২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুম্বাইয়ে ৫৫ বছরের বেশি বয়সী পুলিশদের বাড়িতে থাকার নির্দেশ

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের যেসব পুলিশের সদস্যের বয়স ৫৫ বছরের বেশি তাদের বাড়িতে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2020, 05:09 PM

Updated : 08 Apr 2022, 12:42 AM

কোভিড-১৯ এ তিন পুলিশ কর্মকর্তার মৃত্যুর পর এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে বিবিসি জানিয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, ৩ মে লকডাউন শেষ না হওয়া পর্যন্ত বয়স্ক পুলিশ সদস্যরা বাড়িতে থাকবেন।

সোমবার কোভিড-১৯ এ আক্রান্ত ৫৬ বছর বয়সী এক পুলিশ সদস্য চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

মুম্বাই ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের রাজধানী। দেশটির সবচেয়ে বেশি করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছে এই রাজ্যটিতে।

মঙ্গলবার রাজ্যটিতে নতুন করে আরও ৫২২ জন করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হওয়ার কথা জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এদের নিয়ে মহারাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৫৯০ জনে দাঁড়িয়েছে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৬৯ জনের।   

এদিন সকালে দেশটির স্বাস্থ্য মন্ত্রণায় ভারতে কোভিড-১৯ এ একদিনে সর্বোচ্চ মৃত্যুর খবর দিয়েছে। ২৪ ঘণ্টায় ৬২ জনের মৃত্যু নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ৯৩৪ জনে দাঁড়িয়েছে। দেশটির শনাক্ত হওয়া মোট করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ২৯ হাজার ৪৩৫ জন বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।