২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জম্মু ও কাশ্মিরে প্রথম নারী মুখ্যমন্ত্রী হলেন মেহবুবা

ভারতের জম্মু ও কাশ্মিরে প্রথমবারের মত একজন নারী মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন মেহবুবা মুফতি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2016, 08:12 PM

Updated : 12 Apr 2022, 01:46 AM

৫৬ বছর বয়সী মেহবুবা সাবেক মুখ্যমন্ত্রী মুফতি মোহাম্মদ সাঈদের মেয়ে।

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে জানুয়ারিতে মারা যান মুফতি সাঈদ।

ভারতীয় কংগ্রেসের মাধ্যমে রাজনীতিতে আসা সাঈদ জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন দুইবার। ১৯৮৬ সালে রাজিব গান্ধীর কেন্দ্রীয় সরকারে তিনি ছিলেন পর্যটনমন্ত্রী।

১৯৯৯ সালে পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি) গঠন করেন সাঈদ। তিনি দলের প্রেসিডেন্ট এবং মেহবুবা ভাইস-প্রেসিডেন্ট হন।

যদিও দলকে রাজনৈতিক অঙ্গনে প্রতিষ্ঠিত করতে তার তুলনায় তার মেয়ের অবদান বেশি বলে জানিয়েছিলেন সাঈদ।

২০১৫ সালের ১ মার্চ পিডিপি-বিজেপি জোট জম্মু ও কাশ্মীরে সরকার গঠন করলে মুফতি মোহাম্মদ সাঈদ দ্বিতীয় দফা মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেন।

 সাঈদের মৃত্যুর পর জোটের ভবিষ্যৎ নিয়ে বিজেপি ও মেহবুবা বিতর্কে জড়িয়ে পড়েন।

২৩ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন মেহবুবা। ওই বৈঠকের পর  উভয় পক্ষ আবারও একজোট হওয়ার সিদ্ধান্ত নেয়।

যদিও রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, মেহবুবাকে পিডিপি ও জোট উভয় পক্ষ থেকেই চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। মুসলিম প্রধান পিডিপির সঙ্গে হিন্দু জাতীয়তাবাদী বিজেপির জোট টিকে থাকা নিয়েও প্রশ্ন আছে।