এনএসই-র সাবেক কর্তাকে পাঠানো ‘সাধুর’ ইমেইল নিয়ে ধাঁধায় তদন্তকর্মীরা
ভারতের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) বিতর্কিত সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী চিত্রা রামকৃষ্ণা ও এক অজ্ঞাত ‘সাধুর’ মধ্যে চালাচালি হওয়া ইমেইলগুলো ভালোভাবে খতিয়ে দেখতে হচ্ছে দেশটির বাজার নিয়ন্ত্রক সংস্থার তদন্ত কর্মকর্তাদের।
ওই ইমেইলগুলোতে রামকৃষ্ণা আর ওই অজ্ঞাত ‘সাধু’ দুইজনই শব্দ বা বাক্যের মাধ্যমে কোনো কোড বা সংকেত ব্যবহার করেছেন বলেই সন্দেহ করছেন তারা।
ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, ‘সাধু’ মূলত সেসব ইমেইলে কীভাবে এনএসই চালাতে হবে রামকৃষ্ণাকে সে সম্পর্কিত নির্দেশনাই দিতেন; তবে কয়েকটি ইমেইলের কিছু কিছু অনুচ্ছেদ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়ার (এসইবিআই) তদন্ত কর্মকর্তাদের গোলকধাঁধায় ফেলে দিয়েছে।
ইমেইলগুলোর একটিতে, ২০১৫ সালের ১৭ ফেব্রুয়ারি রামকৃষ্ণাকে ‘সাধু’ লিখেছেন, “ব্যাগ তৈরি রেখো, আগামী মাসে সেশেলসে যাওয়ার পরিকল্পনা করছি। কাঞ্চন কাঞ্চনাকে নিয়ে লন্ডনে এবং ভার্গবের সঙ্গে দুই শিশুকে নিয়ে তোমার লন্ডন যাওয়ার আগে আমার সঙ্গে যেতে পারো কিনা চেষ্টা করে দেখো। সেক্ষেত্রে হংকং বা সিঙ্গাপুর ট্রানজিট হিসেবে পছন্দ করতে পারো। যদি তোমার সাহায্য লাগে, আমাকে জানিও, সেশু দরকারি সব করে দেবে।”
ভারত থেকে ঘোরাপথে সেশেলসে যাওয়ার এই প্রস্তাবই ভাবাচ্ছে তদন্তকারীদের। ২০১৪ সালের শেষ দিকেই ভারত থেকে সেশেলসে সরাসরি ফ্লাইট শুরু হয়, যেতে লাগে বড়জোর ৪ ঘণ্টা।
সরাসরি বাদে অন্য যে ফ্লাইটগুলো আছে, তাতেও ট্রানজিট হিসেবে ব্যবহৃত হয় মূলত দুবাই না হয় শ্রী লঙ্কা। অথচ অজ্ঞাত ‘সাধু’ কিনা রামকৃষ্ণাকে বলছেন হংকং বা সিঙ্গাপুর হয়ে যেতে।
২০১৫ সালের যে সময়ে এই ইমেইল লেখা হয়েছে তখনও হংকং আর সিঙ্গাপুর থেকে সেশেলসে সরাসরি ফ্লাইট ছিল না। এমন কোনো ফ্লাইট থাকলেও লাগবে ৮ থেকে ১০ ঘণ্টা; তার সঙ্গে ভারত থেকে হংকং বা সিঙ্গাপুরে যেতে আরও ৩-৪ ঘণ্টা। কেন এই ধকল নিতে হবে?
