মানব-জিনোম, আকাশ জরিপ ও ডিজিটাল প্রযুক্তি
মানুষ কী করে 'মানুষ' হয়? কী ধরনের বৈশিষ্ট্য মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে?
এই প্রশ্নের অনেক রকম উত্তর হতে পারে। আমার প্রিয় উত্তরটি দিয়েছেন প্রফেসর আনোয়ারুর রহমান খান। স্যার বলেছেন, 'সকল প্রাণীই মাটির দিকে তাকিয়ে শিকার খোঁজে। কিন্তু মানুষই একমাত্র প্রাণী যে আকাশের দিকে তাকাতে পারে এবং চিন্তা করার ক্ষমতা রাখে।' ঘাড় উঁচু করে আকাশের দিকে তাকাতে পারে কেবল মানুষই। একসময়ে জ্যোতিবির্দ্যা ছিল নানান কৌতুকের বিষয়। আমরা সবাই জানি সেই পণ্ডিতের গল্প যিনি রাতের আকাশের দিকে হাঁটতে গিয়ে কুয়োয় পড়ে যান। এই গল্পের সারমর্ম অনেকটা এইরকম যে দূরের জিনিস দেখতে গিয়ে কাছের বিপদ টের পাওয়া যায় না। এই রকম ছিল আমাদের ধ্রুপদী সমাজের ভাবনা। কিন্তু আসলে দীর্ঘমেয়াদী ভাবনা যে স্বল্পমেয়াদেও উপকারী হয় তা আমরা গত কয়েকশত বছরে আস্তে আস্তে শিখেছি। আকাশের তারা শুধু দূরের অলীক মায়ার হাতছানি নয়। এটা মানুষকে তার মনুষ্যত্ব শেখায়। কারণ দূরের আকাশ মানুষকে ভাবতে শেখায়। আকাশকে দেখতে শিখেই মানুষ আকাশে স্যাটেলাইট পাঠিয়েছে, এখন আমরা আবহাওয়ার আগাম খবর পাচ্ছি, বন্যার পূর্বাভাস পাচ্ছি, আমাদের ভূমিরূপের ডিজিটাল ম্যাপ পাচ্ছি। এসবই কিন্তু আমাদের তাৎক্ষণিক প্রয়োজন মেটাচ্ছে। কাজেই জ্যোতির্বিদ্যাকে এখন আর কেউ উন্নাসিকের বিজ্ঞান বলে মনে করে না। বিশেষ করে, যোগাযোগ ব্যবস্থায় পৃথিবীর যেকোনো স্থানের ম্যাপ ও অবস্থান নির্ণয়ে জ্যোতির্বিদ্যার প্রয়োগ আছে। যে কৌতূহলের বশে মানুষ দূরবীক্ষণ যন্ত্রে চোখ রাখে, একই অনুসন্ধিৎসা তাকে অণুবীক্ষণ যন্ত্রেও চোখ রাখতে উৎসাহিত করে। ফলে অ্যাস্ট্রনমি ও বায়োলজি দুটোই মানব-মণীষার অসাধারণ সৃষ্টি। দুটোই পর্যবেক্ষণ-নির্ভর, দুটির ক্ষেত্রেই লেন্সে চোখ রাখতে হয় এবং দুটোর ক্ষেত্রেই অত্যাধুনিক ডিজিটাল প্রযুক্তি কাজে লাগানো যাচ্ছে। অ্যাস্ট্রনমি ও বায়োলজির পার্থক্য একটাই– একটি আমাদের থেকে দূরের এবং আমাদের থেকে বৃহতের বিজ্ঞান, অন্যটি আমাদের নিকটবর্তী জীবের জন্য প্রযোজ্য। দুটোর মধ্যে আরো একটা অসাধারণ সাযুজ্য আছে– দুটোর ক্ষেত্রেই ক্ষুদ্রাতিক্ষুদ্রের জ্ঞান কাজে লাগে। অণু-পরমাণুর কার্যকলাপ নক্ষত্রের তেজ-বিকিরণ ব্যাখ্যা করে, তার অন্তিম নিয়তি ব্যাখ্যা করে, মহাবিশ্বের উৎপত্তিও ব্যাখ্যা করে। অন্যদিকে এই একই বিদ্যা প্রাণের রহস্য ব্যাখ্যা করে, বিপাকের কাজ ব্যাখ্যা করে, ডিএনএ'র গঠন ব্যাখ্যা করে। সর্বোপরি মলিকুলার বায়োলজির পুরোটাই অণু-পরমাণুর পারস্পরিক মিথস্ক্রিয়ার বিজ্ঞানের ওপর প্রতিষ্ঠিত।
কিছুকাল আগে এই দুই শাখাতেই কিছু নতুন অগ্রগতি হয়েছে যা এই সংক্রান্ত চিন্তা-ভাবনায় বিপ্লবের সৃষ্টি করেছে। মজার বিষয়, এই দুই কাজেই উভয়কে সাহায্য করেছে তথ্য-প্রযুক্তি। এই দুটির একটি হলো মানব-জিনোম প্রকল্প এবং অন্যটি হলো স্লোন ডিজিটাল স্কাই সার্ভে। বায়োলজিতে বিগ-সায়েন্সের প্রয়োগ বেশীদিনের নয়। বিগ-সায়েন্স বলতে বোঝাচ্ছি খরচবহুল ইকুইপমেন্ট, অনেক গবেষকের সম্মিলন, ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশন– সব মিলিয়ে দক্ষযজ্ঞ। অণুবীক্ষণযন্ত্র দিনদিন যতো বড় এবং শক্তিশালী হচ্ছে, বায়োলজিকাল রিসার্চের খরচ ততো বাড়ছে। আস্তে আস্তে এর সাথে যুক্ত হচ্ছে 'বিগ-সায়েন্স'। 'বিগ-সায়েন্সের' সবচেয়ে উল্লেখযোগ্য উদাহরণ হলো জেনেভার 'সার্ন' যেখানে কণাপদার্থবিজ্ঞানের দক্ষযজ্ঞ চলছে আজ বহুদিন হলো। এর কাছাকাছি দক্ষযজ্ঞ বায়োলজি'র ক্ষেত্রে হলো মানব-জিনোম প্রকল্পে। এই প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছিল তিন বিলিয়ন ডলার।
ক্ষুদ্রাতিক্ষুদ্র কোষকে ব্যবচ্ছেদ করার এই যে প্রাণাতিপাত প্রচেষ্টা এবং খরচের বহর, তা সত্যিই বিস্ময়কর। মানুষের ডিএনএ'তে প্রায় তিন বিলিয়ন অক্ষর (ক্ষার-জোড়) আছে। এই অক্ষর পড়ার উদ্দেশ্যেই মানব-জিনোম প্রকল্প গঠিত হয়। মানুষের পুরো জিন-নকশা পড়ে তার মর্মোদ্ধার করাই এই প্রকল্পের উদ্দেশ্য। আশা ছিল, সম্পূর্ণ জিন নকশা জেনে মানুষের রোগ নিরাময়ের এক নতুন দিগন্ত উন্মেচিত হবে। জিনোম প্রজেক্টের পূর্বে বিজ্ঞানীরা ভাইরাসের জিন-নকশার মর্মোদ্ধার করেছেন। ভাইরাস এক অসাধারণ প্রাকৃতিক নিমার্ণ। ভাইরাস কী দিয়ে তৈরি তা বিজ্ঞানীরা অনেক খেটেখুটে মোটামুটি নিশ্চিত হয়েছেন। কোনো একটা বড়দেহ আশ্রয় করে ভাইরাস বংশবৃদ্ধি করে, এই কাজে সে আশ্রিতের সর্বনাশ করে ছাড়ে। তাই কোনো বড় জীবদেহের খুঁটিনাটি জানতে ভাইরাস এক বিরাট সহায়। ফ্রিম্যান ডাইসন কৌতুক করে বলেছেন, প্রকৃতি যদি ভাইরাস না বানাতো, তো বিজ্ঞানীদের তা আবিষ্কার করতেই হতো। কোনো কোষকে ভেতর থেকে জানতে প্রকৃতির 'ইনভেসিভ সার্জিকাল' (অর্থাৎ কেটে ভেতরের জিনিস দেখা) উপায় হলো ভাইরাস। এই সব ভাইরাস সম্পর্কে আজ আমরা অনেক জানি, কারণ গত প্রায় ষাট