পাকিস্তানে বন্দুক যুদ্ধে ৭ সেনা ও ১৯ জঙ্গি নিহত
পাকিস্তানে বন্দুক যুদ্ধে অন্তত ১৯ জন জঙ্গি ও সাত জন সেনা সদস্য নিহত হয়েছে।
আফগান সীমান্তবর্তী শহর দাত্তাখেলের কাছে সোমবার ভোরে ওই বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে।
পাকিস্তানের সামরিক ও জঙ্গি উভয় পক্ষ থেকেই বন্দুক যুদ্ধের খবর নিশ্চিত করা হয়েছে।
সামরিক কর্মকর্তারা জানান, উত্তর ওজিরিস্তানে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালানোর সময় এক জঙ্গির আত্মঘাতী বোমা হামলায় সাত জন পাকিস্তানী সেনা প্রাণ হারিয়েছেন।
স্থানীয়রা জানান, দাত্তাখেলে একটি সিকিউরিটি চেকপয়েন্টে জঙ্গি হামলার পর সেখানে তুমুল যুদ্ধ শুরু হয়।
জঙ্গিদের দাবি এ ঘটনায় তাদের একজন যোদ্ধা প্রাণ হারিয়েছে এবং তিন জন আহত হয়েছে।
তবে সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, “আফগান সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তানে বন্দুক যুদ্ধে ১৯ জন জঙ্গি নিহত হয়েছে, নিহতদের মধ্যে পাঁচ জন শীর্ষ পর্যায়ের নেতা (কমান্ডার) রয়েছে।”
