২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত-পাকিস্তানে ঈদ বুধবার

শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় বুধবারই ঈদুল ফিতর উদযাপন হচ্ছে প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2019, 10:10 PM

Updated : 08 Apr 2022, 04:16 PM

মঙ্গলবার সন্ধ্যায় দুই দেশের চাঁদ দেখা কমিটি এই ঘোষণা দিয়েছে বলে ভারত ও পাকিস্তানের সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে।

টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, দিল্লির জামে মসজিদের শাহী ইমাম সৈয়দ আহমেদ বুখারি সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির বৈঠকের পর এই ঘোষণা দেন।

“আজ চাঁদ দেখা গেছে। অর্থাৎ বুধবার দিল্লিসহ দেশের অন্যান্য অংশে ঈদ উদযাপন করা হবে।”

পাকিস্তানের দৈনিক ডন-এর অনলাইন সংস্করণের এক প্রতিবেদনে বলা হয়, রুয়েট-ই-হিলাল কমিটির চেয়ারম্যান মুফতি মুনীব-উর-রেহমান সন্ধ্যায় কমিটির বৈঠকের পর বুধবার ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দেন।

দেশের একাধিক জায়গা থেকে শাওয়াল মাসের চাঁদ দেখতে পাওয়ার খবর এসেছে বলে জানান তিনি।

এক মাস রোজার পর বছরের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান ঈদুল ফিতর উদযাপন করেন ইসলাম ধর্মাবলম্বীরা।

শাওয়ালের চাঁদ সোমবার দেখা যাওয়ায় মঙ্গলবারই ঈদুল ফিতর উদযাপন করেছেন সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের মুসলমানরা।

সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে চাঁদ দেখা যায়। এ বছর বাংলাদেশে রমজানও শুরু হয়েছিল সৌদি আরবের একদিন পর।

তবে মঙ্গলবার বাংলাদেশে চাঁদ দেখা না যাওয়ায় ঈদুল ফিতর উদযাপিত হবে বৃহস্পতিবার।

সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম মসজিদের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের পর ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ বলেন, মঙ্গলবার বাংলাদেশের ৬৪ জেলার কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি বলে তাদের কাছে খবর এসেছে। তার ভিত্তিতে বৃহস্পতিবার ঈদ উদযাপনের সিদ্ধান্ত নিয়েছেন তারা।  

বৃহস্পতিবার ঈদ হওয়ায় এবার ৩০ রোজা পালন করতে পারছেন এদেশের মুসলমানরা।