বছরে ভাইরোলজিস্টরা নিরলসভাবে ভাইরাস গবেষণা চালিয়ে এসেছেন। বর্তমানে ভাইরাস সম্পর্কে আমাদের অসাধারণ জ্ঞান অর্জিত হয়েছে। ফলে বিজ্ঞানীরা এখন কৃত্রিম ভাইরাস তৈরির দ্বারপ্রান্তে চলে এসেছেন। এমনকি কৃত্রিম ডিএনএ বানিয়ে তা ভাইরাসের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। দেখা গেছে, যেসব প্রোটিন বানানোর তথ্য ঐ ডিএনএ'তে লেখা হয়েছিল, ঠিক সেইসব প্রোটিনই সংশ্লেষিত হচ্ছে। এভাবে সিন্থেটিক বা কৃত্রিম ভাইরাস তৈরি করা সম্ভব হবে যা ব্যবহার করে বিজ্ঞানীরা জীবদেহ সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। ১৯৭৭ সালে ফ্রেড স্যাঙ্গার একটি ভাইরাসের (ফাই-এক্স একশ চুয়াত্তর) পাঁচ হাজার অক্ষরের সম্পূর্ণ পাঠোদ্ধার করতে সক্ষম হন।
জিনোমের পাঠোদ্ধারের মূলে আছে পলিমারেজ চেইন রিয়্যাকশন। এটি একটি চমৎকার রাসায়নিক কৌশল যার সাহায্যে ডিএনএ'র একটি অণু থেকে তার অসংখ্য কপি তৈরি করা যায়। একটি অণুর এরকম অসংখ্য কপি ব্যবহার করে সিকোয়েন্সিংয়ের কাজ সহজে ত্বরান্বিত করা যায়। এই প্রক্রিয়াটি আদতে অন্যান্য রাসায়নিক বিক্রিয়ার মতোই ধীরগতির। দ্রবণে উপস্থিত বিভিন্ন রাসায়নিক বস্তুর সাথে ডিএনএ অণুর বিক্রিয়াজাত পদার্থের উপস্থিতি থেকে জিনের ক্রম পড়ে ফেলা যায়। ১৯৯০ সালে মানব-জিনোম প্রকল্পটি শুরু হয়েছিল মূলত এই প্রক্রিয়ার উপর ভিত্তি করেই। এই প্রক্রিয়া অবশ্য পুরোটিই অটোমোটেড বা স্বয়ংক্রিয় যন্ত্রাদি দিয়ে করা হয়। শুরুতে টার্গেট ছিল প্রকল্পটি পনের বছরে শেষ হবে। তবে সুখের বিষয় ২০০০ সালে এর প্রথম ড্রাফটটি প্রকাশ পায় এবং ২০০৩ সালে প্রজেক্টটি সম্পূর্ণ হয়। মানব-জিনোমের একটা বড় অংশ (প্রায় নব্বুই শতাংশ) হলো জাঙ্ক ডিএনএ।
অর্থাৎ এই জিনগুলো কোনো নির্দিষ্ট প্রোটিন সংশ্লেষণে কাজে লাগে না। এগুলো যে কী কাজে লাগে তা বিজ্ঞানীরাও সঠিক জানেন না। ধারণা করা হয়, ডিএনএ'র ঐসব অংশ এক সময়ে কাজে লাগত। তবে বহু লক্ষ বছর আগেই ঐসব অংশ তাদের কার্যকারিতা হারিয়েছে। কিন্তু তারপরও এতোদিন ধরে এই জিনগুলো কেন মানব জিনোমে আজো রয়ে গেছে সেটা এক রহস্য।
