২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

৩৫ বছর ধরে কেন একই স্কুলে যান সাইফ

সাইফকে খোঁচা দিয়ে কপিল বলেন, “প্রতি দশকেই আপনার পরিবারে এক জন করে নতুন সদস্য এসেছে।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 27 Oct 2026, 10:41 AM

Updated : 27 Oct 2026, 11:01 AM

এক মেয়ের ও তিন পুত্রের বাবা বলিউডি অভিনেতা সাইফ আলী খান গেল সাড়ে তিন দশক ধরে মুম্বাইয়ের একটি স্কুলে যাতায়াত করছেন। এই অভিনেতা ২০ বছর বয়সে স্কুলে প্রথমবার অভিভাবক মিটিংয়ে যোগ দিয়েছিলেন, ৫৫ বছর বয়সেও এসেও সেই মিটিং থেকে রেহাই মেলেনি তার।

মুম্বাইয়ে কপিল শর্মার অনুষ্ঠান ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’তে অতিথি হয়ে এসে রসিকতা করে এ কথা বলেছেন সাইফ। অনুষ্ঠানে সাইফ গিয়েছিলেন স্ত্রী কারিনাকে সঙ্গে নিযে।

কপিল প্রশ্ন করেন, সন্তানের অভিভাবক-শিক্ষক মিটিংয়ে সাধারণত কে যান? উত্তরে সাইফ বলেন, তার চার সন্তানেরই স্কুল এক। চার জনের বয়সের ব্যবধান থাকলেও, স্কুলের ঠিকানা বদলায়নি।

সাইফ বলেন, “২০ বছর বয়সে আমাকে প্রথমবার সন্তানের জন্য স্কুলে যেতে হয়েছিল, ৩০ বছরেও যেতে হয়েছে। আবার ৫৫ বছরেও সেই একই স্কুলে যেতে হয়।”

সাইফের কথায়, এত বছরে শিক্ষকেরা বদলে গিয়েছেন। তবুও অভিভাবক হিসেবে তার স্কুলে যাওয়া বন্ধ হয়নি।

সাইফকে খোঁচা দিয়ে কপিল বলেন, “প্রতি দশকেই আপনার পরিবারে এক জন করে নতুন সদস্য এসেছে।”

এ কথা শুনে কারিনা রসিকতা করে স্বামীকে প্রশ্ন করেন, এ বিষয়ে আগামী দিনে তার পরিকল্পনা কী? সাইফ কিছু বলার আগেই, অভিনেত্রী অর্চনা পূরণ সিং এই দম্পতিকে জিজ্ঞাসা করেন, পরিবারে নতুন সদস্য আসছে কি না?

কারিনা বলেন, ‘হতে পারে, তবে আমার সঙ্গে না!’

সাইফ ও তার প্রথম স্ত্রী অমৃতা সিং ছিলেন একসময়ের সবচেয়ে আলোচিত জুটি। তাদের প্রথম সন্তান সারা আলী খান জন্ম নেন ১৯৯৫ সালে, ২০০১ সালে জন্ম হয় ছেলে ইব্রাহীম আলী খানের।

এর তিন বছর পর ২০০৪ সালে সাইফ ও অমৃতার বিচ্ছেদ হয়ে যায়। এরপর দীর্ঘ সময় একা ছিলেন সাইফ।

তবে দূরে থেকেও বাবার দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন সাইফ। দুই সন্তানের ভরণপোষণের দায়িত্ব নিয়েছেন।

২০১২ সালে নিজের চেয়ে ১০ বছরের ছোট কারিনা কাপুরের সঙ্গে বিয়ের পর তৈমুর জন্ম নেয় ২০১৬ সালে। ২০২১ সালের ২১ ফেব্রুয়ারি চতুর্থ সন্তান জেহ আসে তাদের সংসারে।