আমার প্রান্তিক চাষী বাবা
আমার বাবা একজন প্রান্তিক চাষী। কৃষিপ্রধান বাংলাদেশের অধিকাংশ কৃষকের জীবন যেমন গড়পড়তা, আমার বাবার জীবন এমনই ছিল। তৃতীয় কোন চোখে দেখলে এই কথার মাধ্যমে আমার বাবার সম্পর্কে বলে শেষ করা যায়। কিন্তু একজন বাবা, একজন কৃষক বাবা জীবন কি আদতে তাই? এই প্রশ্নটা আমার মনে ছিল দীর্ঘদিন ধরে।
বেশ কয়েক বছর আগে বাবা সম্পর্কিত দুটি বই আমার ভেতরে একটা ভাবনার জন্ম দেয়। একটি ছিল শেখ হাসিনার লেখা 'শেখ মুজিব আমার পিতা'। অন্যটি বদরউদ্দিন উমরের 'আমার পিতা'। প্রথম বইটি জাতির জনক বঙ্গবন্ধু সম্পর্কে লেখা তার মেয়ের কথা। অন্যটি বঙ্গবন্ধুর এক সময়ের রাজনৈতিক নেতা বা রাজনৈতিক গুরু আবুল হাশিম সম্পর্কে তার ছেলের লেখা। এ বই দুটো যারা লিখেছেন তারা এদেশের বিখ্যাত মানুষ। তাদের বাবারা আরও বড় তাদের কর্মগুণে।
আমি কে? একজন প্রান্তিক কৃষকের ছেলে। আমার আদি পরিচয় এর থেকে বেশি কিছু নাই। তাহলে আমার বাবা সম্পর্কে আমি বলবই বা কী? শুনবেই বা কে? এখানেই আমার বাবা সম্পর্কে আমার লেখার তাগিদ।
চাষী হলেও তাদের জীবন থাকে। সে জীবনের গল্প থাকে। সে জীবন দেখার বোঝার আর বলবার দুনিয়াতে আর কেউ না থাকলেও সন্তান থাকে। যদিও আমার জানা অনেক উদাহরণ আছে, সন্তান প্রতিষ্ঠিত হয়ে কৃষক বাবাকে, মাকে ভুলে যায়, পরিচয় দিতে বিব্রত হয়, কোন খোঁজ নেয় না। এ বাস্তবতাও আমার বাবার গল্পগুলো বলতে তাড়িত করেছে।
এখন প্রশ্ন হলো, আমার কৃষক বাবার জীবনের গল্প শুনবে কে? পড়বে কে? পাঠকের কথা মাথায় রেখে লিখতে নাই। আমি এই ধারণার বশবর্তী হয়েই আমার বাবার জীবনে গল্পের খানিকটা বলব।
আমার বাবার দাদা ছিলেন ব্রিটিশ আমলে স্থানীয় ইউনিয়ন কাউন্সিলের প্রেসিডেন্ট। ব্রিটিশ আমলে তৎকালীন মধুপুরের বনজঙ্গল খানাখন্দে ভরা দুর্গম পাহাড়ী আর সমতল এলাকার দূরদূরান্ত গ্রামে গণ্যমান্য ব্যক্তি এবং ন্যায়বিচারক হিসেবে তার একটা সুনাম ছিল। তার স্ত্রী যিনি আমার বাবার দাদী, তিনি ছিলেন দৃঢ়চেতা এক নারী। আমার বাবার দাদা মারা গেলেন হঠাৎ করে অকালে। রেখে গেলেন তার স্ত্রী আর নাবালক তিন ছেলে। সেই সঙ্গে বড় অঙ্কের ধার-দেনা। রাজনীতি আর মাতব্বরীতে সময় দিতে গিয়ে তার ধার দেনা হয়ে যায়। ওই দৃঢ়চেতা নারী নাবালক ছেলেদের দিয়ে চাষাবাদ করিয়ে ধান মাড়াই করে ধান বিক্রি