২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালো টাকা সাদা: সাড়ে ৯ বিলিয়ন ডলারের তথ‌্য মিলল ভারতে

ভারত সরকার কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার পর সাড়ে নয় বিলিয়ন ডলারের সম্পদের তথ‌্য বেরিয়ে এসেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2016, 01:23 PM

Updated : 20 Aug 2022, 01:49 PM

দেশটির অর্থমন্ত্রী অরুণ জেটলির বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারত সরকার বিনা সাজায় কেবল কর ও জরিমানা পরিশোধ করে অপ্রদর্শিত আয় বৈধ করার জন‌্য চার মাসের যে সুযোগ দিয়েছিল, তার সময় শেষ হয়েছে শুক্রবার।

নির্ধারিত সময়ে ৬৪ হাজার ২৭৫ জন আবেদনকারী তাদের সাড়ে নয় বিলিয়ন ডলারের সম্পদের তথ‌্য সরকারকে জানিয়েছেন, যার হিসাব এর আগে কখনো তারা দেননি।

ওই সম্পদের ওপর কর ও জরিমানা বাবদ প্রায় সাড়ে চার বিলিয়ন ডলার সরকারের কোষাগারে জমা পড়বে বলে ধারণা করা হচ্ছে। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ভারত সরকার চলতি বছরের শুরুতে সাত লাখ সন্দেহভাজন কর খেলাপীর সঙ্গে যোগাযোগ করে তাদের অপ্রদর্শিত আয়ের হিসাব দিতে বলে।

তাদের বলা হয়, গোপন রাখা সম্পদের সঠিক তথ‌্য‌প্রকাশ করে নির্ধারিত হারে কর ও জরিমানা শোধ করলে সরকার আর তাদের বিরুদ্ধে কোনো আইনগত ব‌্যবস্থা নেবে না।    

ওই সুযোগ নিয়ে যারা অপ্রদর্শিত আয়ের হিসাব দিয়েছেন তাদের মধ‌্যে মুম্বাইয়ের স্ট্রিট ফুড বিক্রেতাদের একটি গ্রুপও রয়েছে। তারা প্রায় ৭৫ লাখ ডলারের সম্পদের তথ‌্য‌দিয়েছেন বলে বিবিসির খবরে জানানো হয়।

অবশ‌্য দিল্লিতে বিবিসির প্রতিবেদন সঞ্জয় মজুমদার বলছেন, যে সম্পদের তথ‌্য এসেছে অংকের হিসাবে তা বড় মনে হলেও আসলে তা ভারতের বিপুল পরিমাণ অপ্রদর্শিত সম্পদের ক্ষুদ্র একটি অংশ মাত্র। 

তার যুক্তি, সুইস ব‌্যাংক বা বিদেশের বিভিন্ন করস্বর্গে জমা করা বিপুল অর্থের তথ‌্য সরকারের হাতে পাওয়া এই হিসাবে আসেনি। সুইস ব‌্যাংক ওবিভিন্ন ট‌্যাক্স হেভেনে ভারতীয়দের জমা করা অর্থের পরিমাণ ৫০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে বলে সরকারি তদন্তকারীদের ধারণা।

গত এপ্রিলে পানামা পেপার্সে ৫০০ ভারতীয়র নাম আসার পর কর খেলাপীদের বিরুদ্ধে ব‌্যবস্থা নেওয়ার চাপ ছিল সরকারের ওপর। আর দুই বছর আগে দায়িত্ব নেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অন‌্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল কালো টাকার মালিকদের বিচারের মুখোমুখি করা।

শনিবার এ বিষয়ে একাধিক টুইট এসেছে প্রধানমন্ত্রী মোদীর কাছ থেকে। সেখানে তিনি দাবি করেছেন, যে উদ্দেশ‌্যে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছিল, তা সফল হয়েছে।