২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লকডাউন: পুলিশের হাত কেটে ফেলল অমান্যকারীরা

ভারতের পাঞ্জাবে লকডাউন অমান্যকারী কয়েক ব্যক্তি পুলিশের ওপর হামলা চালিয়ে এক সহকারী উপপরিদর্শকের হাত কেটে বিচ্ছিন্ন করে দিয়েছে, আহত করেছেন আরও দুই কর্মকর্তাকে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2020, 04:49 PM

Updated : 18 Aug 2022, 02:51 PM

রোববার স্থানীয় সময় ভোর ৬টার দিকে রাজ্যটির পাতিয়ালা জেলার সনৌর রোডের বড় সব্জি বাজারের মূল গেটের কাছে এ ঘটনা ঘটেছে বলে এনডিটিভি জানিয়েছে।

হামলার শিকার পুলিশ কর্মকর্তারা জানান, তারা ওই এলাকায় লকডাউন কার্যকর করার চেষ্টা করার সময় ওই ব্যক্তিরা তাদের ওপর হামলা চালায়।

বিশ্বজুড়ে মহামারী আকার ধারণ করা নভেল করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ২৫ মার্চ থেকে ভারতজুড়ে তিন সপ্তাহের লকডাউন জারি করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৪ এপ্রিল, মঙ্গলবার লকডাউনের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও তা আরও দুই সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

তবে কেন্দ্রীয় সরকারের আগেই রাজ্য সরকার পাঞ্জাবে লকডাউনের মেয়াদ ১ মে পর্যন্ত বৃদ্ধি করেছে। করোনাভাইরাস প্রাদুর্ভাব শুরু হওয়ার পর রাজ্যটির বিদেশে থাকা কয়েক হাজার লোক বাড়িতে চলে আসে। এতে রাজ্যজুড়ে ভাইরাসটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কায় লকডাউন কার্যকরে জোর দিয়েছে রাজ্য প্রশাসন।

পুলিশের যে সহকারী উপপরিদর্শকের হাত বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে তার নাম হারজিৎ সিং। তাকে হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসকরা তার হাতে অস্ত্রোপচার করছেন।

পাঞ্জাবের পুলিশ প্রধান দিনকর গুপ্তা এনডিটিভিকে জানান, সব্জি বাজারের কাছে নিহাঙ্গ শিখদের বহনকারী একটি গাড়ি পুলিশের কয়েকটি ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়া চেষ্টা করে, পুলিশ তাদের থামিয়ে তাদের কারফিউ পাস দেখাতে বললে লকডাউন অমান্যকারীরা পুলিশের ওপর ঝাঁপিয়ে পড়ে।

পুলিশের ওপর ঝটিকা হামলা চালিয়ে দলটি নিকটবর্তী নিহাঙ্গ গুরুদুয়ারা সাহেব গিয়ে আশ্রয় নেয়। অতিরিক্ত বাহিনী নিয়ে পুলিশ ওই শিখ মন্দিরটি ঘেরাও করে হামলাকারীদের আত্মসমর্পণ করতে বলে।

“দুই ঘণ্টা ধরে অচলাবস্থা চলার পর স্থানীয় পঞ্চায়েতের মধ্যস্থতায় পুলিশ গুরুদুয়ারায় প্রবেশ করে, এরও আধ ঘণ্টা পর হামলাকারীরা আত্মসমর্পণে রাজি হয়। তারা তালোয়ার ও ছুরি হাতে বের হয়ে আসে। পুলিশ সেখান থেকে গ্যাস সিলিন্ডারও জব্দ করেছে, কারণ এগুলো বিস্ফোরক হিসেবে ব্যবহৃত হতে পারতো,” বলেন দিনকর গুপ্তা।

পুলিশ কর্মকর্তারা জানান, হামলার সঙ্গে জড়িত তিন ব্যক্তি আত্মসমর্পণ করেছে, আরও তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।