‘স্পাইঅয়্যার’: যেভাবে টেলিকম খাতকে গোয়েন্দাগিরিতে বাধ্য করল মিয়ানমার
মিয়ানমারে ১ ফেব্রুয়ারির অভ্যুত্থানের কয়েক মাস আগে নাগরিকদের যোগাযোগে সেনাবাহিনীকে আড়ি পাতার সুযোগ দিতে ‘স্পাইঅয়্যার’ বসানোর জন্য টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবা দাতাদের নির্দেশ দেওয়া হয়েছিল।
পরিকল্পনাটি প্রত্যক্ষভাবে জানেন, এমন একাধিক সূত্র উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্স বলছে, সব ধরনের ভয়েস কল শোনার, টেক্সট মেসেজ ও ইমেইল দেখার পাশাপাশি টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবাদাতাদের সহায়তা ছাড়াই এই প্রযুক্তির মাধ্যমে নাগরিকদের অবস্থান শনাক্ত করার ক্ষমতা পায় কর্তৃপক্ষ।
তারা বলছেন, রাজনৈতিক প্রতিপক্ষের উপর নজরদারি, বিক্ষোভ দমন ও ভবিষ্যতের যে কোনো বিদ্রোহ অংকুরেই নস্যাৎ করার লক্ষ্য থেকে ইলেকট্রনিক নজরদারি ব্যবস্থা ও ইন্টারনেটের উপর নিয়ন্ত্রণ আরোপের সেনাবাহিনীর যে সর্বব্যাপক প্রচেষ্টা চলছে, এই নির্দেশনা তারই অংশ।
এর পেছনে সিদ্ধান্তদাতা বেসামরিক পরিবহন ও যোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মধ্যে সাবেক সেনা কর্মকর্তারাও ছিলেন বলে পরিকল্পনা সংশ্লিষ্ট দুজনের বরাতে বলছে রয়টার্স।
ওই পরিকল্পনার বিষয়ে অবগত এক কর্মকর্তা বলেন, “তারা এই নির্দেশনাকে বেসামরিক সরকারের কাছ থেকে আসা বলে সভায় উপস্থাপন করলেও আমরা জানতাম যে এতে সেনাবাহিনীর নিয়ন্ত্রণ রয়েছে; এবং বলা হয়েছিল এই আদেশ অমান্য করা যাবে না।”
ওই সভায় সামরিক বাহিনী নিয়ন্ত্রিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারাও ছিলেন বলে তিনি জানান।
আড়ি পাতার ‘স্পাইঅয়্যার’ সম্পর্কে জানেন এমন এক ডজনেরও বেশি মানুষের সাক্ষাৎকার নিয়েছে রয়টার্স, যারা সামরিক জান্তার প্রতিশোধের ভয়ে নামপ্রকাশ করতে চাননি।
জান্তার কোনো প্রতিনিধি বা রাজনীতিবিদদের নিয়ে নতুন বেসামরিক সরকার গঠনের উদ্যোগের কোনো প্রতিনিধির কাছ থেকে এবিষয়ে মন্তব্য পাওয়া যায়নি।
অং সান সু চির নেতৃত্বাধীন সরকারের ২০১৯ ও ২০ সালের অপ্রকাশিত বাজেট নথিতে এমন ‘স্পাইঅয়্যার’ পণ্য, ‘ডেটা এক্সট্রাক্শন’ ও ‘ফোন হ্যাকিং’ প্রযুক্তি বাবদ ৪০ লাখ ডলারের ব্যয়ের হিসাব দেওয়া হয়েছে।
অধিকার গোষ্ঠী ‘জাস্টিস ফর মিয়ানমারের’ সরবরাহ করা এসব নথির বস্তুনিষ্ঠতা রয়টার্স যাচাই করে নিশ্চিত হয়েছে। তবে সামরিক বাহিনীর এই উদ্যোগের সঙ্গে সু চির সরকারের জ্যেষ্ঠ বেসামরিক সদস্যরা জড়িত ছিল কি না বা কী মাত্রায় ছিল, তা স্পষ্ট নয়।
বিষয়টি নিয়ে মুখ না খোলার হুমকির কথা তুলে ধরে বেশ কয়েকটি সূত্র বলছে, টেলিযোগাযোগ খাতের জন্য তথাকথিত ‘আইনি আড়ি পাতা’র ধারণার কথা প্রথমবারের মতো ১৯৯০ সালের শেষ দিকে প্রকাশ পায়। তবে মিয়ানমার কর্তৃপক্ষের কাছ থেকে এ জাতীয় প্রযুক্তি স্থাপনের চাপ আসে ২০২০ সালের শেষ দিকে।