যাহোক, বিজ্ঞানীরা সেইসব জিন নিয়েই বেশি চিন্তিত যাদের সুনির্দিষ্ট কার্যকারিতা আমাদের জানা আছে। এই সব জিন স্বাস্থ্যগত কারণে গুরুত্বপূর্ণ, কারণ এরাই আমাদের অনেক বৈশিষ্ট্য নির্ধারণ করে। যেমন আমরা লম্বা বা ফর্সা হবো কিনা, চোখের মণি কটা হবে কি-না, বংশগত রোগের কারণে আমরা ভুগবো কি-না — এসবই নির্ধারিত হয় নির্দিষ্ট জিনের কারণে। তাই সেইসব কার্যকর জিন খুঁজে নেওয়া চিকিৎসা-বিজ্ঞানে অতীব জরুরী। এর ফলে দীর্ঘমেয়াদী চিকিৎসা সম্ভব হয় কিংবা যদি এমনটা জানা থাকে যে আমি অমুক রোগের জিন-বাহক তবে আমি আমার লাইফস্টাইলও বদলাতে পারি। কিংবা হয়ত জেনেটিক কারিগরী খাটিয়ে জিন-সিকোয়েন্সকে মেরামতও করা সম্ভব হবে। যদিও সেটা দূর ভবিষ্যতের ব্যাপার। মানুষের রোগ-শোক যত কম হবে, ততো তার আয়ুষ্কাল বাড়বে। এর ফলে তৈরি হবে আরো কিছু আনুষঙ্গিক আর্থ-সামাজিক বিষয়াদি। যেমন মানুষের চাকুরিসীমা বাড়াতে হবে। আমি যদি ষাট বছরে রিটায়ার করি আর গড় আয়ুষ্কাল হয় আশি বছর, তাহলে বিশ বছর আমি সার্ভিস দিলাম না। অথচ এই বিশ বছর আমি পেনশন-ভাতা নিলাম এবং সরকারের গলগ্রহ হয়ে থাকলাম। উন্নত বিশ্বে এখনই এই সমস্যা দেখা দিয়েছে যেখানে জনসংখ্যার একটা উল্লেখযোগ্য অংশ অবসরে থাকলে সেই খরচ সরকারের ওপর একটা বড় বোঝা হয়ে যায়। সেই বোঝা মূলত টানতে হয় অপেক্ষাকৃত তরুণ প্রজন্মকে। এই সব সামাজিক সমস্যা এবং তার সাথে যুক্ত আর্থনীতিক বিষয়াদিও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
মানব-জিনোম প্রকল্পের চল্লিশভাগের-এক-ভাগ খরচ (আট কোটি ডলার) এবং প্রায় এক তৃতীয়াংশ সময়ে সম্পাদিত হওয়ার পরিকল্পনা নিয়ে শুরু হয় আরেকটি জরিপ। এর নাম স্লোন ডিজিটাল স্কাই সার্ভে। এই আকাশ জরিপের মূল উদ্দেশ্য ইলেকট্রনিক ক্যামেরা দিয়ে উত্তরাকাশ পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করে তা ডিজিটাল রেকর্ডে রক্ষিত করা। এমনও পরিকল্পনা হয়েছে যে পাঁচ বছর পর, যদি সব কিছু ঠিকঠাক চলে, তবে দক্ষিণাকাশকেও একইভাবে ডিজিটাল পদ্ধতিতে জরিপ করা হবে। ১৯৯৮ সালে শুরু হওয়া এই জরিপটিতে পাঁচটি বিশ্ববিদ্যালয় জড়িত ছিল, এর দুরবীনটির খরচ দিয়েছে স্লোন ফাউন্ডেশন এবং বাকি খরচ সরকারের। উত্তরাকাশ পর্যবেক্ষণের জন্য নিউ-মেক্সিকোর অ্যাপাচি-পয়েন্টের আড়াই মিটার অপটিকাল টেলিস্কোপটি ব্যবহৃত হয়। এই টেলিস্কোপের সাথে যে একশ বিশ মেগাপিক্সেল ক্ষমতাসম্পন্ন ক্যামেরাটি যুক্ত তাতে ত্রিশটি সিসিডি (চার্জ কাপল্ড ডিটেক্টর) চিপ আছে এবং প্রতিটি চিপের বিশ্লেষণী ক্ষমতা বা রেজোলিউশন পাওয়ার ২০৪৮ x ২০৪৮ পিক্সেল। এই ক্যামেরাটিকে তরল নাইট্রোজেনের সাহায্যে একশ নব্বুই কেলভিন তাপমাত্রায় রেখে সকল ব্যাকগ্রাউন্ড নয়েজ সীমিত করা হয়। ২০০০ সাল থেকে