠুর সামাজিক ব্যাধি। কন্যাদায়গ্রস্ত পিতা-মাতার জীবনকে তা তিক্ত করে তোলে। যৌতুকলোভী বর ও তার আত্মীয়দের খায়েশের শেষ থাকে না। দরিদ্র কৃষক থেকে মধ্যবিত্ত পরিবারের কাছে এ এক আতংক। মেয়েকে উপযুক্ত ও শিক্ষিতা করে তুললেও যৌতুকের যন্ত্রণা থেকে রেহাই পাওয়া যায় না। কন্যাসন্তান জন্ম হওয়াটাই যেন পাপ, তাই তার বিয়ের সময় যৌতুকের মাধ্যমে যেন সেই পাপের প্রায়শ্চিত্ত শুরু হয়। কত কত মেয়ের বিয়েই হয় না, কত মেয়ের বিয়ে ভেঙে যায়। আবার কত মেয়ের বিয়েতে পিতা-মাতা ঋণ করেও যৌতুকের চাহিদা মেটায়। আবার বিয়ের পরও যৌতুকের চাহিদা শেষ হয় না। বিরাট অঙ্কের অর্থ, গাড়ি-বাড়ির দাবি মেটাতে ব্যর্থ হলে স্ত্রী নির্যাতন ও পাশবিক হত্যার ঘটনাও খবর হয়ে আমাদের শিহরিত করে তোলে। এর পেছনে বরের মা-বোনদের ইন্ধন এবং নির্যাতনও থাকে। পিতার বাড়ি থেকে যৌতুকের দাবি মেটাতে না পারায় কাউকে কাউকে সারা জীবন অপরাধী হয়ে থাকতে হয়।

আমরা দেখেছি যৌতুকের দাবি মিটিয়েও রেহাই পাওয়া যায় না। এ যেন বরপক্ষের অধিকার এবং পাত্রী পক্ষের দায়বোধ। দেশে শাস্তিযোগ্য আইন আছে সত্য কিন্তু তার যথাযথ কার্যকর প্রয়োগ নাই। সামাজিক সচেতনতা গড়ে না ওঠায় এ যেন এক প্রথা হয়ে দাঁড়িয়েছে।

সামাজিক আন্দোলনকারীরা গোলটেবিল ও মতবিনিময় সভা করে বড় গলায় কথা বললেও বৃহত্তর জনগোষ্ঠির কানে তা পৌছায় না। যৌতুক বিরোধী আন্দোলনের নিবিড় কোন কর্মসূচি নেই যা সামাজিক বিপ্লব সৃষ্টি করতে পারে। সরকারি-বেসরকারি এনজিও গোষ্ঠিরা এব্যাপারে কোনও কার্যকর ভূমিকা পালন করেন না।

মহিলা সংগঠনগুলির কর্মকাণ্ড এখন আর সমাজকল্যাণমূলক না হয়ে দাতাদের পরামর্শে উন্নয়নমূলক হয়ে ওঠায় বৃহত্তর ক্ষেত্রে তার কোন প্রভাবও পড়ছে না। এছাড়া শিক্ষা অর্জন করেও পাত্রপক্ষের মানসিকতার কোন পরিবর্তন ঘটেনি। অর্থবিত্ত বা স্বচ্ছলতা থাকলেও যৌতুকের নেশা তাদের আচ্ছন্ন করে রাখে। এই লোভ যে কারও কারও সর্বনাশ ডেকে আনতে পারে, কেউ কেউ সর্বস্বান্ত হয়ে পড়ে–এ জ্ঞানটাও তাদের থাকে না।

বরগুনার আমতলী উপজেলার ফারজানা ইয়াসমীন উচ্চশিক্ষিত ও মেধাবী হওয়া সত্ত্বেও স্কুল শিক্ষক বর তার কাছে যৌতুকের লোভ সামলাতে পারেনি। পিতা-মাতা বহু কষ্ট করে নিশ্চয় তাকে উচ্চ শিক্ষা দিয়েছেন। বিয়ের পর সে যদি চাকুরী করে অর্থ উপার্জন করতো সে তো স্বামীর সংসারেই ব্যয় করতে পারতো। এমন মেয়র জন্য যৌতুক না চাইলেও তো তারা পারতেন। উচ্চশিক্ষিত ফারজানার চেয়ে টিভি, ফ্রিজ, মোটরসাইকেল তাদের কাছে বড় হয়ে উঠলো? এই অপমান ও অবমাননার উচিত শিক্ষা দিয়েছে ফারজানা। পিতা যখন কন্যাকে বরের হাতে তুলে দেবে সেই মূহুর্তে যৌতুক চাইতে বরের ফুফুর বিবেকে সামান্যতম বাধলো না। একজন নারী হয়ে তিনি কোন মানসিকতায় এটা চাইতে পারলেন? তিনি নারী হয়েও নারীকে অপমান করলেন কোন লোভের বশবর্তী হয়ে?

বিয়ের পর মূহুর্তে বিদায় নেবার সময় যৌতুকের দাবিকে রুচিহীন উল্লেখ করে তাকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ না করে ফারাজানা একটি দৃষ্টান্ত সৃষ্টি করেছে। ফারজানার প্রতি আমাদের ভালোবাসা রইলো। জীবন সংগ্রাম তার শুরু, সে নিশ্চয় একদিন সফল হবে।

আমরা আশা করবো, ফারজানার এই সাহসিকতাপূর্ণ প্রত্যাখানের মধ্য দিয়ে দেশে যৌতুক বিরোধী আন্দোলন নতুন আঙ্গিকে নতুনতর চেতনায় গড়ে উঠবে এবং সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সামাজিক বিপ্লব সৃষ্টি হবে।

বেবী মওদুদ : লেখক ও সাংবাদিক।