বাংলাদেশে কয়লা বেচার চেষ্টায় ভারত
ভারত বাংলাদেশে কয়লা বেচার চেষ্টা করছে বলে দেশটির কয়লা সচিব অনীল স্বরূপ জানিয়েছেন।
রাষ্ট্রায়ত্ত্ব কোল ইন্ডিয়া লিমিটেড (সিআইএল) এরইমধ্যে বাংলাদেশের বিদ্যুৎ কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে বলে সাংবাদিকদের জানিয়েছেন তিনি।
“এটা রপ্তানির জন্য তারা (সিআইএল) বাংলাদেশের সঙ্গে নিবিড় আলোচনায় রয়েছে,” বুধবার বলেন স্বরূপ।
ভারতে কয়লার চাহিদা বেশ পড়ে যাওয়া এবং প্রায় আট কোটি টন কয়লা মজুদ হওয়ার মধ্যে তা বাংলাদেশে রপ্তানির এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বাংলাদেশে কয়লা রপ্তানি করতে পারলে ভারতের রাষ্ট্রায়ত্ত্ব কোম্পানির বিক্রি বড় অংকে বাড়বে।
কোল ইন্ডিয়ার সহযোগী প্রতিষ্ঠান ভারত কোকিং কোল এবং নর্থ ইস্টার্ন কোলফিল্ডস বাংলাদেশের বিদ্যুৎ কোম্পানিগুলোতে কয়লা সরবরাহ করতে পারে।
অনীল স্বরূপ
সিআইএলের দুই সহযোগী প্রতিষ্ঠান উচ্চ মানসম্পন্ন জ্বালানি উৎপাদন করে, যা ইন্দোনেশিয়ার কয়লার সঙ্গে প্রতিযোগিতায় সক্ষম বলে দাবি করেন তিনি।
গত অর্থবছরে কোল ইন্ডিয়ার উৎপাদন সাড়ে ৮ শতাংশ বেড়ে ৫৩ কোটি ৬০ লাখ টনে দাঁড়িয়েছে।
২০১৬-২০১৭ অর্থবছরের প্রথম পাঁচ মাসে (এপ্রিল-অগাস্ট) উৎপাদন ২১ কোটি ১০ লাখ ৩৮ হাজার মেট্রিক টনে দাঁড়িয়েছে।
“বছরে আপনার মোট উৎপাদন যদি ৫০ কোটি মেট্রিক টন এবং পিটহেড ও বিদ্যুৎ কেন্দ্রে আট কোটি মেট্রিক টন মজুদ থাকে তাহলে এটা নিয়ে আপনাকে কিছু একটা করতে হবে,” বলেন কয়লা সচিব স্বরূপ।