পুরোদমে শুরু হয়ে এই প্রকল্পের সাহায্যে পঞ্চাশ কোটি জ্যোতিষ্কের আলোকীয় পর্যবেক্ষণ এবং এক মিলিয়নেরও বেশি জ্যোতিষ্কের বর্ণালি পর্যবেক্ষণ করা হয়েছে। একাধিক রঙ বা তরঙ্গদৈর্ঘ্যরে ফিল্টার ব্যবহার করে ইমেজিং করা হয়েছে এবং বর্ণালির সাহায্যে রক্তিম-সরণ জরিপ করা হয়েছে। এই প্রকল্পের দ্বিতীয় পর্যায় শুরু হয় ২০০৬ সালে এবং তৃতীয় পর্যায় শুরু হয় ২০০৮সালে। অত্যাধুনিক ডিজিটাল ক্যামেরাটি রাতের আকাশের এক দশমিক পাঁচ বর্গ ডিগ্রি (পূর্ণিমার চাঁদের আটগুণ এরিয়া) পরিমাণ জায়গা জরিপ করতে সক্ষম এবং প্রতি রাতে এটি দু'শো গিগাবাইট পরিমাণ তথ্য আহরণ করে। এই আকাশ জরিপে এখন পর্যন্ত আকাশের এক চতুর্থাংশেরও বেশি জায়গার জরিপ শেষ হয়েছে। এর ফলে নয় লক্ষ ত্রিশ হাজার গ্যালাক্সির একটি ত্রিমাত্রিক ছবি পাওয়া গেছে। আবারো বলছি, এই জরিপে দূরবর্তী জ্যোতিষ্কের রক্তিম-সরণ মাপা হয়েছে এবং বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যে এদের পর্যবেক্ষণও সম্পন্ন হয়েছে। এটা রাতের আকাশের একটা পরিপূর্ণ ম্যাপ। দ্বিতীয় পর্যায়ের জরিপে পঁচিশটি প্রতিষ্ঠান অংশ নেয়। তিনটি আলাদা জরিপের অংশ হিসেবে দ্বিতীয় জরিপটি সম্পূর্ণ হয়। এই তিনটি হলো স্লোন লিগেসি সার্ভে (চুরাশি হাজার বর্গ-ডিগ্রি পরিমাণ জায়গার জরিপ যার মধ্যে তেইশ কোটি জ্যোতিষ্কের খবরাখবর আছে), স্লোন এক্সটেনসন ফর গ্যালাকটিক আন্ডারস্ট্যান্ডিং এন্ড এক্সপ্লোরেশন (মিল্কিওয়ে বা আকাশগঙ্গা ছায়াপথের কাঠামো ও ইতিহাস সংক্রান্ত) এবং স্লোন সুপারনোভা সার্ভে (পাঁচশটির মতো টাইপ-ওয়ান-এ সুপারনোভার জরিপ)।
যে কথা না বললেই নয়, স্লোন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জেনারেল মোটর্সের প্রেসিডেন্ট অ্যালফ্রেড পি. স্লোন (১৮৭৫-১৯৬৬) যিনি এমআইটি থেকে তড়িৎ কৌশলে ডিগ্রি পান। তিনি বলেছিলেন, "সায়েন্টিফিক ম্যানেজমেন্টের অর্থ হলো প্রকৃত তথ্য বা বাস্তব সত্যের সার্বক্ষণিক সন্ধান এবং তার বুদ্ধিমান সংস্কারমুক্ত বিশ্লেষণ।"
স্লোন আকাশ জরিপে বড় চ্যালেঞ্জ ছিল প্রাপ্ত ডিজিটাল তথ্যের ডেটা-প্রসেসিংয়ের কাজ। টেলিস্কোপ ও তৎসংলগ্ন ক্যামেরা থেকে যে প্রচুর ডিজিটাল তথ্য (প্রতি রাতে দুশো গিগাবিট তথ্য) পাওয়া যেতো তার সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ একটা জটিল ব্যাপার নিঃসন্দেহে। জরিপ চলাকালে আকাশের প্রতিটি কোনাকে পাঁচটি তরঙ্গদৈর্ঘ্য বা বর্ণে পর্যবেক্ষণ করা হতো, উপরন্তু বহুসংখ্যক গ্যালাক্সি ও জ্যোতিষ্কের বর্ণালি পর্যবেক্ষণ এবং রক্তিম-সরণ পরিমাপ করতে হতো। এই সম্পূর্ণ ডিজিটাল ডেটাসেটকে কয়েকভাবে ব্যবহার করা যায়। প্রথমত, কোনো জ্যোতির্বিদ যদি কোনো বিশেষ জ্যোতিষ্ক খুঁজতে চায় তবে উপযুক্ত সার্চ অ্যালগোরিদম ব্যবহার করে ইলেকট্রনিক ডেটাবেইজ থেকে সহজেই সেটা খুঁজে পাবেন। দ্বিতীয়, কোনো বিজ্ঞানী আকাশের কোনো নির্দিষ্ট অংশের তথ্য চাইতে পারেন। তৃতীয়ত, এই জরিপের সাহায্যে মহাবিশ্বে জ্যোতিষ্কের বিন্যাস এবং তাদের প্রকৃতি জানা যাবে। এভাবে আমরা মহাবিশ্বের ব্যাপক পরিসরে গঠন সম্পর্কে জানতে পারব। যাঁরা জ্যোতির্বিদ্যার খবর রাখেন, তাঁরা জানেন এটা কতই না জরুরি।
মহাবিশ্বের বস্তু-বিন্যাস, এর নিয়তি, এর বন্টন ইত্যাদি সম্পর্কে এই সময়ে আমরা অনেক জানি। এই জানার খাতায় একটা উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে স্লোন ডিজিটাল আকাশ জরিপ। এই জরিপ থেকে পাওয়া ত্রিমাত্রিক আকাশচিত্র থেকে আমরা পরিস্কার দেখতে পাই যে একশ মেগাপারসেকের বেশি দূরত্বে বিশ্ব সমসত্ব ও দিকনিরপেক্ষ। এই ছবিতে মাহবিশ্বের স্পঞ্জ-সদৃশ কাঠামো স্পষ্ট দেখা যায়। একই সাথে আরেকটি প্রকল্পের কথা বলা দরকার। সেটি ২০০৫ সালের মিলেনিয়াম সিমুলেশন। এই সিমুলেশনে বিশ্বের প্রাথমিক দশার যে চিত্র ব্যবহার করা হয়েছে তা পাওয়া গেছে WMAP স্যাটেলাইট থেকে প্রাপ্ত পটভূমি বিকিরণের অসুষমতা থেকে। আর এই সিমুলেশনের আউটপুট মেলানো হয়েছে স্লোন আকাশ জরিপের সাথে। বিভিন্ন মডেলের মধ্যে দেখা গেছে শুধু একটি মডেলই বিশ্বকে ব্যাখ্যা করে। এই মডেলটির নাম ল্যাম্বডা-সিডিএম বিশ্ব যেখানে শীতল অদৃশ্য বস্তুর প্রাধান্য থাকে। এমন একটি মহাবিশ্বে অদৃশ্য শক্তি বায়াত্তর শতাংশ, অদৃশ্য বস্তু তেইশ শতাংশ ও দৃশ্যমান বস্তু মাত্র পাঁচ শতাংশ। এই বিশ্ব ত্বরিত হারে প্রসারমান। এই সব তথ্য কসমোলজিতে নতুন অভিঘাত এনেছে, নতুন বস্তুর সন্ধানে গবেষণা চলছে, একটি অনন্ত প্রসারমান বিশ্বে প্রাণের ভবিষ্যত কী তা নিয়ে চিন্তা-ভাবনা চলছে।
বিজ্ঞানের ইতিহাসে এই দুই জরিপই অনন্যসাধারণ। জিনোম প্রকল্প মানুষের দেহবিজ্ঞানকে এক নতুন মাত্রা দিয়েছে। এই জিনোম সিকোয়েন্সকে পড়ে ফেলার মাধ্যমে মানুষের বংশবাহিত রোগ-শোকের একটা সালতামামী পাওয়া যায়। কার্যকারিতা অনুযায়ী জিনের ম্যাপ থাকায় চিকিৎসা-বিজ্ঞানীদের যে কত সুবিধা হবে তা বলার নয়। অন্যদিকে