২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইমরান খানের মন্ত্রীদের ‘নীরবতায়’ বাড়ছে গুঞ্জন

পাকিস্তানের পার্লামেন্টে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটির আগে তার দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) অন্তত ৫০ জন মন্ত্রীকে রাজনৈতিক দৃশ্যপটে দেখা যাচ্ছে না, যা নিয়ে চলছে গুঞ্জন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2022, 12:47 PM

Updated : 28 Apr 2022, 11:57 PM

দেশটির ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন এক প্রতিবেদনে লিখেছে, বিরোধী দলগুলো প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতা থেকে সরাতে তৎপর হওয়ার পর থেকে কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের এই মন্ত্রীরা প্রকাশ্যে কোনো রাজনৈতিক কর্মসূচিতে দেখা যাচ্ছে না।  

পত্রিকাটি লিখেছে, পিটিআইয়ের মন্ত্রীদের এই নীরবতা গুঞ্জনকে আরও উসকে দিচ্ছে। দলের রাজনৈতিক কর্মসূচিতে তাদের অনুপস্থিতিতে এই বার্তা দিচ্ছে যে, তারা হয়ত বিকল্প কিছু ভাবছেন, হয়ত সঠিক সময়ে মুখ খোলার অপেক্ষায় আছেন।  

অবশ্য কেন্দ্রীয় মন্ত্রিসভায় এখনও ভালো সমর্থনই পাচ্ছেন ইমরান খান। পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি, তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী, জ্বালানি মন্ত্রী হাম্মাদ আজহার, প্রতিরক্ষা মন্ত্রী পারভেজ খট্টক, স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ বেশ জোরেশোরে ইমরান খানের পক্ষে বক্তব্য দিয়ে আসছেন।   

বিরোধী দলের আনা অনাস্থা প্রস্তাবটি শুক্রবার পার্লামেন্টে ওঠার কথা থাকলেও স্পিকার অধিবেশন মুলতবি করায় তা পিছিয়ে যায়। সেটি এখন সোমবার অধিবেশনে উপস্থাপন করা হবে এবং এর ওপর সাত দিন বিতর্কের পর চূড়ান্ত ভোটাভুটি হবে।

ইমরান খানের সরকারের জোটে থাকা তিনটি বড় শরিক দল ইঙ্গিত দিয়েছে, পার্লামেন্টের অনাস্থা ভোটে তারা বিরোধী দলের পক্ষে থাকতে পারে, যা সরকারের পতন ঘটাতে যথেষ্ট।

বিরোধী নেতারা এমন দাবিও করেছেন যে, ইমরানের দল তেহরিক-ই-ইনসাফের ডজনখানেক সদস্যও অনাস্থার পক্ষে সমর্থন দিতে পারেন। দলটির অন্তত ডজনখানেক আইনপ্রণেতা মূল্যস্ফীতি সামাল দিতে না পারার জন্য নেতার দিকেই অভিযোগের আঙুল তুলেছেন।

পাকিস্তানে কোনো প্রধানমন্ত্রীর পুরো মেয়াদ ক্ষমতায় থাকার রেকর্ড নেই। ইমরান যদি আস্থা ভোটে উৎরাতে ব্যর্থ হন, সেই রেকর্ড আরও দীর্ঘায়িত হবে। 

ক্রিকেট মাঠ থেকে রাজনীতিতে এসে প্রধানমন্ত্রী বনে যাওয়া ইমরান অবশ্য পদত্যাগের দাবি প্রত্যাখ্যান করেছেন। তার দাবি, বিরোধীদের কর্মকাণ্ডে তার জনপ্রিয়তা আরও বেড়েছে। আর সেই জনপ্রিয়তার প্রমাণ দিতে রোববার ১০ লাখ সমর্থক নিয়ে ইসলামাবাদে সমাবেশ করার ঘোষণা দিয়েছেন তিনি।

