২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পশ্চিমবঙ্গে বড় ব্যবধানে এগিয়ে তৃণমূল

ভারতের পাঁচটি অঙ্গরাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ চলছে; আগামী পাঁচ বছর কারা এই রাজ্যেগুলোর ক্ষমতায় থাকবে, তা জানা যাবে দুপুরের আগেই।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2016, 10:34 AM

Updated : 11 Oct 2022, 08:15 PM

পুরনো খবর:

মমতাই থাকছেন ক্ষমতায়: জরিপ

গত ৪ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত কয়েক দফায় পশ্চিমবঙ্গ, কেরালা, আসাম, তামিল নাড়ু ও পুদুচেরি রাজ্যে এই ভোটগ্রহণ হয়।

বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮টায় ভোট গণনা শুরুর পর পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসের বড় ব্যবধানে এগিয়ে থাকার খবর এসেছে।

বুথ ফেরত জরিপেও পশ্চিমবঙ্গে তৃণমূলের দ্বিতীয় দফা টিকে যাওয়ার সম্ভাবনার আভাস পাওয়া গিয়েছিল।

পশ্চিমবঙ্গে এবারের নির্বাচন নিয়ে নানা ধরনের আলোচনা হয়েছে। গণমাধ্যমের শিরোনামে প্রশ্ন- ‘প্রত্যাবর্তন না পরিবর্তন’।

Image
আসামের ভোটচিত্র

আসামের ভোটচিত্র

নির্বাচনের আগে সারদা, নারদসহ বেশ কয়েকটি আর্থিক কেলেঙ্কারি, কলকাতায় ফ্লাইওভার ধসসহ বিভিন্ন ঘটনার পাশাপাশি নির্বাচনে সন্ত্রাস-অনিয়মের অভিযোগে বেকায়দায় ছিল তৃণমূল।

মমতাকে ঠেকাতে এ নির্বাচনে জোট বাঁধে বামফ্রন্ট ও কংগ্রেস। আগের বারের চেয়ে এ জোটের আসনসংখ্যা বাড়বে বলে বুথ ফেরত জরিপ থেকে আভাস পাওয়া যায়।

আনন্দবাজার সকাল সোয়া ১০টা পর্যন্ত পশ্চিমবঙ্গের ১৯৯টি আসনের ফল জানিয়েছে। এর মধ্যে ১৩৫টিতে জিতেছে তৃণমূল, বাম-কংগ্রেস জোট ৫৫টি আর বিজেপি জিতেছে ছয়টি আসনে।

পশ্চিমবঙ্গের বিধানসভায় মোট ২৯৪টি আসন রয়েছে। তামিল নাড়ুতে ২৩৪, আসামে ১২৬, কেরালায় ১৪০ এবং পুদুচেরির বিধানসভায় মোট ৩০টি আসন রয়েছে। 

বুথ ফেরত জরিপ ঠিক হলে কেরালায় এলডিএফ, আসামে বিজেপি ক্ষমতাসীন হচ্ছে। তামিলনাড়ুতে ক্ষমতাসীন জয়ললিতার দল এআইএডিএমকের সঙ্গে ডিএমকের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলেছে। কেন্দ্রশাসিত পুদুচেরির ক্ষমতায় ফিরে আসতে পারে ডিএমকে।