কোটি কোটি ডলারের ওষুধশিল্পেও নতুন জোয়ার আসবে। যদিও ফার্মাসিউটিকাল্স ইন্ডাস্ট্রির বিবর্তন অনেক কর্পোরেট ন্যায়নীতির নানান ফাঁসের গেরোয় বাঁধা থাকে। শোনা যায়, বাজারে যেকোনো নতুন ওষুধ আসতে তার আবিষ্কার থেকে অন্তত দশবছর সময় লাগে। বৈজ্ঞানিক আবিষ্কারকে বাজারজাতকরণে অসংখ্য পেটেন্ট-মামলা, দরকষাকষি এসবের রাজনীতি পেরিয়ে আসতে হয়। এটা দুঃখজনক যে রাজনৈতিক ডামাডোল বিজ্ঞানের গতি-প্রকৃতিতেও ঢুকে পড়েছে, বিশেষ করে আজকের বিগ সায়েন্সের যুগে। বিগ সায়েন্স মানেই বড় পরিমাণে টাকার খেলা, আর তার মানেই হলো রাজনীতিকদের হাতে লাটাই তুলে দেওয়া। টাকা (জ্ঞানীদের ভাষায় 'ফান্ডিং') না হলে বিগ সায়েন্স বাঁচে না। যে প্রকল্পের খরচ বেশি, তার ধারাবাহিকতা বজায় রাখা মুশকিল। যেমন ন্যাসার 'অ্যাপোলো' প্রোগ্রামটি ছিল খুবই খরচবহুল। তাই স্পেস মিশনকে নতুন করে ঢেলে সাজাতে হয়েছিল। এই মিশনটি একটি 'সেট ব্যাক' হিসেবে চিহ্নিত হয়েছিল কারণ এটি মহাকাশ অভিযানের অগ্রযাত্রাকে ব্যাহত করেছে অন্তুত বিশ বছরের জন্য। ফ্রিম্যান ডাইসনের ভাষায়, "খরচের ব্যাপারটা খুব জরুরি, কারণ তা ধারাবাহিকতা বা সাস্টেইনেবিলিটিকে ব্যাহত করে।
কোনো প্রজেক্ট তখনই বেঁচে যায় যদি তার খরচ কম হয় এবং তাকে ভিত্তি করে ভবিষ্যতে অনেকগুলো ধারাবাহিক প্রকল্প চালানো যায়। তাই যেসব প্রজেক্টের ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হয় তারা একটা নতুন যুগের সূচনা করে। যার ধারাবাহিকতা রক্ষা করা যায় না, সে প্রকল্প পুরোনো যুগের সমাপ্তি বোঝায়।"
চিকিৎসাশাস্ত্রের খাতিরে শুধু একটা জিনোমকে সিকোয়েন্স করলেই হবে না। ভিন্ন ভিন্ন স্বাস্থ্য-সমস্যার ভিন্ন ভিন্ন মানুষের জিনোমকেও গবেষণার আওতায় নিয়ে আসতে হবে। তা না হলে বিভিন্ন রোগের সঠিক ওষুধ কিংবা জেনেটিক ক্রটি আমরা নির্ণয় করতে পারব না। অন্যদিকে, জীববিদ্যার খাতিরে আমাদেরকে আরো বহু প্রজাতির জিনোম রহস্য উদ্ধার করতে হবে। পুরো বায়োস্ফিয়ারের সকল প্রজাতির জিনোমকেই পড়ে ফেলতে হবে। যে কোনো প্রজাতির গড় জিনোমে বেইস-পেয়ার বা ক্ষার-জোড়ার সংখ্যা কয়েক মিলিয়ন, আর পুরো বায়োস্ফিয়ারে আছে কয়েক মিলিয়ন প্রজাতি। কাজেই পুরো বায়োস্ফিয়ারের কমপ্লিট জিনোমে থাকবে কয়েক ট্রিলিয়ন বেইস-পেয়ার। এই পুরো তথ্য ডিজিটালি সংরক্ষণ করতে কিন্তু খুব বেশি জায়গার দরকার হয় না Ñ সেøান আকাশ জরিপের থেকে সামান্য কিছু বেশি গিগাবিট। তাই