অন্যদিকে বিরোধী দলগুলোও তাদের কর্মীদের রাজধানীতে জড়ো করতে শুরু করেছে। পাল্টাপাল্টি রাজনৈতিক কর্মসূচিতে সংঘাতের শঙ্কা তৈরি হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ পাকিস্তান যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী যুদ্ধের এক সময়ের গুরুত্বপূর্ণ অংশীদার। পরমাণু অস্ত্রধারী দেশটি প্রতিবেশী আফগানিস্তানের তালেবান সরকারকে সমর্থন দিয়ে আসছে এবং প্রধানমন্ত্রী ইমরান খানের অধীনে পাকিস্তান ধীরে ধীরে যুক্তরাষ্ট্রের প্রভাব বলয় থেকে সরে চীনের আরও ঘনিষ্ট হয়ে উঠেছে, রাশিয়ার সঙ্গেও সম্পর্ক বাড়ানোর চেষ্টা করছে।

তবে ইমরানের জন্য রাজনৈতিক হুমকি মূলত তার দেশের ভেতরে। মূল্যস্ফীতির হার দুই অংকের ঘরে, ফলে সর্বত্র অসন্তোষ ছড়িয়ে পড়েছে এবং সমালোচনা বেড়েই চলেছে। বলা হচ্ছে, ইমরান দেশের অর্থনীতির বারোটা বাজিয়েছেন।

বড় সমস্যা হচ্ছে, যে সামরিক বাহিনীর ছায়ায় ইমরান প্রধানমন্ত্রী হতে পেরেছেন, সেই ছায়া এখন তার ওপরে আর নেই। মূলত তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সাবেক সামরিক গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফাইজ হামিদকে সামরিক বাহিনীর প্রধানের পদ দিতে গিয়ে তিনি সামরিক বাহিনীর সমর্থন হারিয়েছেন। পাকিস্তানের শীর্ষ সেনা কর্মকর্তারা ইমারানের ওই পদক্ষেপের বিরোধিতা করেছেন।

আর এর সুযোগ নিয়েছে বিরোধী দলগুলো, পার্লামেন্টে তারা অনাস্থার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। বন্ধুশূন্য ইমরানের দর কষাকষির সুযোগও নেই বললে চলে। ক্ষমতায় থাকার সময় ইমরান প্রধান বিরোধী নেতাদের বিভিন্ন সময়ে কারাগারে পাঠিয়েছেন, যারা এখন জামিনে বাইরে আছেন।

নিউ ইয়র্ক টাইমস লিখেছে, দেশের অর্থনীতিকে ঠিক পথে ফিরিয়ে আনা, স্বাধীন আমেরিকা-বিরোদী পররাষ্ট্র নীতি ধারণ, দুর্নীতির বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়া ও জাতীয়তাবাদের কথা বলে ২০১৮ সালে নির্বাচনে জিতে ক্ষমতায় আসেন ইমরান। কিন্তু শুধু আমেরিকার বিরোধিতা করা ছাড়া বাকি প্রতিশ্রুতিগুলো পূরণে তিনি ব্যর্থ হয়েছেন।

মহামারীর কারণে বিশ্বজুড়ে সঙ্কটের জেরে পাকিস্তানেও মূল্যস্ফীতি বাড়ছে, এর সঙ্গে যুক্ত হয়েছে জ্বালানির মূল্যবৃদ্ধি। বিপুল বিদেশি ঋণের বোঝা আগের সরকারের কাছ থেকে ইমরানের সরকারের ঘাড়ে চেপেছে। পাকিস্তানের অর্থনৈতিক দুর্দশার এই দায় প্রধানমন্ত্রী হিসেবে ইমরানের ওপরই চাপছে এখন।

পাশাপাশি, তার ভ্রান্ত অর্থনৈতিক নীতি, ক্ষমতায় বসার প্রথম বছরে একাধিকবার অর্থবছরের মেয়াদ বদলানোসহ বিভিন্ন সিদ্ধান্তের কারণে পাকিস্তানকে ভুগতে হচ্ছে বলে বিশ্লেষকদের ধারণা।

নিউ ইয়র্ক ভিত্তিক রাজনৈতিক ঝুঁকি পরামর্শক প্রতিষ্ঠান ভিজির কনসাল্টিংয়ের প্রেসিডেন্ট আরিফ রফিক বলেন, “তিনি (ইমরান) ঠিকই বুঝতে পারছেন যে তার সময় শেষ হয়ে আসছে। তিনি লড়াকু মানসিকতার। তবে পরিস্থিতি দেখে মনে হচ্ছে না যে অনাস্থা ভোট থেকে উৎরে যাওয়ার মত যথেষ্ট সমর্থন পার্লামেন্টে তার পক্ষে আছে।”