Published : 14 Jul 2023, 01:14 PM
যমুনা নদীর পানি উপচে সৃষ্ট বন্যায় ভারতের রাজধানী দিল্লির অসংখ্য প্লাবিত সড়কে বাসিন্দাদের দুর্ভোগ আরও বাড়িয়েছে ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক খুঁটি, অনেকেই তাতে শক খাচ্ছেন।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, দিল্লির আয়কর কার্যালয়ের সড়ক পায়ে হেঁটে অতিক্রম করার সময় অনেকে বৈদ্যুতিক খুঁটি থেকে শক খেয়েছেন।
শুক্রবার সকালে ধারণ করা ভিডিও ফুটেজে দেখা গেছে, বন্যার পানির কারণে একাধিক ব্যক্তি ধার ঘেঁষে সারিবদ্ধভাবে হেঁটে আয়কর কার্যালয়ের ওই ফুটপাত পার হচ্ছেন। ওই ফুটপাতেই একাধিক ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক খুঁটি লোকজনকে শক দিয়েছে।
বন্যার দুর্বিষহ পরিস্থিতির সঙ্গে লড়াই করা শহরটির বাসিন্দাদের দুর্ভোগ আরও বাড়ানো এ ঘটনার খবর চাউর হওয়ার পর কর্তৃপক্ষ ত্রুটিপূর্ণ ওইসব খুঁটিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়।
গত মাসে নয়া দিল্লি রেলওয়ে স্টেশনে নিজের সন্তানদের সামনেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান ৩৪ বছর বয়সী এক নারী। শহরটির আরেক অংশে বিদ্যুতের তার পড়ে থাকা জলমগ্ন একটি সড়ক হেঁটে পার হওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান ১৭ বছর বয়সী এক কিশোর।
দিল্লি স্টেশনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যুর ঘটনা নিয়ে ভারতের জাতীয় মানবাধিকার কমিশন রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান, দিল্লির সরকার ও শহর পুলিশকে‘জীবন হুমকির মুখে ফেলে এমন ত্রুটি’ ও ‘সুস্পষ্ট অবহেলা’ বিষয়ে নোটিস দেয়। ওই দিনই কিশোর সোহাইলের মৃত্যুর কথা জানাজানি হয়।
বন্যার কারণে কর্তৃপক্ষ নগরীর অনেক সড়ক বন্ধ করে দেওয়ায় দিল্লিজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে অনেকেই হেঁটে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। সকালের অফিস যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে।
সিদ্ধার্থ শ্রীবাস্তব নামে পেশায় উকিল এক ব্যক্তি জানান, তিনি তিন ঘণ্টায় মাত্র ৪-৫ কিলোমিটার দূরত্ব পার হতে পেরেছেন।
“আমি উত্তর প্রদেশের গাজিয়াবাদে আমার বাড়ি থেকে আনুমানিক সকাল সাড়ে ৮টার দিকে বের হয়েছি, যাচ্ছিলাম তিস হাজারি আদালতে। যানজটে স্থবির হয়ে পড়া জিটি রোড হয়ে দিল্লিতে ঢুকতেই আমার তিন ঘণ্টা লেগে গেল। বাড়ি ফিরে যেতে এখন আমি একটা ইউ-টার্ন খুঁজছি,” বলেছেন তিনি।
আরও খবর: