২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তুমুল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর ভারত, দিল্লি-রাজস্থানে ৫ মৃত্যু

দিল্লি, হরিয়ানা, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান, পাঞ্জাব এবং জম্মু ও কাশ্মীরে আগামী কয়েকদিনও ভারি বৃষ্টি হতে পারে।

তুমুল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর ভারত, দিল্লি-রাজস্থানে ৫ মৃত্যু

ছবি এএনআই থেকে নেওয়া

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2023, 03:47 PM

Updated : 09 Jul 2023, 04:04 PM

টানা কয়েকদিনের তুমুল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর ভারতের দিল্লি ও রাজস্থানে ২৪ ঘণ্টার ব্যবধানে ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এর মধ্যে দিল্লিতে ৫৮ বছর বয়সী যে নারী গেছেন, তার ফ্ল্যাটের ছাদের সিলিং ধসে পড়েছিল বলে এনডিটিভির বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ভারতের আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েকদিনও উত্তর-পশ্চিম ভারতের বেশিরভাগ অংশে ব্যাপক বৃষ্টিপাত হবে।

দিল্লি, হরিয়ানা, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান, পাঞ্জাব এবং জম্মু ও কাশ্মীরে ভারি থেকে ব্যাপক ভারি বৃষ্টিপাত হতে পারে, বলেছে তারা।

বৃষ্টিতে অনেক সড়কে পানি জমে যাওয়ায় শনিবার দিল্লির কিছু অংশে তীব্র যানজট দেখা দিয়েছিল। শহরটি এদিন ২৪ ঘণ্টায় ১৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। ১৯৮২ সালের পর জুলাইয়ে একদিনে আর কখনোই এত বৃষ্টিপাত দেখেনি ভারতের এ রাজধানী।

দিল্লি ও এর আশপাশের এলাকায় তুমুল বৃষ্টি রোববারও অব্যাহত আছে।

আবহাওয়া দপ্তর রাজস্থানে ৯টির বেশি জেলায় ভারি বৃষ্টিপাতের আশঙ্কা করছে বলে জানিয়েছে এনডিটিভি।

টানা বর্ষণ দেখেছে কেরালা ও কর্ণাটকের অনেক এলাকাও। কেরালার ৪টি জেলায় ‘হলুদ’ সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ। ভূমিধস আর হড়কা বান বেশ কয়েকটি সড়ক বন্ধ করে দেওয়ায় হিমাচলের ৭টি প্রদেশে জারি হয়েছে ‘লাল’ সতর্কতা।

বিয়াস নদীর পানি বিপৎসীমা পেরিয়ে যাওয়ার পর কুলু জেলায় অবস্থিত জাতীয় মহাসড়কের কিছু অংশও পানিতে ভেসে গেছে। 

হরিয়ানা ও পাঞ্জাবেও ব্যাপক বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। দুই রাজ্যের রাজধানী চন্ডিগড়ে শনিবার সারাদিনই বৃষ্টি হয়েছে।