উল্লসিত জনতার অনেকেই বলছিল ধর্ষণ করবে, অথচ সেখানে অধিকাংশই ছিল নারী
মুখে কালি লাগিয়ে, চুল কেটে, গলায় জুতা পরিয়ে রাস্তায় হাঁটানো হয়েছিল মেয়েটিকে; সেসময় উল্লসিত জনতার অনেকেই চিৎকার করে মেয়েটিকে ধর্ষণ করবে বলছিল।
গত মাসে দিল্লির এক এলাকায় এক তরুণীর ওপর হামলার ঘটনার ভিডিওতে এমন বর্বরতার চিত্রই দেখা গেছে। তবে এর চেয়েও বেশি হতভম্ব হয়ে যেতে হয় যা দেখে, তা হল ওই তরুণীর ওপর হামলে পড়াদের অধিকাংশই ছিলেন নারী।
এ ঘটনায় দিল্লি পুলিশ এরই মধ্যে যে ১২ জনকে গ্রেপ্তার করেছে তার মধ্যেও ৮ জন নারী আছে বলে জানিয়েছে সিএনএন।
গ্রেপ্তারকৃতদের মধ্যে অপ্রাপ্তবয়স্কও আছে দুজন।
পুলিশ এ ঘটনায় এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো অভিযোগ আনেনি; তবে তারা বলছে, ২০ বছর বয়সী ওই তরুণীকে ২৬ জানুয়ারি তুলে নেওয়া হয়েছিল এবং তার ওপর শারীরিক ও যৌন নির্যাতন চালানো হয়েছে।
তরুণীকে নির্যাতনের এ ঘটনায় নারীদের সংশ্লিষ্টতা লিঙ্গভিত্তিক সহিংসতা ঠেকাতে দীর্ঘদিন ধরে হিমশিম খাওয়া ভারতজুড়ে হইচই ফেলে দিয়েছে।
নারী অধিকার নিয়ে কাজ করা কর্মীরা বলছেন, দিল্লির এই ঘটনা ভারতে নারীবিদ্বেষের মাত্রা কী পরিমাণ, তা চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে।
এখানে নারীদেরকেই পুরুষতান্ত্রিত কাঠামো টিকিয়ে রাখতে শেখানো হয়, বলছেন তারা।
সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ এশিয়ার এ দেশটিতে প্রচলিত পুরুষতান্ত্রিক মূল্যবোধ ধারণকারী উগ্র ডানপন্থি রাজনৈতিক দলগুলোর সমর্থন বৃদ্ধি পাওয়ায় সামনের দিনগুলোতে নারীর ওপর সহিংসতা আরও বেড়ে যেতে পারে বলেও আশঙ্কা তাদের।
দিল্লির কমিশন অব উইমেনের চেয়ারপারসন স্বাতী মালিওয়াল জানান, ২৬ জানুয়ারি নির্যাতনের শিকার হওয়া ওই তরুণী তাকে তিন পুরুষের হাতে ধর্ষিত হওয়ার কথা বলেছেন।
“সেখানে (ওই ঘরে) নারীরাও ছিলেন। তারা মেয়েটির ওপর আরও নির্মম হতে পুরুষদের উসকে দিচ্ছিলেন,” নির্যাতনের শিকার হওয়া তরুণী তাকে এমনটাই বলেছেন বলে সিএনএনকে জানান মালিওয়াল।
তিনি বলেন, “যখন আমি ওই ভিডিওটি দেখি, দেখি যে নারীরা মেয়েটির ওপর হামলে পড়ছে, এটা আপনাকে এতটা ক্রুদ্ধ করবে, এতটা দুঃখ দেবে যে- এমনটা করার মতো নারীও আছে।”
ভিডিওতে উল্লসিত জনতার মধ্যে যাদের দেখা গেছে, তাদের কেউ মেয়েটির ওপর নিপীড়নের সঙ্গে জড়িত কিনা, কিংবা পুলিশের তালিকায় নথিভুক্ত হয়েছে কিনা, তা স্পষ্ট নয়।
নির্যাতিতা তরুণীর বোন ওই হামলার খানিকটা দেখার কথা জানিয়েছেন, যদিও সেটা থামানোর ক্ষমতা ছিল না তার।
