২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিল্লিতে ত্রাণ শিবিরেও ঢুকে পড়ল বন্যার পানি

পুরনো দিল্লির যমুনা বাজার ত্রাণ শিবিরের সব তাঁবুতে পানি ঢুকে পড়ায় সেখানে আশ্রয় নেওয়া লোকজনকে এখন বাধ্য হয়ে শুকনো এলাকা খুঁজতে হচ্ছে।

দিল্লিতে ত্রাণ শিবিরেও ঢুকে পড়ল বন্যার পানি

দিল্লিতে ত্রাণ শিবিরে বন্যার পানি। ছবি এনডিটিভি থেকে নেওয়া

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2023, 10:34 AM

Updated : 16 Jul 2023, 10:34 AM

তুমুল বৃষ্টির কারণে যমুনা নদীর পানি বেড়ে সৃষ্ট বন্যায় দিল্লির অসংখ্য সড়ক ভেসে যাওয়ার কারণে নজিরবিহীন সংকটে পড়েছে ভারতের এ রাজধানী শহর।

সেখানকার অগণিত ঘরবাড়ি প্লাবিত হয়েছে, হাজার হাজার মানুষকে আশ্রয় নিতে হয়েছে দিল্লির একাধিক অংশে সরকারের বানানো অস্থায়ী আশ্রয় শিবিরগুলোতে।

নতুন করে বৃষ্টি হওয়ায় শহরটিতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে; কোথাও কোথাও ত্রাণ শিবিরে বন্যার পানি ঢুকে পড়ায় আশ্রিতদের দুর্ভোগও বেড়েছে বলে জানিয়েছে এনডিটিভি।

পুরনো দিল্লির যমুনা বাজার ত্রাণ শিবিরের সব তাঁবুতে পানি ঢুকে পড়ায় সেখানে আশ্রয় নেওয়া লোকজনকে এখন বাধ্য হয়ে শুকনো এলাকা খুঁজতে হচ্ছে।

অথচ বৃহস্পতিবারও এই যমুনা বাজার এলাকায় বন্যার ছিটেফোঁটাও ছিল না, যে কারণে কর্তৃপক্ষ এখানে নিচু এলাকাগুলো থেকে সরিয়ে নেওয়া লোকজনের জন্য আশ্রয়কেন্দ্র বানায়।

বন্যাদুর্গতদের জন্য দিল্লির সরকার প্রায় ২ হাজার ৭০০ তাঁবু স্থাপন করেছে, আশ্রয়কেন্দ্রগুলোতে থাকতে এখন পর্যন্ত ২৭ হাজারের মতো মানুষ নিবন্ধন করেছে বলে সরকারি এক বিবৃতিতে জানানোও হয়েছে।

ত্রাণ শিবিরগুলোতে আশ্রয় নেওয়া লোকজনকে খাবার ও পানি জোগাড়েও লড়তে হচ্ছে। কোথাও কোথাও খাবারের জন্য ঘণ্টার পর ঘণ্টা দীর্ঘ সারিতে অপেক্ষা করতে হচ্ছে বলে খবর পাওয়া গেছে।

বেশিরভাগ ত্রাণ শিবিরেই বিরাজ করছে হযবরল অবস্থা, অল্প জায়গার মধ্যে লোকজনকে তাদের বাসন কোসন নিয়ে গাদাগাদি করে বাস করতে হচ্ছে, কাপড় শুকাতে দেওয়া হয়েছে সারি সারি লাইনে।

“খাবার বা পানি নেই, আমরা এখানে বসে আছি। শেষ খেয়েছিলাম গতকাল সকালে, আমাদের কাছে যা ছিল তা দিয়েই খাবার তৈরি করেছিলাম,” বলেন বাড়ি থেকে ছোট বিছানা নিয়ে আশ্রয় কেন্দ্রে আসতে পারা এক ব্যক্তি।

Image

ছবি এএনআই/দ্য হিন্দু থেকে নেওয়া

দিল্লি এবং ভারতের উত্তরের রাজ্যগুলোতে টানা কয়েকদিনের অস্বাভাবিক বৃষ্টির পর বৃহস্পতিবার যমুনা নদীর পানি রেকর্ড উচ্চতায় উঠেছিল। পরে তা ধীরে ধীরে নামতে শুরু করলেও দিল্লির বিভিন্ন অংশ এখনও পানিবন্দি।

শনিবার সন্ধ্যা থেকে ফের বৃষ্টি শুরু হওয়ায় কোথাও কোথাও পানি নতুন করে বাড়ছেও, জানিয়েছে আনন্দবাজার।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, যমুনা নদীর পানি ধীরে ধীরে কমছে, বৃষ্টি না হলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। তবে বন্যার বিপদ এখনও কাটেনি।

এর মধ্যে রাজধানীতে বন্যা নিয়ে দোষারোপের রাজনীতিও শুরু হয়ে গেছে।

শহরটিতে ক্ষমতাসীন আম আদমি পার্টি ও কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি একে অপরকে এ দুর্যোগময় পরিস্থিতির জন্য দায়ী করছে।

দিল্লির মানুষকে দুর্ভোগে ফেলতে হরিয়ানা রাজ্যে ক্ষমতাসীন বিজেপি ও কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্রে এমন বন্যাসদৃশ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছে আম আদমি পার্টি।

পাল্টা কড়া প্রতিক্রিয়ায় বিজেপি বলেছে, আম আদমি পার্টি মনে করে, কেবল ‘শীষ মহলে শীতাতপ নিয়ন্ত্রিত অবস্থায় আরামে বসে থাকা’ তাদের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালই সঠিক কাজ করছেন আর বাকিরা সবাই তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।