আমাদের কেন ন্যানো প্রয়োজন
আজকাল উন্নত বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণায় ন্যানো প্রযুক্তির খুব নামডাক শোনা যাচ্ছে। অতি ক্ষুদ্র স্কেলে অণু-পরমাণুর নিয়ন্ত্রণে বস্তুর অভিনব গুণাগুণ নিয়ে গবেষণাই ন্যানো বিজ্ঞানের কাজ। এই গুণাগুণকে ব্যবহারযোগ্য কাজে রূপান্তরের কৌশল হলো ন্যানো প্রযুক্তি। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় প্রতিষ্ঠান ন্যাশনাল ন্যানো টেকনোলজি ইনিশিয়েটিভের সংজ্ঞানুযায়ী:
"এক থেকে একশত ন্যানো মিটার স্কেলে বস্তুর গবেষণা এবং পদার্থের নিয়ন্ত্রণ ন্যানো টেকনোলজির বিষয়। এক থেকে একশত ন্যানো মিটারকে ন্যানো স্কেল বলে। এই ন্যানো স্কেলে কার্যকর বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিকে একত্রে ন্যানো টেকনোলজি বলে। এই ন্যানো স্কেলে বস্তুর ছবি নেওয়া (ইমেজিং), পরিমাপ গ্রহণ, গাণিতিক মডেল ও নিয়ন্ত্রিত ব্যবহার ন্যানো টেকনোলজির অন্তর্ভুক্ত। এক ন্যানো মিটার এক মিটারের এক বিলিয়ন ভাগের এক ভাগ। একটি পাতলা কাগজের পুরুত্ব এক লক্ষ ন্যানো মিটার এবং স্বর্ণের একটি পরমাণুর ব্যাস এক ন্যানো মিটারের এক-তৃতীয়াংশ। ন্যানো স্কেলে বস্তুর অভূতপূর্ব ভৌত, রাসায়নিক ও জৈবনিক ধর্মাবলি দেখা যায়। এইসব ধর্মাবলি সচরাচর দৃষ্ট আয়তনিক পদার্থ কিংবা একটি অণু বা পরমাণুতে দৃশ্যমান প্রপঞ্চ থেকে পৃথক। তাই ন্যানো স্কেলের অপর নাম 'মেসো স্কেল'। "
সৌভাগ্যক্রমে বর্তমানের প্রকৌশল এবং বিজ্ঞান গবেষণার একটি আকর্ষণীয় বিষয় এই ন্যানো টেক। বায়ো মেডিকেল রিসার্চ এবং প্রতিরক্ষা গবেষণার পরপরই গবেষণা-বরাদ্দের দিক দিয়ে ন্যানো টেকের অবস্থান। বিষয়ের দিক দিয়ে প্রকৌশলের বিভিন্ন শাখা (ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, মেটেরিয়াল্স ও কেমিক্যাল) , আণবিক জীববিজ্ঞান (মলিক্যুলার বায়োলজি) ও রসায়নের একটা বিরাট অংশ নিয়ে আজকালকার ন্যানো প্রযুক্তির গবেষণা পরিচালিত হয়।
আগামী দিনে বাংলাদেশকে বিজ্ঞান ও প্রযুক্তিতে এগিয়ে নিতে হলে এই ন্যানো প্রযুক্তি নিয়ে গবেষণা না করে গত্যন্তর নেই। ন্যানো-গবেষণায় বাংলাদেশকে এগিয়ে নিতে হলে সরকারের সক্রিয় সহযোগিতা একান্ত প্রয়োজন। কেন্দ্রীয়ভাবে একটি আন্তর্জাতিক মানের গবেষণাগার প্রতিষ্ঠা করা জরুরি হয়ে পড়েছে। সেখানে ন্যানো-গবেষণার প্রয়োজনীয় সকল পরিকাঠামো থাকবে। যেটা অন্যান্য বিশ্ববিদ্যালয় প্রয়োজন মত শেয়ার করতে পারবে। এভাবে সম্পদের বণ্টন (রিসোর্স অ্যালোকেশন) ও ব্যবহার সুন্দর এবং স্মার্ট হয়। এই কাজটা করতে কয়েক শত কোটি টাকাও লাগে না। একটি দোতলা বিল্ডিংয়ের নিচের তলায় একটি ছোটখাটো 'ক্লিনরুম' এবং একটি ক্যারেক্টারাইজেশন ল্যাব করা যায়। ওপরতলায় রিসার্চ অফিস, টুকটাক ডেপোজিশন করার ব্যবস্থা আর স্টোর রুম থাকল। এই সুন্দর ছিমছাম গোছানো গবেষণাগারটি সরকার করে দিলে দেশের খুব উপকার হয়। এসব ল্যাবের চলতি খরচ ও মেইনটেন্যান্স খরচ একটু বেশি। দেশের অন্যান্য গবেষণা ইনস্টিটিউট ও বিশ্ববিদ্যালয়গুলো নির্ধারিত ফি'য়ের বিনিময়ে এইসব ফ্যাসিলিটি ব্যবহার করলে পূর্বোক্ত খরচের একটা বড় অংশ উঠে আসে। এতে করে গবেষণা ফলাফলগুলো অন্তত দেশেই থাকে, মেধার মতো পাচার হয় না। উপরন্তু অভিবাসী বিজ্ঞানী ও গবেষকদের ঘরমুখী করতেও এটা ভূমিকা রাখবে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে গবেষণার ক্ষেত্রে কোনো বেসরকারি উদ্যোগ নেই (বিদেশে যেমন ইন্ডাস্ট্রি ফান্ডিং গবেষণা বরাদ্দের একটা বড় ভূমিকা রাখে)।
তাই দেশোদ্ধারের এই ব্রতোৎসবে সরকারকেই এগিয়ে আসতে হবে। তাছাড়া বিদেশী বিশ্ববিদ্যালয় এবং রিসার্চ ইনস্টিটিউটের সাথে আরো বেশি বেশি করে গবেষণা-সহযোগিতা বা রিসার্চ-কোলাবোরেশন বাড়াতে হবে। যতোদিন না আমাদের দেশে পর্যাপ্ত পরিকাঠামো তৈরি হচ্ছে, ততোদিন বিদেশে যেসব জায়গায় অত্যাধুনিক ল্যাব পরিকাঠামো আছে সেখানে আমাদের শিক্ষক-গবেষকদের পাঠানোর ব্যবস্থা করে দিতে হবে। এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে দু'ভাবে সাহায্য করা যেতে পারে: প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করে (যাতায়াত এবং থাকা-খাওয়ার জন্য কিছু বরাদ্দ থাকলে বিদেশ থেকেও কিছু সাহায্য পাওয়া যাবে; বিদেশী প্রতিষ্ঠান সমস্ত ব্যয় বহন করে অপরজনকে শিক্ষিত করবে সেটা ভাবা বোকামি) এবং শিক্ষকদের প্রয়োজনীয় ছুটি-ছাটার ব্যবস্থা করে। বিদেশে প্রশিক্ষণের জন্য শিক্ষকদের ছুটি দেওয়ার ব্যাপারটিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং সরকারের তরফ থেকে নানাবিধ আমলাতান্ত্রিক প্রতিবন্ধকতার ব্যবস্থা রয়েছে। এই সব বাধা দূর করা অসাধ্য কিছুই নয়, বরঞ্চ সদিচ্ছার ব্যাপার। বাংলাদেশ সরকার যদি কেন্দ্রীয় পরিকাঠামো (ন্যানো টেকনোলজি ইনিশিয়েটিভ ইন বাংলাদেশ, কিংবা ন্যানো টেকনোলজি রিসার্চ সেন্টার অব বাংলাদেশ জাতীয় কিছু) তৈরি করে দেয় এবং বিদেশী গবেষণা প্রতিষ্ঠানগুলোর সাথে গবেষণা সহযোগিতার পর্যাপ্ত