চাপকলে হাত, তাড়া খেয়ে কুয়ায় মৃত্যু দলিত বালকের
স্কুলের চাপকলে পানি পানের অনুমতি না পেয়ে পাশের কুয়া থেকে পানি তুলতে গিয়ে দলিত সম্প্রদায়ের নয় বছরের একটি বালক কুয়ায় ডুবে মারা গেছে।
ভারতের মধ্যপ্রদেশের দামোহ জেলার খামারিয়া কল্যাণ গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মঙ্গলবার এ ঘটনা ঘটে।
নিহত বালকের নাম ভীরান আহিরওয়ার। সে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল। তার ভাই একই স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র সেবকের অভিযোগ, কয়েকজন শিক্ষক স্কুলের চাপ কলে ভীরানকে পানি খেতে দেননি।
নিয়োগ চুক্তি বাতিলের মাধ্যমে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে প্রাথমিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া, প্রাথমিক বিদ্যালয়টির প্রধান শিক্ষক এবং মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকেও বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে ‘দ্য হিন্দুস্তান টাইমস’।
ঘটনার বর্ণনায় সেবক জানান, দুপুরের খাবার খেয়ে ভীরান পানি পান করতে স্কুলের চাপ কলের কাছে যায়। তখন কয়েকজন শিক্ষক ভীরানকে বাধা দেয়। এরপর ভীরান, সেবকসহ আরো কয়েকজন ছাত্র কাছের একটি কুয়া থেকে পানি পানের সিদ্ধান্ত নেয়।
পানি তোলার সময় ভীরান ভারসাম্য হারিয়ে পিছলে কুয়ার মধ্যে পড়ে যায়। দলিত সম্প্রদায়ের লোকজনের দাবি, তাদের শিশুরা স্কুলে শিক্ষকদের কাছে প্রায়ই বৈষম্যের শিকার হয়।
যদিও ডামোহ জেলা কালেক্টর শ্রীনিবাস শর্মা সাম্প্রদায়িক বৈষম্যের কারণে এই দুর্ঘটনা ঘটার বিষয়টি উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, “চাপ কলের কাছে অনেক ভিড় থাকায় ওই শিশুগুলো কাছের কুয়ায় পানি পান করতে গিয়েছিল।”
তবে এ ঘটনায় বিদ্যালয় কর্মীদের অবহেলার বিষয়টি স্বীকার করে নিয়ে তিনি বলেন, “এ বিষয়ে আমরা রাজ্য সরকারের কাছে বিস্তারিত প্রতিবেদন পাঠানোর প্রস্তুতি নিচ্ছি। কিন্তু এখানে সাম্প্রদায়িক বৈষম্যের কোনও ঘটনা ঘটেনি।”