টাকায় আস্তে আস্তে ধার দেনা শোধ করেন। স্বামীর রেখে যাওয়া জমি রক্ষা করেন। ছেলেদের ভাল মানুষ হিসেবে বড় করেন। দুভার্গ্যবশত তার তিন ছেলের মধ্যে সবচেয়ে ছোট ছেলেটি আত্মহত্যা করেন। থাকে দুই ছেলে। সেই দুই ছেলের বড় ছেলের ঘরে আমার বাবা ছিলেন সাত ভাই বোনের মধ্যে তৃতীয়। তিন বোন, চার ভাই। চার ভাইয়ের মধ্যে দুই ভাই সংসারের হাল ধরেন। আর দুই ভাই পড়াশোনা করেন। মেজ কাকা আর আমার বাবা সংসারের হাল ধরেন। বড় কাকা আর ছোট কাকা ছিলেন পড়াশোনার দলে। মেজ কাকা আর আমার বাবা হালচাষের ভাগে।
এসবই আমার জন্মের আগের ঘটনা। এ গল্পগুলো আমার বাবা আমাকে শোনাতেন। আমিও খুব অল্প বয়সে বাবার কাছ থেকে এই গল্পগুলো শুনেছিলাম। এক ভাগের আত্মত্যাগে আরেক ভাগের প্রতিষ্ঠার পরে যৌথ পরিবারে যখন দিন ফেরার পালা সেই সময় কোন এক কথায় প্রচণ্ড আঘাত পেয়ে অভিমানে আমার বাবা যৌথ সংসার থেকে আলাদা হলেন। এ ঘটনাও বাবার কাছ থেকেই শোনা।
শৈশবে আমাদের পরিবারের অবস্থা ছিল বড় রকম টানাপড়েনে। কোনও বছর বন্যায় খরায় ফসলের এদিক সেদিক হলে দুর্দশার অন্ত ছিল না। তাই চাষাবাদের পাশাপাশি বিকল্প রোজগারের জন্যে হাটে হাটে কাপড়ের ব্যবসা শুরু করেছিলেন আমার বাবা। ভোর থেকে এক বেলা জমি চাষ আরেক বেলায় হাটবাজার করে বেশ রাতে বাড়ি ফিরতেন বাবা। এরকম অমানুষিক পরিশ্রম করে সংসারের হাল ঠিক রেখেছিলেন।
আমার বাবার গল্প আমাকেই বলতে হবে। আমার বাবা প্রান্তিক চাষী ছিলেন। প্রান্তিক চাষীরাও এই সমাজের, এ দেশের মানুষ, তাদের গল্পও লেখালেখির বিষয় হতে পারে সেটা ভেবেই আমার বাবার গল্প বলা।
বাবার কাছ থেকে গারো ও মান্দাই সম্প্রদায় সম্পর্কেও অনেক গল্প শুনেছি, যে গল্প আজও কোনও বইয়ে লেখা হয়নি।
ব্রিটিশ আমলে আমাদের এলাকায় টাঙ্গাইলের কালিহাতী এলাকা থেকে কাঠ ব্যবসায়ীরা যেতেন নৌকা নিয়ে কাঠ কিনতে। একবার এক ব্যবসায়ী প্রচণ্ড রোদে এক মান্দাইকে ছাতা ধার দিলেন। বছর কয়েক পরে ব্যবসায়ী ফিরে গিয়ে মান্দাইকে ছাতার কথা মনে করিয়ে দিলেন। ছাতার দাম ধরলেন, সেই দাম অনুসারে সুদ, চক্রবৃদ্ধি সুদ− এরকম চালাকির ছকে ফেলে ওই কাঠ ব্যবসায়ী মান্দাইর একটা জমি দখলে নিলেন। এ কেবল শুরু। এরপর ওই এলাকায় গ্রামের পর গ্রামের জমি দখল করে হয়ে গেলেন জমিদার। চৌধুরী বংশপরম্পরায় মন্ত্রী বাহাদুর… কত কী!