৫ কোটি ৪০ লাখ জনসংখ্যার মিয়ানমারে এক কোটি ৮০ লাখ গ্রাহকধারী অপারেটর নরওয়ের টেলিনর সর্বপ্রথম তাদের ব্যবসার বার্ষিক প্রতিবেদনে ‘আড়ি পাতার’ এই বিষয়টি তুলে ধরে।
ব্যক্তির গোপনীয়তা ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য মিয়ানমারে পর্যাপ্ত আইনি সুরক্ষা না থাকায় ‘কেস টু কেস’ অনুমোদন ছাড়া অপারেটরদের ও আইএসপিগুলোর সিস্টেমে সরাসরি প্রবেশের ক্ষমতা পেতে যে আইনি বিধিনিষেধের পরিকল্পনা মিয়ানমার কর্তৃপক্ষ করছিল, তা নিয়ে ৩ ডিসেম্বর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেয় টেলিনর।
টেলিনর ছাড়াও এই নির্দেশনার শিকার হয়েছে মিয়ানমারের আরও তিনটি টেলিযোগাযোগ সংস্থা: রাষ্ট্রায়ত্ত বড় অপারেটর এমপিটি, মিয়ানমারের সেনাবাহিনী ও ভিয়েতনামের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মালিকানাধীন ভিয়েটেলের মধ্যকার যৌথ উদ্যোগ মাইটেল এবং কাতারের ওরেডো।
এমপিটি ও মাইটেল এখন রয়েছে জান্তার পুরো নিয়ন্ত্রণে। এর বাইরে প্রায় একডজন ইন্টারনেট সেবাদাতাও রয়েছে।
কোনো সুনির্দিষ্ট কারণ না দেখালেও কর্মীদের সুরক্ষা নিয়ে উদ্বেগের কথা তুলে ধরে এই প্রতিবেদনের জন্য কোনো মন্তব্য করতে রাজি হয়নি টেলিনর।
এমপিটি, মাইটেল ও ওরেডো মন্তব্য চেয়ে অনুরোধের জবাব দেয়নি। ওয়্যারলেস ক্যারিয়ার কেডিডিআই কর্পের সঙ্গে মিলে এমপিটিতে ২০০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনাকারী জাপানি ট্রেডিং হাউস সুমিটোমো কর্পও মন্তব্য করতে রাজি হয়নি। কেডিডিআই ও ভিয়েটেল মন্তব্য করার অনুরোধের সাড়াই দেয়নি।
সাধারণত অপরাধীদের ধরার জন্য অনেক দেশই ‘আইনি আড়ি পাতার’ অনুমতি দেয়। তবে বেশিরভাগ গণতান্ত্রিক দেশে, এমনকি কর্তৃত্ববাদী শাসনব্যবস্থায়ও ‘আইনি প্রক্রিয়া ছাড়া’ এ জাতীয় প্রযুক্তি সাধারণত ব্যবহৃত হয় না বলে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের ভাষ্য।
বিপরীতে মানবাধিকার সুরক্ষার জন্য কোনো আইনানুগ বা বিধিগত ব্যবস্থা না রেখে মিয়ানমার সেনাবাহিনী সরাসরি আক্রমণাত্মক ‘স্পাইঅয়্যার’ বসাচ্ছে বলে টেলিযোগাযোগ খাতের উদ্যোক্তা ও কর্মীরা মনে করছেন।
অভ্যুত্থানের আগেই সু চির নেতৃত্বে গণতান্ত্রিকভাবে নির্বাচিত বেসামরিক সরকারের উপর ব্যাপক প্রভাব নিয়েই ছিল মিয়ানমারের সামরিক বাহিনী। দেশটির সংসদীয় আসনের ২৫ শতাংশ কোটায় তাদের দখলে ছিল এবং সংবিধান তাদেরকে বেশ কয়েকটি মূল মন্ত্রণালয়ে কর্তৃত্বের সুযোগও দিয়েছে। শুধু তাই নয়, প্রাক্তন সেনা কর্মকর্তাদের নিয়োগের মাধ্যমে যোগাযোগ ও অন্যান্য মন্ত্রণালয়কেও প্রভাব বলয়ে নেওয়া হয়। আর অভ্যুত্থানের পর থেকে তো এগুলোতে সম্পূর্ণ নিয়ন্ত্রণ তাদের।
অবস্থান শনাক্ত ও আড়ি পাতা