“আমি ভেবেছিলাম চিৎকার করবো, কাউকে ডেকে বলবো, কিন্তু ওই নারীরা আমাকে ধরে ফেলে, বলে আমাকেও মারবে,” বলেন ১৮ বছর বয়সী এই নারী।
ভারতের আইনে ধর্ষণের শিকার নারীর পরিচয় প্রকাশ নিষিদ্ধ হওয়ায় নির্যাতিতার পরিচয় গোপন রাখতে তার বোনকে ‘আরতি’ ছদ্মনামে ডাকছে সিএনএন।
আরতি জানান, তার বিবাহিত বোনের ওপর দুই মাস আগে আত্মহত্যা করা এক কিশোরের আত্মীয়রা হামলা চালায়।
যাদের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ, তাদের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল সিএনএন; তবে তাদের কোনো আইনজীবী আছে কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি।
“তারা (হামলাকারী) আমার বোনকে দোষ দিচ্ছিল (কিশোরের আত্মহত্যার জন্য), যদিও ও কিছুই করেনি। আমি কখনোই ভাবিনি তারা এতটা যেতে পারে,” বলেন আরতি।
তিনি জানান, ২৬ জানুয়ারি সকালে তিনি দিল্লির পূর্বাঞ্চলীয় শাহদারা জেলায় তার বোনের বাড়িতে এক ব্যাগ গম দিতে গিয়েছিলেন। তার বোন যখন ওই গম নিতে নিচে নামে তখনই একদল উন্মত্ত লোক তেড়ে আসে।
“তারা এসেই আমার বোনকে মারধর শুরু করে। এটা আমার সামনেই ঘটেছিল, কিন্তু আমি সেখানে দাঁড়িয়েই ছিলাম, কী করতে হবে বুঝতে পারছিলাম না, ভয়ে কাঠ হয়ে গিয়েছিলাম,” বলেন আরতি।
হামলাকারী কতজন ছিলেন তা মনে করতে পারেন না তিনি, শুধু বললেন, ‘অনেকে’; এর মধ্যে বেশিরভাগই ছিল স্থানীয় আরেকটি পরিবারের নারী-পুরুষ সদস্যরা।
হামলাকারীরা তার বোনের আড়াই বছর বয়সী ছেলেটিকে কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আরতি ‘অন্যদের সঙ্গে যুদ্ধ করে’ বোনের শিশুপুত্রকে নিজের কাছে নিয়ে নেন; এরমধ্যেই তার বোনকে একটি অটোরিকশায় তুলে নেওয়া হয়েছে।
বোনের ছেলেকে কোলে নিয়ে আরতিও আরেকটি অটোরিকশায় চাপেন, তার সঙ্গী হয় সন্দেহভাজন হামলাকারীদের দলের দুইজন। অটোরিকশা যায় দুই মাইলেরও কম দূরের কাস্তুর্বা নগরে, যেখানে ওই সন্দেহভাজন হামলাকারীদের বাস; আরতি ও তার বাবাও কাছাকাছিই থাকেন।
দিল্লির এ কাস্তুর্বা নগরে নিম্নমধ্যবিত্তদের বাস, এখানে নারীদেরকে উজ্জ্বল রঙে আঁকা ঘরের সামনে বসতে ও আড্ডা দিতে দেখা যায়, পুরুষরা ভিড় করেন স্থানীয় চায়ের দোকানগুলোতে। হামলার দিন মানুষজন ‘প্রজাতন্ত্র দিবসের’ ছুটি কাটাচ্ছিলেন; এদিনই ভারতের সংবিধান গৃহীত হয়েছিল, যদিও আরতি ও তার পরিবারের সদস্যদের কাছে দিবসটি হাজির হয় অন্যরকম হয়ে।
আরতিদের অটোরিকশাটি থামে সন্দেহভাজন হামলাকারীদের বাড়ির সামনে। সেখানে বোনকে দেখতে না পেয়ে আরতি নিজের বাড়ির দিকে ছোটেন এবং ঘরে ঢুকেই খিল আটকে দেন।