ব্যবস্থা যদি করা যায়, তবে আমার দৃঢ় বিশ্বাস আমাদের দেশ এশিয়ার মধ্যে ন্যানো বিষয়ক একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হবে। তখন আমরা সহজেই মালয়েশিয়া, সিঙ্গাপুর, মধ্যপ্রাচ্যের সাথে প্রতিযোগিতায় এগিয়ে যেতে পারব। আমাদের অবশ্যই সেই মেধা ও ধীশক্তি আছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ২০২০/২৫ সাল নাগাদ বাংলাদেশকে "ডিজিটাল বাংলাদেশে" রূপান্তর করার কথা বলা হয়েছে। এই শব্দগুচ্ছ কারণে-অকারণে দেশবাসীর খুব মনে ধরেছে। এই ডিজিটাল বাংলাদেশের পরবর্তী ধাপ হলো "ন্যানো-বাংলাদেশ" যেখানে জ্ঞানের শুধু বিতরণ নয়, উৎপাদনেরও একটি আন্তর্জাতিক কেন্দ্র হবে বাংলাদেশ।
ব্রিটিশ শাসনের অবসানের পর দেশভাগের নিদারুণ দুর্ভাগ্যের যন্ত্রণা এ দেশকে পোহাতে হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহু সংখ্যক শিক্ষক দেশ ত্যাগ করায় বিজ্ঞান শিক্ষকের স্বল্পতা কাটিয়ে উঠতে সময় লেগেছে। পরবর্তী প্রজন্মের বিজ্ঞান-শিক্ষক-গবেষকদের পর্যাপ্ত প্রশিক্ষণেও (পিএইচ.ডি./বিদেশে উচ্চতর গবেষণা ইত্যাদিতে) অনেক সময় লেগেছে। তারপরও দেশের রাজনৈতিক অস্থিরতা দূর হয়নি। উপরন্তু দেশের নীতি নির্ধারকরা সশস্ত্র বাহিনীতে যতটা টাকা ঢেলেছেন, বিজ্ঞান গবেষণায় তার এক শতাংশও দেননি। বিজ্ঞান গবেষণার জন্য চাই একটি ব্ল্যাংক চেক এবং অন্তত দুই দশকের অপরিসীম ধৈর্য্য। সে সব কিছুই এই দুর্ভাগা দেশে ঘটেনি। বিজ্ঞানী-শিক্ষক-গবেষকদের বেতন কাঠামোও কখনোই আকর্ষণীয় ছিল না। ফলে ষাট-সত্তরের দশক থেকেই মেধা পাচারের স্রোত বছর বছর বেড়েই চলেছে। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আমার নিজের বিভাগে প্রতিবছর অন্তত বিশ/ত্রিশ জন সম্ভাবনাময় তরুণ বিদেশে অগস্ত্য যাত্রা করেন। গত দশ বছরে আমার বিভাগে বিদেশ ফেরত শিক্ষকের সংখ্যা মাত্র দশ-বারোজন। এই পরিসংখ্যান দেশের বিজ্ঞান গবেষণার জন্য একেবারেই স্বাস্থ্যকর নয়। দেশের ছেলে-মেয়ে দেশের টাকায় দেশে পড়াশোনা করে সেবাদান করছে বিদেশে। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া এট বার্কলে, এম.আই.টি, পার্ডু, ইউনিভার্সিটি অব কানেকটিকাট, ম্যাকমাস্টার ইউনিভার্সিটি, ওয়াটার্লু ইউনিভার্সিটি, কুইন্স ইউনিভার্সিটি, ম্যাকগিল ইউনিভার্সিটির মত নামকরা বিশ্ববিদ্যালয়গুলিতে বাংলাদেশের অধ্যাপকেরা গবেষণা করছেন। কিন্তু এঁদের মত দক্ষ মানুষকে দেশে আনার মত কোনো ব্যবস্থাই আমাদের হাতে নেই। আমাদের দেশের আর্থ-সামাজিক-রাজনৈতিক-সাংস্কৃতিক পরিবেশের পরির্বতন না হলে দীর্ঘস্থায়ী বিজ্ঞান গবেষণার পরিবেশ সৃষ্টি হবে না বলেই মনে হয়। ফলে গবেষণা যাও বা হচ্ছে তার সুফল আমরা দেশবাসীকে কখনোই দিতে পারব না। এতে করে আমরা চিরকালই প্রযুক্তির ভোক্তা হিসেবে থেকে যাব। নতুন অভিনব কোনো প্রযুক্তিই আমরা উপহার দিতে পারব না।
