২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জম্মুতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে ৪ সন্ত্রাসী নিহত’

পোড়া ট্রাক থেকে ৭টি একে বন্দুক, একটি এম৪ কার্বাইন, তিনটি পিস্তলসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলবারুদ পাওয়া গেছে।

জম্মুতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে ৪ সন্ত্রাসী নিহত’

ছবি হিন্দুস্তান টাইমস থেকে নেওয়া

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2022, 02:42 PM

Updated : 28 Dec 2022, 02:44 PM

ভারতের জম্মুতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ৪ সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে সেখানকার পুলিশ।

বুধবার সকালে জম্মুর উপকণ্ঠে এ গোলাগুলির ঘটনা ঘটে।

পুলিশ একটি ট্রাক থামানোর পর তার ভেতর থাকা সন্ত্রাসীরা গুলি ছোড়ে; পাল্টা গুলিতে ওই ৪ জনের মৃত্যু হয় বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে এনডিটিভি।

গোলাগুলির মধ্যে সন্ত্রাসীদের বহন করা ট্রাকটিতে আগুন ধরে যায়, তা নেভাতে দমকলকর্মীদের ডাকা হয়।

“ওই এলাকায় ট্রাকটি অস্বাভাবিকভাবে ঘোরাফেরা করছিল। পুলিশ একটি চেকপোস্টে সেটি থামায়। ট্রাকটিতে অনুসন্ধান শুরু করলে ভেতরে লুকিয়ে থাকা সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পাল্টা গুলিতে সব সন্ত্রাসীর মৃত্যু হয়েছে,” বলেছেন জম্মু পুলিশের অতিরিক্ত মহাপরিচালক মুকেশ সিং।

গোলাগুলির মধ্যে ট্রাকটির চালক পালিয়ে যায়, তাকে ধরতে অভিযান চলছে। পোড়া ট্রাক থেকে ৭টি একে বন্দুক, একটি এম৪ কার্বাইন, তিনটি পিস্তলসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলবারুদ পাওয়ার কথাও জানিয়েছেন মুকেশ।

সন্ত্রাসীদের বহন করা ট্রাকটি জম্মু থেকে শ্রীনগর যাচ্ছিল, বলেছেন তিনি।

গোলাগুলির পর জম্মুর ওই এলাকা সিলগালা করে দেওয়া হয়, মহাসড়কে গাড়ি চলাচলও বন্ধ রাখা হয়।

বুধবার সকাল ৭টার দিকে সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধ শুরু হয়, বলছে পুলিশ।

মঙ্গলবার তারা জম্মুর কাছে উধামপুরে ১৫ কেজির একটি স্বয়ংক্রিয় বিস্ফোরক পদার্থ (আইইডি) নিস্ক্রিয়ও করেছে।

বসন্তগড় এলাকা থেকে ওই সিলিন্ডার আকৃতির আইইডি, ৩০০-৪০০ গ্রাম আরডিএক্স, ৭টি ৭.৬২ মিলিমিটার কার্তুজ ও ৫টি ডিটোনেটর উদ্ধার করে পুলিশ বড় ধরনের সন্ত্রাসী হামলার পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে বলেও জানিয়েছেন কর্মকর্তারা।

পুলিশ গোপন সঙ্কেতযুক্ত একখণ্ড কাগজ এবং লস্কর-ই-তৈয়বার সাংগঠনিক প্যাডের একটি পৃষ্ঠা উদ্ধার করেছে। সন্দেহভাজন একজনকে গ্রেপ্তারও করেছে তারা।