কিছুক্ষণ পর বাইরে শোরগোল শুনতে পেয়ে একটি দেয়ালের পেছন থেকে উঁকি দিয়ে আরতি দেখেন তার বোনকে রাস্তায় হাঁটানো হচ্ছে, আর কয়েকজন নারী তাকে লোহার রড দিয়ে মারছে।
তার বোনের চুল কেটে নেওয়া হয়েছিল, মুখে লাগানো হয়েছিল কালি, গলায় ঝুলছিল জুতার মালা- এ সবেরই উদ্দেশ্য ছিল ২০ বছর বয়সী ওই তরুণীকে ‘কলঙ্কিত’ হিসেবে চিহ্নিত করা।
আরতি জানান, সেদিন তার বোনকে অন্তত আধাঘণ্টা ধরে ওই এলাকায় ঘোরানো হয়েছিল, চড়-থাপ্পর মারা ও মারধর করা হয়েছিল।
“আমি বিশ্বাস করতে পারছিলাম না যে কেউ তার পক্ষে বলেনি বা তাকে সাহায্য করতে এগিয়েও আসেনি, তারা কেবল উল্লাস করছিল।”
ধার করা একটি সেলফোনের মাধ্যমে আরতি পুলিশ ডাকেন, তারা পৌঁছায় ১৫ মিনিট পর।
পুলিশ পরে আক্রমণের শিকার তরুণীকে থানায় নিয়ে গেলে সেখানে তিনি বোনকে (আরতি) জানান, রাস্তায় জুতার মালা গলায় পরিয়ে হাঁটানোর আগে হামলাকারীরা তাকে একটি ঘরে আটকে রেখেছিল এবং ‘তার সঙ্গে অন্যায় হয়েছে’। ভারতে সাধারণত এভাবেই নারীরা তাদের ওপর হওয়া যৌন নিপীড়নের কথা বলেন।
শাহদারা জেলার ডেপুটি পুলিশ কমিশনার আর সাথিয়াসুন্দরম এ ঘটনা নিয়ে তদন্ত চলছে বলে জানালেও কোন আইনে সন্দেহভাজনদের ধরা হয়েছে তা বলতে পারেননি।
যৌন নিপীড়নের ধরনও বলেননি তিনি; গণমাধ্যমে ঘটনার যে বিবরণ এসেছে, তাও নিশ্চিত করেননি তিনি।
“আমরা কিছুই খোলাসা করতে পারবো না, এটা তদন্তের ব্যাপার,” বলেন তিনি।
দিল্লির এ ঘটনায় নারীদেরকে ধর্ষণে উসকানিদাতা হিসেবে দেখে অনেকে স্তম্ভিত হলেও অনেকে বলছেন কট্টর পুরুষতান্ত্রিক মূল্যবোধের ভারতে এমনটা অসম্ভব নয়।
বছর দশেক আগে আইনজীবী সীমা কুশোয়াহা দিল্লির বাসে দলবদ্ধ ধর্ষণের শিকার ২৩ বছর বয়সী শিক্ষার্থী ‘নির্ভয়ার’ প্রতিনিধিত্ব করেছিলেন। নির্ভয়ার মৃত্যুর ঘটনার পর ধর্ষণ রোধে কঠোর আইনের দাবি উঠলেও তা ভারতে যৌন সহিংসতা কমাতে পারেনি, বলছেন নারী অধিকারকর্মীরা।
সমস্যা লুকিয়ে আছে সমাজের ভেতর, যা বদলানো বেশ কঠিন, বলছেন কুশোয়াহা।
তিনি বলেন, পুরুষতান্ত্রিক সমাজে নারীদের শেখানো হয়, যে কোনো অন্যায়ের দায় শেষ পর্যন্ত তাদেরই। ওই বিশ্বাসেরই বহিঃপ্রকাশ দেখা গেছে গত মাসে, দিল্লির রাস্তায়; যেখানে নারীরাই অন্য এক নারীর বিরুদ্ধে দলবেঁধে হামলা চালিয়েছিল।
“নারীর ওপর অপরাধের বিরুদ্ধে লড়াই যদি নারীদের হতো, তাহলে ওই নারীরা মেয়েটির পাশে দাঁড়াত। তারা তা করেনি, উল্টো মেয়েটিকে মারধর করেছে, কেননা তাদের মধ্যে এটা প্রোথিত যে, পুরুষরা যাই করুক না কেন, দায় নারীদের,” বলেন কুশোয়াহা।
ভারতের ঘরে ঘরে শাশুড়িরা প্রায়ই নববধুর স্বাধীনতায় হস্তক্ষেপ করে। জনসমক্ষেও নারীদের কর্মকাণ্ড এবং তারা কী পোশাক পরছে তা নিয়ে নারীদেরকেই পুলিশের ভূমিকা নিতে দেখা যায়।