নজরদারি ব্যবস্থা সম্পর্কে অবগত সংস্থাগুলির তিনটি সূত্র মতে, টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবাদাতাদের সবাই আড়ি পাতার ‘স্পাইঅয়্যার’ পুরোপুরি ইনস্টল করেনি। তবে তা কতটা ব্যবহৃত হয়েছে তা জানা যায়নি।
তবে দুটি সূত্র জানায়, সামরিক ও গোয়েন্দা সংস্থাগুলো সিম কার্ড শনাক্ত করছে এবং ভয়েস কলে আড়ি পাতছে। ‘কল অন্য নম্বরে ফরোয়ার্ড হয়ে যাওয়ার পর ডায়াল টোন ছাড়াই সংযোগ স্থাপনকে’ আড়ি পাতার লক্ষণ হিসেবে দেখছে একটি সূত্র।
বিক্ষোভের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা সংশ্লিষ্ট আইনি একটি সূত্র বলছে, তাদের বিচারের আওতায় আনার জন্য ‘স্পাইঅয়্যার’ ব্যবহার করে নজরদারির প্রমাণ রয়েছে। তবে রয়টার্স এই দাবির সমর্থওনে কোনো দলিল দেখেনি।
সমান্তরাল সরকার গঠনে ক্ষমতাচ্যুত রাজনৈতিকদের উদ্যোগে সহায়তাকারী সাবেক এক জ্যেষ্ঠ আমলা বলেন, জান্তার পক্ষে কাজ করলেও বিক্ষোভকারীদের প্রতি সহানুভূতি রয়েছে এমন লোকরা ফোন নম্বর শনাক্ত করা হচ্ছে বলে তাদের সতর্ক করেন।
“আমাদের সর্বদা সিম কার্ড পরিবর্তন করতে হবে।”
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সিকিউরিটি ল্যাব ও আরও তিন প্রযুক্তি বিশেষজ্ঞের মতে, সরকারের বাজেটের নথিগুলিতে বর্ণিত আড়িপাতার যন্ত্রগুলো গণহারে ফোন মেটাডেটা অর্থাৎ কে কখন কাকে কল করে, কখন কল করে ও কতক্ষণ কল থাকে সে বিষয়ক ডেটা, তা সংরক্ষণের পাশাপাশি লক্ষ্যভিত্তিক সুনির্দিষ্ট ‘ইন্টারসেপশনে’ও সক্ষম।
মিয়ানমারের জান্তাবিরোধী বিক্ষোভ। ছবি: রয়টার্স
তার কাটা, আন্দোলকারীদের ফোন ব্লক করা
তিনটি কোম্পানির কর্মীরা তাদের প্রতিষ্ঠানের কাটা তার দেখিয়ে রয়টার্সকে বলেন, ১ ফেব্রুয়ারির অভ্যুত্থানের পর সেনাবাহিনীর প্রথম পদক্ষেপের অন্যতম ছিল- মধ্যরাতে দেশজুড়ে ডেটা সেন্টারগুলিতে ঢুকে ইন্টারনেটের তার কেটে দেওয়া।
একটি তথ্যকেন্দ্রে কর্মীদের প্রতিরোধের মুখে পড়ে সৈন্যরা তাদের বন্দুকের নলের মুখে আটকে রাখে এবং তাদের ভয় দেখানোর জন্য মনিটর ভেঙে ফেলে বলে অবগত একটি সূত্র জানিয়েছে।
ইন্টারনেট কয়েক ঘণ্টার মধ্যে চালু হলেও সেনাবাহিনী রাতে তা বন্ধ করে দেওয়া শুরু করে। কয়েকদিনের মধ্যেই সেনাবাহিনী গোপনে আন্দোলনের কর্মী, জান্তাবিরোধীদের ও মানবাধিকার আইনজীবীদের ফোন নম্বর ব্লক করতে টেলিযোগাযোগ কোম্পানিগুলোকে নির্দেশ দেয়। তারা কোম্পানিগুলোকে একটি তালিকাও দিয়েছিল বলে সংশ্লিষ্ট তিনটি সূত্র জানিয়েছে। এই আদেশের কথা আগে প্রকাশ হয়নি।
সূত্রগুলো আরও বলছে, কর্তৃপক্ষকে গ্রাহক তালিকা সরবরাহ করতে অপারেটরদের আইনগত বাধ্যবাধকতা আছে।
নির্দিষ্ট ওয়েবসাইট ব্লক করারও নির্দেশ দেয় সেনাবাহিনী। দেশের অর্ধেকের বেশি জনসংখ্যার ব্যবহৃত ও বিক্ষোভের জন্য দ্রুত গুরুত্বপূর্ণ হয়ে ওঠা ফেইসবুক ছিল নিষিদ্ধ ঘোষিত সাইটগুলোর প্রথম। তার পরে আরও সংবাদ পোর্টাল ও অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধ করা হয়।