আমার বাবা কৃষি কাজ আর ব্যবসা উভয় ক্ষেত্রে সহযোগী হিসেবে পেয়েছিলেন গারো এবং হিন্দু সম্প্রদায়ের মানুষদের। বাবার শৈশবে কয়েক গ্রাম পরে মধুপুরের গড়াঞ্চলে হাওদা বিল এলাকায় গারোদের সাহায্যে চুক্তিতে জমি চাষ করতেন। উদ্দেশ্য ছিল যৌথ পরিবারের বাড়তি আয়। এসবই বাবার কাছে শোনা গল্প।
তখন এসব গল্প গারোদের সরলতা আর সততার খুব প্রশংসা করতেন আমার বাবা। বলতেন গারোদের কখনো অসম্মান হয় এরকম কোন কাজ করবে না। আর বলতেন, গারোদের সম্মান দিয়ে কথা বলতে, ওদেরকে 'সরকার' বলে সম্বোধন করলে ওরা খুশি হয়। গারো সম্প্রদায়ের সততা আর সরলতা সম্পর্কে অনেক গল্প বাবার কাছ থেকে শুনেছি। তার থেকে দুটো গল্প এখানে বলতে চাই।
প্রথম গল্প: এক বাঙালি গারো ভদ্রলোক এক সরকারের ক্ষেত থেকে বাঙ্গি চুরি করে খেয়েছে। গারো সরকারের কাছে ধরা পড়েছে। বাঙালি বেচারা ধরা পড়ে বলছে 'সরকার' আপনার ক্ষেতে ভাঙি চুরি করে খেয়ে ভুল করেছি। আমাকে ক্ষমা করে দিন। গারো সরকার এই কথা শুনে বলছেন, বাঙ্গি খেয়েছিস, ভালো করেছিস। কিন্তু চুরি করলি কেন?
দ্বিতীয় গল্প: এক গারো সরকার হাটে দর্জির দোকানে নতুন কাপড় কিনে নিয়ে গিয়েছে জামা বানাবার জন্যে। দর্জি তার সামনেই কাপড় কেটেছে। গারো এটা দেখে অবাক হয়েছে। ক্ষুব্ধ হয়েছে। হে বাবু তুমি আমার নতুন কাপড় কাটলে কেন?
দর্জি বলেছে, সরকার আপনি বাজার সদাই করে ফেরার সময় আইসেন আপনাকে নতুন কাপড় দিয়ে দিব। ততক্ষণে দর্জি কাটা কাপড় সেলাই করে জামা বানিয়ে ফেলেছে। গারো সরকার নতুন জামা পেয়ে বেজায় খুশি।
আমার বাবা পড়াশোনার সুযোগ পাননি। কিন্তু তার জীবনযাত্রা ছিল উদার অসাম্প্রদায়িক পরিমণ্ডলে ঘেরা। তার কৃষিকাজের সহযোগী গারো সম্প্রদায়, ব্যবসার সহযোগী হিন্দু সম্প্রদায়। তার ব্যবসায়ী মহাজন বন্ধুরা ব্রাহ্মণবাড়িয়া থেকে, কুমিল্লা, নরসিংদী থেকে তাঁতের কাপড় নিয়ে মধুপুর, করটিয়া যেতেন। অনেক সময় আমাদের বাড়িতেও থাকতেন, খাইতেন। আমার বাবাও তাদের বাড়িতে যেতেন, খাইতেন, থাকতেন। বাবার ব্যবসার সহযোগী হিন্দুরা ছিলেন মধুপুর, ঘাটাইল এবং বলিহাতীর। অনেক সময় বাবা আমাকেও সঙ্গে নিতেন। তাদের বাড়িতে রাতযাপনও করেছি বাবার সঙ্গে। অন্যদিকে বাবা ধর্মকর্মও করতেন। নামাজ রোযা করতেন নিয়মিত। বাবা লোক দেখানো ধর্মকর্ম সম্পর্কে সতর্ক করতেন। পোশাকি দেখানোপনা ধর্মকর্মকে বাবা পছন্দ করতেন না। বলতেন, এদের সম্পর্কে সাবধান। এরা সুবিধের হয় না। একটু বড় হয়ে বুঝতে শিখে তো টের পেলাম এরা কেমন হয়।
বাবা স্বাস্থ্যবিধি মেনে চলতেন। ৮০ বছরের জীবনে শেষের পাঁচ বছর বয়সজনিত কিছু শারীরিক সমস্যা দেখা দিলেও তার আগে জীবনে খুব একটা চিকিৎসকের কাছে যাবার দরকার পড়েনি। জলখাবার খেতেন নিয়মিত। ঘুম থেকে উঠতেন ভোরে। তার ঘুমেও কোনো সমস্যা ছিল না। খেতেও সমস্যা ছিল না, হজমেও না, রুচিতেও না। দৃষ্টিশক্তিও ঠিক ছিল। চশমা লাগেনি। মাথার চুলও পড়েনি, চুলে পাকও খুব একটা ধরেনি।
স্মৃতিশক্তিও ঠিক ছিল শেষ পর্যন্ত। জীবন নিয়ে বাবার কোন খেদ বা আক্ষেপ কোনটাই ছিল না। বাবার সঙ্গে আমার শেষ আলাপে বাবাকে একা পেয়ে আমি জিজ্ঞেস করেছিলাম, "বাবা বলো তো, এই বয়সে এসে তোমার কোন আক্ষেপ, অপ্রাপ্তি, অস্বস্তি আছে কোনও কিছু নিয়ে? বা কোনো ইচ্ছা অপূর্ণ রয়ে গেছে কি?"
