রোহিঙ্গাদের ফেরত নেওয়ায় ‘গুরুত্ব দিচ্ছে’ মিয়ানমার
সহিংসতার মুখে রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে পালিয়ে যাওয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার বিষয়টিতে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জাতিসংঘ শরণার্থী সংস্থা- ইউএনএইচসিআরকে জানিয়েছে মিয়ানমার।
জেনেভায় জাতিসংঘ সংস্থাটির এক বৈঠকে একথা জানান মিয়ানমারের সমাজ কল্যাণ, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী উইন মিন্ত আয়ে।
সোমবার ঢাকায় বাংলাদেশ-মিয়ানমার বৈঠকে শরণার্থীদের ফেরত নিতে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত হওয়ার মধ্যেই ইউএনএইচসিআরের বৈঠকে মিন্ত আয়ের এই বক্তব্য এল।
তবে তিনি বলেছেন, রাখাইনে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আরও অনেক কাজ করার বাকি আছে।
রাখাইনে নির্যাতনের মুখে গত এক মাসে ৫ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এর আগে থেকে বাংলাদেশে রয়েছে আরও ৪ লাখের মতো রোহিঙ্গা।
এদের ফেরত নিতে মিয়ানমার অনাগ্রহ দেখিয়ে এলেও এবার শরণার্থীদের ঢল নামায় মিয়ানমার সারাবিশ্বে সমালোচনার মধ্যে রয়েছে।
ইউএনএইচসিআরের বৈঠকে মিন্ত আয়ে বলেন, “আমাদের পরবর্তী প্রধান কাজ হবে শরণার্থীদের ফিরিয়ে আনা, যারা বাংলাদেশে পালিয়ে গেছে।
“যারা মিয়ানমারে ফেরত আসতে চাইছেন, তাদের ফেরত আসার প্রক্রিয়া যে কোনো সময় শুরু হতে পারে।”
ফেরত নেওয়ার ক্ষেত্রে রোহিঙ্গাদের নাগরিকত্ব যাচাইয়ের কাজটি ১৯৯৩ সালে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় করার পক্ষে অবস্থান জানান মিয়ানমারের মন্ত্রী।
রোহিঙ্গাদের নাগরিকত্ব দেওয়ার বিষয়ে এখনও কোনো বক্তব্য নেই মিয়ানমার সরকারের।
মিয়ানমারে অধিকার বঞ্চিত রোহিঙ্গারা তাদের উপর সেনাবাহিনীর নির্মম নির্যাতনের কথা বলে আসছেন।
মিয়ানমারে রোহিঙ্গাদের সুরক্ষায় ‘সেইফ জোন’ গঠনের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ।
এবারের সহিংসতা শুরুর জন্য গত ২৫ অগাস্ট রাখাইনে সেনা ও পুলিশ চৌকিতে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলাকে দায়ী করেন মিন্ত আয়ে।
রাখাইনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ চলছে জানিয়ে তিনি বলেন, “৫ সেপ্টেম্বরের পর থেকে সেখানে কোনো সংঘাত চলছে না। তবে ওই অঞ্চলে পূর্ণ স্থিতিশীলতা প্রতিষ্ঠায় আরও কাজ করতে হবে।”
