করোনাভাইরাস: তাজমহলও বন্ধ হল
করোনাভাইরাসের বিস্তার রোধে বিশ্বের অন্যতম শীর্ষ পর্যটন আকর্ষণ তাজমহল বন্ধ করা হয়েছে বলে ভারতের কর্মকর্তারা জানিয়েছেন।
সিএনএন জানিয়েছে, দেশটির পর্যটনমন্ত্রী প্রাহ্লাদ সিং প্যাটেল মঙ্গলবার নিজের টুইটার অ্যাকাউন্টে তাজমহল বন্ধ রাখার ঘোষণাটি দেন।
টুইটারে তিনি লিখেছেন, “টিকেট করে প্রবেশ করতে হয় এমন সব ধরনের স্মৃতিস্তম্ভ ও অন্যান্য সব জাদুঘর ৩১ মার্চ, ২০২০ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।”
ভারতের সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে, ‘প্রেমের স্মৃতিস্তম্ভ’ তাজমহল দেখতে প্রতিদিন হাজার হাজার পর্যটক জড়ো হন, তাই এটি ‘বন্ধ করা জরুরি হয়ে পড়েছিল’।
মোগল সম্রাট শাহজাহানের তৈরি এই সমাধিটি দেখতে প্রতিদিন ৭০ হাজারের মতো পর্যটক আসেন বলে জানিয়েছে বিবিসি।
ভারতের পর্যটন মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, ২০১৮ সালে প্রায় ৬৫ লাখ লোক তাজমহল দেখতে গিয়েছিলেন।
ভারতে নভেল করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ১২৫ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। দেশটিতে এ পর্যন্ত তিন জন ভাইরাসটির সংক্রমণে সৃষ্ট রোগ কভিড-১৯ এ ভুগে মৃত্যুবরণ করেছেন।
মঙ্গলবার মহারাষ্ট্রের মুম্বাই শহরের একটি হাসপাতালে ৬৪ বছর বয়সী এক পুরুষ রোগীর মৃত্যু হয়। এর আগে গত সপ্তাহে দিল্লিতে ৬৮ বছর বয়সী একজন নারী ও কর্নাটকে ৭৬ বছর বয়সী আরেক নারীর মৃত্যু হয়েছিল।
এ পরিস্থিতিতে ভাইরাসটির ছড়িয়ে পড়া রোধে তাজমহলের পাশাপাশি দেশটির অন্যান্য গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভ, জাদুঘর, প্রাচীন দুর্গ, ঐতিহ্যবাহী ভবনও বন্ধ করে দেওয়া হয়েছে।
৩১ মার্চের পর পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী প্রাহ্লাদ প্যাটেল।
ডব্লিউএইচওর প্রতিবেদন ও অন্যান্য উৎস থেকে পাওয়া তথ্য নিয়ে যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করা হিসাবে মঙ্গলবার করোনভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে এক লাখ ৮২ হাজার ৪০৫ জনে, প্রাণ গেছে ৭ হাজার ১৫৪ জনের।
এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে ৭৯ হাজার ৪৩৩ জন সুস্থ হয়ে উঠেছেন বলে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন।