সিডি আকারে পুরো বায়োস্ফিয়ারের ডিজিটাল তথ্য বাজারে কিনতে পাওয়ার ব্যাপারটা কিন্তু কোনো কল্পবিজ্ঞানের বিষয় নয়। কিন্তু সমস্যা অন্যত্র। আকাশকে জরিপ করা যতোটা কম খরচের এবং দ্রুততার সাথে করা যায়, জিনোমকে ভেঙ্গে তার তথ্য ডিজিটালি আহরণ করা ততো সহজ ও সস্তার নয় । সিকোয়েন্সিংয়ের খরচ কমাতে না পারলে বায়োস্ফিয়ার জিনোম প্রজেক্টে হাত দেওয়া উচিত হবে না। কিন্তু প্রশ্ন জাগে, অতিদূরে অবস্থিত জ্যোতিষ্কদের তথ্য আমরা এতো সহজে পাচ্ছি, অথচ আমাদের নিজেদের কোষের ভেতরকার তথ্য পেতে আমাদের এতো বেগ পেতে হচ্ছে কেন? ফ্রিম্যান ডাইসনের মতে, এর কারণ হলো জ্যোতিবির্দরা তাঁদের নিজেদের হাতিয়ার নিজেরাই উদ্ভাবন করেছেন। দুরবিন এর প্রধান উদাহরণ। কিন্তু জীববিজ্ঞানীদের টুল/ইকুইপমেন্ট কিন্তু ধার করা। অর্থাৎ জীববিজ্ঞানীরা তাদের হাতিয়ার বিজ্ঞানের অন্য শাখা থেকে ধার করেন (সবক্ষেত্রে না হলেও অধিকাংশ ক্ষেত্রেই তা সত্য)। তাই মনে হয় জীববিজ্ঞানীরা যতক্ষণ না নিজেরাই নিজেদের জন্য উপযোগী যন্ত্রপাতি তৈরি না করছেন, ততোদিন পর্যন্ত জীববিজ্ঞানের অগ্রগতি মন্থরই থাকবে।
ভাবতেই ভালোই লাগে যে, মানুষ একমাত্র প্রজাতি যে অনন্ত নক্ষত্ররাজিকে ম্যাপ করতে সক্ষম হয়েছে। আবার সে তার কোষের তথ্যও জেনেছে। আকাশও তার দৃষ্টির নিগড়ে বাধা, আবার শিরার মধ্যের কোষাভ্যন্তরের লীলাও সে জানে। আর এই দুই দিগন্তের মেলবন্ধন ঘটিয়েছে ডিজিটাল প্রযুক্তি। কমপিউটার খুললেই মাউজের একটি ক্লিকেই আমরা পৌঁছে যাচ্ছি লক্ষ-কোটি আলোকবর্ষ দূরের নক্ষত্রবীথিতে, কিংবা চোখের মণি কটা হবার জন্য দায়ী জিনটির দোড়গোড়ায়। মানুষই একমাত্র জীব যে তার গঠনকারী অণুকে দেখেছে। শুধু দেখেই ক্ষান্ত থাকেনি, সে যা দেখেছে তার সবই লিপিবদ্ধও করে রেখেছে। এই সব তথ্যই সংরক্ষিত আছে এক-শূন্য-এক-শূন্য-শূন্য-এক–এরকম ডিজিটাল ভঙ্গীতে। অনন্য এই ডিজিটাল ভঙ্গিমা!
তথ্যপঞ্জি:
১/ www. sdss.org ডিজিটাল স্কাই সার্ভে হোমপেজ।
২/ ফ্রিম্যান ডাইসন, 'দ্য সান, দ্য জিনোম এন্ড দ্য ইন্টারনেট,' ১৯৯৯।
৩/ আবেদ চৌধুরী, 'মানব জিনোম,' সময় প্রকাশন, ২০০২।
৪/ ফারসীম মান্নান মোহাম্মদী, 'মহাকাশের কথা,' অনুপম প্রকাশনী, ২০১১।
৫/ এ.এম. হারুন-আর-রশীদ ও ফারসীম মান্নান মোহাম্মদী, 'অপূর্ব এই মহাবিশ্ব,' প্রথমা প্রকাশন, ২০১১।
ফারসীম মান্নান মোহাম্মদী: বিজ্ঞান গবেষক ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।
