শোক কাটিয়ে খুলল পেশোয়ারের সেই স্কুল
তালেবান জঙ্গিদের ভয়াবহ হামলায় ১৪০ জনেরও বেশি নিহত হওয়ার প্রায় একমাস পর সেনাবাহিনী পরিচালিত পেশোয়ারের সেই স্কুলের কার্যক্রম আবার শুরু হয়েছে।
সোমবার হামলার পর প্রথমবারের মতো ছাত্র ও শিক্ষকরা স্কুলে আসতে শুরু করেছেন বলে জানিয়েছে বিবিসি।
স্কুলের কার্যক্রমের শুরুতেই তালেবান হামলায় নিহতদের স্মরণে শোক পালন করা হবে।
১৬ ডিসেম্বরের ওই হামলার পর পাকিস্তানের সব স্কুল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। এখন আবার সারাদেশের সব স্কুল একযোগে খোলা হচ্ছে।
পেশোয়ারের এই স্কুলে হামলার পর পাকিস্তান সরকার মৃত্যুদণ্ড রহিতকরণ বাতিল করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জঙ্গিদের দণ্ড কার্যকর করতে শুরু করে।
সন্ত্রাস সংক্রান্ত মামলাগুলো পরিচালনার জন্য দেশটি সামরিক আদালত চালুরও উদ্যোগ নিয়েছে।
উত্তর ওয়াজিরিস্তান ও সংলগ্ন খাইবার এলাকায় ২০১৪ সালের জুন থেকে শুরু হওয়া সরকারি জঙ্গিবিরোধী অভিযানের প্রতিশোধ হিসেবে পেশোয়ারের স্কুলে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে তালেবান।
পেশোয়ারের স্কুলে ওই হামলার প্রতিক্রিয়ায় বিশ্বব্যাপী নিন্দার ঝড় বয়ে যায়। এমনকি আফগান তালেবানও হামলাটির নিন্দা জানায়।
পাকিস্তানজুড়ে সব স্কুল একযোগে খোলার উদ্যোগে দেশজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
২০১৪ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানের পেশোয়ারে সেনাবাহিনী পরিচালিত ওই স্কুলটিতে তালেবান জঙ্গিদের বর্বর হত্যাযজ্ঞে নিহত হয়েছেন ১৩২ শিক্ষার্থীসহ অন্ততপক্ষে ১৪১ জন।
নিহত শিক্ষার্থীদের বয়স ছিল মাত্র ১০ থেকে ২০ বছরের মধ্যে। হামলায় একই বয়সী আরও অন্ততপক্ষে ১২১ স্কুলশিশু আহত হন।
৮ থেকে ১০ জন জঙ্গি সামরিক পোশাকে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী পেশোয়ারের আর্মি পাবলিক স্কুলে ঢুকে এই নির্মম হত্যাযজ্ঞ চালায়।
পরবর্তী সময়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা স্কুলের দিকে অগ্রসর হলে তালেবান জঙ্গিদের সঙ্গে তুমুল গোলাগুলি হয়।
প্রায় আট ঘণ্টার অভিযানের পর বিদ্যালয়টির নিয়ন্ত্রণ নেয় সেনাসদস্যরা। তখন ৯ জঙ্গির লাশ পাওয়া যায়, যার মধ্যে ৩জন আত্মঘাতী বিস্ফোরণে প্রাণ হারান।
জঙ্গি হামলার সময় স্কুলটিতে ১১শ’ মতো শিক্ষার্থী ছিল যাদের মধ্যে, সাড়ে ৯শ’র মতো শিক্ষার্থীকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।
