করোনাভাইরাসের রোগী কলকাতায়ও
ভারতে শতাধিক ব্যক্তি নভেল করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার মধ্যে বাংলাদেশ লাগোয়া পশ্চিমবঙ্গ রাজ্যেও একজন কভিড-১৯ রোগী ধরা পড়েছে।
পশ্চিমবঙ্গের এই তরুণ ইংল্যান্ড থেকে আক্রান্ত হয়ে এসেছেন বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।
বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। পরীক্ষার পর মঙ্গলবার রাতে তার কভিড-১৯ পজিটিভ ধরা পড়ে।
আনন্দবাজার জানিয়েছে, কলকাতার বাসিন্দা ওই তরুণ গত ১৫ মার্চ ইংল্যান্ড থেকে বাড়িতে ফেরেন। এরপরই তিনি অসুস্থ বোধ করলে সোমবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এরপর ন্যাশনাল ইনস্টিটিউট অব কলেরা অ্যান্ড এন্টেরিক ডিজিসেসে (নাইসেড) ওই তরুণের লালারসের নমুনা পাঠানো হলে তা পরীক্ষা করে সংক্রমণের বিষয়টি ধরা পড়ে।
পশ্চিমবঙ্গে এই তরুণই করোনাভাইরাসের প্রথম রোগী। তাই সংক্রমণ এড়াতে ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার।
আনন্দবাজার বলেছে, ওই তরুণের বাবা-মাকেও এখন কোয়রান্টিন করা হয়েছে। যে গাড়িতে করে তিনি বিমানবন্দর থেকে বাড়িতে এসেছিলেন, সেই গাড়িচালকেরও কোয়রান্টিনের ব্যবস্থা করা হয়েছে।
ভারতে এই পর্যন্ত ১৩৭ জন কভিড-১৯ রোগী ধরা পড়েছে। এর মধ্যে নয়া দিল্লি, মুম্বাই ও কর্নাটকে তিনজনের মৃত্যু ঘটেছে।
আরও খবর