তিনি বললেন, "আমার জীবন নিয়ে আমি খুশি, সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ। তবে পারলে তোমার মেয়েটা আর ওর মা-কে সহ একবার এসো।"
আমার বাবা গানের দলে যোগ দিয়েছিলেন। পরে সংসার চালাতে গিয়ে গানের দলে নিয়মিত হতে পারেননি। কিন্তু প্রায় রাতে গান গাইতেন শুয়ে শুয়ে। আমার সেই স্মৃতি আজও মনে পড়ে। আমি আর আমার ছোট ভাই শফিক দুই পাশে শুয়ে বাবার উপর ঠ্যাঙ তুলে দিয়ে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়তাম। তবে সবচেয়ে উজ্জ্বল স্মৃতি আমার শৈশবে বাবা আমাকে তার কাঁধে চড়িয়ে গ্রামের এক মাথা থেকে আরেক মাথায় আমাদের ধানক্ষেত দেখতে যেতেন। ফিরে এসে বাবা আর আমি একসঙ্গে নাস্তা করতাম। আর নিজেকে খুব গুরুত্বপূর্ণ মনে হতো। তিনি আশেপাশে গানের আসর বিশেষ করে জারিগান বা বাউল গানের আসর বসলে আমাকে সঙ্গে করে নিয়ে যেতেন। মাঝে মাঝে প্রেক্ষাগৃহে গিয়ে ছায়াছবিও দেখতেন। ছায়াছবি শুরুর আগে প্রেক্ষাগৃহে যে অন্ধকার ভূতুড়ে অবস্থা থাকে ছোট সময় সে অবস্থাটা আমার ভাল লাগেনি। এ কারণে প্রেক্ষাগৃহ ওই বয়সে আমাকে আর টানেনি।
একবার বাবার ব্যবসায়িক বন্ধু ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের দশদোনা গ্রামের 'স্বপনের বাবা' বলে পরিচিত, আমরা যাকে মামা বলে সম্বোধন করতাম, ওই মামা আর বাবা ছবি দেখতে ঢুকবেন মধুপুরের কল্লোল সিনেমা হলে। সঙ্গে আমাকেও নিয়ে গিয়েছেন। কিন্তু ওই যে শুরুতে ভূতুড়ে অন্ধকারের কারণে আমি ঢুকবো না…।
শেষে ঠিক হল আমি তাদের পরিচিত এক রেস্তোরাঁ এবং মিষ্টির দোকানে অপেক্ষা করব। আর যা ইচ্ছে খাব। মামা আর বাবা সিনেমা শেষে আমাকে নিয়ে বাড়ি ফিরবেন। হয়েছিলও তাই।
এরকম ছোট ছোট কত স্মৃতি, কত গল্প বাবাকে ঘিরে। বাবার দীর্ঘ জীবনে সংগ্রামে আর্থিক টানাপড়েন থেকে খুব একটা মুক্তি পাননি। এ বাস্তবতায় ঋণের খপ্পরে পড়ে এক নিকট আত্মীয়ের কাছে আমাদের মোট জমিজমার বড় একটা অংশ হাতছাড়া হয়ে যায় অনেকটা বাবার সরল বিশ্বাসে। ঘটনা ঘটেছে আমরা ছোট থাকার সময়ে। পরে আমরা বড় হলে আমাদের দিন কিছুটা ফিরলে বাবা বেহাত সহায় সম্পত্তি নিয়ে মন খারাপ করতে নিষেধ করলেন, আর এসব নিয়ে কাউকে কিছু না বলতে উপদেশ দিলেন। তিনি বললেন, সম্পত্তিই বড় কথা নয়। সম্পত্তি ঘিরে বংশ পরস্পরায় হিংসা-বিদ্বেষ চললে সেটা আখেরে ভাল কিছু হয় না। তাই যা হয়েছে হয়েছে। আমি ক্ষমা করে দিয়েছি। তোমরাও এসব মনে রেখো না।