মার্চে বিরোধী শক্তি জোরালো হলে সেনাবাহিনী একসঙ্গে মোবাইল ডেটা বন্ধ করে দেয়। এর ফলে মিয়ানমারের বেশিরভাগ মানুষ ইন্টারনেট ব্রাউজের সুযোগ হারায়।
এ খাত সংশ্লিষ্ট এক সূত্র বলছে, “কোম্পানিগুলো আদেশ মানতে বাধ্য। সবাই জানে তারা যদি আদেশ না মানে তাহলে তারা স্রেফ বন্দুকের নলের মুখে তার কেটে দিয়ে যাবে। সেটা এমনকি আড়ি পাতার চেয়েও বেশি কার্যকর।”
চারটি সূত্র বলছে, টেলেনর ও ওরেডো নির্বাহীরা প্রথমে প্রতিবাদ করলেও লাইসেন্স বাতিলের হুমকি পেয়ে চুপসে যান।
সেনাবাহিনী আটসাঁটো নিয়ন্ত্রণ
১৯৬৩ থেকে ২০১১ সালের মধ্যে পূর্ববর্তী জান্তা শাসনামলে নেতাকর্মী ও সাংবাদিকদের নিয়মিতই ‘ওয়্যারট্যাপিং’ করা হত। তখন স্মার্টফোনের ব্যবহার ছিল না বললেই চলে।
গণতন্ত্রের ছোঁয়া লাগার পর মিয়ানমারের ডিজিটাল অর্থনীতির দ্বার খোলার সঙ্গে সঙ্গে এটি টেলিযোগাযোগে সাফল্যের গল্পে পরিণত হয়। ২০১১ সালে দেশটিতে মোবাইল ব্যবহারের হার যেখানে ছিল ৬ দশমিক ৯ শতাংশ, ২০২০ সালে বেড়ে ১২০ শতাংশে উঠে।
মিয়ানমারে দেশজুড়ে নজরদারির প্রথম বেসামরিক পদক্ষেপের কথা জানা যায় ২০১৮ সালে। বিদেশি শক্তির প্রভাব রোধ করার লক্ষ্যের কথা তুলে ধরে তখন একটি ‘সোশ্যাল মিডিয়া মনিটরিং সিস্টেম’ প্রতিষ্ঠার পরিকল্পনা করা হয়।
এরপর গত বছর বায়োমেট্রিক সিম কার্ড নিবন্ধন বাধ্যতামূলক করার সময় একাধিক সিম কার্ডের ‘অনাকাঙ্ক্ষিত’ ব্যবহার রোধ ও কেন্দ্রীয় ডেটাবেজ তৈরির প্রয়োজনীয়তার কথা বলা হয়। তারপরও টেলিযোগাযোগের উপর আরও ক্ষমতা খাটানোর চেষ্টা করছে কর্তৃপক্ষ।
ফেব্রুয়ারিতে যোগাযোগ মন্ত্রণালয় নতুন আইন প্রস্তাব করেছে, যাতে বলা হয়েছে যে ইন্টারনেট ও টেলিযোগাযোগ সংস্থাগুলিকে ব্যাপক সংখ্যক ব্যবহারকারীর ডেটা অন্তত তিন বছর সংরক্ষণ করতে এবং ‘ঐক্য, স্থিতিশীলতা ও শান্তি’ ব্যাহত হতে পারে এমন বিষয়বস্তু সরিয়ে ফেলতে হবে বা প্রকাশ করা যাবে না। যারা নির্দেশনা মানবে না তাদের জন্য জেল-জরিমানার বিধান রাখা হয়েছে।
পরিস্থিতির হালনাগাদ সম্পর্কে অবগত তিনটি সূত্র বলছে, এপ্রিলের শেষের দিকে সামরিক জান্তা নির্দিষ্ট ওয়েবসাইট ও অ্যাপ চালু করার জন্য অপারেটরদের আদেশ দেওয়া শুরু করে। এটা স্থানীয় ব্যাংকগুলির অ্যাপ দিয়ে শুরু হয়। মাইক্রোসফ্ট অফিস, গুগলের জিমেইল, গুগল ড্রাইভ ও ইউটিউবও এরপর থেকে চালু রয়েছে।
এবিষয়ে মাইক্রোসফ্ট প্রতিনিধি বলেন, মিয়ানমারের কর্মকর্তাদের সঙ্গে তাদের যোগাযোগ নেই। গুগল মন্তব্য করার অনুরোধে সাড়া দেয়নি।
টেলিযোগাযোগ খাতের সংশ্লিষ্ট সূত্র ও আন্দোলরত নেতাকর্মীরা মনে করেন, ‘গ্রেট ফায়ারওয়াল’ দিয়ে চীন যা করেছে, এই পদক্ষেপ তার অনুরূপ ইন্টারনেটের সংস্করণ প্রতিষ্ঠা করার জান্তার প্রচেষ্টার অংশ ।
এক কোম্পানির নির্বাহী বলেন, “সেনাবাহিনী ইন্টারনেট নিয়ন্ত্রণ করতে চায় কেবল তাদেরই জন্য ‘নিরাপদ অঞ্চল’ গড়তে।
“সময়ের হিসাবে আমরা পাঁচ বছর পেছনে ফিরে গেছি।”