তবে কি ভ্রমণ বৃত্তান্ত লুকানোর জন্যই এ ধরনের ঘোরাপথ বেছে নেওয়া হয়েছে? এ সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।
কেবল ভারত থেকে সেশেলসে যাওয়ার পথই নয়, আরও একটি জিনিস ভাবাচ্ছে তদন্তকারীদের। তা হল- চিঠিতে উল্লেখ করা ‘দুই শিশু’।
এনএসই এবং রামকৃষ্ণার সঙ্গে ব্যক্তিগতভাবে পরিচিতি এমন বেশ কয়েকটি সূত্র বলছে, এনএসই-র সাবেক এই ব্যবস্থাপনা পরিচালকের একটিই মেয়ে।
তদন্ত কর্মকর্তারা এখন রামকৃষ্ণার আদতেই দুই সন্তান আছে কিনা, নাকি এই ‘দুই শিশু’ শব্দের মাধ্যমে অন্য কিছু বোঝানো হয়েছে তা খতিয়ে দেখছেন।
চিঠিতে কাঞ্চন আর কাঞ্চনা হিসেবে যাদেরকে উল্লেখ করা হয়েছে তারা আনন্দ সুব্রামানিয়াম ও তার স্ত্রী বলে জানিয়েছে এসইবিই; সুব্রামানিয়ামকে কার্যত এনএসই-র সেকেন্ড ইন কমান্ড হিসেবে নিয়োগ দিয়েছিলেন রামকৃষ্ণা।
সুব্রামানিয়াম যেন স্ত্রীকে নিয়ে লন্ডনে এবং রামকৃষ্ণা (কার) যেন দুই শিশুকে নিয়ে নিউ জিল্যান্ড যান, ‘সাধু’ কেন এমনটা চেয়েছিলেন সেই প্রশ্নেরও উত্তর খুঁজছেন তদন্ত কর্মকর্তারা।
আগ্রহোদ্দীপক হল, অজ্ঞাত এই ‘সাধু’ যেখানে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন, সেই সেশেলস পরিচিত অফশোর কর স্বর্গ হিসেবে। যদিও ভারতীয় কর্তৃপক্ষের কাছে দীর্ঘদিন পূর্ব আফ্রিকার এ দেশটি খুব একটা মনোযোগ পায়নি, যতটা পেয়েছে কর স্বর্গ হিসেবে পরিচিত মরিশাস, সিঙ্গাপুর ও সুইজারল্যান্ড।
রামকৃষ্ণা ও সাধুর মধ্যে যেসময়ে ইমেইল চালাচালি হয়েছে, সেই সময়ে সেশেলসের সঙ্গে ভারতের কালো টাকা সংক্রান্ত তথ্য বিনিময়ের কোনো চুক্তিও ছিল না।
চুক্তি হয় ২০১৫ সালের অগাস্টে ।
তার মানে দাঁড়াচ্ছে, রামকৃষ্ণার সঙ্গে ‘সাধু’র ইমেইল আদান-প্রদানের সময় কেবল সে ব্যক্তির পক্ষেই সম্পদ লুকাতে সেশেলস বেছে নেওয়া সম্ভব, যিনি ভারতের প্রশাসন, রাজনীতি ও আইনী প্রক্রিয়া সম্পর্কে ব্যাপক জ্ঞান রাখেন এবং জানেন অন্য কর স্বর্গগুলোর তুলনায় পূর্ব আফ্রিকার দেশটি কম নজরদারির মধ্যে আছে।
আনন্দবাজার জানিয়েছে, ২০১৩ থেকে ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত এনএসই-র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী থাকা চিত্রা রামকৃষ্ণার বিরুদ্ধে একাধিক আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে। ইতিমধ্যেই তাকে তিন কোটি টাকা জরিমানা করা হয়েছে। এবার তদন্ত কর্মকর্তারা তার বাড়িতে গিয়ে তাকে টানা ১২ ঘণ্টা জেরা করেন।
রামকৃষ্ণা তাদেরকে বলেন, ২০ বছর ধরে ব্যক্তিগত থেকে পেশাগত, সব বিষয়ে হিমালয়ের এক ‘সাধু’র পরামর্শ নিতেন তিনি। কার পদোন্নতি হওয়া উচিত, কার নয়— সব বিষয়ে ‘সাধু’র কথাতেই চলেছেন। তারা দেখাও করতেন ‘পবিত্র স্থানে’।
এসইবিই পরে জানতে পারে, ২০১৫ সালে রামকৃষ্ণা একাধিক বার সাধুর সঙ্গে দেখা করেছেন। তারা একটি ইমেইল আইডিও পেয়েছেন, যা সাধুর বলে দাবি করেছেন এনএসই-র সাবেক কর্তা রামকৃষ্ণা।
কোথায় থাকেন এই সাধু? রামকৃষ্ণার দাবি, সাধু ‘শিরোমণি’র আবাসস্থল হিমালয় হলেও তার নির্দিষ্ট ঠিকানা নেই। যেখানে খুশি হাজির হতে পারেন তিনি। তবে কোনো প্রয়োজন হলে ইমেইলেই যোগাযোগ করতেন তারা।
তেমনই এক ইমেইলে রামকৃষ্ণাকে নিয়ে সেশেলসে যাওয়ার এবং তার সঙ্গে সমুদ্রস্নান করার আগ্রহ ব্যক্ত করেন। অন্য এক ইমেইলে তিনি এনএসই-র সাবেক এ কর্তাকে বিভিন্ন ঢঙে চুল বাঁধারও পরামর্শ দিয়েছিলেন।
