নতুন নির্বাচনের পথে দিল্লি
ভারতে বিধানসভা ভেঙে দিয়ে নতুন নির্বাচনের পথে এগুচ্ছে দিল্লি। কোনও দলই এ মুহূর্তে সরকার গঠনের পরিস্থিতিতে না থাকায় নতুন করে এ নির্বাচন করা হচ্ছে।
‘দ্য টাইমস অব ইন্ডিয়া’ জানায়, সোমবার রাজ্যের তিনটি বড় দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি), আম আদমি পার্টি (এএপি) এবং কংগ্রেস উপরাজ্যপাল নাজিব জঙ্গ এর কাছে জানান, দিল্লিতে কোনো দলই সরকার গঠনে সমর্থ নয়। আর কারণে অবিলম্বে বিধানসভা ভেঙে দেয়ারও দাবি জানায় দল তিনটি।
পরে এ ব্যাপারে রাষ্ট্রপতি প্রণব মুখপাধ্যায়কে প্রতিবেদন পাঠান নাজিব জঙ্গ। রাষ্ট্রপতি সবুজ সঙ্কেত দিলেই নির্বাচনের দিনক্ষণ ঠিক করবে নির্বাচন কমিশন্।
এক দশক পর ফের খুব অল্প সময়ের ব্যবধানে কোনো রাজ্যে দ্বিতীয়বার বিধানসভা নির্বাচন হতে যাচ্ছে।এর আগে ২০০৫ সালের ফেব্রুয়ারি থেকে অক্টোবরের মধ্যে বিহারে দুইবার নির্বাচন হয়েছিল।
গত আট মাস ধরে রাষ্ট্রপতির শাসন চলছে দিল্লিতে। গণতান্ত্রিক পরিকাঠামোয় যে কোনো রাজ্যেরই স্থায়ী সরকার পাওয়ার অধিকার আছে। এ পেক্ষাপটেই সম্প্রতি সুপ্রিম কোর্ট দিল্লিতে সরকার গঠনে কেন্দ্রকে দ্রুত সিদ্ধান্ত নেয়ার নির্দেশ দেয়।
১১ নভেম্বরের মধ্যে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে বলা হয়।স্থির সিদ্ধান্ত নিতে সোমবার রাজনৈতিক দলগুলোকে নিয়ে বৈঠকে বসেন জঙ্গ।
