২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পশ্চিমবঙ্গে নির্বাচনে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ চলছে

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় সাতটি জেলার ৫৬টি আসনে ভোট গ্রহণ চলছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2016, 03:29 PM

Updated : 12 Apr 2022, 01:51 AM

রোববার সকাল ৭টায় ভোট গ্রহণ শুরু হওয়ার পর ৯টার মধ্যেই ২১ দশমিক আট শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে এনডিটিভি।

দ্বিতীয় দফার এ নির্বাচনে উত্তরবঙ্গের ছয়টি জেলা ও দক্ষিণবঙ্গের একটি জেলায় ভোট গ্রহণ করা হচ্ছে। এসব জেলার আসনগুলোতে প্রতিদ্বন্দ্বিতাকারী ৩৮৩ জন প্রার্থীর পরবর্তী গন্তব্য নির্ধারণে মোট এক কোটি ২০ লাখ ভোটারের ভোট দেওয়ার কথা রয়েছে।

উত্তরবঙ্গের জেলাগুলোর মধ্যে আলিপুরদুয়ারের পাঁচটি আসনে, জলপাইগুড়ির সাতটি, উত্তর দিনাজপুরের নয়টি, দক্ষিণ দিনাজপুর ও দার্জিলিংয়ের ছয়টি এবং মালাদার ১২ আসনে ভোট গ্রহণ হচ্ছে।

এই দফায় দক্ষিণবঙ্গের শুধু বীরভূম জেলার ১১টি আসনে ভোট গ্রহণ করা হচ্ছে। এসব আসনগুলোর মধ্যে সাতটিকে বাম-চরমপন্থি প্রভাবিত এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

অন্যান্য এলাকায় সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট গ্রহণ করা হলেও বাম-চরমপন্থি প্রভাবিত এলাকাগুলোতে বিকাল ৪টার মধ্যেই ভোট গ্রহণ শেষ করা হবে।

এ দফার আসনগুলোর মধ্যে তৃণমূল কংগ্রেস ৫৫টি আসনে, কংগ্রেস ৫৩টি আসনে, বামফ্রন্ট ৩৪টি আসনে এবং গোর্খা জনমুক্তি মোর্চা তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে।

১৪ এপ্রিল ভারতীয় নির্বাচন কমিশন নির্বাচনের আচরণবিধি লঙ্ঘণ করায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করে। এই নোটিশের প্রতিক্রিয়ায় মমতা নির্বাচন কমিশনকে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন, ১৯ মে রাজ্যের বাসিন্দারা এই ‘শোকজের’ জবাব দিবে।

১৯ মে পশ্চিমবঙ্গ বিধানসভার ফলাফল প্রকাশ করার কথা রয়েছে।

এ দফার নির্বাচনে দার্জিলিংয়ের শিলিগুড়ি আসনে তৃণমূলের প্রার্থী হয়েছেন ভারতীয় ফুটবলের সাবেক তারকা খেলোয়ার বাইচুং ভুটিয়া। বিধানসভার আসনটিতে সিপিআই-এমের হেভিওয়েট প্রার্থী অশোক ভট্টাচার্যের বিরুদ্ধে লড়ছেন তিনি।