সতর্কতা ভারতের পূর্বাঞ্চলেও
নতুন বছরের শুরুতেই পাঞ্জাব রাজ্যের পাঠানকোট বিমানঘাঁটিতে জঙ্গি হামলার পর পর এ ধরনের আরও ঘটনার আশঙ্কায় ভারতের পশ্চিম অংশের পাশাপাশি পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতেও সতর্কতা জারি করেছে দেশটির গোয়েন্দা সংস্থাগুলো।
বিমানঘাঁটিতে হামলার পেছনে জঙ্গি সংগঠন জইশ-ই মোহাম্মদের নাম আসার পর ভারতের জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) কর্মকর্তাদের বর্ধমান বিস্ফোরণ মামলায় গ্রেপ্তার জেএমবি নেতা জিয়াউল হককে জিজ্ঞাসাবাদ করতে বলা হয়েছে। গতবছর পশ্চিমবঙ্গে গ্রেপ্তার জিয়াউল জইশ-ই মোহাম্মদ ও জেএমবির মধ্যে যোগসূত্র হিসেবে কাজ করতেন বলে ভারতীয় গোয়েন্দাদের ধারণা।
শনিবার পাঞ্জাব, হিমাচল ও জম্ম-কাশ্মিরের মিলনস্থলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ওই বিমানঘাঁটিতে শনিবার জঙ্গি হামলায় ভারতীয় বিমান বাহিনীর তিন সদস্য ও চার হামলাকারী নিহত হন। হামলাকারীরা পাকিস্তানের ভাওয়ালপুর থেকে এসেছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ভারতের পশ্চিমাঞ্চল এয়ার কমান্ডের প্রধান এয়ার মার্শাল এসবি দেও বলেন, “হামলাকারীদের উদ্দেশ্য ছিল ঘাঁটির টেকনিক্যাল এরিয়া উড়িয়ে দেওয়া এবং গুরুত্বপূর্ণ সম্পদ ধ্বংস করা। তবে আমাদের আধুনিক নজরদাবি ব্যবস্থার কারণে তাদের সেই চেষ্টা ব্যর্থ হযেছে। তাছাড়া যে ক’টি ঘাঁটিকে আগে থেকেই সতর্ক করা হয়েছিল, তার মধ্যে পাঠানকোট ঘাঁটিও ছিল।
পাঠানকোট মিগ জঙ্গি বিমানের একটি স্কোয়াড্রন এবং এক স্কোয়াড্রন এমআই হেলিকপ্টার ছিল। বিমানঘাঁটির নিরাপত্তারক্ষীরা হামলাকারীদের ‘টেকনিক্যাল এরিয়ার’ বাইরেই থামিয়ে দেয় এবং বিমানবাহিনীর কমান্ডোরা হেলিকপ্টারে করে হামলাকারীদের বিরুদ্ধে অভিযান শুরু করে। পরে পাঞ্জাব পুলিশ ও ন্যাশনাল সিকিউরিটি গার্ডও অভিযানে যোগ দেয়।
কলকাতার পুলিশ কমিশনার সুরজিত কর পুরকায়স্থ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার শহরে নিরাপত্তা বাহিনীকে পূর্ণ সতর্কতায় থাকতে বলা হয়েছে।
গোয়েন্দারা ঠিক কী ধরনের হামলার আশঙ্কা করছেন সে বিষয়ে পুলিশ কমিশনার স্পষ্ট কিছু না বললেও কলকাতার গার্ডেন রিচ শিপইয়ার্ড এবং বাগডোগরা ও হাশিমারা বিমানঘাঁটির ক্ষেত্রেও বাড়তি সতর্কতার খবর পাওয়া গেছে।
ভারতের নিরাপত্তা বিশ্লেষক সুবীর দত্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সম্প্রতি যেসব ঘাঁটিতে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এর চর ধরা পড়েছে, সেসব ঘাঁটিতেই হামলার পরিকল্পনা করা হয়েছে বলে মনে হচ্ছে।
“দুই ফন্টে যুদ্ধ দেখা গেলে ভারতীয় বিমানবাহিনীর অন্তত ৩৪ স্কোয়ড্রন বিমান প্রয়োজন। কিন্তু তা কমে ৩৪ এ নেমে এসেছে। ফ্রান্স থেকে রাফায়েল জেট কিনে নরেন্দ্র মোদীর সরকার সেই ঘাটতি পূরণ করতে চাইছে।
“এই অবস্থায় সন্ত্রাসীরা যদি ৫-৬টি মিগ বা এমআই হেলিকপ্টার উড়িয়ে দিতে পারে, তাহলে বিমান বাহিনী বড় ধাক্কা খাবে।”
ভারতীয় গোয়েন্দারা বলছেন, বাংলাদেশের কাছ থেকে তারা জেএমবি ও জইশ-ই মোহাম্মদের যোগাযোগ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন।
এনআইএর একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা জানতে পেরেছি, ২০১৪ সালে গ্রেপ্তার জিয়াউল হক জইশ-ই মোহাম্মদ ও জেএমবির মধ্যে গুরুত্বপূর্ণ যোগসূত্র ছিলেন। আইএসআই-এর সঙ্গেও তার যোগাযোগ ছিল। ভারতের পূর্বাংশ ও বাংলাদেশে সেনা অবস্থানে হামলা চালাতে পারে এরকম ছোট একটি দল তৈরির জন্য আইএসআই কাজ করছিল বলে আমরা ধারণা করছি।”
এসব বিষয়ে জানতে পশ্চিমবঙ্গের জেএমবি নেতা জিয়াউল হককে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান তিনি।