শাহদারায় হামলার ঘটনা এসব ধারণারই চরম রূপ, যেখানে নারীরা এক কিশোরের আত্মহত্যার দায় অন্য নারীর ওপর চাপিয়ে দিয়ে তার ওপর হামলা চালিয়ে শোধ নেওয়ার চেষ্টা করেছে, বলেন কুশোয়াহা।
ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য অনুযায়ী, বিজেপি ক্ষমতায় আসার আগের বছর ২০১৩-র তুলনায় ২০২০ সালে নারীর বিরুদ্ধে সহিসংতা ২০ শতাংশ বেশি দেখা গেছে। তবে এ হিসাবও সম্ভবত পুরো চিত্র তুলে আনছে না, কেননা অন্য অনেক দেশের তুলনায় ভারতে যৌন নিপীড়নের বেশিরভাগ ঘটনাই চেপে রাখার চেষ্টা করা হয়। তবে সচেতনতা বাড়ায় ইদানিং এ ধরনের ঘটনায় মামলার পরিমাণ বেড়েছে।
সম্প্রতি দলিতদের প্রতিনিধিত্ব করার লক্ষ্যে গঠিত বহুজন সমাজবাদী পার্টির মুখপাত্র হিসেবে নিয়োগ পাওয়া কুশোয়াহার মতে, কোনো সরকারকে এককভাবে ভারতে নারীর প্রতি সহিংসতার জন্য দায়ী করা না গেলেও ডানপন্থি মতাদর্শের বাড়বাড়ন্ত নারীদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য হুমকি হয়ে উঠছে।
এ প্রসঙ্গে সিএনএন ভারতের নারী ও শিশু উন্নয়ন মন্ত্রণালয়ের মন্তব্য চাইলেও তারা সাড়া দেয়নি।
গত বছর ফেব্রুয়ারিতে ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষকে মন্ত্রণালয়টি জানিয়েছিল, নারী সুরক্ষায় আইন শক্তিশালী করাসহ নানান পদক্ষেপ নিয়েছে ভারত সরকার।
তবে নাগরিকদের নিরাপত্তা এবং আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব মোটাদাগে রাজ্য সরকারগুলোর, বলেছিল তারা।
রাজধানী দিল্লির পুলিশকে অবশ্য কেন্দ্রীয় সরকারের কাছেই জবাবদিহি করতে হয়।
আরতি জানান, ২৬ জানুয়ারির আগেও সন্দেহভাজন ওই হামলাকারীরা তার বোন ও তাদেরকে নানাভাবে হেনস্তা করেছে। নভেম্বরে ওই কিশোরের মৃত্যুর পর থেকেই তারা নানাভাবে যন্ত্রণা দিচ্ছিল।
হামলার সপ্তাহখানেক আগে তারা আরতির পঙ্গু বাবার উপার্জনের একমাত্র অবলম্বন ভাড়ায় নেওয়া অটোরিকশাতে আগুন ধরিয়ে দিয়েছিল। এ নিয়ে থানায় অভিযোগ করা হয়েছিল বলেও জানান আরতি।
এ অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডেপুটি পুলিশ কমিশনার সাথিয়াসুন্দরম কোনো জবাব দেননি। সন্দেহভাজন হামলাকারীদের উদ্দেশ্য নিয়েও কিছু বলতে রাজি হননি তিনি। সব প্রশ্নেই তার একই জবাব, “তদন্ত চলছে।”
তবে দিল্লির সরকার চাইছে মামলাটির দ্রুত নিষ্পত্তি। পুলিশ এরই মধ্যে এ ঘটনা্র তদন্তে ১০ সদস্যের একটি বিশেষ তদন্ত দল গঠন করেছে। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, তার সরকার নির্যাতিতাকে একজন ‘ভালো আইনজীবী’ যোগাড় করে দেবে এবং মামলা যেন দ্রুত শেষ হয় তা নিশ্চিতে চেষ্টা করবে।
