আফগানিস্তানে ত্রাণ বিতরণকে কেন্দ্র করে বিক্ষোভ, সংঘর্ষে ‘নিহত ৭’
আফগানিস্তানে করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে ত্রাণের খাদ্যসামগ্রী বিতরণকালে বিক্ষোভ, সংঘর্ষে সাত জন নিহত হয়েছেন বলে দেশটির একজন পার্লামেন্ট সদস্য জানিয়েছেন।
শনিবার পশ্চিমাঞ্চলীয় ঘর প্রদেশের কেন্দ্রস্থলে এ ঘটনা ঘটেছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
ত্রাণ বিতরণে পক্ষপাতের অভিযোগ তুলে বিক্ষোভ শুরু করে স্থানীয় জনতা। এক পর্যায়ে তারা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়।
ঘরের প্রতিনিধিত্বকারী পার্লামেন্ট সদস্য গুলজামান নায়েব জানান, ত্রাণ বিতরণে রাজনৈতিক যোগাযোগ থাকা লোকজনের প্রতি পক্ষপাত দেখানো হচ্ছে এমন অভিযোগে অসন্তোষ বাড়ছিল, সেই ক্ষোভ থেকেই বিক্ষোভ ও সংঘর্ষ শুরু হয়।
এতে আরও ১৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন এ আইনপ্রণেতা।
ঘরের গভর্নরের মুখপাত্র মোহাম্মদ আরিফ আবের জানান, প্রায় ৩০০ বিক্ষোভকারীর মধ্যে কিছু অংশ পুলিশের দিকে পাথর নিক্ষেপ করে এবং একপর্যায়ে গুলি করা শুরু করে, তারা গভর্নর হাউসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ গুলি করে।
এতে দুই জন নিহত ও পাঁচ জন আহত হয়েছে বলে দাবি করেছেন তিনি। জানিয়েছেন, আহতদের মধ্যে পুলিশও আছে।
ত্রাণ বিতরণে অনিয়ম হওয়ার কথা অস্বীকার করেছেন আরিফ আবের।
আফগানিস্তান জার্নালিস্ট সেন্টারের নির্বাহী পরিচালক আহমদ কুরাইশির ভাষ্য অনুযায়ী, নিহতদের মধ্যে স্থানীয় স্বেচ্ছাসেবক রেডিও উপস্থাপক আহমদ নাভীদ খানও আছেন। ঘটনার সময় তিনি তার দোকানে বসে ছিলেন আর একটি গুলি সরাসরি তার মাথায় লাগে বলে জানান কুরাইশি।
আফগানিস্তানের স্বাধীন মানবাধিকার কমিশন (এআইএইচআরসি) ‘বিক্ষোভকারীদের ওপর পুলিশের গুলিবর্ষণের উদ্বেগজনক প্রতিবেদনগুলো’ খতিয়ে দেখছে বলে এই টুইটে জানিয়েছেন চেয়ারপারসন শহরজাদ আকবর।
করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে আফগানিস্তানজুড়ে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এতে অনেকেই কাজ হারিয়ে বেকার হয়ে পড়েছেন পাশাপাশি খাদ্যদ্রব্যের মূলও বেড়ে গেছে। এই পরিস্থিতিতে সারা দেশজুড়ে ত্রাণ হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করছে দেশটির সরকার।
কিন্তু ত্রাণ বিতরণে ব্যাপক অনিয়ম হচ্ছে বলে অভিযোগ উঠেছে। মানবাধিকার কমিশনে এ ধরনের বহু অভিযোগ এসেছে বলে গত সপ্তাহে রয়টার্সকে জানিয়েছিলেন আকবর।
আফগানিস্তানে এ পর্যন্ত ৪ হাজার ৩৩ জন করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছে এবং ১১৫ জনের মৃত্যু হয়েছে বলে দেশটির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।
