ভারত উপকূলে ‘বিস্ফোরক’ নিয়ে পুড়ল পাকিস্তানি ট্রলার
ভারতের গুজরাট উপকূলে চারজন আরোহীসহ একটি পাকিস্তানি মাছ ধরার ট্রলারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যাতে ‘বিস্ফোরক’ বহন করা হচ্ছিল বলে দাবি করেছে ভারত সরকার।
নৌবাহিনীর জিজ্ঞাসাবাদ এড়াতে ইচ্ছে করেই নৌযানটির আরোহীরা নিজেরাই বিস্ফোরণ ঘটিয়েছিল বলে দাবি করেছে ভারত।
ভারত সরকারের একটি বিবৃতির বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, ৩১ ডিসেম্বর সকালে গোয়েন্দারা ফোনে আড়িপেতে পাকিস্তানের করাচির নিকটবর্তী কেটি বান্দার বন্দর থেকে বিস্ফোরক ভর্তি একটি নৌযানের আরব সাগরের দিকে যাওয়ার তথ্য পান।
বিস্ফোরকগুলো আরব সাগরে ভারতের গুজরাট উপকূল থেকে ৩৫০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে কোনো স্থানে অন্য একটি নৌযানে তুলে দেওয়ার কথা ছিল।
বিবৃতিতে বলা হয়, বিস্ফোরক চালানের খবর পেয়ে ভারতীয় নৌবাহিনীকে সতর্ক করা হয়, পাশাপাশি কোস্ট গার্ডও জাহাজ এবং টহল বিমান নিয়ে অনুসন্ধানে নামে। এক পর্যায়ে ভারত-পাকিস্তান নৌসীমার কাছে বিস্ফোরক ভর্তি নৌযানটি সনাক্ত করা হয়।
“টের পেয়ে নৌযানটি দ্রুত গতিতে ভারতীয় নৌ সীমার বাইরে চলে যাওয়ার চেষ্টা করে। এক ঘণ্টা ধাওয়া করার পর কোস্ট গার্ডের জাহাজ থেকে ফাঁকা গুলি ছুড়লে পাকিস্তানি নৌযানটি থামানো হয়। ওই নৌযানের চার আরোহী ডেকের নিচে লুকায়। এরপরে সেটি বিস্ফোরণ ঘটে।”
তবে পাকিস্তানি ওই নৌযানে কী ধরনের ও কী পরিমাণ বিস্ফোরক ছিল, সে বিষয়ে কিছু জানানো হয়নি বিবৃতিতে।
ভারতীয় কোস্টগার্ডের উপ-মহাপরিচালক কেআর নাওতিয়াল বলেন, “আমাদের একটি দল বার বার হুঁশিয়ার করার পরও নৌযানটি তা অগ্রাহ্য করেছে। আমরা সব ধরনের প্রটোকল মেনেই এটিকে সতর্ক করেছিলাম।”
২০০৮ সালের ২৬ নভেম্বর ভারতের মুম্বাইয়ে নোঙর করা একটি পাকিস্তানি নৌযানে একদল সন্ত্রাসী আসে। কয়েকটি ভাগে বিভক্ত হয়ে তারা হামলা চালায়।
মুম্বাইয়ে দুটি বিলাসবহুল হোটেলসহ কয়েকটি স্থানে ওই সন্ত্রাসী হামলায় ১৬৬ জন নিহত হয়।