“এটা শুরু, কিন্তু আরও অনেক কিছু করা দরকার। আমি এই ঘটনার ওপর চোখ রাখবো, কেননা আমি চাই এর তদন্ত দ্রুততম সময়ের মধ্যে শেষ হোক,” বলেছেন দিল্লি কমিশন অব উইমেনসের মালিওয়াল।
শেষ পর্যন্ত মামলাটি যদি তাড়াতাড়ি শেষও হয়, তাকে বিরল ঘটনাই বলতে হবে। ভারতে সাধারণত বেশিরভাগ ধর্ষণের ঘটনার অভিযোগ নিতে ও তদন্ত শেষ হতে এক বছর বা তারও বেশি সময় লাগে, জানিয়েছেন কুশোয়াহা। যদিও ভারতের আইনেই ধর্ষণের ঘটনার তদন্ত ২ মাসের মধ্যে শেষ করতে বলা হয়েছে।
এরপর মামলা চলে আরও কয়েক বছর ধরে; সন্দেহভাজন অপরাধীরা জামিনে থেকেই মামলার ফলাফলের জন্য অপেক্ষা করতে পারেন, যা এই বার্তাই দেয়- আইন তাদের কিছুই করতে পারবে না।
এতকিছুর পরও ধর্ষণের মামলায় অর্ধেকেরও কম ক্ষেত্রে অপরাধীরা দোষী সাব্যস্ত হন। ২০২০ সালে প্রতি ১০ মামলার মাত্র ৪টিতে কাউকে দোষী সাব্যস্ত করা হয়েছে বলে জানাচ্ছে ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো।
“কাউকে দোষী সাব্যস্ত করা হলেও, তা হয় ১০-১৫ বছর পরে,” বলেন কুশোয়াহা।
এর পেছনে দ্রুত বিচার আদালতের সংখ্যাকেও কারণ হিসেবে দেখছেন দিল্লি কমিশন অব উইমেনসের মালিওয়াল।
২০১৯ সালে ভারতের কেন্দ্রীয় সরকার ধর্ষণ ও অপ্রাপ্তবয়স্কদের ওপর যৌন নিপীড়নের মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করতে এক হাজার ২৩টি দ্রুত বিচার আদালত গঠনের পরিকল্পনায় সায় দিলেও ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত কেবল এ ধরনের ৬৮১টি আদালত গঠন করা গেছে বলে জানাচ্ছে দেশটির আইন ও বিচার মন্ত্রণালয়।
আইন ছাড়াও পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থায় কুঠারাঘাত করতে শিক্ষায় নজর দেওয়া দরকার; সব স্কুলে শিক্ষার্থীদের যৌন শিক্ষা ও জেন্ডার স্টাডিজ পড়ানো দরকার বলে মত কুশোয়াহার।
নারীর প্রতি সহিংসতা তখনই বন্ধ হবে, যথন ভারতের পুরুষতান্ত্রিক সংস্কৃতি বদলে সমতার সমাজ গড়ে উঠবে, বলেন তিনি।
এখন এক সপ্তাহেরও বেশি সময় ধরে দিল্লির যে রাস্তাটিতে ২০ বছর বয়সী তরুণীর ওপর ওই বর্বর হামলা হয়েছিল, তার দুই পাশে পুলিশি পাহারা দেখা যাচ্ছে।
আরতি এখনও পরিবারের সদস্যদের নিয়ে আগের বাড়িতেই আছেন, যার কয়েক গজ দূরেই সেই বাড়ি, যেখানে তার বোন নির্যাতনের শিকার হয়েছিল।
“আমি কোথাও যেতে পারছি না, আমার সেই সক্ষমতা নেইও। আমার বয়স ১৮, আমার কোনো চাকরি নেই এবং আমাকে আমার বাবার দেখাশোনা করতে হয়।
“আমি খুশি যে আমার বোন বাড়িতে। তার ছেলেকে ফিরিয়ে দিয়েছি আমি, সে ছেলেকে দেখে খুব খুশি,” বলেন দুঃস্বপ্নের মুহুর্তগুলো ভুলতে চেষ্টা করা আরতি।