একটি ক্ল্যাসিক উদাহরণ দেওয়া যায়: ঢাকার ধোলাইখালে গাড়ির যন্ত্রাংশের প্রচুর কারখানা আছে এবং সেখানে গাড়ির প্রায় সকল যন্ত্রাংশই মেরামত/তৈরি/ ক্রয় করা সম্ভব। কিন্তু ধোলাইখালের কারোর পক্ষেই একটি পূর্ণাঙ্গ দেশি ব্রান্ডের গাড়ি তৈরি সম্ভব হয়নি। বলতে বাধ্য হচ্ছি, এটাই আমাদের নিয়তি হতে যাচ্ছে। আইজ্যাক আসিমভের বিখ্যাত ট্রিলজি ফাউন্ডেশন-এর মত একটি অতিমাত্রায় প্রযুক্তিনির্ভর সমাজ ব্যবস্থার দিকে আমরা ধাবিত হচ্ছি যে সমাজের সকল কারিগরি খুঁটিনাটির জন্য বিদেশি সাপ্লায়ারের উপর নির্ভর করতে হয়। তবে সবই যে দুরাশা তাও নয়। এই পরিস্থিতি থেকে উত্তরণের সম্ভাবনাও আমাদের আছে এবং তার জন্য প্রয়োজনীয় মেধা ও ধীশক্তি আমাদের আছে। এই 'সম্ভাবনা' থাকার ব্যাপারটাই একটা বড় ইতিবাচক ব্যাপার। কিন্তু এই 'সম্ভাবনা'কে বাস্তবে পরিণত করার প্রায় সব সুতোর লাটাই দেশের নীতিনির্ধারক/রাজনীতিকদের হাতে। এর জন্য শুধু দুটো জিনিস চাই–একটি খোলা চেক এবং দুই দশকের ধৈর্য্য। তবে এর সাথে সাথে আনুষঙ্গিক অন্যান্য নিয়ামকগুলো হলো–রাজনৈতিক স্থিতিশীলতা, নীতি নির্ধারণে দূরপ্রজ্ঞা, সামাজিক নিরাপত্তা, শিক্ষক-গবেষক-বিজ্ঞানীদের আর্কষণীয় জব-প্যাকেজ, এদের যথোপযুক্ত ক্ষমতায়ন ও নীতিনির্ধারণ/যন্ত্রপাতি ক্রয়ে যথেষ্ট স্বাধীনতা। শুধুমাত্র প্রচলিত গণক্রয় বিধিমালা সম্পর্কে বলা যায় যে কেবল এই অত্যাশ্চর্য বিধিমালাই দেশকে বিশ বছর পিছিয়ে দেবার জন্য যথেষ্ট।
আজকাল ব্যক্তিকেন্দ্রিক গবেষণার জায়গায় সামষ্টিক গবেষণার ঝোঁক বেড়েছে, বিজ্ঞান-প্রযুক্তির গবেষণায় 'গ্রুপ রিসার্চে'র গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। গত পঞ্চাশ বছরে আমরা আর কোনো ব্যক্তি 'আইনস্টাইন'কে পাইনি। আধুনিক গবেষণায় 'বিগ সায়েন্স' কথাটা খুব শোনা যায়, যার মানে হলো অত্যাধুনিক যন্ত্রপাতিনির্ভর যৌথ গবেষণা। এই প্রেক্ষিতে বিজ্ঞান গবেষণার জন্য যদি সবচেয়ে সস্তার রদ্দি মাল কিনতে হয় তবে তো সর্বনাশের ষোলোকলা।
ফারসীম মান্নান মোহাম্মদী : শিক্ষক, গবেষক ও বিজ্ঞান সংগঠক।
—-
ফেসবুক লিংক । মতামত-বিশ্লেষণ
