২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় উপকূলে পাকিস্তানি নৌকায় বিস্ফোরণ

ভারতের পশ্চিম উপকূলে পাকিস্তানের একটি নৌকা বিস্ফোরিত হয়ে ডুবে গেছে। নৌকায় থাকা সব আরোহীর মৃত্যু হয়েছে।

রয়টার্স

/

রয়টার্স

Published : 02 Jan 2015, 07:59 PM

Updated : 25 Apr 2022, 12:50 PM

শুক্রবার ভারতীয় কর্তৃপক্ষ জানায়, উপকূল রক্ষীরা সন্দেহজনক ওই মাছ ধরার নৌকাটি ধাওয়া করতে থাকার এক পর্যায়ে এতে বিস্ফোরণ ঘটে। নৌকায় থাকা চার আরোহীর সবাই সাগরেই মারা গেছে।

বিবৃতিতে আরো বলা হয়, ওই নৌকায় ‘অবৈধ দ্রব্য’ রয়েছে জানতে পেরে উপকূল রক্ষীরা এর পিছু নেয়। বৃহস্পতিবার ভোররাতের দিকে উপকূল থেকে ৩৬৫ কিলোমিটার দূরে আরব সাগরে কোস্টগার্ড সদস্যরা প্রায় এক ঘণ্টা ধরে নৌকাটি ধাওয়া করে এবং ফাঁকা গুলি ছুড়ে থামার নির্দেশ দেয়। পালানোর চেষ্টার এক পর্যায়ে নৌকাটিতে বিস্ফোরণ ঘটে এবং ডুবে যায়।

কোন হামলা পরিকল্পনা নিয়ে ওই নৌকা ভারতের জলসীমায় প্রবেশ করেছিল কিনা সে বিষয়ে মন্তব্য করতে রাজি হননি কোস্টগার্ডের মুখপাত্র অজয় কুমার।

২০০৮ সালে ভারতের বাণিজ্যিক নগরী মুম্বাইয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার সময় ১০ অস্ত্রধারী পাকিস্তানী একটি রাবারের নৌকাযোগে ‘কমান্ডো স্টাইলে’সমুদ্র থেকে তীরে উঠে আসে। তাদের ওই হামলায় ১৬৬ জন নিহত হয়।

ওই ঘটনার পর ভারত পাকিস্তানের মধ্যে পাল্টাপাল্টি দোষারোপ চলছে এবং ভারত সরকার উপকূলে তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।