আর্থিক অবস্থা একবার খারাপের দিকে, বন্যায় ধান হয়নি। উপায়? আমাদের গরুর গাড়ি ছিল। বাবা আর অপ্রাপ্তবয়স্ক আমার বড় ভাই গরুর গাড়িতে কাঠ তুলে পরিবহন করতেন। এ টানাপড়েনে সচ্ছল আত্মীয়দের সঙ্গে দূরত্ব বেড়ে যায়। একবার কাঠের ব্যবসায়ীরা সময়মত পরিবহন ভাড়া পরিশোধ না করায় আমাদের উপোস থেকে রাত পার করতে হয়েছিল। আমরা ছোট ছিলাম। না খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। বাবা এইটা স্মরণ করে খুব আক্ষেপ করতেন। সেই বাবা সবসময় বলতেন সৎ থেকে বহুমত ও পথের সঙ্গে মিলেমিশে জীবনটাকে সরল সহজভাবে দেখতে। যার উদাহরণ ছিলেন তিনি নিজে।
অনেক আত্মীয়ের তুলনায় আমাদের আর্থিক অবস্থা নাজুক থাকার কারণে বাবা অনেক সময় নিগ্রহের মুখে পড়তেন, নিগৃহীত আমরাও হতাম। বাবা এসব সহজভাবে নিয়ে শেখ সাদীর গল্প শোনাতেন। বাবা পড়তে পারতেন ভেঙ্গে ভেঙ্গে। পড়াশোনার সুযোগ পাননি। কিন্তু অনেক জ্ঞানগর্ভ গল্প, স্বাস্থ্যসম্মত জীবনের শিক্ষাটা কোথায় কিভাবে পেলেন? আর নীতিবোধের শিক্ষা বৈচিত্র্যময় অসাম্প্রদায়িক জীবনবোধ ও তার চর্চা কার কাছ থেকে পেলেন? অনুমান করি এসব গল্পের আর দৃঢ়তার অনেকটা পেয়েছিলেন তার দৃঢ়চেতা দাদীর কাছ থেকে।
তার প্রতিফলনও তার নিজের জীবনে দেখিয়েছিলেন। আমাদের পরিবারের বড় কোন সিদ্ধান্ত সাধারণত আমার মায়ের কাছ থেকে আসতো। যেমন আমাদের পড়াশোনার সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়তে আসার সিদ্ধান্তটাও আমার মায়ের। এজন্যে জমি বন্ধক রাখার সিদ্ধান্তটাও আমার মায়ের। আমার বাবা কেবল সায় দিয়ে গেছেন।
জীবনে স্বাধীন চিন্তায় চলার শিক্ষা আর সাহসটাও বাবার কাছ থেকে পাওয়া। দেশে বিদেশে পড়াশোনা করা, কাজ করা, নানাজনের সঙ্গে চলা বিশ্ববিদ্যালয় ও সংসদসহ নানা দেশের নানা পর্যায়ে নানা প্লাটফর্মে কথা বলার সুযোগ, আর আমার নিত্যদিনের সামগ্রিক কাজে ও কর্মে সর্বত্র যেন চেতনে অবচেতনে বাবার প্রচ্ছন্ন উপস্থিতি টের পাই। এর নামই কি পিতৃত্ব? এটাই কি বাবাকে অনুভব করার অনুষঙ্গ?
এ লেখায় ব্যবহৃত ছবিতে আমার মেয়ে অতসী রহমান, আমার বাবার সঙ্গে। এ ছবিটি ২০১৫ সালের। তার দাদার সঙ্গে অতসীর এটিই একমাত্র ছবি।
দাদার সঙ্গে তার ছবি ওঠানোর আর কোনও উপায় দোসরা মে ২০২১ থেকে আর থাকল না। তিনি এসবের উর্ধ্বে চলে গেলেন।
ছবিটি তুলেছিলেন দৈনিক অবজার্ভার পত্রিকার চিত্রকলা ও সংস্কৃতি বিভাগের সম্পাদক, আমার বন্ধু তকির হোসেন।
'দিয়ে ধন, বুঝো মন, কেড়ে নিতে কতক্ষণ'- সৃষ্টিকর্তার উদ্দেশে বাবার কথাটা আজ বেশি মনে পড়ে। আমার দাদার সঙ্গে আমার কোনও ছবি নাই। স্মৃতি আছে অনেক। স্মৃতিগুলো মনে পড়ে। আমার মেয়ের মনে পড়ার মত কোন স্মৃতি কি থাকলো এ ছবিটি ছাড়া?
